১৯৯৯ সাল। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলে চতুর্দিকে হইচই ফেলে দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ মানুষ তো বটেই, বোদ্ধাজনদেরও অনেকে সেটিকে বাহবা দিলেন এই বলে যে, ধারণাটি পুরোপুরি বাস্তবসম্মত না হলেও স্বপ্ন হিসেবে মন্দ নয়। কোনো মহৎ কাজের জন্য বড় স্বপ্ন তো থাকতেই হয়। সে ক্ষেত্রে স্বপ্ন বড় হলে এবং এর কিয়দংশও বাস্তবায়িত হলে তাতে একটি বড় কাজ হয়ে যায় বৈকি! অতএব দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলে দারিদ্র্যের হার যদি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়, তাতে মন্দ কি! তো ড. মুহাম্মদ ইউনূসের ওই সাময়িক মোহজাগানো বক্তব্য যে আসলে ছিল নিছকই চমক সৃষ্টির কৌশলী প্রয়াস, তা স্পষ্ট হতে মোটেও সময় লাগেনি। অবশ্য এরপরও এ ধরনের চমক সৃষ্টিমূলক কথাবার্তা থেকে তিনি কখনোই বিরত থাকেননি; বরং ক্ষমতা হাতে পাওয়ার পর বলেছিলেন, ‘বাংলাদেশ হবে বিশ্ববাসীর জন্য আশার বাতিঘর’, ‘রোহিঙ্গারা আগামী ঈদ (২০২৬ সালের মার্চে পালিত হতে যাওয়া ঈদুল ফিতর) নিজ বাসভূমিতে করবে’ ইত্যাদি।
দায়িত্বশীল পদ বা অবস্থানে থেকে এ ধরনের চমক সৃষ্টিকারী কথাবার্তা বলার অভ্যাস যে শুধু ড. মুহাম্মদ ইউনূসেরই রয়েছে তা নয়, বাংলাদেশের সব কালের সব ক্ষমতাসীনের মধ্যেই এটি কমবেশি দেখা গেছে ও যাচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের কর-জিডিপি অনুপাতকে ২০৩৫ সাল নাগাদ ১৫ শতাংশে উন্নীত করা হবে, যা বর্তমানে ৬ দশমিক ৬ শতাংশ। তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির যে গতিবিধি এবং করনীতি ও ব্যবস্থাপনার যে হালচাল, তাতে ২০৩৫ সাল নাগাদ এটিকে ১৫ শতাংশে উন্নীত করা অসম্ভব। পরিকল্পনা উপদেষ্টা অবশ্য ২০৩৪ সাল নাগাদ দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরেরও ঘোষণা দিয়েছেন! এ-ও কি সম্ভব?
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দায়িত্ব নিয়েই বলেছেন, বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, শিক্ষায় বাংলাদেশ হবে বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ। অন্যদিকে এই দুই বক্তব্য পাশে থাকা অবস্থায় বিশ্বব্যাংকের সমীক্ষা প্রতিবেদন জানাচ্ছে যে বাংলাদেশের স্নাতকদের মান সিঙ্গাপুরের দ্বাদশ শ্রেণির শিক্ষার সমতুল্য। তো এ অবস্থায় বাংলাদেশকে অচিরেই শিক্ষার বিশ্ব হাব বানিয়ে ফেলা কিংবা শিক্ষাক্ষেত্রে এ দেশকে বিশ্ববাসীর কাছে উদাহরণ হিসেবে গড়ে তোলা শুধু ‘কথা’ দিয়েই সম্ভব। বাস্তবতা বড্ড কঠিন। দেশের মানুষ অবশ্য সবই বোঝে। উল্লেখ্য, ১৯৭০ ও ১৯৮০-এর দশকেও বাংলাদেশে শিক্ষার মানের এতটা অধঃপতিত অবস্থা ছিল না।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের বিমান বহরে তিনি ২০০টি উড়োজাহাজ দেখতে চান, যার মধ্যে এ পর্যন্ত মাত্র ৩৫টি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিমান চলাচলের ক্ষেত্রে বাংলাদেশকে তিনি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন। ভাগ্যিস তিনি বলেননি যে উড়োজাহাজই হবে বাংলাদেশের জনগণের নিত্যদিনের চলাচলের মূল গণপরিবহন। উল্লেখ্য যে, ১৯৪৭ সালে যাত্রা শুরু করা ৮০ বছরের পুরোনো পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) আওতায় সচল-অচল মিলিয়ে উড়োজাহাজ রয়েছে মাত্র ৩২টি, যার প্রায় অর্ধেকই অকেজো। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এত মিতালি থাকা সত্ত্বেও পিআইএতে সেই দেশের তৈরি বোয়িং উড়োজাহাজের সংখ্যা মাত্র ১২টি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দায়িত্ব গ্রহণের পরপরই বেকারত্বপীড়িত দেশবাসীকে এই বলে আশ্বস্ত করেছেন যে, তাঁর মন্ত্রণালয় ১ কোটি লোককে বিদেশে পাঠানোর লক্ষ্যে কাজ করছে। এর মানে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশই বিদেশে চলে যাবে। ফলে দেশ থেকে বেকারত্বই শুধু ঘুচবে না, দেশে জনঘনত্বও হ্রাস পাবে এবং রেমিট্যান্স আহরণের পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়বে। কিন্তু মূলধারার গণমাধ্যম জানাচ্ছে যে জনশক্তি রপ্তানির ধারা ক্রমেই নিম্নমুখী হয়ে পড়ছে এবং জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত এজেন্সিগুলোর সিন্ডিকেট আগের মতোই বহাল আছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। ফলে জনাব নুর যে দেশের ১ কোটি লোককে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে রেখেছেন, তার কী হবে?
সবশেষ ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলজিইডির নবীন সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন কোর্সে বলেছেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।’ কী সর্বনাশা কথা! দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অলস ও কর্মহীন রেখে শুধু বাকি অর্ধেককে নিয়ে গড়ে উঠবে এ রাষ্ট্র? প্রতিমন্ত্রী অবশ্য বলেননি, স্বামী ও স্ত্রী—এ দুজনের মধ্যে চাকরিটি কার করা উচিত। তবে তা না বললেও অনেকে মনে করছেন যে, প্রকারান্তরে তিনি স্ত্রীদেরই ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন।
এমনটাই যদি হয়, তাহলে তাঁর ওই বক্তব্য শোনার পর ওই অনুষ্ঠানে অংশ নেওয়া নারী প্রকৌশলীগণসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের মনের অবস্থাটি কী দাঁড়ায়? প্রায় ৭০ শতাংশ নারী শ্রমিক নিয়ে যে তৈরি পোশাক খাত, প্রতিমন্ত্রী মহোদয় কি তাহলে সে খাতকে সংকুচিত করে ফেলার কথা বলছেন?
উদাহরণ এভাবে আরও দীর্ঘ করা যায়। কিন্তু মূল বিষয় সেই একটিই—রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকজনদের কি এ ধরনের বাস্তবতাবর্জিত কথাবার্তা বলা মানায়? তাঁদের এসব আচরণে অনেকে বিরক্তও হন। ৮৩ বছর বয়সী দেশের একজন বরেণ্য অর্থনীতিবিদকে ঘরোয়া পরিবেশে জিজ্ঞেস করেছিলাম, একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে দেশে বিরাজমান নানা অসংগতির কথা তিনি জনসমক্ষে তুলে না ধরে চুপ করে আছেন কেন। তিনি পরিষ্কার জবাব দিলেন, ‘মবের ভয়ে’। এখন দায়িত্বশীল পদে থাকা মানুষের ‘চমকপ্রদ’ কথাবার্তা ও উল্লিখিত মব যদি একসঙ্গে চলতে থাকে, তাহলে সেটি আমাদের সবার জন্যই সমূহ দুঃসংবাদের কারণ। অতএব এ অবস্থার আশু অবসান হওয়া প্রয়োজন। রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ের নীতিনির্ধারকেরা কি বিষয়টির দিকে তাকাবেন? কারণ, কথায় আর কাজে মিল না থাকলে জনগণ নিজেদের প্রতারিতই মনে করবে।
