আসিফ আরসালান

গত ৬ সেপ্টেম্বর রবিবার জাতীয় সংসদে একটি অভিনব দৃশ্যের অবতারণা হয়েছিলো। বিরোধী দলের সদস্যরা মুখে এবং কানে কালো পট্টি বেঁধেছিলেন। যখন জাতীয় নাগরিক অধিকার কমিশন বিল ২০২৬ এবং গুম প্রতিরোধ আইন ২০২৬ ভোটে দেয়া হয় তখন জাতীয় সংসদের বিরোধী দলের সব সদস্য (রুমিন ফারহানা বাদে) ওয়াক আউট করেন। মুখে কালো কাপড়ের পট্টি বাঁধা ছিলো প্রতীকী। বোঝানো হয়েছিলো যে, গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবার এর বিরুদ্ধে কিছুই বলতে পারছিলেন না। আর কানে কালো পট্টিতে বোঝানো হয়েছিলো যে, গুমের শিকাররা যা বলতে চাচ্ছেন সেটি সরকারের কানে মোটেই ঢুকছিলো না। এ সম্পর্কে আরো কিছু বলার আগে আসুন, আমরা একটু দেখি, এই দুটি আইন কী বলে?

মানবাধিকার আইনের ২০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য যদি আইনের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন তাহলে মানবাধিকার কমিশন তার কোনো তদন্ত করতে পারবে না। মানবাধিকার কমিশন বড়জোর আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে এ সম্পর্কিত একটি রিপোর্টের অনুরোধ করতে পারে। এই আইন বলে মানবাধিকার কমিশনের কোনো ক্ষমতা নাই কোনো সাক্ষী সাবুদ হাজির করা, কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করা অথবা অকুস্থল পরিদর্শন করা। আর গুম খুন আইনের ১৪ অনুচ্ছেদ মোতাবেক গুম খুনের (এনফোর্সড ডিজএপিয়ারেন্স) নালিশ তদন্ত করার জন্য পুলিশের কাছে সেই নালিশটি যাবে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, নালিশটি করা হচ্ছে কিন্তু পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধেই। সংক্ষেপে বিষয়টি সেই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো। আর এই ব্যবস্থাটি করা হয়েছে ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস করা দুইটি আইনের মাধ্যমে।

এ আইন পাসের আগে ব্যক্তিগতভাবে গুম খুনের শিকার ব্যারিস্টার আরমান (পূর্ণ নাম- মীর আহমেদ বিন কাসেম) বলেন, আমি জানি আমার নিজের কথা, যখন আমার দুই মেয়ের চোখের সামনে দিয়ে আমাকে উঠিয়ে নেয়া হয়। উল্লেখ করা যায় যে, ব্যারিস্টার আরমান সেই ত্যাগী নেতা মীর কাসেম আলীর সন্তান, যে মীর কাসেম আলীর অবদান ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা প্রতিষ্ঠার ক্ষেত্রে তুলনাহীন। তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার আরমান বলেন, যারা সেদিন আমাকে উঠিয়ে নেয় তারা কোনো গ্রেফতারি পরোয়ানা আনে নি। নতুন যে আইন করা হলো সেখানে গুমের শিকার ব্যক্তির পরিবার কিভাবে জানবেন যে, কোন বাহিনী ঐ ব্যক্তিকে উঠিয়ে নিচ্ছে। তারা গুমের শিকারকে উঠিয়ে যে গাড়িতে তোলে সেই গাড়িতে কোনো চিহ্ন থাকে না যেটি দিয়ে বোঝা যায় যে, এটিই পুলিশ র‌্যাব বা ডিজিএফআই বা কোন বাহিনীর গাড়ি। সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার আরমান স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, আজ যদি আপনার পরিবারের কাউকে কেউ উঠিয়ে নিয়ে যায় তাহলে আপনি কি বলতে পারবেন যে কারা তাকে গুম করলো? আপনিই যদি বলতে না পারেন তাহলে গাঁয়ের একজন কিষাণী (কৃষকের বধূ) অথবা একজন ছাত্রের পিতা কিভাবে সেটা বলবেন?

এখানে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই যে, সেদিন জাতীয় সংসদে পাস করা আইনের চেয়ে আরো ভালো আইন খোঁজার জন্য আমাদের বেশি দূর যেতে হবে না। সেই আইনটি তো দু’দিন আগেও আমাদের মাঝেই ছিলো। ২০২৫ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং একই বছর ডিসেম্বর মাসে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ জারি করেছিলো। এ কমিশনের ছিলো নিজস্ব বাজেট এবং তার প্রধানকে বিচার বিভাগ থেকে নেওয়ারও ব্যবস্থা ছিলো। ঐ দুটি অধ্যাদেশ দেশের অভ্যন্তরে বিপুলভাবে সমাদৃত হয়েছিলো এবং বিদেশেও বিপুলভাবে প্রশংসিত হয়েছিলো।

কিন্তু বিএনপি সরকার এখানে একটি চাল চালে। যদিও বর্তমান সংবিধান আসলে মুজিববাদি সংবিধান- এ যুক্তিতে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় বিরোধী জোট সেই সংবিধান মানে না, কিন্তু সরকার একটি বিশেষ শক্তির সহায়তায় জুলাই বিপ্লবের দিন শেষে এবং পরদিন জুলাই বিপ্লবকে সেই মুজিববাদি সংবিধানে ঢুকিয়ে বিপ্লবের স্পিরিটকেই নস্যাৎ করে। সেই মুজিববাদি সংবিধানে বলা আছে যে, কোনো অধ্যাদেশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপন করতে হবে। অধিবেশনে যদি উত্থাপিত না হয় তাহলে সেটি তামাদি হবে। আর যদি অধিবেশনে উত্থাপিত হয় এবং উত্থাপনের পরবর্তী ৩০ দিনের মধ্যে যদি সেটি সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তাহলেও সেটি তামাদি হবে।

॥ দুই ॥

বিএনপি সংবিধানের এই ফাঁক ফোকরেরই আশ্রয় নেয়। তারা জাতীয় সংসদের কোনো অধিবেশনেই ঐ দুটি অধ্যাদেশ উত্থাপন করে নি। ফলে অধ্যাদেশ দুটি তামাদি হয়ে যায়। অধ্যাদেশ দুটি তামাদি হয়ে যাক, এটিই ছিলো বিএনপির উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ছিলো, ঐ দুটি অধ্যাদেশের পরিবর্তে দুটি দুর্বল আইন প্রণয়ন করা। আর সেই কাজটিই তারা করেছে। উল্লেখ করা যেতে পারে যে, ড. ইউনূসের সরকার শুধুমাত্র কমিশন গঠন করেই ক্ষান্ত থাকেন নি, তারা কমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দও নিয়োগ দিয়েছিলেন। যখন সরকার উদ্দেশ্যমূলকভাবে ঐসব অধ্যাদেশ তামাদি করে তখন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দও পদত্যাগ করেন। তারা বলেন যে, ঐ রকম একটি ফাঁপা কমিশনের পদাধিকারীর চেয়ে পদত্যাগই শ্রেয়।

গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যে, শেখ হাসিনার আমলে সাড়ে ৪ হাজার ব্যক্তিকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এ বিরাটসংখ্যক ব্যক্তির ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যার কি কোনোদিন বিচার হবে না? তাদের বিচার কি বিএনপি প্রণীত ২০২৬ সালের আইন দ্বারা সম্ভব? জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম খুনের তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মনে করেন যে, সাড়ে ৪ হাজার তো দূরের কথা, ২০২৬ সালের আইন দিয়ে কোনো গুম খুনের সঠিক ও ন্যায্যবিচার করা সম্ভব নয়।

বিচারপতি মইনুল ইসলাম সে ব্যক্তি যিনি সংবিধানের ষোড়শ সংশোধনীর ড্রাফট লিখেছিলেন, যে সংশোধনীর কারণে শেখ হাসিনার নির্দেশে বন্দুকের মুখে জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিলেন। ইনিই সেই বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী যিনি গুম কমিশনের রিপোর্ট হিসাবে ২২৯ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছিলেন, যে রিপোর্টটির শিরোনাম ছিলো, ‘Unfolding the Truth: A Structural Diagnosis of Enforced Disappeareance ’. বাংলা:- ‘সত্যের উদঘাটন: গুমের কাঠামোগত দুর্বলতা।’

তিনি বলেছেন, শেখ হাসিনার আমলেও ২০১৩ সালে এই ধরনের একটি আইন করা হয়েছিলো। যদি ঐ আইন এবং বিএনপি আমলের অর্থাৎ ২০২৬ সালের আইনের তুলনা করি তাহলে দেখা যাবে উভয় ক্ষেত্রেই গুমের কেন্দ্রে ছিলো রাষ্ট্রীয় হেফাজত। আর উভয়ক্ষেত্রেই এই গুমের জন্য যেদিকে আঙ্গুল তোলা হচ্ছে সেটি হলো সে ক্ষমতাধর এজেন্সিসমূহ।

ব্যারিস্টার আরমান মনে করেন যে, দ্রুত এবং ন্যায্যবিচার করতে হলে একমাত্র রাস্তা হলো ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের হুবহু পুনরুজ্জীবন এবং সেটিকে আইনে পরিণত করা। একই সাথে যে কমিশনটি পদত্যাগ করলেন সেই কমিশন এবং সেই সাথে সাথে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দকে পুনর্বহাল করা। তার মতে ঐ দুটি অধ্যাদেশ পুনর্বহাল করা কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। সর্বাগ্রে যেটি প্রয়োজন সেটি হলো সরকারের আন্তরিক ইচ্ছা। দুর্ভাগ্যের বিষয় হলো, সে আন্তরিক ইচ্ছারই ঘাটতি দেখা যাচ্ছে।

ব্যারিস্টার আরমান বলেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে, আমি কেনো বার বার এই বিষয়টি নিয়ে কথা বলি? কারণটি অত্যন্ত পরিষ্কার। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, কারণ আমি আয়নাঘর নামক গুম খুনের ঐ অন্ধ প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এসেছি। ৮ বছর আমি ঐ অন্ধ কুটিরে ছিলাম। আমি বেরিয়ে এসেছি। কিন্তু শত শত ব্যক্তি আজও বেরিয়ে আসেন নি। যখনই ঐ অন্ধকার প্রকোষ্ঠের কথা মনে হয় তখনই আমি তাদের কথা বলি যারা আর ফিরে আসেন নি।

তাদের কথা বলি যাদের পরিবারের ডাইনিং টেবিলে তাদের চেয়ারটি আজও রয়েছে খালি। তাদের কথা বলি কারণ তাদের সন্তানরা একটি শব্দই শিখে বড় হচ্ছে। আর সে শব্দটি হলো, তাদের পিতা ‘মিসিং’, অর্থাৎ নিখোঁজ। তাদের পরিবার কবর দেওয়ার মতো কোনো লাশ পান নি। অথবা জিয়ারত করার মতো কোনো কবর পান নি। বর্তমান জাতীয় সংসদের তাদের কাছে একটিই মাত্র দায়বদ্ধতা রয়েছে। আর সেটি হলো, সেই প্রশ্নের উত্তর দেয়া- কোথায় আমার পিতা? কোথায় আমার স্বামী? কোথায় আমার সন্তান?

॥ তিন ॥

আবেগজড়িত কণ্ঠে ব্যারিস্টার আরমান বলেন, এর পর কী ঘটবে, সে ব্যাপারে কোনো অস্পষ্টতা থাকার প্রয়োজন নাই। আমরা জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছি, কিন্তু ‘ওয়াক এওয়ে’ করি নি। অর্থাৎ চিরদিনের জন্য বেরিয়ে আসিনি। আমি বার বার এই আইনের সংশোধনী পার্লামেন্টে উত্থাপন করবো। এই পার্লামেন্টের যে ফোরামেই সুযোগ পাই না কেনো সেখানেই আমি এ প্রশ্ন উত্থাপন করবো। এ পার্লামেন্টের বাইরে, এমনকি দেশের বাইরেও যদি কোনো ফোরামে আমি সুযোগ পাই তাহলে আমি সেখানেও এ ইস্যুটি উত্থাপন করবো।

আমাদের কালো পট্টির ওপর ওরা কালো আইনের ছাপ মেরে দিয়েছে। আমরা ততদিন পর্যন্ত লড়ে যাবো যতক্ষণ পর্যন্ত ঐ কালো কাপড়ের পট্টি আমাদের মুখ থেকে সরে না যায় এবং এ কালো আইনের ঠুলি প্রজাতন্ত্রের চোখের ওপর থেকে সরে না যায়। কারণ আমি আয়নাঘরে ছিলাম এবং জানি যে রজনীর গভীর অন্ধকার নেমে এলে সেখানে কী ঘটে। বাংলাদেশের কোনো ভূমিপুত্র যেন আয়নাঘরের সেই ভয়াল ও বিভীষিকাময় অন্ধকার দেখতে না পায়।