চারপাশটা আজ যেন এক অদৃশ্য বারুদখানায় পরিণত হয়েছে। আমরা যেন এক মৃত্যুপুরীর মধ্য দিয়ে চলছি। কোথাও যেন এতটুকু স্বস্তির জায়গা নেই, যেখানে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, বুকের ওপর চেপে বসছে পাহাড়সমান আতঙ্ক। একটি ঘটনার ক্ষত না শুকাতেই আরেকটি ঘটনা এসে আগেরটিকে ভুলিয়ে দিচ্ছে। আমরাও যেন বাধ্য হয়ে ভুলে যাচ্ছি। কিন্তু থামছে না রক্তের এই হোলিখেলা। থামছে না লাশের মিছিল। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ছোট্র রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হলো। ২১ মে মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়ে শোকার্ত বাবা-মার হাত ধরে সমবেদনা জানালেন, ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেন। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ ও ভালোবাসার স্পর্শ সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু প্রশ্ন জাগে-যে বাংলাদেশ আজ অন্য বহু রামিসার মর্মান্তিক বিদায়ের সাক্ষী, তাদের ন্যায়বিচারের নিশ্চয়তা কোথায়? প্রশাসনের কড়া হুঁশিয়ারি আর সতর্কবাণী সত্ত্বেও এই মৃত্যুর মিছিল তো এক মুহূর্তের জন্যও থমকে দাঁড়াল না। তারই নির্মম ধারাবাহিকতায় গত ২১ মে থেকে ১৯ সেপ্টেম্বর মাত্র পাঁচ মাসের ব্যবধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়া অপ্রতিমকে পৈশাচিক কায়দায় পিটিয়ে হত্যা করা হলো। একটি নিষ্পাপ প্রাণ এভাবেই নিভে গেল! এই বর্বরতার ধিক্কার জানানোর মতো ভাষা আজ আমাদের শব্দভাণ্ডারে ফুরিয়ে এসেছে। কারণ, বুকফাটা এই কান্নার ওজন কেবল সেই বুঝছে, যে সর্বস্ব হারিয়েছে! যার বুক খালি হয়েছে, একমাত্র সেই জানে এই চিরবিচ্ছেদের কী অসহ্য যন্ত্রণা।

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এর সংজ্ঞা অনুযায়ী, পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন কিংবা আর্থিক ক্ষতিই পারিবারিক সহিংসতা। সুরক্ষা আদেশ বা উহার কোন শর্ত লঙ্ঘন করিলে উহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের শাস্তির বিধানও রয়েছে। কিন্তু আইন থাকার পরও তার সুষ্ঠু প্রয়োগের অভাবে প্রতিনিয়ত পারিবারিক সহিংসতার নির্মমতা বেড়েই চলেছে। অথচ সৃষ্টির শুরু থেকেই মানুষ তার পরিবারকে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে এসেছে। কিন্তু বিশ্বাসের সে আশ্রয়টুকু কেন যেন ভীতিকর ক্ষেত্রে পরিণত হয়েছে। পত্রিকার পাতায় চোখ বুলালেই আঁতকে উঠতে হয়- বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন কিংবা ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর এখন নিয়মিত ঘটনা। সামান্য তুচ্ছ কারণে আপনজন আপনজনকে হত্যা করতে কুন্ঠাবোধ করছে না। মানবাধিকার সংগঠন এইড ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ছয় মাসে পারিবারিক সহিংসতায় প্রায় ৩২০ জন নারী প্রাণ হারিয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যানেও চিত্রটি উদ্বেগজনক। সংস্থাটির ভাষ্যমতে কেবল গত পাঁচ বছরে স্বামীর হাতে অন্তত ১ হাজার ৫৭ জন নারী খুন হয়েছেন। এই পরিসংখ্যান কেবল সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে নেয়া। বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ।

মানুষের জীবনের নিরাপত্তা আজ শূন্যের কোঠায়। কি ঘরে, কি বাইরে কোথাও নিরাপত্তা নেই। ঘরের ভেতর যে নিরাপত্তা পাওয়ার কথা, আজ তা সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে উঠছে। ফলে এক অজানা শঙ্কা সবসময় আমাদের তাড়িয়ে ফেরে-কখন জানি কোনো ঘাতকের নিষ্ঠুর আঘাতে জীবনের প্রদীপ নিভে যায়। সমাজ বদলে গেছে, মানুষের নীতি-নৈতিকা ও জীবনবোধেও পচন ধরেছ। আমরা নিজেদের সভ্য বলে দাবি করি, অথচ এমন সব আচরণ করি যা অসভ্যতাকেও হার মানায়। নিকট অতীতে ঘটে যাওয়া মর্মান্তি ঘটনাগুলো তার জলজ্যান্ত প্রমাণ। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে একরাম হোসেন, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও মেয়ে আলিজা নূরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে একরাম তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যার মত জঘন্যতম পথ বেছে নিয়েছেন। খিলক্ষেতের মুক্তা ইসলামা ও গাাইবান্ধার মাইদা আক্তারের নির্মম পরিণতির কথা আমরা কীভাবাবে ভুলব? মৃত্যুর দুদিন আগে মুক্তাকে খাটের সঙ্গে শিকলে বেঁধে স্বামী যেভাবে নির্যাতন চালিয়েছেন এবং সেই ভিডিও নিজেই পাঠিয়ে দম্বোক্তি করেছেন তা বিবেকবান মাত্রকেই স্বম্ভিত করে দেয়। পারিবারিক সহিংসতা হোক আর নির্যাতন হোক তা প্রতিরোধে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। বিচারহীনতার বৃত্ত ভাঙতে রাষ্ট্রকে অবশ্যই শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ করতে হবে।

আমাদের সমাজ তো এমন ছিল না। পারস্পরিক শ্রদ্ধাবোধ, মায়া মমতা আর নিবিড় ভালোবাসায় ভরপুর ছিল এই সমাজজীবন। প্রতিটি গ্রামে প্রবীণ ও মরুব্বিরা এক নৈতিক কর্তৃত্বের অধিকারী ছিলেন। তাদের একটি মাত্র কথায় ছোট-বড় সবাই মাথা পেতে মেনে নিয়ে চলত। এমনকি ঘরের নারীরাও মুরব্বিদের পথ চলায় ঘরের ভেতর থেকে নিজেদের সাংসারিক কোন্দল বা ঝগড়া থামিয়ে রাখতেন। তারা যখন গ্রামের ধূলিধূসর পথ ধরে রাস্তা হেঁটে যেতেন, পাড়ার কিশোর তরুণরাও সম্মানে রাস্তা ছেড়ে একপাশে দাঁড়িয়ে থাকত। কিন্তু আজ সেই চেনা সমাজ কোথায় হারিয়ে গেছে। আজ ঘরে ঘরে সমাজ যেন বিচ্ছিন্ন একেকটি দ্বীপ। ছোটরা চোখের সামনে বড় কোনো অন্যায় করে বসলেও তাদের শাসন করার সেই অভিভাবকত্ব বা সাহসের জায়গাটি আজ আর নেই। উল্টো এখন কেউ স্নেহের বশে শাসন করতে গেলে বাধে বিপত্তি-আমার সন্তান অপরাধ করলে আমি শাসন করব, আপনি বলার কে? সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়া এই অন্ধ অহংকার আর ইগো আমাদের সামাজিক অবক্ষয়কে এক অনিবার্য ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে।

এই অধঃপতন একদিনে বা এক মাসে হয় নি। আমাদের চোখের সামনে তিলে তিলে এই অবক্ষয়ের মাত্রা কেবল বেড়েই চলেছে। ফলে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অন্তিম স্তর আজ তলানিতে ঠেকেছে। সরকারের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিসংখ্যানই এই নির্মম সত্যের সবচেয়ে বড় ও কষ্টদায়ক প্রমাণ। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেবল নারী নির্যাতনের অভিযোগে এই সেবাটিতে প্রায় ২৭ হাজার ৯১১টি অভিযোগ এসেছে, যার মধ্যে ১৭ হাজার ১৯৬টি অভিযোগই স্বামী নামের মানুষটির বিরুদ্ধে। বিদেশী সংস্কৃতির অন্ধ অনুকরণে আমরা নিজেদের শেকড় আজ ভাসিয়ে দিয়েছি। ফলে মানবিক মূল্যবোধ তথা ধর্মীয় মূল্যবোধ সমাজ ও পরিবার থেকে উধাও। নৈতিক শিক্ষার এই চরম শূন্যতা মানুষের বিবেককে ফুঁটো করে দিচ্ছে। আর অন্যদিকে মাদকের ভয়ংকর বিস্তার ও অনলাইনের অবাধ অশ্লীলতা আমাদের নতুন প্রজন্মের মনন ও চিন্তাজগতকে বিষিয়ে তুলছে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করতে হলে আজ দল-মত নির্বিশেষে এক হয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। কেবল আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষে একা এ সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের পরিবারগুলোতে পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনার ব্যাপারে অভিভাবকবৃন্দের অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন। প্রয়োজন প্রতিটি শিশুর কোমল মনে সহনশীলতা, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নীতি নৈতিকতার পাঠ হৃদয়ে জাগ্রতা করা। যেন আমাদের সন্তানেরা কেবল জিপিএ ফাইভ বা ভালো ফলাফলের অন্ধ প্রতিযোগীতার পেছনে না ছোটে একজন ভালো মানুষ হয়ে ওঠার তীব্র তাগিদ অনুভব করে। রাষ্ট্র, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে আজ এটাই আমাদের সবচেয়ে বড় আকুতি ও প্রত্যাশা।