মুন্সী আবু আহনাফ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ১১ দলীয় জোটের প্রবর্তিত লংমার্চ আন্দোলন কেবল রাজপথের শক্তিমত্তা কিংবা বহরের বহর প্রদর্শন নয়; এটি জাতীয় ও আঞ্চলিক জনআকাঙ্ক্ষা, অর্থনৈতিক সংকট ও প্রান্তিক মানুষের অধিকারকে রাজনীতির মূল স্তম্ভে স্থাপন করার এক যুগান্তকারী ইতিবাচক প্রয়াস। হরতাল-অবরোধের মতো নেতিবাচক কর্মসূচি পরিহার করে এই দীর্ঘ পথযাত্রার রাজনীতি দেশের গণমানুষের মধ্যে অভূতপূর্ব স্বস্তি ও স্বতঃস্ফূর্ত রাজনৈতিক গণজোয়ারের সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে মোট ১১টি সমমনা রাজনৈতিক দলের প্রথম লংমার্চ ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা (শাপলা চত্বর) থেকে চট্টগ্রাম (লালদীঘি ময়দান) অভিমুখে অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে রংপুরের জিলা স্কুল মাঠে দ্বিতীয় লংমার্চ সম্পন্ন হয়। প্রথম লংমার্চে দাবি ছিল ৬টি; পরবর্তীতে ঢাকা-রংপুর লংমার্চের প্রাক্কালে দাবি বাড়িয়ে ৮টি করা হয়। উত্তরবঙ্গগামী রংপুর লংমার্চে উত্তরঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির প্রধান দাবি হিসেবে ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’ যুক্ত করা হয়। দ্বিতীয় লংমার্চের সময় গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জলপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল জনসমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ কর্মসূচি পরিচালনা করেন। আয়োজকদের দাবি অনুযায়ী লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের কনভয় অংশগ্রহণ করে। লংমার্চের মূল দাবি ছিল; গণভোট বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিত্যপণ্যের দাম কমানো, সার ও জ্বালানি সংকট দূরীকরণ এবং দুর্নীতি বন্ধ। জামায়াতে ইসলামীর নেতৃত্বে মোট ১১টি সমমনা রাজনৈতিক দলের পরবর্তীতে ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ এবং দেশব্যাপী রেলমার্চ কর্মসূচির পরিকল্পনা ঘোষণা করেছে।
এক. রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, রাজনৈতিক দাবি আদায় এবং অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে ‘লংমার্চ’ বা দীর্ঘ পথযাত্রা বিশ্ব রাজনীতির এক অত্যন্ত ঐতিহাসিক ও প্রভাবশালী কৌশল। বিশ্ব ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ও কৌশলগত লংমার্চের সূচনা করে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। ১৯৩৪ সালের অক্টোবর মাসে মাও সে তুং-এর নেতৃত্বে এই ঐতিহাসিক ‘লংমার্চ’ শুরু হয়। চীনা রেড আর্মি প্রায় ১০,০০০ কিলোমিটার (৬,০০০ মাইল) পথ অতিক্রম করে চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে উত্তর-পশ্চিমের শানসি প্রদেশে পৌঁছায়। ১৯৩৫ সালের অক্টোবরে সমাপ্ত এই লংমার্চ কেবল কমিউনিস্ট পার্টির অস্তিত্বই রক্ষা করেনি, বরং পরবর্তীতে চিনে সমাজতান্ত্রিক বিপ্লব ও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার মূল ভিত্তি স্থাপন করে। উপমহাদেশে অশুভ ব্রিটিশ শাসন ও ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে লংমার্চের ভূমিকা চিরকাল স্মরণীয়। ১৯৩০ সালে এমকে গান্ধীর ‘ডান্ডি মার্চ’ বা লবণ সত্যাগ্রহ ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালে ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে ঐতিহাসিক ‘ফারাক্কা লংমার্চ’ পরিচালনা করেন। এই পথযাত্রা আন্তর্জাতিক পর্যায়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিকে তুলে ধরে এবং দেশের সর্বস্তরের মানুষকে এক পতাকাতলে নিয়ে আসে। পরবর্তীতে ১৯৯০-এর দশকে তৎকালীন বিরোধী দলগুলোও ঢাকা অভিমুখে রাজনৈতিক লংমার্চ কর্মসূচি পালন করেছিল।
দুই. পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর কর্মসূচির ধরন প্রধানত ছিল জনসভা, সমাবেশ, হরতাল ও সংসদীয় রাজনীতি। স্বাধীন বাংলাদেশে বিশেষ করে ২০১০-এর পরবর্তী সময়ে ফ্যাসিস্ট ও পলাতক আওয়ামী লীগ সরকার দ্ধারা জামায়াত তীব্র রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার প্রেক্ষিতে কঠোর কর্মসূচির (যেমন- হরতাল ও অবরোধ) মধ্য দিয়ে যায়। তবে ২০২৬ সালের সেপ্টেম্বরে ১১ দলীয় জোটকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম (৫ সেপ্টেম্বর) এবং ঢাকা-রংপুর (১৯ সেপ্টেম্বর) লংমার্চ আয়োজনের মাধ্যমেই জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথম কোনো পূর্ণাঙ্গ ও সুসংগঠিত মহাসড়কভিত্তিক আন্তঃআঞ্চলিক লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করল।
জামায়াতের এই লংমার্চের মাধ্যমে রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? এটা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন? ২০২৬ সালের সেপ্টেম্বরে পরিচালিত এই দীর্ঘ সফল পথযাত্রা কেবল ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে গাড়ি ছোটানোর বিষয় নয়; এর মাধ্যমে জামায়াত ও তার জোট মিত্ররা জাতীয় রাজনীতিতে একটি বড় ধরনের কৌশলগত ও আদর্শিক বার্তা দিতে সক্ষম হয়েছে। যেমন: ১. জামায়াত প্রমাণ করতে চেয়েছে যে, কেবল সংসদীয় বক্তব্য বা রাজধানীতে অবস্থান কর্মসূচির মধ্যে তারা সীমাবদ্ধ নয়। রাজপথে বিশাল সুশৃঙ্খল নেটওয়ার্ক এবং পুরো দেশকে একই সূতায় বাঁধার সাংগঠনিক সক্ষমতা তাদের রয়েছে। ২. রাজধানী ঢাকার চার দেয়ালের মধ্য থেকে রাজনীতিকে বের করে এনে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ঘরে ঘরে রাজনীতির কেন্দ্রবিন্দু স্থানান্তরিত করা হয়েছে। ৩. ইতিবাচক রাজনীতির চর্চার পরিবেশ তৈরি। সাধারণ মানুষের দাবির পক্ষে মহাসড়কে পদযাত্রার মাধ্যমে এক নতুন ধারার গণতান্ত্রিক রাজনীতির বার্তা দেয়া হয়েছে।
তিন. ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-রংপুর লংমার্চে ১১ দলীয় জোটের পক্ষে উত্থাপিত দাবিগুলো সরাসরি জনগণের দৈনন্দিন জীবনসংগ্রাম ও রাষ্ট্রীয় সংস্কারের সঙ্গে যুক্ত। দুই ধাপে এই দাবিপত্র বিস্তৃত করা হয়েছে। ৫ সেপ্টেম্বর (ঢাকা-চট্টগ্রাম লংমার্চ) ৬-দফা দাবিতে হয়। যেমন: ১. রেফারেন্ডামের গণভোটের রায় বাস্তবায়ন। ২. ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্নকরণ। ৩. তীব্র বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসন। ৪. লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ৫. আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠন ও উন্নয়ন। ৬. প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিতকরণ। ১৯ সেপ্টেম্বর (ঢাকা-রংপুর লংমার্চ) আরও দুটি দফা দাবি (নতুন সংযোজন) করা হয়, তা হলো: ৭. দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি নির্মূল করা। ৮. উত্তরবঙ্গের বাঁচা-মরার লড়াই ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন। বিশেষ করে রংপুর লংমার্চে তিস্তা নদীর পানিবণ্টন ও নদী তীরবর্তী কোটি মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় “তিস্তা মহাপরিকল্পনা” যুক্ত করার সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে ছিল অত্যন্ত কৌশলগত ও বাস্তবসম্মত।
চার. আয়োজকদের হিসাব অনুযায়ী ১,০০০-এর বেশি যানবাহন নিয়ে গঠিত কনভয় এবং মহাসড়কের দুধারে হাজার হাজার মানুষের উপস্থিতি সুসংগঠিত দলের সুশৃঙ্খল শক্তিকে নির্দেশ করে। জামায়াতের লংমার্চের পথসভাগুলোতে জনজোয়ার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। সাধারণত দেখা যায় দলীয় কর্মসূচিতে কেবল নির্দিষ্ট কর্মী-সমর্থকরাই অংশ নেন। তবে সারসংকট, গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য কিংবা তিস্তার পানিবণ্টনের মতো ইস্যুগুলো যেহেতু রাজনৈতিক আদর্শ নির্বিশেষে প্রতিটি মানুষের পেটে ও পকেটে আঘাত করে, তাই পথসভাগুলোতে সাধারণ কৃষক, প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের বিপুল আগ্রহ নিয়ে বক্তব্য শুনতে দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে রংপুর জিলা স্কুল মাঠ পর্যন্ত মানুষের এই বিপুল উপস্থিতিকে নিছক ক্যাডারভিত্তিক জমায়েত হিসেবে দেখা ভুল হবে; বরং এটি ছিল অর্থনৈতিক চাপে থাকা সাধারণ নাগরিকদের নীরব সমর্থনের এক স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। বাংলাদেশে জামায়াতে ইসলামীর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই লংমার্চ ও পথসভাগুলোকে দলটির অন্যতম প্রধান রাজনৈতিক মাইলফলক ও সফলতা হিসেবে গণ্য করা যেতে পারে।
দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনৈতিক পরিচিতি ছিল মূলত নির্দিষ্ট ক্যাডারভিত্তিক আদর্শিক দল হিসেবে। কিন্তু এই লংমার্চের মাধ্যমে জামায়াত নিজেদেরকে সার্বজনীন জনদাবি—যেমন দ্রব্যমূল্য, কৃষি সংকট ও তিস্তা ইস্যুর মূল সোচ্চার কণ্ঠে রূপান্তর করতে পেরেছে। এটি দলটির সামাজিক গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এতদিন ধরে ঢাকার বাইরে চট্টগ্রামের অর্থনৈতিক স্থবিরতা বা উত্তরবঙ্গের তিস্তা সংকটের কথা আঞ্চলিক পর্যায়ে সীমিত থাকত। জামায়াত ও তাদের জোট শরিকরা লংমার্চের মাধ্যমে এসব প্রান্তিক সমস্যাকে জাতীয় নীতিনির্ধারণী বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। প্রথাগত বিরোধী দলগুলোর রাজনৈতিক জড়তা ভেঙে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ দিকে দীর্ঘ পদযাত্রার মাধ্যমে সারা দেশের কর্মী বাহিনীকে সচল করা এবং বিরোধী শিবিরের নেতৃত্ব হাতে নেয়ার ক্ষেত্রে এটি জামায়াতের বড় রাজনৈতিক অর্জন।
পাঁচ. জামায়াত ও ১১ দলীয় জোট যখন হরতাল-অবরোধের পরিবর্তে ‘লংমার্চ’-এর মাধ্যমে দীর্ঘ পথযাত্রায় রাজপথে নামল, তখন জনগণ একে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে। এই লংমার্চে সাধারণ মানুষের দোকানপাট বা বাজার জোর করে বন্ধ করতে হয়নি। জনগণ দেখেছে যে আন্দোলনটি কেবল ক্ষমতার মসনদে বসার জন্য নয়, বরং সার, বিদ্যুৎ, জ্বালানি ও তিস্তা ব্যারেজের মতো মৌলিক জনদাবি আদায়ের জন্য। ফলে, এই কর্মসূচির প্রতি সাধারণ জনগণের সাড়াকে একটি শুভ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সাধারণ নাগরিক সমাজ আন্দোলনভিত্তিক পদযাত্রাকে তুলনামূলক বেশি গ্রহণযোগ্য মনে করে—যা এই লংমার্চের মাধ্যমে প্রমাণিত হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতাদের বক্তব্য হলো—সরকারের নীতিগত সিদ্ধান্তহীনতা, দুর্নীতি এবং জিনিসপত্রের দাম সামলাতে ব্যর্থতার কারণে গণমানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই কোনো হিংসাত্মক আন্দোলন নয়, বরং গণতান্ত্রিক উপায়ে রাজপথে জনগণকে সচেতন করতেই এই জনকল্যাণমুখী লংমার্চ। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের এই লংমার্চ তিনটি সুস্পষ্ট দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ১. রাজধানী ঢাকাকেন্দ্রিক রাজনীতির মানসিকতা কাটিয়ে মহাসড়ক ও জেলা শহরগুলোকে যুক্ত করে আন্দোলন টিকিয়ে রাখার নতুন মডেল দাঁড় করানো হয়েছে। ২. নিছক ক্ষমতা বদল বা একদফা দাবির বাইরে গিয়ে পানি, সার, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মতো ইস্যুভিত্তিক দাবির ওপর ভর করে রাজনীতির ভিত্তি মজবুত হচ্ছে। ৩. উত্তরবঙ্গের নদী ও দক্ষিণ-পূর্বের অর্থনৈতিক হাবগুলোর অবহেলিত থাকার আর সুযোগ নেই।
পরিশেষে : ২০২৬ সালের এই সেপ্টেম্বরজুড়ে পরিচালিত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী ও তার শরিক জোট প্রমাণ করেছে যে, দেশের গণদাবির পক্ষে তারা রাজপথে এক অভূতপূর্ব গণজোয়ার ও সুসংগঠিত জনস্রোত সৃষ্টি করতে সক্ষম। সাধারণ মানুষের প্রতিদিনের অর্থনৈতিক লড়াই ও তিস্তা মহাপরিকল্পনার মতো বাঁচা-মরার দাবিকে সামনে নিয়ে আসাই এই লংমার্চের প্রধান শক্তি। ঐতিহাসিক পথযাত্রার মাধ্যমে উত্থাপিত জনদাবিগুলো দেশের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় প্রশাসনিক সংস্কারের কেন্দ্রে কতটা স্থায়ী জায়গা করে নিতে পারল এবং সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে কতটা স্বস্তি ফিরিয়ে আনতে পারল—তার ওপরই নির্ভর করবে এই লংমার্চের চূড়ান্ত সাফল্য।
লেখক : সাংবাদিক
