জলবায়ু পরিবর্তনের দায় যাদের সবচেয়ে কম, এর অভিঘাত তাদেরই সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে। বাংলাদেশ এর অন্যতম উদাহরণ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য, অথচ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের মতো দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ সারিতে। জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি দেশের খাদ্যনিরাপত্তা, অর্থনীতি, জনস্বাস্থ্য, কর্মসংস্থান, অভিবাসন, অবকাঠামো এবং সামগ্রিক জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন, কপ-৩১ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে নিজের সংকট ও দাবিগুলো তুলে ধরেছে, জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত অবস্থানের সঙ্গে যুক্ত থেকেছে এবং কিছু কূটনৈতিক অগ্রগতিও অর্জন করেছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান প্রাপ্তির সঙ্গে বাংলাদেশের প্রয়োজনের ব্যবধান অনেক বড়। বরং জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নে হতাশার জায়গাগুলোই বেশি প্রকট।
বাংলাদেশের জলবায়ু সংকটের মাত্রা বোঝার জন্য ক্ষয়ক্ষতির হিসাবই যথেষ্ট। দেশের জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার বলে সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের জলবায়ু কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণও অনেক। জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (এনএপি) ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। আবার এনডিসি ৩.০-তে ২০৩৫ সাল পর্যন্ত জলবায়ু প্রশমন কার্যক্রমের জন্য ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলারের প্রয়োজন তুলে ধরা হয়েছে, যার মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা থেকে পাওয়ার প্রত্যাশা রয়েছে। এ দুটি হিসাবের উদ্দেশ্য ও খাত এক নয়। তবে উভয়ই বাংলাদেশের সামনে থাকা অর্থায়নের বিশাল চাহিদার চিত্র তুলে ধরে।
কপ-৩১-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। এ প্রতিনিধি দলের তথ্যমতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বছরে ১০ থেকে ১১ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ নিজস্ব অর্থায়নে বাংলাদেশ বছরে প্রায় ৪ দশমিক ৫ থেকে ৫ বিলিয়ন ডলার ব্যয় করছে। অর্থাৎ জলবায়ু সংকট মোকাবিলায় দেশের যে পরিমাণ অর্থ প্রয়োজন, তার বড় অংশই এখনো নিশ্চিত নয়। এ ঘাটতি পূরণে আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। কিন্তু প্রশ্ন হলো, উন্নত দেশগুলো কি তাদের ঐতিহাসিক দায় ও সামর্থ্যের ভিত্তিতে সে দায়িত্ব পালন করছে?
এর আগের কপ সম্মেলনগুলোতেও জলবায়ু অর্থায়ন নিয়ে একের পর এক প্রতিশ্রুতি এসেছে। ২০০৯ সালে উন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু সে প্রতিশ্রুতি পূরণে দীর্ঘ বিলম্ব হয়েছে এবং অর্থের হিসাব, উৎস ও প্রকৃতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই ঋণকে জলবায়ু অর্থায়ন হিসেবে দেখানো হয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এমন দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণের বোঝা চাপিয়ে সহায়তা দেওয়ার মধ্যে ন্যায়বিচার কোথায়? কপ-২৯-এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উৎস মিলিয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের বৃহত্তর প্রচেষ্টার কথা বলা হয়। কিন্তু এ ঘোষণার মধ্যেও মৌলিক প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট হয় নি। ৩০০ বিলিয়ন ডলারের কতটা অনুদান হবে, কতটা ঋণ, কোন দেশ কতটা অবদান রাখবে এবং অর্থ কীভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে পৌঁছাবে, তার নিশ্চয়তা কোথায়? উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় এ অর্থ যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশের মতো দেশের জন্য শুধু একটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয়; প্রয়োজন সহজ শর্তে, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়নের নিশ্চয়তা।
অভিযোজন অর্থায়নের ক্ষেত্রেও একই ধরনের অস্পষ্টতা রয়ে গেছে। কপ-৩০-এ অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে তিন গুণ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু কোন বছরের অর্থায়নকে ভিত্তি ধরে এ তিন গুণ নির্ধারণ করা হবে, অর্থের উৎস কী হবে, কোন সময়সূচিতে তা ছাড় করা হবে এবং দেশভিত্তিক বরাদ্দ কীভাবে নির্ধারিত হবে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। লক্ষ্য নির্ধারণের পরও যদি অর্থের পরিমাণ, সময়সীমা ও বাস্তবায়ন পদ্ধতি অস্পষ্ট থাকে, তাহলে তা কার্যকর প্রতিশ্রুতিতে পরিণত হয় না। বাংলাদেশের মতো অভিযোজননির্ভর দেশের জন্য এ ধরনের অনিশ্চয়তা সত্যিই হতাশার।
আরও বড় হতাশা লস অ্যান্ড ড্যামেজ বা জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষতি আর অভিযোজনের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়, সেগুলোর জন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তা পাওয়ার দাবি দীর্ঘদিনের। কপ-২৮-এ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল। কিন্তু তহবিল প্রতিষ্ঠা আর প্রয়োজন অনুযায়ী অর্থ পাওয়া এক বিষয় নয়। এ তহবিলের অর্থের পরিমাণ এখনো ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তব প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অর্থ সংগ্রহ, বিতরণ, যোগ্যতা নির্ধারণ এবং আবেদন প্রক্রিয়াও জটিল। ফলে যেসব দেশ ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির কারণে বিপুল ক্ষতির মুখে পড়ছে, তাদের প্রয়োজনের তুলনায় সহায়তা সামান্যই থেকে যাচ্ছে।
এখানে একটি মৌলিক প্রশ্ন রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী শিল্পোন্নত দেশগুলো কি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতির দায় যথাযথভাবে স্বীকার করছে? নাকি ক্ষতিপূরণের প্রশ্নকে সাধারণ উন্নয়ন সহায়তা কিংবা স্বেচ্ছামূলক অনুদানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে? জলবায়ু ন্যায়বিচারের দাবি হলো, ঐতিহাসিক দায় ও সক্ষমতার ভিত্তিতে উন্নত দেশগুলোকে দায়িত্ব নিতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন কোনো দয়া বা দাতব্য সহায়তা নয়; এটি ন্যায্য অধিকার ও দায়বদ্ধতার প্রশ্ন। ঋণনির্ভর অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও উন্নত দেশগুলোর ভূমিকা হতাশাজনক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, দুর্যোগ পূর্বাভাস, পানি ব্যবস্থাপনা, জলবায়ু-সহনশীল কৃষি, উপকূলীয় অবকাঠামো এবং পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তি বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এসব প্রযুক্তি সহজলভ্য ও সাশ্রয়ী করার বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সক্ষমতা তৈরির ক্ষেত্রে অগ্রগতি সীমিত। প্রযুক্তির উচ্চমূল্য, মেধাস্বত্বের জটিলতা এবং অর্থায়নের শর্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে যে দেশগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সবচেয়ে বেশি, তারাই অনেক সময় প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। প্যারিস চুক্তির পর এক দশকের বেশি সময় পার হলেও বৈশ্বিক নিঃসরণ কমানোর গতি প্রয়োজনের তুলনায় অনেক ধীর। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিভিন্ন সম্মেলনে ঘোষণা এসেছে। কিন্তু ঘোষণার সঙ্গে বাস্তব পদক্ষেপের ব্যবধান রয়ে গেছে। উন্নত দেশগুলো নিজেরা পর্যাপ্ত হারে নিঃসরণ কমাতে না পারলে এবং বড় নিঃসরণকারী দেশগুলো দায়িত্বশীল ভূমিকা না নিলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত আরও বাড়বে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে।
জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে বাণিজ্যিক নীতির বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিবিএএমের মতো ব্যবস্থার কারণে বাংলাদেশের রপ্তানি খাত, শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও কর্মসংস্থানের ওপর নতুন চাপ তৈরি হতে পারে। উন্নত দেশগুলো নিজেদের শিল্পকে কার্বন নিঃসরণ কমানোর পথে নিতে যে নীতিমালা গ্রহণ করছে, তার ব্যয় ও প্রভাব যেন উন্নয়নশীল দেশগুলোর ওপর অন্যায্যভাবে চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করা জরুরি। আরেকটি উপেক্ষিত ক্ষেত্র হলো শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা। জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও নিরাপদ জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও বাস্তুচ্যুতির কারণে অনেক শিশুর শিক্ষা ব্যাহত হয়, পরিবার জীবিকা হারায়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে। অথচ জলবায়ু অর্থায়নে শিশুদের সুরক্ষা, শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের জন্য বিশেষ সহায়তার কোনো সুস্পষ্ট ও পর্যাপ্ত ব্যবস্থা এখনো দৃশ্যমান নয়।
তাহলে কপ-৩১ থেকে বাংলাদেশ এখন পর্যন্ত কী পেল? প্রথমত, জলবায়ু অর্থায়নের ঘাটতি, ঋণের বদলে অনুদানের প্রয়োজন, অর্থ ছাড়ের বিলম্ব এবং তহবিলে প্রবেশের জটিলতা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে জোরালো বক্তব্য রেখেছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর জোটের (এলডিসি) অবস্থানের সঙ্গে সমন্বয় করে ২০৩৫ সালের আগে অভিযোজন অর্থায়ন বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবিও সমর্থন করেছে। তবে এটি এলডিসি জোটের সম্মিলিত দাবি, বাংলাদেশের জন্য নিশ্চিত কোনো বরাদ্দ নয়।
দ্বিতীয়ত, বাংলাদেশ জানিয়েছে, জলবায়ু বিনিয়োগ তহবিলের (ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস) আওতায় প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশও ৩০ মিলিয়ন ডলার করে পাওয়ার প্রত্যাশী। উপকূলীয় অবকাঠামো এবং জলবায়ু-সহনশীল কৃষি এ অর্থায়নের সম্ভাব্য অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত হয়েছে। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক সম্ভাবনা। তবে এ অর্থকে কপ-৩১ থেকে নিশ্চিতভাবে পাওয়া নতুন অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। অর্থ ছাড়, প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়নের বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ। ফলে সম্ভাব্য বরাদ্দের ঘোষণাকে বাস্তব প্রাপ্তিতে রূপ দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় হতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ কপ-৩১-এ বিভিন্ন আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও স্থানীয় উদ্যোগ নিয়ে আলোচনার আয়োজন করেছে। পাটশিল্পসহ পরিবেশবান্ধব উৎপাদন ও সম্ভাবনার বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের জলবায়ু কূটনীতির দৃশ্যমানতা বাড়াতে পারে। তবে সম্মেলনে বক্তব্য, সাইড-বৈঠক কিংবা আন্তর্জাতিক স্বীকৃতি নিজে নিজে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করে না। এসব কূটনৈতিক তৎপরতার মূল্যায়ন শেষ পর্যন্ত নির্ভর করবে বাংলাদেশের জন্য কতটা অর্থ, প্রযুক্তি ও বাস্তব সহায়তা নিশ্চিত করা গেল তার ওপর।
এখানেই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্মেলনে দাবি উত্থাপন করা জরুরি, কিন্তু দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজন সুস্পষ্ট কূটনৈতিক কৌশল, দক্ষ আলোচক দল, তথ্য-উপাত্তভিত্তিক অবস্থান এবং ধারাবাহিক তৎপরতা। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেলে তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, সে নিশ্চয়তা থাকতে হবে। জলবায়ু প্রকল্পের অর্থ ব্যয়, প্রকল্প নির্বাচন, বাস্তবায়নের মান এবং সুফলভোগী নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। উপকূলীয় অঞ্চলের মানুষ, নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার, চর ও হাওর এলাকার জনগোষ্ঠী, কৃষক, নারী এবং শিশুদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, নাগরিক সমাজ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। শুধু বড় অবকাঠামো নির্মাণ নয়, স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনা, কৃষি অভিযোজন, দুর্যোগ প্রস্তুতি, স্বাস্থ্যসেবা ও জীবিকার নিরাপত্তার মতো বিষয়েও অর্থায়ন বাড়াতে হবে।
বাংলাদেশের উচিত জলবায়ু কূটনীতিকে কোনো একটি সম্মেলন বা সরকারের মেয়াদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রয়োজন। জলবায়ু পরিবর্তন কোনো দলীয় সমস্যা নয়; এর প্রভাব পড়ে দেশের মানুষের ওপর, অর্থনীতির ওপর এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর। আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান যেন সরকার পরিবর্তনের সঙ্গে বদলে না যায়, সে জন্য একটি দীর্ঘমেয়াদি জাতীয় জলবায়ু কূটনীতি ও অর্থায়ন কৌশল থাকা দরকার। সর্বোপরি, এলডিসি, জি-৭৭, ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং ভি-২০-এর মতো জোটের সঙ্গে সমন্বয় বাড়িয়ে বাংলাদেশের দরকষাকষির সক্ষমতা জোরদার করতে হবে।
