শিক্ষা জাতির মেরুদণ্ড এই প্রবাদটি আমাদের সকলেরই জানা। অথচ বাস্তবতা হলো, আজও আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি নি। যার নির্মম প্রমাণ মিলেছে সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে যখন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, তখন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জুড়ে ‘ফল বিপর্যয়’ সংবাদটি গভীর উদ্বেগের সাথে শিরোনাম হয়ে ওঠে। প্রকাশিত এসব খবরে আমাদের শিক্ষা ব্যবস্থার এক বিবর্ণ ও নগ্ন চিত্রই যেন ফুটে ওঠে। দেশের ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫২.১২ শতাংশ, যেখানে গত বছর এ হার ছিল ৫৭. ১২ শতাংশ। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ৫ শতাংশ- যা কোনোভাবেই কাম্য নয়। বিগত ২২ বছরের ইতিহাসে এ প্রথম এত কমসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় সফলতার মুখ দেখল। সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী এবার পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেছে মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে কেবল এক বা দুটি বিষয়েই ফেল করেছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। পাশাপাশি, জিপিএ ৫ পাওয়ার সংখ্যা ৪০,০৮৪ জনে দাঁড়ালেও এর চেয়েও অধিক উদ্বেগজনক তথ্য হলো-দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাস করতে পারে নি। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। শিক্ষার এই চরম বিপর্যয়ের দায় আসলে কার? সময় এ ব্যর্থতার মূল কারণগুলো গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এর পরিণাম আরও ভয়াবহ পরিণতি ঢেকে আনতে পারে।
ফল প্রকাশের পর চোখে আঙুল দিয়ে আমাদের শিক্ষাব্যবস্থার মৌলিক কাঠামোগত দুর্বলতা ও মানের অবনতির বিষয়টি উন্মোচিত হয়েছে। ইতিহাসের এ সর্বনিম্ন পাসের হারের পরও যারা ভালো ফল করেছে, তাদের জানাই অভিনন্দন; আর যারা কাঙ্ক্ষিত ফল পায় নি, তাদের প্রতি রইল সমবেদনা। তবে এ ফলকে শুধু ‘বিপর্যয়’ বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, এটি কেবল ফল বিপর্যয় নয়, এটি আমাদের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্রটা জাতির সামনে উন্মোচিত করে দিয়েছি। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কৃত্রিমভাবে নম্বর বাড়িয়ে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেশি দেখানোর একটি অসুস্থ প্রতিযোগিতা চলছিল। শিক্ষার মান উন্নত করার কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে, কেবল গ্রেস মার্ক দিয়ে গণহারে পাস করিয়ে দেওয়ার সংস্কৃতি চালু ছিল। কোনো শিক্ষার্থী খাতায় ২৮ পেলে ৩৩ পাইয়ে দেওয়ার এক অলিখিত নিয়ম চালু ছিল। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলের এইচএসসি পরীক্ষার ফলের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়-২০০৯ সালে পাসের হার ছিল ৭২.৭৮%, ২০১০ সালে ৭৪.২৮%, ২০১১ সালে ৭৫.০৮%, ২০১২ সালে ৭৮.৬৭%, ২০১৩ সালে ৭৪.৩০%, ২০১৪ সালে ৭৮.৩২%,২০১৫ সালে ৬৯.৬০%, ২০১৬ সালে ৭৪.৭০%, ২০১৭ সালে ৬৮.৯২%, ২০১৮ সালে ৬৬.৬৪%,২০১৯ সালে ৭৩.৯৩%, ২০২০ সালে অটোপাস ১০০%, ২০২১ সালে ৯৫.২৬%, ২০২২ সালে ৮৫.৯৫%, ২০২৩ সালে ৭৮.৬৪%, ২০২৪ সালে ৭৭.৭৮%। অর্থাৎ বিগত ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত এইচএসসি সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৭৭.৮০ শতাংশ। এ কৃত্রিম পাসের হার নিশ্চয় অভিভাবকদের মনে সাময়িক আনন্দের দোলা দিয়েছিল, কারণ সন্তান মেধাবী না হয়েও মেধার স্বাক্ষর রেখেছিল।
বর্তমান সরকারের বয়স এখনো এক বছর হয় নি। কিন্তু এ স্বল্প সময়ে এইচএসসি পরীক্ষার এমন ফল বিপর্যয় হয়তো কেউ প্রত্যাশা করে নি। কিছু অভিভাবকের ভাষ্যমতে ‘আগের দিনগুলোই ভালো ছিল, পাসের হার চমৎকার ছিল। ফল ঘোষণার পর মিষ্টির দোকানের মিষ্টি ফুরিয়ে যাওয়ার সেই সংস্কৃতি এবার দেখা যায় নি। হাসিনার শাসনামলে ২০২১ সালে অনুষ্ঠিত পরীক্ষার ফল ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। সে সময় দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছিল। এছাড়া ২০২০ সালের অটোপাসে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ দেওয়া হয়েছিল। অথচ এবার সারা দেশে মাত্র ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপি এ-৫ পেয়েছেন। ফল খারাপ হলেও বর্তমান সরকার শিক্ষার্থীদের কল্যাণে একটি প্রশংসনীয় ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যা অতীতে কোনো সরকার করেনি। আগে কোনো শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করলে তাকে পুরো একটি বছর অপেক্ষা করতে হতো। ফলে তার জীবন থেকে একটি মূল্যবান বছর কেড়ে নেওয়া হতো। কিন্তু এবার পুরনো সেই গ্লানিময় সংস্কৃতি ভেঙে এক বা দুই বিষয়ে ফেল করা প্রায় ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে মাত্র এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়! যারা দ্বিতীয়বার আবার পরীক্ষা দেবে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া অনিশ্চিত ছিল। কিন্তু সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করায় এখন পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এ বিষয়টিও প্রশংসার দাবি রাখে।
শিক্ষাব্যবস্থার এই বেহাল দশা একদিন বা এক বছরে তৈরি হয় নি। এটি যুগের পর যুগ ধরে চলে আসা ভুল নীতির খেসারত, যা আজকের শিক্ষার্থীদের দিতে হচ্ছে। আমাদের শিক্ষাব্যবস্থার প্রাথমিক স্তর থেকেই এই গলদ শুরু হয়। প্রাথমিক বিদ্যালয়ে যে ম্যানের যোগ্য ও দক্ষ শিক্ষক থাকার কথা, অধিকাংশ বিদ্যালয়ে তা নেই। ফলে বুনিয়াদ বা ভিত্তি মজবুত না হওয়ার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে শিক্ষার্থীদের বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। আশির দশকে গাইড বা নোটবইয়ের প্রচলন ছিল না, মূল বই-ই ছিল একমাত্র ভরসা। আর এখন প্রয়োজন থাকুক বা না থাকুক, প্রতি বছর শিশু শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বই ও কারিকুলাম পরিবর্তনের হিড়িক পড়ে। এতে সাধারণ অভিভাবকেরা ফতুর হচ্ছেন, আর লাভবান হচ্ছে একটি নির্দিষ্ট সিন্ডিকেট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষা উপকরণের লাগামহীন দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে পঙ্গু করে দিচ্ছে। সুতরাং ফল বিপর্যয় থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে শিক্ষাব্যবস্থার খোলস বদলাতে হবে, যেমন :
দক্ষ শিক্ষক নিয়োগ : শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে। দলীয় বিবেচনায় নিয়োগ চিরতরে বন্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষকেরা যাতে কোচিং বাণিজ্যে মত্ত না হয়ে ক্লাসের পাঠদানে মনোযোগী হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। গ্রাম ও শহরের শিক্ষার বৈষম্য দূর করতে হবে।
গাইড ও কোচিং নির্ভরতা কমাতে হবে : শিক্ষার্থীরা এখন পাঠ্যবইয়ের চেয়ে গাইড ও কোচিংয়ের ওপর বেশি নির্ভরশীল। প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেই আর উত্তর দিতে পারে না। ফলে পরীক্ষায় ফেল করে।
আধুনিক ডিভাইসের আসক্তি নিয়ন্ত্রণ : শিক্ষার্থীদের হাতে অনিয়ন্ত্রিতভাবে আধুনিক ডিভাইস ও স্মার্টফোন তুলে দেয়ার কারণে তারা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। এই মুঠোফোন আসক্তি দূর করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে কঠোর হতে হবে।
ইংরেজি ও গণিতের ভীতি দূর করা : অধিকাংশ শিক্ষার্থীদের ভেতর প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত ইংরেজি ও গণিত ভীতি রয়েছে। ফলে শিক্ষার্থীরা সাবলীলভাবে ইংরেজি লিখতে বা পড়তে পারে না। কেন পারে না, সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। ত্রুটিপূর্ণ পাঠদান পদ্ধতির সংস্কার করে ইংরেজি ও গণিতে বিশেষ জোর দিয়ে পাঠদান পদ্ধতি আধুনিকায়ন করতে হবে। পাশপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত নিশ্চিত করা এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ফল বিপর্যয় কেবল একটি পরিসংখ্যানগত ব্যর্থতা নয়; এর পেছনে লুকিয়ে থাকে লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘশ্বাসের অন্তহীন গল্প। গণহারে অকৃতকার্য হওয়ার এ ধাক্কা তরুণ সমাজের একটি বড় অংশের মনে গভীর মানসিক হতাশা ও ট্রমার জম্ম দেয়, যা তাদের ভবিষ্যৎ জীবনের পথচলাকে অনিশ্চিত করে তোলে। সমাজ ও পরিবার অনেক সময় এই ব্যর্থতার দায় কেবল শিক্ষার্থীর ঘাড়ে চাপিয়ে দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল ও অসহনীয় করে তোলে। তাই কেবল কঠোর মূল্যায়ন নীতি কিংবা খাতা দেখার কড়াকড়ি দিয়ে এর সমাধান সম্ভব নয়; বরং প্রয়োজন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। যেন তারা হতাশায় না ভোগে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে চলে, কারণ ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোই হলো প্রকৃত শিক্ষা।
