বর্তমান বিশ্বে কোনো দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি কিংবা সামগ্রিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হলেই একটি শব্দ প্রায়ই সামনে আসে- জিডিপি (GDP) বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সংবাদপত্রের অর্থনৈতিক পাতা, টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান, রাজনীতিবিদদের বক্তব্য, অর্থনীতিবিদদের গবেষণা কিংবা সচেতন মানুষের আলাপ অর্থাৎ সব জায়গাতেই এই শব্দটির ব্যবহার দেখা যায়। অনেক সময় আমরা শুনি, “দেশের ‘জিডিপি’ বেড়েছে, জিডিপির প্রবৃদ্ধি কমেছে কিংবা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।” কিন্তু বাস্তবে সাধারণ মানুষের অনেকের কাছেই জিডিপি কী এবং এটি কীভাবে একটি দেশের উন্নয়ন বোঝায়Ñ এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়। সহজ ভাষায় বলতে গেলে, জিডিপি হলো একটি নির্দিষ্ট বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত সব ধরনের চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্য। অর্থাৎ দেশের ভেতরে মানুষ যে পণ্য তৈরি করে এবং যে সেবা প্রদান করে, সেগুলোর বাজারমূল্য হিসাব করে যে মোট অর্থনৈতিক মূল্য পাওয়া যায়, সেটিই হলো জিডিপি। এই হিসাবের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক কর্মকা-ের সামগ্রিক চিত্র পাওয়া যায়। এই ধারণাটি আরও সহজভাবে বোঝার জন্য আমরা একটি বাস্তব উদাহরণ কল্পনা করতে পারি। মনে করুন, ঈদ উপলক্ষে আপনার পরিবার স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবা কিনতে মোট ১০ হাজার টাকা ব্যয় করল। এই ব্যয়ের একটি অংশ দেশের চলতি অর্থনৈতিক উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে কোনো পণ্য আমদানি করা হলে কিংবা উৎপাদনের বিভিন্ন ধাপে একই মূল্য পুনরায় গণনা হলে সেই পুরো ১০ হাজার টাকা সরাসরি জিডিপিতে যোগ হবে না। একইভাবে ধরুন, আপনি একজন শিক্ষক। আপনি শিক্ষার্থীদের পড়ান এবং সেই শিক্ষাদানের বিনিময়ে একটি বেতন বা সম্মানী পান। এই আয় আসলে একটি সেবা খাতের উৎপাদন। যদিও এটি কোনো দৃশ্যমান পণ্য নয়, তবুও এটি অর্থনৈতিক কর্মকা-ের অংশ। তাই এই ধরনের সেবাও জিডিপির মধ্যে গণনা করা হয়। অর্থাৎ সহজভাবে বলা যায় একটি দেশের মানুষ যে পণ্য উৎপাদন করে এবং যে সেবা প্রদান করে, সেগুলোর আর্থিক মূল্য মিলিয়েই একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদন নির্ধারিত হয়, যাকে আমরা জিডিপি বলি। এ কারণেই জিডিপিকে একটি দেশের অর্থনৈতিক শক্তি ও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।
জিডিপিতে “চূড়ান্ত পণ্য” বলতে কী বোঝায় : জিডিপির সংজ্ঞায় একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো চূড়ান্ত পণ্য (Final Goods)। এই বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিডিপি হিসাব করার সময় অর্থনীতিবিদরা সব ধরনের পণ্যের মূল্য যোগ করেন না। তারা কেবল চূড়ান্ত পণ্যের মূল্য গণনা করেন। অর্থনীতিতে সাধারণত পণ্যকে দুই ভাগে ভাগ করা হয়Ñ
১. মধ্যবর্তী পণ্য (Intermediate Goods)
২. চূড়ান্ত পণ্য (Final Goods)
মনে করেন, একটি পরিবার ঈদের জন্য বাজারে গিয়ে ২৮০০ টাকায় একটি শার্ট কিনল। এই শার্টটি একটি চূড়ান্ত পণ্য। কারণ এটি ভোক্তার কাছে ব্যবহারযোগ্য শেষ পণ্য। ফলে এই শার্টের মূল্য জিডিপির হিসাবের মধ্যে পড়বে। কিন্তু এই শার্ট তৈরি করতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছেÑযেমন কাপড়, সুতা, বোতাম, রং ইত্যাদি এসবকে বলা হয় মধ্যবর্তী পণ্য। এগুলো উৎপাদনের একটি ধাপের অংশ মাত্র। যদি এই কাঁচামালের মূল্য আলাদাভাবে জিডিপিতে যোগ করা হয় এবং পরে আবার শার্টের মূল্য যোগ করা হয়, তাহলে একই পণ্যের মূল্য একাধিকবার গণনা হয়ে যাবে। অর্থনীতিতে এই সমস্যাকে বলা হয় ডাবল কাউন্টিং (Double Counting)। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য জিডিপি হিসাব করার সময় কেবল চূড়ান্ত পণ্যের মূল্য গণনা করা হয়। এছাড়াও জিডিপি গণনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো শুধু নতুন উৎপাদিত পণ্যের মূল্য হিসাব করা। পুরোনো বা ব্যবহৃত পণ্য জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ২০২৩ সালে ৮০ হাজার টাকায় একটি ল্যাপটপ কিনেছিলেন। দুই বছর পরে ২০২৫ সালে আপনি সেটি ৪০ হাজার টাকায় বিক্রি করলেন। এই বিক্রির অর্থ চলতি বছরের জিডিপিতে গণনা করা হবে না। কারণ সে ল্যাপটপটি যখন প্রথম তৈরি ও বিক্রি হয়েছিল, তখনই এর মূল্য জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আবার নতুন করে এটি গণনা করলে অর্থনৈতিক হিসাব ভুল হয়ে যাবে।
জিডিপির প্রধান বৈশিষ্ট্য : জিডিপি একটি দেশের অর্থনৈতিক কর্মকা-ের একটি গুরুত্বপূর্ণ সূচক। এর কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো বুঝতে পারলে জিডিপির ধারণাটি আরও পরিষ্কার হয়।
প্রথমত, জিডিপি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত পণ্য ও সেবার মূল্য গণনা করে। অর্থাৎ কোনো পণ্য বা সেবা যদি একটি দেশের সীমানার ভেতরে উৎপাদিত হয়, তাহলে সেটি জিডিপির অংশ হবে উৎপাদক দেশি হোক বা বিদেশি।
দ্বিতীয়ত, জিডিপি একটি নির্দিষ্ট সময়ের অর্থনৈতিক কর্মকা-ের হিসাব দেয়। এটি সাধারণত এক বছর বা নির্দিষ্ট কোনো প্রান্তিক সময়ের জন্য হিসাব করা হয়। বাংলাদেশে জাতীয় হিসাবের ক্ষেত্রে অর্থবছরভিত্তিক হিসাবও প্রকাশ করা হয়।
তৃতীয়ত, জিডিপি ট্রান্সফার পেমেন্ট বা স্থানান্তর অর্থকে অন্তর্ভুক্ত করে না। যেমন শিক্ষার্থীদের বৃত্তি, পেনশন, সামাজিক নিরাপত্তা ভাতা বা বিভিন্ন ধরনের অনুদান। কারণ এগুলো নতুন কোনো উৎপাদনের ফল নয়; বরং বিদ্যমান অর্থের পুনর্বণ্টন।
চতুর্থত, জিডিপি দেশীয় উৎপাদনের ওপর গুরুত্ব দেয়। ব্যয় পদ্ধতিতে রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে নিট রপ্তানি (X−M) হিসাব করা হয়। উদাহরণস্বরূপ, রপ্তানি ২০ কোটি টাকা এবং আমদানি ১০ কোটি টাকা হলে নিট রপ্তানি হবে ১০ কোটি টাকা। তবে এই ১০ কোটি টাকা পুরো জিডিপি নয়; এটি এউচ-এর ব্যয় পদ্ধতির একটি উপাদান।
জিডিপি নির্ণয়ের তিনটি পদ্ধতি : জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে অর্থনীতিতে সাধারণভাবে তিনটি পদ্ধতির কথা বলা হয়- উৎপাদন, আয় ও ব্যয় পদ্ধতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জাতীয় হিসাব প্রণয়নে মূলত উৎপাদন ও ব্যয় পদ্ধতি অনুসরণ করে এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আয় পদ্ধতির তথ্যও ব্যবহার করে। এই তিনটি পদ্ধতির মাধ্যমে একই অর্থনৈতিক কার্যক্রমকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়।
উৎপাদন পদ্ধতি : এই পদ্ধতিতে দেশের বিভিন্ন অর্থনৈতিক খাত থেকে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্য যোগ করে জিডিপি নির্ণয় করা হয়। সাধারণত অর্থনীতিকে তিনটি বড় খাতে ভাগ করা হয়Ñকৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। কৃষি খাতের মধ্যে কৃষি উৎপাদন, বনজ সম্পদ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। শিল্প খাতে থাকে নির্মাণ, খনিজ উত্তোলন, উৎপাদনশিল্প ইত্যাদি। আর সেবা খাতের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, পরিবহন, যোগাযোগ, পর্যটনসহ নানা ধরনের সেবা। এই সব খাতের মোট উৎপাদনের বাজারমূল্য যোগ করে জিডিপি নির্ণয় করা হয়।
আয় পদ্ধতি : এই পদ্ধতিতে উৎপাদনের সঙ্গে যুক্ত বিভিন্ন উপাদানের মাধ্যমে অর্জিত আয় যোগ করে জিডিপি নির্ণয় করা হয়। উৎপাদনের প্রধান চারটি উপাদান হলো-ভূমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা বা সংগঠন। এই চারটি উপাদান থেকে যে আয় পাওয়া যায় তা হলো- ভূমি → ভাড়া, শ্রম → মজুরি, মূলধন → সুদ, উদ্যোক্তা →লাভ। অতএব, এই পদ্ধতিতে GDP = সহজভাবে বোঝার জন্য উৎপাদনের উপাদানগুলোর আয় হিসেবে ভাড়া, মজুরি, সুদ ও লাভের কথা বলা যায়। তবে জাতীয় হিসাবের আয় পদ্ধতিতে আরও কিছু সমন্বয় ও উপাদান বিবেচনা করা হয়।
ব্যয় পদ্ধতি : এই পদ্ধতিতে সমাজের মোট ব্যয় হিসাব করে জিডিপি নির্ণয় করা হয়। অর্থনীতিতে এই পদ্ধতির একটি প্রচলিত সূত্র রয়েছে- GDP = C + I + G + (X − M)। এখানে, C =ভোক্তাদের ব্যয়, I=বিনিয়োগ G = সরকারি ব্যয়, X − M = নিট রপ্তানি বাংলাদেশে সাধারণত “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)” এই পদ্ধতিগুলোর সমন্বয়ে প্রতি বছর জিডিপির হিসাব প্রকাশ করে।
নামমাত্র ও প্রকৃত জিডিপি : জিডিপি পরিমাপ করার দুটি পদ্ধতি রয়েছে- নামমাত্র জিডিপি (Nominal GDP) এবং প্রকৃত জিডিপি (Real GDP)। নামমাত্র জিডিপিতে পণ্যের বর্তমান বাজারমূল্য ব্যবহার করা হয়। ফলে এতে মূল্যস্ফীতির প্রভাব অন্তর্ভুক্ত থাকে অন্যদিকে, প্রকৃত জিডিপি মূল্যস্ফীতির প্রভাব বাদ দিয়ে প্রকৃত উৎপাদনের পরিবর্তন বোঝায়।
ধরা যাক, কোনো দেশে এক বছরে ১০০টি পণ্য উৎপাদিত হলো এবং প্রতিটির দাম ১০ টাকা। পরের বছর উৎপাদন একই ১০০টি থাকলেও যদি প্রতিটির দাম বেড়ে ১২ টাকা হয়, তাহলে বর্তমান বাজারমূল্যে হিসাব করা নামমাত্র জিডিপি বাড়বে। কিন্তু প্রকৃত উৎপাদন বাড়েনি। প্রকৃত জিডিপি মূল্যস্তরের পরিবর্তনের প্রভাব বাদ দিয়ে উৎপাদনের প্রকৃত পরিবর্তন বোঝাতে সাহায্য করে।
নামমাত্র জিডিপি এই দাম বৃদ্ধির প্রভাব দেখাবে, কিন্তু প্রকৃত জিডিপি মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার পরিবর্তন বোঝাতে সাহায্য করবে। মূল্যস্তরের পরিবর্তনের কারণে নামমাত্র জিডিপি ও প্রকৃত জিডিপির প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য তৈরি হতে পারে।
জিডিপির চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা : যদিও জিডিপি একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক, তবুও এটি নিখুঁত বা সর্বাঙ্গসুন্দর কোনো পরিমাপক নয়। বাস্তবে জিডিপির মাধ্যমে একটি দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া গেলেও সমাজের বাস্তব উন্নয়ন বা মানুষের প্রকৃত জীবনমান সবসময় এতে পুরোপুরি প্রতিফলিত হয় না। এ কারণে অর্থনীতিবিদরা জিডিপির কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।
বাংলাদেশের ক্ষেত্রেও এই বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সরকারি ও প্রাতিষ্ঠানিক আলোচনায় জিডিপির প্রবৃদ্ধির হার ও মোট আকারকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক হিসেবে তুলে ধরা হয়। তবে সাধারণ মানুষের কাছে এসব পরিসংখ্যানের প্রকৃত অর্থ বোঝাতে হলে জিডিপির পাশাপাশি মূল্যস্ফীতি, মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা, কর্মসংস্থান ও জীবনযাত্রার পরিবর্তনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। কারণ জিডিপির প্রবৃদ্ধি অর্থনীতির উৎপাদন ও কর্মকা-ের পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়, কিন্তু মানুষের অর্থনৈতিক কল্যাণের পূর্ণ চিত্র একা তুলে ধরে না। এই কারণে অনেক সময় আন্তর্জাতিক সংস্থা যেমন বিশ্বব্যাংক, আইএমএফ বা এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস এবং সরকারের হিসাবের মধ্যে পার্থক্য দেখা যায়। বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) সর্বশেষ প্রকাশিত প্রাথমিক হিসাবে, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার ৪.১৪ শতাংশ; এর আগের ২০২৪-২৫ অর্থবছরে চূড়ান্ত প্রবৃদ্ধির হার ছিল ৩.৪৯ শতাংশ। এই পরিসংখ্যান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে। তবে শুধু এই প্রবৃদ্ধির হার দেখেই সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পূর্ণ চিত্র পাওয়া যায় না। মানুষের প্রকৃত জীবনমান বুঝতে হলে এর পাশাপাশি মূল্যস্ফীতি, প্রকৃত ক্রয়ক্ষমতা, কর্মসংস্থান ও আয়বণ্টনের মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। অর্থাৎ জিডিপি অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরে, কিন্তু দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণ মূল্যায়নের জন্য আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
সার্বিকভাবে বলা যায়, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি বোঝার ক্ষেত্রে জিডিপি একটি গুরুত্বপূর্ণ সূচক। এটি আমাদের জানায় একটি নির্দিষ্ট সময়ে দেশের ভেতরে কত পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে এবং অর্থনৈতিক কার্যক্রম কতটা বিস্তৃত হয়েছে। তবে কেবল জিডিপি বৃদ্ধিকেই উন্নয়নের একমাত্র মানদণ্ড হিসেবে ধরা যায় না। কারণ একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সেই প্রবৃদ্ধির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে এবং মানুষের জীবনমান বাস্তব অর্থে উন্নত হয়। তাই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন, আয় বৈষম্য হ্রাস, মানসম্মত শিক্ষা বিস্তার, কর্মসংস্থান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে দেশের উৎপাদন বাড়বে এবং অর্থনীতিও আরও শক্তিশালী হবে। সরকার ও নাগরিক সমাজ যদি সমন্বিতভাবে উৎপাদন বৃদ্ধি, ন্যায্য আয় বণ্টন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে, তাহলে বাংলাদেশের অর্থনীতি কেবল সংখ্যার দিক থেকে নয়, মানুষের কল্যাণ ও জীবনমানের দিক থেকেও একটি শক্তিশালী ভিত্তির ওপর এগিয়ে যেতে পারবে।
লেখক : শিক্ষা গবেষক , শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
