অর্থের পাচার বলতে বর্ডার বা যানবাহনে করে নিজ দেশের টাকা অন্য কোন দেশে প্রেরণ করাকে বোঝানো হয় না। মূলত অর্থ পাচার হলো অবৈধভাবে একটি দেশের রিজার্ভ হারানো। অনেকে বিলাসবহুল জীবনের আকাঙ্ক্ষা, অবৈধ উপায়ে বাণিজ্য করার লোভ, দুর্নীতি করে ধরা পড়ার ভয়ে অর্থ পাচার করে থাকে। আমাদের দেশে কর ফাঁকি দেওয়া, মাদক দ্রব্যের ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ পাচার হয়। দুর্নীতিবাজরা নিরাপদ থাকার জন্য এই ধরনের অবৈধ কাজ করে।

প্রতিবছর আমাদের দেশ থেকে অসংখ্য ও প্রচুর অর্থ পাচার হয়ে যায়। এগুলোর কোনো শক্তিশালী জবাবদিহিতা হয় না। এ অপচর্চার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ ও নেওয়া হয় না। তাই দুর্নীতিবাজরা দিব্যি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে নতুন করে বিলাসবহুল জীবন কাটাতে পারে।

যথাসম্ভব দ্রুত এ জটিল মহামারি প্রতিরোধ করা প্রয়োজন। তা না হলে দেশ কখনোই পশ্চাৎ থেকে সম্মুখে অগ্রসর হতে পারবে না। সুতরাং, কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন এই যে অর্থ পাচার প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

-মোসা: আওরিয়া মিমি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।