আজকের শিশুরাই আগামী দিনে দেশের শাসনভার গ্রহণ করবে- মেধা ও মনন দিয়ে গড়ে তুলবে এক সমৃদ্ধ বাংলাদেশ। অথচ সেই ভবিষ্যত রাষ্ট্রগঠনের নায়কদের সঙ্গেই চলছে অমানিবক নিষ্ঠুরতা! সংবাদপত্রের পাতায় যখন শিশুদের ওপর নির্যাতনের চিত্র ফুটে ওঠে, তখন প্রতিটি বিবেকবান মানুষের হৃদয় রক্তক্ষরণে কেঁদে ওঠে। সংবিধান ও আন্তর্জাতিক সনদে শিশুদের অধিকার ও সুরক্ষার কথা স্পষ্ট ভাষায় বলা থাকলেও থামছে না তাদের ওপর নির্যাতনের মাত্রা। উল্টো প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে এই কোমলমতি প্রাণের শারীরিক ও মানসিক বিকাশ। প্রতিবছর ৬ অক্টোবর পার্লিত হয় ‘জাতীয় শিশু অধিকার দিবস’। এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী বাণী দেন। এবারের বাণীতে রাষ্ট্রপতি যথার্থই উল্লেখ করেছেন, ‘‘আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুস্থ বিকাশ, আনন্দময় শৈশব, মানসম্মত শিক্ষা এবং মেধা ও সৃজনশীলতার বিকাশের ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক মানবিক জাতি গঠন। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ-মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।’’ কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ংকর চিত্র। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র-কোথাও নিরাপদ নয় শিশুরা। প্রতিনিয়ত তারা নানা ধরনের শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রেই সামাজিক ও পারিবারিক চাপে এসব ঘটনা ধামাচাপা পড়ে যায়। ফলে দিন দিন বেড়েই চলেছে অপরাধের মাত্রা। যাদের আশ্রয়ে শিশুদের জীবন নিরাপদ হওয়ার কথা, আজ তারাই হয়ে উঠছে সবচেয়ে বড় হুমকি। স্কুল কিংবা ঘর-কোথাও নেই নিশ্চিত নিরাপত্তা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ও শাসনের নামে কোমলমতি শিশু-কিশোরদের ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, তা সত্যিই অকল্পনীয়। সজোরে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া, বেত্রাঘাতে শরীর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করা, শিকল দিয়ে বেঁধে রাখা কিংবা অকথ্য ভাষায় গালিগালাজ করার মতো নৃশংসতার ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতির ভবিষ্যৎ প্রজন্ম। অথচ ইসলামে শিশুদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। শিশুরা কেবল পরিবারের সন্তানই নয়, তারা মহান আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য আমানত। রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘তোমরা জুলুম থেকে বেঁচে থাক। নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন অন্ধতকারসমূহে পরিণত হবে। (সহিহ মুসলিম, হাদিস ২৫৮৭) এই আমানত রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই পবিত্র আমানত রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশুদের জন্য একটি নিরাপদ, নির্ভয় ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সময় এখনই।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশই শিশু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী, দেশের ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯.২ শতাংশ শিশুশ্রমে যুক্ত। শিশুদের অধিকার রক্ষায় সবচেয়ে বড় উদ্বেগের জায়গাগুলোর একটি হলো তাদের প্রতি সহিংসতা। সহিংসতা বলতে যা বোঝায় ইচ্ছাকৃত আচরণ, অবহেলা বা শোষণ, যা একটি শিশুর জীবন, শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপত্তাকে সরাসরি ক্ষুণ্ন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মতে, শিশুদের ওপর সহিংসতার প্রধান রূপগুলোর মধ্যে রয়েছে শিশুকে প্রহার করা, চড় মারা, ধাক্কা দেওয়া বা শারীরিকভাবে এমন আঘাত করা যা স্থায়ী বা সাময়িক ক্ষতি ডেকে আনে। অনেক সময় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তির নামে এ ধরনের ঘটনা ঘটে। এছাড়া শিশুদের ওপর যৌন সহিংসতা ও শোষণ-যেমন যৌন নিপীড়ন, অনুপযুক্ত স্পর্শ ও ধর্ষণ তাদের শারীরিক ও মানসিক সত্তার ওপর মারাত্মক আক্রমণ। অনেক সময় শিশুদের দিয়ে বয়সের অনুপযুক্ত ঝুঁকিপূর্ণ ও ভারী কাজও করানো হয়। সহজ কথায়, শিশুর স্বাভাবিক শৈশব,আনন্দ, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো আচরণই অগ্রহণযোগ্য। আজকের শিশুরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের মধ্য থেকেই কেউ কেউ হয়তো শেরেবাংলা কিংবা নজরুল হয়ে উঠবে। সুতরাং, শিশুদের ওপর কোন প্রকার নিষ্ঠুর আচরণ কারও কাম্য হতে পারে না। শিশুদের আদর করতে হবে, ভালোবাসতে হবে। শিশুদের শাসন-বারণ করতেই হবে, তবে প্রেক্ষাপটের আলোকে শাসনের রূপভেদ ভিন্ন হতে পারে। তবে শাসন হবে মৃদু ও পরিমিত ; শাসন যেন অতিশাসন বা অপশাসনে পর্যবসিত না হয়। শাসনের পাশেই অপরিহার্যভাবে সোহাগ ও স্নেহ থাকা প্রয়োজন। মহানবী (স:) বলেছেন যে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শাসন ও সোহাগের সমান্তরাল-সমন্বয়েই সৃষ্ট হবে ভবিষ্যৎ কর্ণধার। তবেই আজকের শিশুরা আগামী দিনে জাতির সম্পদে পরিণত হবে, নতুবা তারা কিশোর গ্যাং নামক অপরাধচক্রের সদস্য হয়ে উঠবে। একটি শিশু কেবল একটি পরিবারের প্রাণ নয়, সে রাষ্ট্রেরও প্রাণ। সকল যুগে ও সমাজে শিশুরা ছিল মহামূল্যবান। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর বিখ্যাত ‘ছাড়পত্র’ নামক বিখ্যাত কবিতায় লিখিছেন- ‘‘চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবি শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে যেতে চেয়েছিলেন। কারণ, শিশুরা আজ হোক বা কাল, আগামী দিনের ওরাই বাংলাদেশ।

শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সমাজে আজ এক উদ্বেগজনক ধারা চলছে। যে পরিবারের শিশুটি নিখোঁজ হয়, সে পরিবারের জন্য ঘড়ির কাঁটা সচল থাকলেও থমকে যায় সময়। পরিবার শুধু অপেক্ষায় থাকে- সন্তান কবে ঘরে ফিরবে। কিন্তু সবার সন্তান ফেরে না; কেউ ফেরেনি, আর কাউকেও ফিরতে হয় নিথর লাশ হয়ে। সন্তানের লাশ বহন করার সময় একজন পিতার কাঁধে সেই মৃতদেহের ওজন কতটা ভারী হয়, তা কেবল ভুক্তভোগী বাবাই অনুধাবন করতে পারেন। শিশুর প্রতি কী পরিমাণ নৃশংসতা চলছে, তার এক নির্মম পরিসংখ্যান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিস) তথ্য দেখলে। সম্প্রতি এই সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৩ থেকে ৬ বছর বয়সি শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত-এই ছয় মাসে এ দেশে যৌন সহিংসতার শিকার মোট নারীর তুলনায় প্রায় ৬১ শতাংশ বেশি শিশু নির্যাতনের শিক্ষার হয়েছে! মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা যায়, বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৪৩১ জন নারী সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ২৬৪ জনই শিশু। এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে যৌন হয়রানির শিকার নারীর সংখ্যা ছিল ১৩০ জন, আর শিশু নির্যাতনের শিকার হয়েছিল ২৬৯ জন। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই নিষ্পাপ শিশুগুলো অনেক সময়ই তাদের নিকটাত্মীয়দের দ্বারাই যৌন নির্যাতন ও নিষ্ঠুরতার শিকার হচ্ছে। আপজনদের আশ্রয়ে থাকা সে শিশুদের জীবন নিরাপদ হওয়ার কথা, আজ তারাই ঘরের ভেতরে ও বাইরে চরম হুমকির মুখে। এই নৈরাজ্য থেকে শিশুদের রক্ষা করতে না পারলে একটি সুস্থ সমাজ ও জাতি গঠনের স্বপ্ন কেবলই কল্পনায় থেকে যাবে।

দেশে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে পাল্লা দিয়ে যেভাবে শিশু নির্যাতন ও নিখোঁখের ঘটনা বেড়ে চলেছে-তা এক ভয়াবহ জাতীয় সংকট। পুলিশ সদর দপ্তরের ভাষ্যমতে ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়েছে, যার মধ্যে এখনও ২ হাজার ৩৮ জন শিশুর কোনো সন্ধান মেলেনি। যদিও পুলিশ জানিয়েছে যে, ৯০ থেকে ৯৫ শতাংশ নিখোঁজ শিশু উদ্ধার হয়েছে-যা প্রশংসনীয়, তবুও নিখোঁজ সেই দুই হাজারের বেশি শিশুর পরিবারের বকুফাটা কান্নায় ভারি হয়ে উঠেছে চারপাশ। মানবাধিকর সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এর চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী এই আট মাসে ৭৬৯টি শিশু নির্যাতনের শিকার হয়েছে; যার মধ্যে প্রায় অর্ধেকের বেশি অর্থাৎ ২৭৭ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। আরও মর্মান্তিক বিষয় হলো, এই আট মাসে প্রাণ হারিয়েছে ২৫৪টি শিশু-যার মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৪ জনকে, শারীরিক নির্যাতনে মারা গেছে ৬৮ জন, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৪৯ জন এবং নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ৩৬টি শিশুর লাশ। সবচেয়ে ভয়ংকর চিত্র উঠে এসেছে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে-দেশের প্রায় ৯০ শতাংশ (প্রতি ১০ জনে ৯ জন) শিশু প্রতি মাসে ঘরে কোনো না কোনোভাবে শারীরিক বা মানসিক শাস্তির শিকার হয়, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। শিশুর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করা এবং তাদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা কেবল সরকারের একা দায়িত্ব নয়; পরিবার, সমাজ, রাষ্ট্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি স্তর থেকে সকলকে একত্রে এগিয়ে আসতে হবে। কারণ এই শিশুরা শুধু একটি পরিবারের নয়, গোটা বাংলাদেশের প্রাণ। তাদের চোখেই আলো ছড়ায় আমাদের আগামী দিনের স্বাধীন সার্বভৌম মানচিত্র। তাই আসুন, সমস্ত নিষ্ঠুরতা, ভয় ও শোষণের দেয়াল ভেঙে আমরা এক মানবিক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি শিশু নির্ভয়ে বেড়ে উঠতে পারে, প্রজাপতির মতো উড়তে পারে এবং আগামী দিনে গড়ে তুলতে পারে সমৃদ্ধ এক বাংলাদেশ।