মুঃ শফিকুল ইসলাম

একটি ঐতিহ্যবাহী মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী শিক্ষার্থী ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে নাশরা নাইমের এই বিজয় নিছক একটি পদপ্রাপ্তি নয়; বরং নারী নেতৃত্বের বিকাশ, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। বিশেষ করে মুসলিম নারী নেতৃত্ব সম্পর্কে প্রচলিত নানা একপেশে ধারণার বিপরীতে এ ঘটনা নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি করেছে।

প্রকাশিত নির্বাচনি ফল অনুযায়ী, নাশরা নাইম ৭ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। অর্থাৎ ১ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। শুধু ভিপি পদেই নয়, কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে পাঁচটিতে নারী প্রার্থীদের বিজয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৩টি পদের মধ্যে ছয়টিতে নারী প্রার্থীদের জয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতার স্পষ্ট ইঙ্গিত বহন করে।

এ নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, নারীরা এবার কেবল প্রতীকী অংশগ্রহণে সীমাবদ্ধ থাকেন নি; তাঁরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ভোটারদের আস্থা অর্জন করেছেন এবং নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে নারীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে যে সংশয় ও বিতর্ক রয়েছে, আলিগড়ের এ নির্বাচন তার বিপরীতে একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে।

মুসলিম নারী ও নেতৃত্বের প্রশ্ন : মুসলিম নারী নেতৃত্বের বিষয়টি আলোচনায় এলে প্রায়ই ধর্মীয় বিশ্বাস ও সামাজিক বাস্তবতাকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা দেখা যায়। অথচ ইসলাম নারী-পুরুষ উভয়ের জ্ঞানার্জন, নৈতিকতা, মানবিক মর্যাদা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়েছে। ইসলামের ইতিহাসে নারীরা জ্ঞানচর্চা, শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হজরত আয়েশা (রা.)-এর জ্ঞান ও হাদিসশাস্ত্রে অবদান এর উজ্জ্বল উদাহরণ। মুসলিম ইতিহাসে বহু নারী শিক্ষাবিদ ও সমাজসংস্কারকের অবদানও স্মরণীয়।

সুতরাং নারীর শিক্ষা, মেধা ও সামাজিক অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। একই সঙ্গে নেতৃত্বের প্রশ্নে আবেগ বা পরিচয়ের চেয়ে যোগ্যতা, সততা, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতাকে প্রাধান্য দেওয়া জরুরি। নারী হওয়ার কারণে কাউকে অযোগ্য ভাবা যেমন অন্যায়, তেমনি শুধু নারী হওয়ার কারণে কাউকে যোগ্যতার ঊর্ধ্বে স্থান দেওয়াও সমর্থনযোগ্য নয়। প্রকৃত মূল্যায়নের ভিত্তি হতে হবে কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের সাফল্য।

নাশরা নাইমের বিজয় তাই মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নারী শিক্ষার্থীরা সুযোগ পেলে নেতৃত্বের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। তাঁদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত না করে শিক্ষা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করাই হওয়া উচিত সমাজের লক্ষ্য।

গণতান্ত্রিক চর্চার প্রত্যাবর্তন : আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনও বিশেষ তাৎপর্য বহন করে। শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের মুখে নির্বাচনের আয়োজন প্রমাণ করে, গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের আকাক্সক্ষা দীর্ঘদিন উপেক্ষা করা যায় না। বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; এটি নেতৃত্ব তৈরি, মতপ্রকাশের স্বাধীনতা, যুক্তিনির্ভর বিতর্ক এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান ক্ষেত্র।

ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করে, সাংগঠনিক দক্ষতা বাড়ায় এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখে। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সমস্যা ও প্রত্যাশা কর্তৃপক্ষের সামনে তুলে ধরার সুযোগ পান। তাই ছাত্র সংসদকে নিছক ক্ষমতা অর্জনের প্রতিযোগিতায় পরিণত না করে শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

এবারের নির্বাচনে দেশের সামগ্রিক রাজনীতি এবং মুসলিম সম্প্রদায়-সম্পর্কিত বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের আলোচনায় উঠে আসার তথ্যও লক্ষণীয়। বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষকের বক্তব্য অনুযায়ী, নতুন প্রজন্মের আন্দোলনের প্রভাব নির্বাচনি প্রচারণায় পড়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা শুধু ক্যাম্পাসের সীমাবদ্ধ দাবি-দাওয়ার মধ্যে নিজেদের চিন্তাকে আবদ্ধ রাখে নি; বৃহত্তর সমাজ, রাষ্ট্র, অধিকার ও ভবিষ্যৎ নিয়েও তারা ভাবছে। তবে এ সচেতনতাকে ইতিবাচক ধারায় পরিচালিত করতে হলে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং যুক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতির বিকাশ জরুরি।

দক্ষিণ এশিয়ার জন্যও তাৎপর্যপূর্ণ বার্তা : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের বিকাশ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে নারীরা শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, বিচার বিভাগ, সাংবাদিকতা ও বিভিন্ন পেশায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কিন্তু নেতৃত্বের প্রতিটি স্তরে তাঁদের অংশগ্রহণ এখনো সমানভাবে বিস্তৃত নয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ, সাংগঠনিক কর্মকা- এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এ ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে। তবে কেবল নারী প্রার্থীর বিজয় উদযাপন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাঁদের জন্য নিরাপদ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, সাংগঠনিক সহযোগিতা এবং দায়িত্ব পালনের বাস্তব সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী-পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য অবাধ ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এবং নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোনো সহিংসতার ঘটনা না ঘটাও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন নির্বাচনকে প্রতিষ্ঠানের উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় হিসেবে অভিহিত করেছেন। তাঁর এই বক্তব্যের তাৎপর্য রয়েছে। কারণ গণতন্ত্র শুধু ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এর প্রকৃত সৌন্দর্য হলো অবাধ প্রতিযোগিতা, গ্রহণযোগ্য ফল, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বিজয়ী-পরাজিত সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।

সবশেষে বলা যায়, নাশরা নাইমের বিজয়কে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মুসলিম নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের সক্ষমতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের একটি শক্তিশালী বার্তা। তবে এ অর্জনের প্রকৃত সার্থকতা নির্ভর করবে তাঁর দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে আরও নারী শিক্ষার্থীর নেতৃত্বের সুযোগ সৃষ্টির ওপর।

মনে রাখতে হবে, নেতৃত্বের যোগ্যতা লিঙ্গ দিয়ে নির্ধারিত হয় না; নির্ধারিত হয় মেধা, সততা, সাহস, দূরদর্শিতা ও দায়িত্ববোধ দিয়ে। আলিগড়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে নতুন অধ্যায়ের সূচনা হলো, তা যদি আরও অনেক তরুণীর সামনে নেতৃত্বের দরজা খুলে দেয়, তাহলেই এ বিজয় ইতিহাসের পাতায় একটি স্থায়ী ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত হবে।

লেখক: প্রাবন্ধিক ও সাংবাদিক