আসিফ আরসালান
এবার অর্থাৎ ২০২৬ সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন বাংলাদেশের মানুষের মনেও যথেষ্ট আগ্রহের সৃষ্টি করে। আমাদের দেশের মানুষের রাজনৈতিক সচেতনতার এটি একটি বড় প্রমাণ। তবে এই নির্বাচন নিয়ে কিছু বিভ্রান্তিও রয়েছে। বাংলাদেশেরই একাধিক দৈনিক এ সংক্রান্ত খবরের শিরোনাম করেছিলো, মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এটি একটি মারাত্মক ভুল। মার্কিন প্রেসিডেন্ট ৪ বছরের জন্য নির্বাচিত হন। একই সাথে ৪ বছরের জন্য নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট। যদি কোনো কারণে প্রেসিডেন্ট পদত্যাগ করেন বা দায়িত্ব পালনে অসমর্থ হন তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। যেমন, প্রেসিডেন্ট কেনেডি আততায়ীর গুলিতে নিহত হলে ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রেসিডেন্ট হন।
আসলে মধ্যবর্তী নির্বাচন ঠিকই ছিলো, তবে সেটি ছিলো কংগ্রেসের। এখানে একটি প্রশ্ন আসতে পারে, কংগ্রেস কি? এই কংগ্রেস নিয়েও বাংলাদেশে অনেক বিভ্রান্তি আছে। আসলে আমেরিকাতে পার্লামেন্ট বলে কিছু বলা হয় না। সাধারণত আইনসভাকে পার্লামেন্ট বলে। কিন্তু আমেরিকাতে আইন সভার রয়েছে দুটি কক্ষ। একটি হলো সিনেট। আরেকটি হলো হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। এ দুটি কক্ষকে সম্মিলিতভাবে বলে কংগ্রেস। আমি অতীতে দেখেছি, কোনো কাগজে এ রকম নিউজ ছাপা হয়, অমুক কংগ্রেস ম্যান ঢাকা সফরে এসেছেন। এটি ভুল খবর। আবার এক অর্থে সঠিক। সিনেটর বলুন বা হাউজ প্রতিনিধি বলুন, সকলেই কিন্তু কংগ্রেসের সদস্য। তবুও সিনেটর বা হাউজ প্রতিনিধির স্ট্যাটাস বা ক্ষমতায় রয়েছে অনেক পার্থক্য।
গত ৪ নভেম্বর আমেরিকায় যে ইলেকশন হয়ে গেলো সেটি ছিলো সিনেট এবং হাউজের আংশিক নির্বাচন। বিষয়টি গোলমেলে ঠেকছে না? আসলেই কিছুটা গোলমেলে। আসুন, সেটি ক্লিয়ার করি।
সকলেই জানেন যে, আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার। প্রেসিডেন্টের অবাধ ক্ষমতা। কিন্তু এই অবাধ ক্ষমতার বলে তিনি যেনো স্বৈরাচারী না হন তার জন্য রয়েছে প্রচুর পরিমাণে চেকস এ্যান্ড ব্যালান্সেস। সিনেট এবং হাউজ বা প্রতিনিধি পরিষদ হলো এমনি দুটি চেকস এ্যান্ড ব্যালান্সেস। সিনেটকে বলা হয় উচ্চকক্ষ। সদস্য সংখ্যা ১০০। আমেরিকায় রয়েছে ৫০টি অঙ্গরাজ্য। প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে সিনেট সদস্য নির্বাচিত হন। তারা নির্বাচিত হন ঐ অঙ্গরাজ্যে ডাইরেক্ট ইলেকশন বা জনগণের ভোটের মাধ্যমে। তাদের মেয়াদ ৬ বছর। একবার নির্বাচিত হলে তারা ৬ বছর ঐ পদে থাকেন। কিন্তু তাই বলে একসাথে ঐ ১০০ জনের ইলেকশন হয় না। প্রতি ২ বছর পর পর সিনেটের এক তৃতীয়াংশ সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে সিনেট কোনো সময় খালি থাকে না। সব সময় দুই তৃতীয়াংশ সদস্য কার্যকর থাকেন। এভাবে চক্রাকারে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
পক্ষান্তরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা ৪৩৫। তারা ২ বছরের জন্য নির্বাচিত হন। একটি নির্বাচনেই ৪৩৫ জন সদস্য নির্বাচিত হন। একটু আগে বলেছি যে, প্রতি ২ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন দ্ইু বছর?
আমেরিকার নিয়ম অনুযায়ী, প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবারটি আসে ( First Tuesday after the first Monday in November ), সেদিনই এ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। খেয়াল রাখা দরকার যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৪ বছর পর। ৪ বছর পর যেদিন নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হতে হবে ৪ নভেম্বর। ট্রাম্পসহ অন্যান্য প্রেসিডেন্ট ৪ নভেম্বরেই নির্বাচিত হয়েছেন। অবশ্য শপথ গ্রহণ করেন জানুয়রি মাসে। সেটি ভিন্ন কথা। এ ৪৩৫ জন সদস্য কে কোথা থেকে কতজন কিভাবে নির্বাচিত হবেন? সোজা উত্তর হলো, ৫০টি অঙ্গরাজ্যের জনসংখ্যা অনুপাতে সদস্য নির্বাচিত হবেন।
যেমন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জনসংখ্যা অন্যান্য সব রাজ্যের চেয়ে বেশি। পক্ষান্তরে ৬ টি রাজ্যের জনসংখ্যা এতই কম যে তাদেরকে কম করে হলেও একটি আসন দিতেই হবে। তাই অত্যন্ত কম জনসংখ্যার অনুপাতে ৬টি রাজ্যের জন্য নির্ধারিত থাকে একটি করে আসন। এই রাজ্যগুলো হলো ওয়াইয়োমিং, ভার্মন্ট, আলাস্কা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও ডেলাওয়্যার।
॥ দুই ॥
মধ্যবর্তী নির্বাচনের ফল অপ্রত্যাশিত না হলেও সমগ্র বিশ্বকে হতচকিত করেছে। সরকারী দলে আছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আর বিরোধী দলে আছে ডেমোক্র্যাটিক পার্টি। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেট এবং হাউজ উভয় ক্ষেত্রেই বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সিনেটে রিপাবলিকান পার্টি ৭টি আসন হারিয়ে এখন পেলো ৪৪টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের প্রয়োজন ৫১টি আসন। অর্থাৎ কংগ্রেসের আপার হাউজ বা উচ্চকক্ষে এবার কমান্ড পেলো বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। পক্ষান্তরে ডেমোক্র্যাটরা এবার অতিরিক্ত ৭টি আসন পেয়ে মোট ৫৪টি সিনেট আসন দখল করেছে।
প্রতিনিধি পরিষদে ট্রাম্প তথা রিপাবলিকানদের অবস্থা আরো করুণ। এ কক্ষে রিপাবলিকানদের আসন সংখ্যা ছিলো ২১৮। এ ইলেকশনে ৩০টি আসন হারিয়ে তাদের আসন সংখ্যা হয়েছে ১৪৭। পক্ষান্তরে ডেমোক্র্যাটিক পার্টি ৩০টি অতিরিক্ত আসন লাভ করে তাদের মোট আসন রয়েছে ২৪০টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ২১৮টি আসন। অর্থাৎ নিম্নতম সংখ্যাগরিষ্ঠতার চেয়েও আরো ২২টি আসন ডেমোক্র্যাটদের দখলে রয়েছে। আগেও বলেছি, এখনো বলছি, তাই বলে কেউ যেনো ভাববেন না যে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের ফলে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাদের গদি হারাবেন।
তবে এ নির্বাচনের ফলে আমেরিকার প্রশাসনের দুটি ইন্সটিটিউশন মুখোমুখি দাঁড়ালো। একটি হলো প্রেসিডেন্সি। আর একটি হলো কংগ্রেস। এখন ট্রাম্প প্রশাসনের পক্ষে এমন কোনো আইন পাস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে যেটি ডেমোক্র্যাটদের পছন্দ হবে না। এর মধ্যে পড়তে পারে কঠোর ট্যাক্স, নতুন ইমিগ্রেশন আইন ইত্যাদি।
প্রেসিডেন্টের কোনো প্রস্তাব যদি কংগ্রেস ব্লক করে দেয় তাহলে প্রেসিডেন্ট কি করতে পারেন? একটি উপায় আছে। সেটি হলো, প্রেসিডেন্ট কংগ্রেসের ঐ ব্লকেজকে ভেটো দিতে পারেন। ভোটো দিলে ঐ প্রস্তাব একেবারে যে সরাসরি বাতিল হলো, তা নয়। সেক্ষেত্রে সিনেট এবং প্রতিনিধি পরিষদের যুক্ত সভায় দুই তৃতীয়াংশ ভোটে প্রেসিডেন্টের ভেটোকে ওভার টার্ন করা যাবে। অর্থাৎ প্রেসিডেন্টের ভেটো অকার্যকর হবে এবং কংগ্রেসের সিদ্ধান্তই কার্যকর হবে বা বহাল থাকবে।
প্রেসিডেন্ট তাঁর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে বরাদ্দ চাইবেন, অন্যদিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ নিজস্ব তহবিল শর্ত জুড়ে দেবে। এটি অনেক সময় আংশিক সরকারি অচলাবস্থা ( Government Shutdown ) বা বাজেট পাসে বিলম্ব ঘটাতে পারে।
॥ তিন ॥
অনেকেই হয়তো জানেন অথবা জানেন না যে মার্কিন প্রশাসনের কতগুলো গুরুত্বপূর্ণ পদে প্রেসিডেন্ট নিয়োগ দিলেও সে নিয়োগগুলোতে সিনেটের কনফারমেশনের প্রয়োজন হয়। যেমন প্রধান বিচারপতিসহ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দ, ফেডারেল কোর্ট ও ডিস্ট্রিক কোর্টের বিচারপতিবৃন্দ, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি, বিদেশে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ, ফেডারেল রিজার্ভের গভর্নর এবং গভর্নিং বোর্ডের সদস্যবৃন্দ, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা যথা সিআইএ পরিচালক, এফবিআই পরিচালক, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স, মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ পদসমূহ ইত্যাদি।
কংগ্রেসে বিশেষ করে সিনেটে সরকারি দলের মেজরিটি থাকলে এসব নিয়োগের কনফারমেশন পেতে তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু যদি সিনেট বৈরি হয় তাহলে প্রশাসনে বিরাট ঝামেলার সৃষ্টি হয়। বাংলাদেশে বর্তমানে যিনি মার্কিন রাষ্ট্রদূত তার নিয়োগের কনফারমেশন নিয়ে -একাট ঝামেলা হয়েছিলো বলে জানা যায়। আর সেকারণেই পিটার হাস দায়িত্ব ত্যাগ করার বেশ কয়েক মাস পরে বর্তমান রাষ্ট্রদূত ঢাকা এসে দায়িত্ব নেন বলে শোনা যায়।
প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ২ বছর ক্ষমতায় আছেন। কিন্তু এ ২ বছর তাঁর নির্ঝঞ্জাট কাটবে বলে মনে হয় না। এমনিতেই বিগত ২ বছর তারা অনেক ভুল করেছেন। এ ভুল হয়েছে অভ্যন্তরীণ পলিসিতে, ভুল হয়েছে বৈদেশিক নীতিতে।
বৈদেশিক বাণিজ্যে তার শুল্কযুদ্ধ বিশ্বব্যাপী মোটেই সানন্দে গ্রহণ করা হয় নি। তিনি তো খোলাখুলি বলেছেন যে, বিশ্ব আমেরিকাকে শোষণ করছে। কারণ তারা আমেরিকায় রপ্তানি বৃদ্ধি করেছে, কিন্তু সে অনুপাতে আমেরিকা থেকে আমদানি বাড়ায় নি। ফলে মার্কিন অর্থ চলে গেছে ভিন দেশে। এখন বিদেশী পণ্য যেনো আর মার্কিন বাজার দখল করতে না পারে তার জন্য তিনি অবিশ্বাস্য হারে আমদানি শুল্ক বাড়িয়েছেন।
তার অভিবাসন নীতি বার বার হোঁচট খেয়েছে। তিনি অভিবাসন সম্পর্কে নিত্যনতুন ফরমান জারি করেন, আর ফেডারেল কোর্ট পরদিন তা বাতিল করে। ট্রাম্পের বিগত ২ বছরের ইতিহাস মার্কিন ফেডারেল কোর্টের সাথে তার স্নায়ু যুদ্ধের এক তিক্ত ইতিহাস।
ট্রাম্পের আমলে সবচেয়ে বেশি মার খেয়েছে ট্রাম্পের বিদেশ নীতি। গাজায় ইসরাইলকে খুশি করার জন্য ট্রাম্প নেতা নিয়াহু কর্তৃক মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলাকে যেরূপ নির্লজ্জভাবে সমর্থন দিয়েছেন তারই পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে এবারই সর্বপ্রথম একজন মুসলমান সিনেটর নির্বাচিত হয়েছেন। তার নাম আব্দুল এল সায়েদ। আমেরিকার নগ্ন ইহুদীপ্রীতি ও ধীকৃত ইসলাম বিদ্বেষের (ইসলামোফোবিয়া) কারণেই মার্কিন ইতিহাসে সর্বপ্রথম নিউইয়র্কের মেয়র পদে নির্বাচিত হয়েছেন একজন মুসলমান। তার নাম জোহরান মামদানী।
নির্বাচনের প্রাথমিক ফলের পর পরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে ভুল যুদ্ধের ফলেই আজ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়। প্রথমে ট্রাম্প এটি স্বীকার করতে চান নি। কিন্তু নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়ার পর ট্রাম্পও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, ভুল ইরান যুদ্ধের কারণে তাদের ভরাডুবি হয়েছে।
বাংলাদেশের অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছেন যে, যেভাবে মার্কিন শক্তির অবক্ষয় শুরু হয়েছে তার ফলে ২০৩২ সালে চীন সম্ভবত পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ হবে। পর্যবেক্ষকদের মতে বৃহত্তম অর্থনীতির দেশ হলে বৃহত্তম সামরিক শক্তির দেশ হওয়া সময়ের ব্যাপার মাত্র।
Email: asifarsalan15@gmail.com
