মো: মাঈন উদ্দীন

জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এই তিন বছরের বাড়তি সময় অর্থনীতিতে যেমন সাময়িক স্বস্তি এনে দিয়েছে, তেমনি এটি দেশের জন্য বড় কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে। সময় পাওয়াটা একটি সুসংবাদ হলেও সময়কে কাজে লাগাতে হবে। সময় বাড়লেই যে অর্থনীতির দুর্বলতা দূর হবে এমনটা ভাবা ঠিক না । এ সুযোগকে কাজে লাগাতে হবে বাস্তব সংস্কারের মাধ্যমে। বাড়তি সময়ের সদ্ব্যবহার ও প্রয়োগের ওপর নির্ভর করছে আগামী দিনের অর্থনীতির পথচলা । বর্তমানে আমাদের অর্থনীতি ভয়াবহ খাদের কিনারে। ব্যাংক খাতের বিশৃঙ্খল অবস্থা ও আস্থার সংকট, পূজীবাজারে বেহালদশা, আমদানি - রপ্তানি বাণিজ্যে গতিহীনতা , মূল্যস্ফীতি ও খেলাপি ঋণের বিষয়টিতো রয়েছেই। স্থবির বিনিয়োগ পরিস্থিতি সহ বিদেশী ঋণের জালে আবদ্ধ অর্থনীতিকে কিভাবে উত্তরণের পথে আনা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। এ দিকে রপ্তানি শিল্পের অন্যতম খাত পোশাক শিল্পের সম্প্রসারণ ও বিপণন ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্বস্তি অবস্থায় থাকলেও আশাব্যঞ্জক অবস্থায় নাই। এখন অর্থনীতিকে সুসংহত ও টেকসই অবস্থায় আনার জন্য বাড়তি সময় পেলেও এটা কোন স্থায়ী নিরাপত্তাবলয় নয়। বরং রফতানি প্রতিযোগিতা বাড়ানো, ব্যাংকিং খাতের দুর্বলতা কাটানো, রাজস্ব আয় বৃদ্ধি, বিনিয়োগের পরিবেশ অনুকূল ফিরিয়ে আনা এবং অর্থনীতির কাঠামোগত সংস্কার এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

অর্থনীতির সামনে এখন বড় প্রশ্ন- ২০২৯ সালের মধ্যে বাংলাদেশ কি এমন একটি উৎপাদনশীল ও প্রতিযোগিতাসক্ষম অর্থনীতি গড়ে তুলতে পারবে, যা বিশেষ বাণিজ্যসুবিধা কমে গেলেও আন্তর্জাতিক বাজারে টিকে থাকাটা একটি বড় ধরনের চ্যালেঞ্জ।

বাড়তি সময়ের গুরুত্ব : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণে সময়সীমা বৃদ্ধি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দীর্ঘ দিন ধরে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন বাজারে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা পেয়ে আসছে। উত্তরণের পর এসব সুবিধার কিছু হারালে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়তে পারে। এতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশী পণ্যের দাম বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

বিশেষ করে তৈরি পোশাক খাত এ ঝুঁকির মুখে পড়তে পারে। দেশের রফতানি আয়ের বড় অংশ এই খাত থেকে আসে। একই সাথে ওষুধশিল্পের জন্য মেধাস্বত্ব, প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাসংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধানের পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বাড়তি সময় কাজে লাগানো জরুরি।

অতিরিক্ত প্রস্তুতির সুযোগ: ২০২৬ সালেই উত্তরণ ঘটলে দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান ও রপ্তানিমুখী কারখানা রফতানি আদেশ হারানোর ঝুঁকিতে পড়ত। এই ৩ বছর সময় পাওয়ায় খাতগুলো নিজেদের প্রস্তুত করার সুযোগ পেল। এ সুযোগকে কাজে লাগাতে হবে। উত্তরণের পর সব বাজারে একই ধরনের সুবিধা উঠে যাবে, এমনটি নয়।

তবে কোন বাজারে কী শুল্ক প্রযোজ্য হবে এবং কোন পণ্য কী ধরনের অগ্রাধিকার পাবে, তা সংশ্লিষ্ট বাজারের নীতিমালা, চুক্তি ও যোগ্যতার শর্তের ওপর নির্ভর করবে। তাই বাংলাদেশের প্রয়োজন পণ্যভিত্তিক ঝুঁকি নিরূপণ এবং কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো।

শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকা: বাড়তি সময় প্রাপ্তির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের বাজারে এলডিসিভুক্ত দেশ হিসেবে রফতানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বহাল থাকবে। ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় অর্থনৈতিক অংশীদারিত্ব ও মুক্তবাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাইয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।

রপ্তানিকারকদের স্বস্তির নিঃশ্বাস: তৈরি পোশাক খাতসহ (বিজিএমইএ ও বিকেএমইএ) প্রধান রপ্তানিকারক সংগঠনগুলো এই সিদ্ধান্তকে বাণিজ্য খাতের জন্য একটি ইতিবাচক সাফল্য হিসেবে দেখছে। কিন্তূ শুধু এ সুযোগ দেখে আর পরিকল্পনা নিয়ে বসে থাকলে হবে না, পরিকল্পনা কাজে পরিণত করতে হবে। শুধু পোশাক শিল্প নিয়ে পড়ে না থেকে অন্যান্য রপ্তানি যোগ্যপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে হবে। আমাদের চা শিল্প, হস্তশিল্প, মৃত্তিকা শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়েও ভাবতে হবে। চিংড়ি ও গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। পোশাক শিল্পে পাশাপাশি রপ্তানি মুখী শিল্পপার্ক গড়ে তুলতে হবে।

সময় কে কাজে লাগাতে হবে : বিশ্লেষকদের মতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে হলে আগামী তিন বছরে বাংলাদেশকে করেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ সময়কে কাজে লাগাতে হবে। এ সময়ের চ্যালেঞ্জ গুলো হলো- এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, উত্তরণের জন্য যে সব সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেগুলো করা না হলে বিশ্বাস হারাবে বাংলাদেশ। তিনি মনে করেন আমাদের পরিকল্পনার অভাব নেই, সমস্যা হলো বাস্তবায়নের।

ড. দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, সুদের হার কমানো, রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতের সংস্কার এবং সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করার মতো কাজগুলো একই সময়ে করতে হবে। আবার বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বেসরকারি খাতকে উৎসাহিত করাও জরুরি। এই তিনটি লক্ষ্য পরস্পরের পরিপূরক।

প্রধান চ্যালেঞ্জসমূহ : কাঠামোগত সংস্কারের শর্ত: জাতিসংঘ ও কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) স্পষ্ট জানিয়েছে যে, অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে জোরালো সংস্কার করতে হবে; নতুবা ২০২৯ সালেও একই ধরনের সংকটের মুখে পড়তে হবে।

তৈরি পোশাক খাতের ঝুঁকি : বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৭৩ শতাংশই আসে এলডিসি সুবিধার আওতায়। এই সুবিধা হারালে পোশাক খাত সবচেয়ে বড় চাপের মুখে পড়বে।

সুতা ও কাপড়ের আমদানি নির্ভরতা: ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী শুল্কমুক্ত সুবিধা পেতে হলে সুতা থেকে শুরু করে সব কিছুই স্থানীয়ভাবে বা একই অঞ্চলের মধ্যে প্রস্তুত হতে হবে, অথচ বাংলাদেশ এখনও প্রায় ৬০ শতাংশ কাপড় আমদানি করে। পোশাক শিল্পে সমৃদ্ধি ও উন্নয়নের জন্য শ্রমিকদের বেতন ও দাবি দাওয়া নিয়ে কাঠামো তৈরি করা যাতে পোশাক শিল্প বন্ধ না হয়। দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। দরকার পরমতসহিঞ্চুতা।

উত্তরণের পথ : স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে হলে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত বছর ভিত্তিক পরিকল্পনা নিতে হবে। সমস্যা গুলো চিহ্নিত করতে হবে। সমাধানের জন্য স্বল্প মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়টিও খেয়াল রাখতে হবে। কারণ সরকারের শেষ মুহূর্তে নানা আন্দোলন ও সংগ্রাম যেন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে। অর্থনীতির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক দলসমূহ কে ঐক্যবদ্ধ থাকতে সরকার কে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে যেমন-বাণিজ্য সুবিধা ধরে রাখার আগাম আলোচনা করা, পোশাক খাতের বাইরে রপ্তানির নতুন ভিত্তি তৈরি করা, রাজস্ব সংস্কার ও ব্যবসার ব্যয় হ্রাস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা, মেধা সত্ত্বও আন্তর্জাতিক মান ও শ্রম দক্ষতা, কর্মসংস্থান ও সমষ্টি অর্থনীতির দৃষ্টিভঙ্গি রক্ষা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও রপ্তানি বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করা। এলডিসি উত্তরনের পথে ওষুধ শিল্পের উপর আন্তর্জাতিক বিধির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করতে হবে। দুর্বল ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পথে বড় বাধা। খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, ঋণ অনিয়ম ও সুশাসনের ঘাটতি মোকাবেলা না করলে উৎপাদনশীল শিল্পে অর্থায়ন বাড়ানো কঠিন হবে। সরকারি অর্থব্যবস্থা, জ্বালানি ও সামাজিক সুরক্ষা এবং লজিস্টিক খাতে সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনয়ন করতে হবে।

২০১৮ সালে এলডিসি উত্তরণের প্রস্তুতির দায়িত্ব ছিল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের(ইআরডি) উপর। এখন সময় ও পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে এমন একটা কমিটি থাকা উচিত যারা টাইম টু টাইম পরিস্থিতি পর্যালোচনা করবে এবং অগ্রগতি ও উন্নয়নের পথ সুগম করতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

লেখক : অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার।