আকতিয়া আক্তার
পৃথিবীর এক প্রান্তে বাহারি খাবারে সাজানো রয়েছে টেবিল আর অন্যপ্রান্তে একবেলা খাবারের জন্য চলছে সংগ্রাম। একদিকে খাদ্যের প্রাচুর্য তা অপচয় হচ্ছে অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র পীড়িত অঞ্চলের মানুষের জীবনে রয়েছে ক্ষুধার দীর্ঘশ্বাস। বিশ্ব ক্ষুধা ও খাদ্য অপচয় বর্তমান সময়ে মানবসভ্যতার উদ্বেগজনক সংকট গুলোর মধ্যে অন্যতম। এই দুই বিপরীত অবস্থা যেন আধুনিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক অগ্রগতি সম্পন্ন পৃথিবীকে এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। ২০২৪ সালে ‘জাতিসংঘ পরিবেশ কর্মসূচি’ এর এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন এক বিলিয়ন টনেরও বেশি খাবার খাওয়া হয় না যা মোট খাদ্যের এক পঞ্চমাংশ। এই অপচয় করা খাদ্যের ৬০% আসে পরিবার থেকে। FAO এর হিসাব অনুযায়ী ১.৪ বিলিয়ন হেক্টর জমি যা বিশ্বের মোট কৃষি জমির প্রায় ২৮% এমন খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয় যা কখনো খাওয়া হয় না। এমনকি ফসল তোলার পর থেকে বিক্রির স্থান পর্যন্ত সরবরাহ শৃংখলে প্রায় ১৩% খাদ্য নষ্ট হয়। খাদ্য প্রতিষ্ঠান ও খুচরা বিক্রয় পর্যায়ে যথাক্রমে ২৮% ও ১২% খাদ্য অপচয় ঘটে। গড়ে প্রত্যেক ব্যক্তি বছরে ৭৯ কিলোগ্রাম খাবার অপচয় করে যা বিশ্বের ক্ষুধা পীড়িত প্রত্যেক মানুষের জন্য প্রতিদিন ১.৩ বেলার খাবারের সমতুল্য। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অপচয় শুধু ক্ষুধার সংকট, অর্থনৈতিক ও নৈতিক সমস্যা নয় বরং এটি আমাদের পরিবেশ, বাস্তুতন্ত্র, কৃষি ও জলবায়ুকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। অপচয়কৃত খাদ্য যখন ল্যান্ডফিলে জমা হয় তখন অক্সিজেনের অনুপস্থিতিতে পচতে শুরু করে। FAO এর তথ্য অনুযায়ী এরূপ পচনশীল খাদ্য বর্জ্যের কারণে বৈশ্বিক মোট গ্রিনহাউস নির্গমন ১০% বেড়ে যায়। এতে মোট কৃষি উৎপাদন ঝুঁকির মুখে পড়ে যায়।
তাছাড়া খাদ্য উৎপাদনে কৃষি জমির সম্প্রসারণের ফলে বনভূমি উজাড় হয় এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত উৎপাদিত খাদ্যের একটি বিরাট অংশ অব্যবহৃত থেকে যায়। ফলে খাদ্য উৎপাদনে শ্রম, কীটনাশক, সার, সেচের পানি, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে ব্যবহৃত জ্বালানি, শক্তি ও সম্পদের অপচয় ঘটে। UNEP এর তথ্যমতে খাদ্য অপচয়ের কারণে বছরে এক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লোকসান হয়। ল্যান্ডফিলে জমা পচা খাদ্যের স্তূপ থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক তরল মাটিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করে এবং মাটির গভীরে প্রবেশ করে ভূগর্ভস্থ পানির উৎস কে বিষাক্ত করে তুলতে পারে। এই অপচয়ের কারণে একই পরিমাণ ভোগযোগ্য খাদ্য সরবরাহ বজায় রাখতে বিভিন্ন উপকরণের চাহিদা অপ্রয়োজনীয়ভাবে বাড়তে পারে। তাই খাদ্য অপচয় কোন বিচ্ছিন্ন সামাজিক অসচেতনতা নয় বরং এটি পরিবেশগত অবক্ষয়, অর্থনৈতিক ক্ষতি ও কৃষিব্যবস্থার স্থায়িত্বের জন্য একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। তবে বিশ্বের উন্নত বা উচ্চ আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের বা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে খাদ্য অপচয়ের পরিমাণ মোটামুটি একই হলেও খাদ্য অপচয়ের ধরন ও কারণ গুলো ভিন্ন। উন্নত দেশগুলোতে খাদ্য অপচয় মূলত আচরণগত ও প্রাচুর্যের অবহেলা জনিত যেখানে উন্নয়নশীল দেশে এটি প্রধানত প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অবকাঠামো দুর্বলতা জনিত কারণে ঘটে। উন্নত দেশগুলোতে ভোক্তাদের অতিরিক্ত খাদ্য ক্রয়, প্রয়োজনের বেশি রান্না করা, বাজার ও বিপণন ব্যবস্থার মানদন্ড এবং রেস্তোরাঁর অব্যবহৃত খাদ্য অপচয়ের মূল উৎস। বিপরীতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অপচয় বেশি হয় উৎপাদন ও ফসল তোলার পরবর্তী সময়। অপর্যাপ্ত সংরক্ষণাগার, শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতা ও দুর্বল পরিবহন কাঠামোর কারণে ভোক্তার কাছে পৌঁছানোর আগে খাদ্য নষ্ট হয়ে যায়। তবে ২০২৪ সালে UNEP Food Waste Index Report এ দেখা যায় উচ্চ ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে পারিবারিক পর্যায়ে মাথাপিছু খাদ্য অপচয় বছরে যথাক্রমে ৮১ এবং ৮৬ কেজি। অর্থাৎ আয়ের স্তর পারিবারিক পর্যায়ে খাদ্য অপচয়কে সেরূপভাবে প্রভাবিত করে না। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য অপচয়ের কারণ যাই হোক না কেন এর পরিবেশগত ও অর্থনৈতিক পরিণতি সারা বিশ্বকে সমানভাবে প্রভাবিত করছে। তাই এই বহুমাত্রিক সংকট সমাধান অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করেছে। ফ্রান্স ও ইতালি সুপার মার্কেটে অবিক্রিত খাদ্যপণ্য দাতব্য সংস্থাগুলোতে দান করা আইনত বাধ্যতামূলক করেছে। দক্ষিণ কোরিয়ায় বাসা বাড়িতে খাবারের বর্জ্য বেশি হলে সে অনুযায়ী কর দিতে হয়। ইউরোপ ও আমেরিকায় Olio এর মত জনপ্রিয় অ্যাপের মাধ্যমে সহজে রেস্তোরাঁ ও সুপারশপে অবিক্রিত খাবার দুস্থদের দান করে দেয় বা কম দামে বিক্রি করে দেয়। জেনেভা ও সুইজারল্যান্ডে রাস্তায় উন্মুক্ত ফ্রিজ রাখা হয় যেখানে যে কেউ ভালো খাবার রেখে যেতে পারে এবং প্রয়োজনের সময় যে কেউ সেখান থেকে খাবার নিতে পারে। অন্যদিকে নিম্ন মধ্য আয়ের দেশগুলো যেমন ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামে সৌর চালিত মিনি হিমাগার ও রেফ্রিজারেটেড ভ্যান চালুর চেষ্টা হচ্ছে। কৃষকদের মাঠ পর্যায়ের ফসল তোলার জন্য আধুনিক হারভেস্টার মেশিন ব্যবহারে সরকারি অনুদান দেয়া হচ্ছে। ভারত, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মতো দেশে ন্যাশনাল ফুড ব্যাংক গড়ে তোলা হচ্ছে। চীন, ভারত ও মেক্সিকো ল্যান্ডফিলে পচা খাদ্য না ফেলে তা থেকে পশুখাদ্য ও বায়োগ্যাস তৈরির প্রকল্প হাতে নিয়েছে। একইভাবে ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে খাদ্য অপচয় কমাতে সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যাইহোক খাদ্য অপচয় রোধে ব্যক্তি সচেতনতা, নৈতিকতা, খাদ্যের প্রতি দায়িত্বশীল আচরণের পাশাপাশি কার্যকর খাদ্য পুনর্বন্টন ব্যবস্থা বাস্তবায়ন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ আবশ্যক। সভ্যতার প্রকৃত পরিচয় তার প্রাচুর্যময় ভোজের মধ্যে নয় বরং প্রাচুর্যের মধ্যে তার দায়িত্ব ও মানবিকতা কতটা তার মধ্যেই প্রকাশ পায়।
লেখক : আকতিয়া আক্তার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ইংরেজি বিভাগ।
