২০১৪ সালে ভারতে আরএসএসের উত্থান এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণের পর থেকে, ভারতের মুসলিম সম্প্রদায়কে পরিকল্পিতভাবে প্রান্তিকীকরণ ও অমানবিক নির্যাতনের দিকে ঠেলে দেয়া হয়েছে। ভারতের অভ্যন্তরে এই প্রবণতাগুলো বিশ্লেষণ করে দেশটির ২৫ কোটি মুসলমানকে কিভাবে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে তা আলোচনা করা প্রয়োজন। এই আলোচনার মাধ্যমে ভারতে মুসলিমরা কেমন আছে তার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
অধ্যাপক তানভীর ফজল ভারতের একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী। তিনি জওয়াহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং হায়দারাবাদ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক, যার মধ্যে রয়েছে- ‘প্রাকটিসেস অব দ্য স্টেট : মুসলিম ল’ অ্যান্ড ভায়োলেন্স ইন ইন্ডিয়া’ এবং ‘নেশন-স্টেট অ্যান্ড মাইনরিটি রাইটস ইন ইন্ডিয়া।’
অধ্যাপক ফজলের কাজের মূলে রয়েছে হিন্দুত্বের একটি কাঠামোগত প্রকল্পের মাধ্যমে মুসলমানদের নিজ ধর্ম ও সংস্কৃতি থেকে বিচ্যুত করে পরকীকরণ এবং বিরাষ্ট্রীয়করণ তত্ত্ব। ফজল যুক্তি দেন, অন্যান্যকরণ বা পরকীকরণ মূলত একটি ইচ্ছাকৃত প্রকল্প, সংস্কৃতির গভীরে প্রোথিত কোনো বিষয় নয়। এর মধ্যে নির্দিষ্ট সম্প্রদায়কে প্রান্তিক বা একঘরে করে রাখার জন্য অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য উৎসকে কাজে লাগানো হয়।
ফজলের ‘বিরাষ্ট্রীয়করণ’ ধারণায় একটি পদ্ধতিকরণ প্রক্রিয়ার বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে বিশেষভাবে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভারতীয় রাজ্যগুলোতে মুসলিম জনসংখ্যায় একটি অংশের নাগরিকত্ব অবৈধ প্রমাণ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় বৈচিত্র্যময় মুসলিম জনগোষ্ঠীকে একটি সমজাতীয় সম্প্রদায়ে পরিণত করে তাদেরকে একটি ‘অবাধ্য প্রান্তিক’ হিসেবে চিত্রিত করে নিজেদের বশংবদ করার প্রয়াস চালাচ্ছে ভারত।
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকত্ব সনদের (এনআরসি) মতো রাষ্ট্রীয় পদক্ষেপগুলো মুসলমানদের নাগরিকত্ব বাতিল করার পদক্ষেপের প্রমাণ। নাগরিকত্ব বাতিল করার এই প্রক্রিয়াটি সুনির্দিষ্ট নয়। বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে এটি নির্ধারণ করা হয়েছে। এটি বিভিন্ন গোষ্ঠীর ওপর ভিন্ন ভিন্নভাবে কার্যকরণ করা হয়েছে। যেমন আসামে কথিত বাংলাদেশীদের সহিংস বলে ট্যাগ দেয়া হয়েছে। এনআরসির চূড়ান্ত তালিকা থেকে আসামের প্রায় ১৯ লাখ মানুষকে বাদ দেয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কার্যকরভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। নাগরিকত্ব কেড়ে নেয়ার মাধ্যমে তাদেরকে রাষ্ট্রহীন করে তোলা হয়েছে। সিএএ একটি বর্জনমূলক তথা বাদ দেয়ার তথা নাগরিকত্ব কেড়ে নেয়ার আইন। আবার এই আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হয়। এই আইনের ক্ষেত্রে একটিমাত্র ব্যতিক্রম, সেটি হলোÑ মুসলিমদের সুস্পষ্টভাবে বাদ দেয়।
গো-হত্যার আইনি ও রাজনৈতিক ব্যবস্থাপনা-রাষ্ট্রহীন করার আরেকটি কৌশল।
বেশ কয়েকটি রাজ্যে গো-হত্যাবিরোধী আইন গোরক্ষকদের জন্ম দিয়েছে। এসব গো-রক্ষক মুসলিমদের বিরুদ্ধে গণপিটুনির নেতৃত্ব দেয়। এই অনুমোদিত সহিংসতা ‘পবিত্র’ হিন্দুরাষ্ট্রে মুসলিমদের বহিরাগত হিসেবে চিত্রিত করে। ভিন্নমত দমনের জন্য ইউপিএর মতো কঠোর আইনের ব্যবহার মুসলিমদের ওপরই ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে। সিএএ আইন প্রণয়নের বিরোধিতা করার ও এর বিরুদ্ধে কথা বলার জন্য তরুণ মুসলিম ইউএপিএর অধীনে করা রুদ্ধ করা হয়েছে।
মনস্তাত্ত্বিক ভীতি প্রদর্শন তিনটি ক্ষেত্রে মুসলিম মনস্তত্ত্ব¡কে প্রভাবিত করে : রাজনৈতিক, প্রতিবেশী এবং বাজার। প্রধানমন্ত্রী মোদি যখন ‘পর্দাওয়ালা’ সম্পর্কে মন্তব্য করেন এবং হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘মিয়া কো টাইট করনা হ্যায়,’ তখন এটি একটি কটূক্তি ও কলঙ্কের পাশাপাশি একটি প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবেও কাজ করে। উত্তর প্রদেশে, হালাল খাবারের লেবেল যাতে অনুমোদিত না হয়, তা নিশ্চিত করার জন্য একটি পৃষ্ঠপোষকতামূলক আন্দোলন চলছে। হিন্দুদের কাছে এই বার্তা পাঠানো হচ্ছে, তাদের মুসলিম দোকান থেকে কেনাকাটা করা উচিত নয়, এইভাবে বাজারে মুসলিমদের সাংস্কৃতিকভাবে একঘরে করে রাখার ব্যাপারে চাপ দেয়া হচ্ছে।
রাজনীতি নিজেই একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। ১২ বছর ধরে মুসলিমদের খলনায়কও রাক্ষস হিসেবে চিত্রিত করার পর, তার প্রভাব দৃশ্যমান। তার ওপর বিদ্বেষপূর্ণ নির্বাচনী বক্তৃতা, মোদি মিডিয়ার অপ্রচার এবং সংগঠিত ও অসংগঠিত সামাজিক মাধ্যমগুলো বিপজ্জনক ও ক্ষতিকর পরিবেশ তৈরি করেছে।
অতি সম্প্রতি, ভারত সরকার নির্বাচনী তালিকা তথা ভোটার তালিকা যাচাই ও সংশোধনের জন্য একটি বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) পরিচালনা করেছে। এর ফলে পশ্চিমবঙ্গের ৯০ লাখ ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিিহ্নত করে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, তাদের অধিকাংশই হলো মুসলিম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামগুলোতে মুসলমানদেরকে একের পর এক ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি মুসলমানদেরকে নতুন করে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র, একটি ধীরগতির আইনগত গণহত্যা।
আরেকটি প্রবণতা হলো- মুসলিমবিরোধী অপরাধীদের উৎসাহিত করা, তাদের অপরাধী কর্মকা-কে সেলিব্রেট করা, বিলকিস বানু হত্যাকারীরা এর একটি প্রকৃষ্ট উদাহরণ। এই মামলাটি নিম্নে বর্ণিত উপায়ে ‘একঘরে করা’ এবং ‘বিরাষ্ট্রীয়করণ’ তথা ‘রাষ্ট্রহীন’ করার পক্ষে যুক্তি প্রদর্শনের উদাহরণ। ভুক্তভোগীদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তবুও রাষ্ট্র অপরাধীদের খালাসের বিরুদ্ধে মামলা করা বা আপিল করার ক্ষেত্রে তেমন কোনো তৎপরতা দেখায় নি। এটি একটি ইচ্ছাকৃত অমানবিকীকরণ।
খালাসকে চ্যালেঞ্জ করতে গুজরাট সরকারের অস্বীকৃতি এই ইঙ্গিত দেয়, তারা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতাকে দেশের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করে না, যা সংখ্যালঘুদের জন্য ন্যায়বিচার পরিত্যাগেরই নামান্তর। এটি কার্যকরভাবে তাদের নাগরিকত্বকে অবৈধ করে তোলে। সরকার হিন্দু দোষীদের সাজা মওকুফ করতে ইচ্ছুক ছিল; কিন্তু ইউএপিএর মতো আইনের অধীনে মুসলিমদের বিরুদ্ধে কঠিন বিচার করার ইতিহাস রয়েছে। এটি এই পর্যবেক্ষণকে আরো শক্তিশালী করে যে, তারা এমন এক বিচার ব্যবস্থার অধীনে ‘চিরস্থায়ী আতঙ্কের’ মধ্যে বসবাস করে যা তাদের সুরক্ষার কোনো নিশ্চয়তা দেয় না। আরেকটি দিক হলোÑ ধর্মনিরপেক্ষ নেতাদের হিন্দুত্ববাদী দলে যোগদান। এক্ষেত্রে মুসলমানদের জন্য একটি ‘প্রবেশমূল্য’ রয়েছে। ধর্মনিরপেক্ষ দল থেকে একজন মুসলিম নেতাকে বিজেপিতে যেতে হলে তাকে অবশ্যই প্রকাশ্যে ধর্মনিরপেক্ষ অতীতের নিন্দা করতে হবে এবং আগ্রাসীভাবে হিন্দুত্ববাদী আদর্শে দীক্ষিত হতে হবে।
হিমন্ত বিশ্বশর্মার মতো নেতারা যারা একসময় ধর্মনিরপেক্ষ সমাবেশে অংশ নিতেন, পরবর্তীতে তারা সিএএ ইস্যু এবং রামমন্দিরের পক্ষে উঠেপড়ে লাগেন। সাবেক ধর্মনিরপেক্ষবাদীরা এখন এগুলোকে বৈধ বলে মনে করেন। যেখানে কংগ্রেসের হিন্দু নেতারা তাদের ধর্মীয় পরিচয় বিসর্জন না দিয়েই বিজেপিতে যোগ দিতে পারেন, সেখানে মুসলিম নেতাদের মুসলিমদের সমালোচনা করে তাদের একঘরে করে রাখার আইনকে সমর্থন করে বিজেপিতে যোগ দিতে হয়। অর্থাৎ মুসলিমদের নিজেদেরকেই তাদের সম্প্রদায়কে নাগরিকত্বহীন করার বিজেপির কথিত আইনকে সমর্থন করে বিজেপিতে যোগদান করতে হবে।
নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে সিএএ, এনআরসি এবং এসআইআর যদি যথেষ্ট না হয়ে থাকে, তবে মোদি সরকার এই পুরো প্রকল্পে একটি নতুন উপাদান যুক্ত করেছেÑ নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে অস্বাভাবিকতা নির্ণয়ের জন্য একটি ‘জনসংখ্যা কমিশন’। প্রাথমিক অনুমান অনুযায়ী, এটি অধিকৃত কাশ্মির, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর-পূর্বের আদিবাসী অধ্যুষিত অঞ্চল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, কর্নাটক এবং কেরালাকে লক্ষ্যবস্তু করবে।
সুতরাং হিন্দুত্ববাদী-বিদ্বেষীগোষ্ঠী এখন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করতে যাচ্ছে। এসব এলাকায় বেশি সন্তান জন্ম দেয়াও একটি অপরাধ। এই হিংসা-বিদ্বেষ ও ঘৃণার ট্রেন শেষ পর্যন্ত ভারতকে কোথায় নিয়ে যাবে?
লেখক : সহ-সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।
