মানুষের চেহারা দেখে যেমন তার ভেতরের রাগ, ক্ষোভ বা কষ্ট বোঝা যায়, তেমনি একটি দেশ দারিদ্র্যমুক্ত কিনা তাও সে দেশের মানুষের জীবনযাত্রা ও চেহারা দেখলে বোঝা যায়। আমরা একসময়ের সেই অপমানজনক ‘তলাবিহীন ঝুড়ির’ তকমা থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসার গৌরব অর্জন করলেও অন্নহীন মানুষের বুক থেকে দারিদ্র্যের নির্মম অভিশাপ পুরোপুরি মুছতে পারিনি। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান দারিদ্র্যের হার নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা কেবল কিছু সংখ্যার হিসাব নয়; বরং এটি আমাদের সমাজের এক নির্মম বাস্তব চিত্র। প্রতিবেদনের বিবরণে দেখা যায়, ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ; যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ১৮ বা ১৯ শতাংশের কাছাকাছি। ২০২৪ সালে তা লাফিয়ে ২০ দশমিক ৩ শতাংশ, ২০২৫ সালে ২১ দশমিক ৭ শতাংশ এবং চলতি বছরে উদ্বেগজনকভাবে ২২ দশমিক ৫ শতাংশে গিয়ে পৌঁছেছে। ফলে এ দেশের সাধারণ মানুষের জীবন থেকে সুখের দিনগুলো ক্রমেই যেন অজানা গন্তব্যে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো গত এক বছরেই নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার অন্ধকার গহ্বরে পতিত হয়েছে। অপরদিকে বিশ্বব্যাংকের সতর্কতা আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। নিম্নমধ্যবিত্তের ঘেরাটোপে টিকে থাকা প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ নিঃস্ব হয়ে হারিয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে বিশ্বব্যাংক। দারিদ্র্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিশ্বব্যাংক ছয়টি কারণ চিহ্নিত করেছে যেমন:- কোভিড মহামারি, বৈশ্বিক জ্বালানি সংকট, আকাশছোঁয়া মূল্যস্ফীতি, বিনিয়োগের খরা, রাজনৈতিক অস্থিরতা এবং কর ও ভর্তুকি ব্যবস্থাপনার চরম দুর্বলতা। চাল, ডাল, তেল, পরিবহন, বিদ্যুৎ থেকে শুরু করে জীবনের প্রতিটি প্রয়োজনীয় উপকরণের লাগামহীন দাম মানুষের সংসার জীবনকে বিষিয়ে তুলেছে। সাধারণ মানুষ তথা খেটে খাওয়া মানুষের আয় বাড়ে নি; বরং জীবন পরিচালনার ব্যয় লাগামহীনভাবে বেড়েই চলেছে।

দারিদ্র্যের হার নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে কিছুটা পার্থক্য থাকলেও বাস্তব চিত্র মোটেও সুখকর নয়। বিগত ফ্যাসিস্ট আমলে যত না উন্নয়ন হয়েছে, তার চেয়ে বেশি ফুলিয়ে ফাপিয়ে দেখানো উন্নয়নের আড়ালে দারিদ্র্যের সংখ্যা বেড়েছে। এই প্রবণতা কয়েক বছর ধরে ঊর্ধ্বমুখী। ফলে নিত্যপণ্যের আগুনঝরা দামের চোটে নিম্নআয়ের পরিবারগুলো আজ দিশাহারা। একসময় পাঁচশ টাকার নোট দিয়ে একটি পরিবারের একদিনের বাজার করা যেত, আজ সেই পাঁচশ টাকা দিয়ে এক সন্ধ্যার ডাল-ভাত জোগাড় করতেই হিমশীম খেতে হচ্ছে। বাজারে গিয়ে কোনটা রেখে কোনটা কিনবে-এই হিসাব মেলাতে পারছে না। খাবারের টেবিল থেকে মাছ বা মুরগির স্বপ্ন দিন দিন হারিয়ে যাচ্ছে। আলু, ডিম আর সবজি দিয়ে দিন পার করছে। কিন্তু এখন ডিমের দামও নাগালের বাইরে। এই চরম অবস্থা শুধু সাধারণ মানুষ কিংবা খেটে খাওয়া মানুষের ঘরেই সীমাবদ্ধ নেই, তা আজ হানা দিয়েছে শহুরে মধ্যবিত্তের ফ্ল্যাটেও। রাজধানী ঢাকায় ৩০-৪০ হাজার টাকা দিয়ে সম্মান ও স্বস্তির সঙ্গে টিকে থাকা দায়। বাসাভাড়া, বিদ্যু বিল, গ্যাস বিল, যাতায়াত খরচ আর সন্তানের পড়া লেখার খরচ মেলাতে গিয়ে মাস শেষ হওয়ার আগেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যানুযায়ী দেশে এলপিজির গ্রাহক প্রায় এক কোটির বেশি। এর মধ্যে প্রায় ৮৩ লাখ গ্রাহক পারিবারিক রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করেন। গত ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও এই দামে কোথাও গ্যাস পাওয়া যায় না; বাড়তি অর্থ দিলে মিলে সিলিন্ডার। তবে একেকটি সিলিন্ডার ২২০০-২৩০০ টাকায় কিনতে হয়। অথচ একসময় ১৩০০ থেকে ১৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যেত। বাসাভাড়া নিয়ম ছাড়াই বাড়ছে। ফলে সাধারণ মানুষ আজ কোণঠাসা। সন্তানের স্কুলের বেতন হয়তো কোনোমতে জোগাড় হয়, কিন্তু একজন ভালো টিউটরের ব্যবস্থা করা আর হয়ে ওঠে না। সাধ থাকলেও কলিজার টুকরা সন্তানের শরীরের পুষ্টির জন্য মাছ, গোশত, দুধ, ডিম ও ফল মুখে তুলে দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফল খাওয়া এখন বিলাসিতার শামিল হয়ে দাঁড়িয়েছে।

পৃথিবীর কোনো দেশই একেবারে নিখুঁতভাবে শতভাগ দারিদ্রমুক্ত নয়; তবে দারিদ্র্যের অভিশাপ থেকে জাতিকে টেনে তুলেছে এমন বহু দেশের নজির আছে। কিন্তু কী এক দুর্ভাগ্য আমাদের ! বিগত ফ্যাসিবাদী সরকার নিজেদের দেশের সর্বেসর্বা লাট বা মালিক ভেবে বসেছিল। তাদের বিরুদ্ধে টুঁ-শব্দটি করার দু:সাহস এ দেশের কারও ছিল না। বছরের পর বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তারা সম্পদের হিমালয় গড়ে তুলেছিল এবং দেশের রক্তঝরা কোটি কোটি অর্থ বিদেশে পাচার করেছিল। যার কিছু নুমনা পাওয়া যায় অন্তর্বতীকালীন সরকারের শ্বেতপত্র কমিটির হিসাব থেকে। তাদের ভাষ্যমতে ২০০৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার- যার বার্ষিক গড় দাঁড়ায় প্রায় ১৬ বিলিয়ন ডলার! দারিদ্র্য নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর কালজয়ী ‘Development as Freedom’ গ্রন্থে খুব স্পষ্ট ভাষায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন- রাজনৈতিক স্বাধীনতা আর জবাবদিহি ছাড়া কোনো দিনই দারিদ্র্যের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। যে সরকার জনগণের ভোটের ভয়ে (trembling) হয়ে পড়ে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়ে, সেই শাসকগোষ্ঠীর কানে অভুক্ত মানুষের আর্তনাদ কখনোই পৌঁছায় না। যে শাসকের নিজের দেশের মানুষের বুকে ঠান্ডা মাথায় গুলী চালাতে বুক কাঁপে না, তার কাছ থেকে দারিদ্র্যমুক্তির আশা করা যায় না। ফ্যাসিবাদী কাঠামোর শেকড় ঠিক এখানেই প্রোথিত থাকে- যেখানে ভিন্নমতের কন্ঠরোধ করা হয়, দুর্নীতির উৎসব চলে এবং মানুষের জীবন ও মর্যাদাকে পায়ের নিচে পিষে ফেলা হয়। এমন ব্যবস্থা কখনো দারিদ্র্য দূর করতে পারে না, বরং দারিদ্র্যের নির্মম সত্যটাকে জোরপূর্বক কেবল আড়ালে লুকিয়ে রাখতে জানে। ফ্যাসিবাদী জমানার অন্ধকার পেরিয়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ জুলুমতন্ত্রের বিরুদ্ধে গণরায় উপহার দিয়েছেন। যার ফলে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান শপথ নিয়েছেন। তিনি জাতির এক ক্রান্তিকালে দেশের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন। সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে তিনি ‘ফ্যামিলি কার্ড’ এর প্রর্বতন করেছেন, তা নি:সন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে দারিদ্র বিমোচনে শুধু ‘ফ্যামিলি কার্ড’ যথেষ্ট নয়। একটি ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে স্থায়ীভাবে দারিদ্র্য দূর করা দুরূহ ব্যাপার।

দেশকে সত্যিকার অর্থে দারিদ্রমুক্ত করতে হলে প্রয়োজন ইস্পাতদৃঢ় কাঠামোগত সংস্কার। বিশ্বের অনেক দেশ সংস্কার করার মাধ্যমে দারিদ্র্যমুক্ত হয়েছে যেমন-ভিয়েতনাম তাদের অর্থনীতি উন্মুক্তকরণের ‘ডয় মই’ নীতি, ভূমি সংস্কার ও রপ্তানিমুখী বিপ্লবের মাধ্যমে এক প্রজন্মের কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যের জাঁতাকল থেকে মুক্ত করেছে। চীন সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক (Targeted) কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করেছে। ব্রাজিল তাদের বিখ্যাত ‘বোলসা ফ্যামিলিয়া’ প্রকল্পের মাধ্যমে যেমন হতদরিদ্রদের সরাসরি আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছে, তেমনি শর্ত জুড়ে দিয়েছেন যেন পরিবারের প্রতিটি শিশু নিয়মিত স্কুলে যায় এবং স্বাস্থ্য পরীক্ষা করায়-যার ফলে তারা প্রজন্মের পর প্রজন্মকে দারিদ্র্যের অভিশাপ থেকে চিরতরে মুক্ত করেছে। সবচেয়ে বড় কথা, এসব দেশের সফলতার মূল চাবিকাঠি ছিল একটাই- সহায়তার বিন্দু পরিমাণ অর্থও যেন কোনো দুর্নীতিবাজ বা সিন্ডিকেটের পকেটে না গিয়ে সরাসরি পৌঁছে যায় সেই অভাগা মানুষটির হাতে, যার এটি সবচেয়ে বেশি প্রয়োজন। দেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য নিম্নোক্ত বিষয়গুলোর উপর জোর দেয়া প্রয়োজন যেমন ঃ

১. বিনিয়োগ ও কর্মসংস্থান : দেশে ব্যবসায় অনুকূল ও আস্থার পরিবেশ ফিরিয়ে এনে বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি তরুণদের মেধাকে বিকশিত করার সুযোগ তৈরি করা দরকার।

২. উৎপাদন বৃদ্ধি ও বাজার সিন্ডিকেট দমন : কৃষি ও শিল্পের উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেয়ার পাশাপাশি নিত্যপণ্যের জেঁকে বসা অসাধু সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেয়া প্রয়োজন। নিজ দলের নেতা কর্মী যদি এই সিন্ডিকেটের হোতা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই সিন্ডিকেটের নেপথ্যে কারা কারা রয়েছে, তাদের চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। এ ব্যাপারে সরকার যদি আন্তরিক হন, তবে এই তালিকা তৈরি করা কোনো কঠিন কাজ নয়। প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তাহলে মানুষের পকেট কাটার সাহস কেউ পাবে না।

৩. ব্যাংকিং খাতের রক্তক্ষরণ বন্ধ : ব্যাংক লুণ্ঠনকারী, অর্থ পাচারকারী ও খেলাপি সংস্কৃতির হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের নৈরাজ্য কঠোর হাতে দমন করতে হবে। সাধারণ মানুষের শেষ সঞ্চয়ের বিশ্বাসের জায়গাটি ফিরিয়ে আনতে না পারলে দেশের অর্থনীতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না।

৪. সুশাসন ও সঠিক বণ্টন : সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ যেন কেবল দলীয় নেতাকর্মী বা নির্দিষ্ট বলয়ের মানুষের পকেটে না যায় সে বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে। স্বচ্ছ উপায়ে প্রকৃত দুস্থদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন। যেন দুর্নীতির সুযোগে কেউ অন্যের হক মেরে দেয়ার সুযোগ না পায়। যারা দুস্থ মানুষের অধিকার হরণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

পরিশেষে বলা যায়, দেশের মানুষকে চরম দারিদ্র্যের অন্ধকার থেকে স্থায়ীভাবে মুক্ত করতে হলে কেবল সাময়িক সহায়তা বা ত্রাণ বিতরণ যথেষ্ট নয়; প্রয়োজন ইস্পাতদৃঢ় কাঠামোগত সংস্কার। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, সিন্ডিকেটের হাত থেকে নিত্যপণ্যের বাজারকে রক্ষা করা, ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থ পাচার রোধে কঠোর আইনে ব্যবস্থা প্রয়োগ নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সঠিক বণ্টন নিশ্চিত করার মাধ্যমেই কেবল সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। রাজনৈতিক জবাবদিহিতা, আইনের শাসন এবং মেহনতী মানুষের মৌলিক অধিকার সুরক্ষার দৃঢ় অঙ্গীকারই পারে বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত, উৎপাদনমুখী ও কল্যাণকামী রাষ্ট্রে রূপান্তর করতে।