বাংলাদেশ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) এর নিকট থেকে নতুন করে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে অনুষ্ঠিত আইএমএফ-বিশ^ব্যাংকের বার্ষিক সভায় অংশগ্রহণকালে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাইড লাইনে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশকে নতুন করে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ প্রদানের ব্যাপারে নীতিগত আলোচনা এবং অগ্রগতি হয়েছে বলে উভয় পক্ষ জানিয়েছেন। আগামী তিন থেকে চার মাসের কারিগরি ও নীতিনির্ধারণী আলোচনার পর আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ ঋণ প্রাপ্তির ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে ২০২৯ সালের মধ্যে মোট ৬ কিস্তিতে এ ঋণের অর্থ ছাড়করণ করা হবে। এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ’র নির্বাহী পর্ষদ বাংলাদেশের অনুকূলে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছিল। ঋণ চুক্তি স্বাক্ষরের পর মাত্র ২ দিনের ব্যবধানে ২ ফেব্রুয়ারি বাংলাদেশের অনুকূলে ঋণের প্রথম কিস্তি বাবদ ৪৭ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার ছাড়করণ করেছিল। সে সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ব্যাপকভাবে কমে গিয়েছিল। ফলে কঠিন শর্তে হলেও আইএমএফ’র নিকট থেকে ঋণ গ্রহণের আবশ্যকতা দেখা দিয়েছিল। উল্লেখ্য, আইএমএফ এমন একটি সংস্থা যারা বিনা শর্তে কোন দেশকে ঋণদান করে না। তাদের শর্ত অধিকাংশ সময়ই ঋণ গ্রহীতা দেশের স্বার্থ পরিপন্থী হয়ে থাকে। ২০২৩ সালে আইএমএফ’র নিকট থেকে ঋণ গ্রহণের আগে বাংলাদেশ প্রায় ১১ বছর এ সংস্থার নিকট থেকে কোন ঋণ গ্রহণ করেনি। বাংলাদেশ সর্বশেষ ২০১২ সালে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করেছিল আইএমএফ’র নিকট থেকে। কোন দেশ একান্ত বিপদে না পড়লে আইএমএফ’র নিকট থেকে সাধারণত ঋণ গ্রহণ করে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনীতির কোন ক্ষেত্রেই উল্লেখযোগ্য কোন অগ্রগতি প্রত্যক্ষ করা যাচ্ছে না। বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট বৈদেশিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ হচ্ছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দেয়া ঋণ এবং অন্যান্য খাতে রিজার্ভ থেকে যে ঋণ প্রদান করে তা যুক্ত করে মোট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করে। কিন্তু আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বক্তব্য হচ্ছে যে অর্থ বাংলাদেশ ব্যাংকের ভান্ডারে নেই এবং চাইলেই ব্যবহারযোগ্য নয় তা কখনো রিজার্ভ অর্থ হিসেবে গণ্য হতে পারে না। বর্তমানে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা বা মন্থর গতি প্রত্যক্ষ করা যাচ্ছে। বিদ্যমান অবস্থায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধির অর্থই হচ্ছে স্থবিতার লক্ষণ। কারণ প্রবাসী আয়সহ এবং রপ্তানি আয় মোটামুটি গতিশীল থাকার কারণে যে বৈদেশিক মুদ্রা দেশে আসছে তা ব্যবহৃত হচ্ছে না। কারণ ব্যক্তি খাতে বিনিয়োগ বর্তমানে তলানিতে রয়েছে। গত অর্থবছরে জিডিপি-প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট রেশিও ছিল ২২ দশমিক ০৩ শতাংশ। এটা বিগত ২ দশকের মধ্যে সর্বনি¤œ অবস্থা। প্রাইভেট সেক্টরে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি গত জুন শেষে ৪দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে। এটা বিগত ৩৩ বছরের মধ্যে সর্বনি¤œ ব্যাংক ঋণ প্রবৃদ্ধি। বর্তমানে দেশের ট্যাক্স-জিডিপি রেশিও হচ্ছে ৬ দশমি ক ৮ শতাংশ। ট্যাক্স-জিডিপি রেশিও ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। রপ্তানি আয় বেড়েছে কিন্তু তার গতি খুব একটা বেশি নয়। মূলত এসব কারণেই বাংলাদেশকে তার আর্থিক সঙ্কট থেকে উত্তরণের জন্য আইএমএফ’র নিকট থেকে শর্তযুক্ত ঋণ নিতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় ট্যাক্স-জিডিপি রেশিও ১২ শতাংশের মতো। বাংলাদেশের মতো দেশের ট্যাক্স-জিডিপি রেশিও ১৫ শতাংশ হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞ মহল মনে করেন।

আইএমএফ বাংলাদেশকে ঋণদানের জন্য প্রাথমিকভাবে নীতিগত সম্মতি দিয়েছে। কিন্তু সংস্থাটি বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছে। বিশেষ করে ২০২৩ সালে আইএমএফ’র নিকট থেকে ঋণ গ্রহণকালে বাংলাদেশ যেসব শর্ত পরিপালনের অঙ্গীকার করেছিল তা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক খাতের দুরবস্থা কাটানোর জন্য আইএমএফ বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ সে সংস্কার প্রস্তাব গ্রহণ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোন আন্তরিকতা প্রদর্শন করেনি। এ জন্য নতুন ঋণদানের সময় সেই সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নসহস নতুন আরো কিছু নতুন সংস্কারের শর্ত দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম হাতে নিয়েছিল। বর্তমানে সেগুলো শ্লথ হয়ে পড়েছে। সরকার এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কতটা আন্তরিক তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমান সরকার ব্যাংকিং সেক্টর সম্পর্কে এমন কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যা এ সেক্টরের অবস্থা আরো বিপন্ন করে তুলতে পারে। দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করার পরিকল্পনা বর্তমানে থেমে আছে। ব্যক্তি খাতের ব্যাংকের উপর থেকে পারিবারিক নিয়ন্ত্রণ হ্রাসের জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। সে উদ্যোগ এখন আর নেই। ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) সংস্কার করে পৃথক দু’টি সংস্থায় পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখন তা বন্ধ রয়েছে। আইএমএফ নতুন ঋণদানের সময় আগে দেয়া শর্ত পূরণসহ আরো কিছু শর্ত বাংলাদেশের উপর চাপিয়ে দেবে এটা নিশ্চিত করেই বলা যায়।

বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশে^র শীর্ষ দশটি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সবার শীর্ষে। দেশটির মোট বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে ৪১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের লোন-জিডিপি রেশিও হচ্ছে ১২৭ শতাংশ। অর্থাৎ দেশটির অর্থনীতির আকার যদি ১০০ মার্কিন ডলার হয় তাহলে তার ঋণের পরিমাণ হচ্ছে ১২৭ মার্কিন ডলার। বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে চীন দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটির বৈদেশিক ঋণের মোট পরিমাণ হচ্ছে ২২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বা মোট জিডিপি’র ১০৪ শতাংশ। জাপানের বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে ৮দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট জিডিপি’র ১৯৯ শতাংশ। যুক্তরাজ্যের মোট বিদেশি ঋণের পরিমাণ হচ্ছে ৪দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ১০২ শতাংশ। ফ্রান্স, ইতালি ও জার্মানির মোট বৈদেশিক ঋণের পরিমাণ যথাক্রমে ৪ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ১১৮ শতাংশ, ৩ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ১৩৮ শতাংশ এবং ৩ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ৬৫ শতাংশ। ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ৮৩ শতাংশ। কানাডা এবং ব্রাজিলের মোট বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে যথাক্রমে ২দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ১১৬ শতাংশ এবং ২দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার বা জিডিপি’র ৯৭ শতাংশ।

আমাদের মধ্যে সাধারণভাবে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ঋণ গ্রহণ মানেই হচ্ছে আর্থিক দুর্বলতার প্রমাণ? কোন দেশ একান্ত বিপদে না পড়লে বৈদেশিক ঋণ গ্রহণ করে না। কিন্তু এ ধারণা মোটেও ঠিক নয়। কারণ আর্থিক সক্ষমতার অভাব পূরণের জন্য বিদেশি সূত্র থেকে ঋণ গ্রহণ করা যেতেই পারে। ঋণ গ্রহণ করা একটি দেশের অধিকারও বটে। কারণ গৃহীত ঋণের বিপরীতে দেশটি নির্দিষ্ট হারে সুদসহ ঋণের মূল কিস্তি পরিশোধ করে থাকেন। ঋণ কারো করুণা বা দয়া নয়। এটা উন্নয়ন অর্থায়নের ক্ষেত্রে একটি কৌশল বটে। প্রতিটি দেশকেই উন্নয়নের বিভিন্ন পর্যায়ে ঋণ গ্রহণ করার আবশ্যকতা দেখা দিতে পারে। এটা খারাপ কিছু নয়। কিন্তু দেখার বিষয় হচ্ছে গৃহীত ঋণের অর্থ কোথায় এবং কিভাবে ব্যবহৃত বা ব্যয় করা হচ্ছে। গৃহীত ঋণ যদি দেশের টেকসই উন্নয়নে ব্যয়িত হয় এবং সেই উন্নয়নের সুফল ভোগ করে জনগণ উপকৃত হয় তাহলে ঋণ গ্রহণ খারাপ হবে কেন? কিন্তু শ্রীলঙ্কার মতো বিদেশি ঋণ গ্রহণ করে যদি তা অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় ব্যাপারে পরিণত হয়। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছিল। কিন্তু সে উন্নয়ন যতটা না দেশ ও জাতির কল্যাণে ছিল তার চেয়ে বেশি ছিল ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ উদ্ধারের লক্ষ্যে। ‘অতি উন্নয়ন অতি দুর্নীতি’ই ছিল সেই সরকারের ডেভেলপমেন্ট ভিশন। একটি কথা প্রচলিত ছিল। কোন প্রকল্পের নামের আগে বা পিছে শেখ পরিবারের কারো নাম যুক্ত করা হলে সেই প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ পেতে কোন অসুবিধা হতো না। প্রতিটি উন্নয়নের প্রকল্পে সম্ভাব্যতা যাচাইকালে এমনভাবে অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরা হতো যে, কারো পক্ষেই সেই প্রকল্পের বিরোধীতার করা সম্ভব হতো না। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নকালে বলা হয়েছিল, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জিডিপি’র আকার দেড় থেকে ২ শতাংশ বৃদ্ধি পাবে। কিন্তু একবারও কেউ ভেবে দেখেননি একটি পদ্মা সেতু কিভাবে দেশের জিডিপি’র আকার দেড় থেকে ২শতাংশ বৃদ্ধি করবে? পদ্মা সেতু ঘিরে যদি ব্যাপক শিল্পায়ন করা যেতো তাহলেই এ অর্জন সম্ভব ছিল। কিন্তু সেটা কি হয়েছে? কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে যে টানেল নির্মাণ করা হয় তা জাতীয় অর্থনীতিতে কতটা অবদান রাখবে সে সম্পর্কে যে তথ্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ ভুল। কারণ এখন দেখা যাচ্ছে, এ টানেল দিয়ে যেসব যানবাহন চলাচল করে তা থেকে যে টোল আদায় হয় তা দিয়ে টানেল পরিচালনার ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। প্রতিটি প্রকল্পে অর্থনৈতিক লাভ লোকসানের খতিয়ান অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। এই অপরিকল্পিত উন্নয়নের কুফল এখন জনগণ ভোগ করছে।

সরকার আইএমএফ’র নিকট থেকে নতুন করে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ গ্রহণের যে উদ্যোগ নিয়েছে তাতে কোন দোষ নেই। কিন্তু গৃহীত ঋণের অর্থ কিভাবে কোথায় ব্যবহৃত হবে, তা জাতির জন্য তা কতটুকু মঙ্গলজনক হবে তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে। কোন কারণেই এমন প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার করা যাবে না যাতে টেকসই উন্নয়ন অর্জন বিঘিœত হয়। কারণ এই ঋণের অর্থ শেষ পর্যন্ত দেশের জনগণকেই পরিশোধ করতে হবে।

লেখক : সাবেক ব্যাংকার ও অর্থনীতি বিষয়ক লেখক।