ফোনের অপরপ্রান্তে যিনি কথা বলছিলেন, তিনি আমার চাইতে প্রবীণ। শুধু প্রবীণ নন, আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা আছে। জাতিসংঘের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন তিনি দেশে-বিদেশে কাজ করেছেন। অবসরের আগে বহু বছর তাকে বিদেশেই কাটাতে হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন তিনি। এ জন্যই হয়তো জাতিসংঘে চাকরি পাওয়াটা তার জন্য সহজ হয়েছে। কথাবার্তায়, আচার-আচরণে, ধৈর্যে এবং রুচিতে তিনি একজন সংস্কৃতিমান ব্যক্তি। কিন্তু ফোনে আজ তাকে একটু অন্যরকম মনে হচ্ছে। তিনি যে বেশ আহত ও সংক্ষুব্ধ তা স্পষ্টই বোঝা গেল। কাছের আত্মীয় হওয়ায় অনেক বিষয়েই তিনি আমার সাথে খোলামেলা কথা বলতে কুণ্ঠিত হন না। তবে আজকের ফোনালাপ কোনো পারিবারিক বিষয় নিয়ে নয়, একটি বই নিয়ে।

বইটির নাম ‘মুসলিম শাসন ও ভারতবর্ষ’। লেখক নিত্যরঞ্জন দাস। সময়ের পরিসর ৭১২ খৃস্টাব্দ-১৯৪৭ খৃস্টাব্দ। বইটির প্রকাশক তুহিনা প্রকাশনী, ৩০/৬/২এ, মদন মিত্র লেন, কলকাতা ৭০০০০৬, পশ্চিমবঙ্গ, ফোন : ৭২৭৮৮৭৭৩৮৫। আত্মীয়কে প্রশ্ন করলাম, যে বই আপনাকে এতটা সংক্ষুব্ধ করলো, এই বৃদ্ধ বয়সে সেই বই পড়তে গেলেন কেন, আর বইটি পেলেনই বা কেমন করে? বললেন, অনলাইনে বিজ্ঞাপন দেখে বইটি কিনেছি। বিজ্ঞাপন এখনো চলছে Hoque Book-এর বিজ্ঞাপনে বলা হয়েছে, ৭১২ খৃস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের যে সূত্রপাত ঘটেছিল ১৯৪৭ খৃস্টাব্দে বৃটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পূর্ব পর্যন্ত তার এক সুদীর্ঘ ও ঘটনাবহুল ইতিহাস রয়েছে এই বইতে। ইতিহাসমনস্ক ব্যক্তি হিসেবে বিজ্ঞাপনটি আমাকে আকৃষ্ট করেছে, ফলে অনলাইনে অর্ডার করে আমি বইটি ক্রয় করেছি। কিন্তু পড়তে গিয়ে হোঁচট খেলাম। এটা তো কোনো ইতিহাসগ্রন্থ নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত এক বিষাক্ত গ্রন্থ। বিজ্ঞপনের মুখোশে আমাদের প্রতারিত করা হয়েছে। লেখক নিত্যরঞ্জন দাসও তার গ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকায় স্বীকার করে নিয়েছেন যে, ‘ইতিহাসের আকর গ্রন্থসমূহ হতে তথ্য নিয়েই আমার এই সংকলন গ্রন্থ। প্রধানত ইংরেজি বই থেকে ঐতিহাসিক তথ্য নেয়া হয়েছে। ইংরেজির সঙ্গে পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ অথবা সারসংক্ষেপ দেওয়া হয়ছে।’ লেখক নিত্যরঞ্জন দাসের স্বীকৃতি থেকেই উপলব্ধি করা যায়, ‘মুসলিম শাসন ও ভারতবর্ষ’ গ্রন্থটি গবেষণালব্ধ কোনো মৌলিক গ্রন্থ নয়, বরং এটি হলো একটি সংকলন গ্রন্থ। অশুভ লক্ষ্যের অনুকূলে তিনি বিভিন্ন জায়গা থেকে বক্তব্য মন্তব্য সংকলন করেছেন এবং উগ্র সাম্প্রদায়িক চেতনায় একটি গ্রন্থ সাজিয়েছেন। প্রসঙ্গত আজ বঙ্কিম চন্দ্রের বিষবৃক্ষের কথা মনে পড়ছে। তার উত্তরসুরী হিসেবে নিত্যরঞ্জন দাস ইতিহাসের নামে রচনা করলেন আরেক বিষাক্ত গ্রন্থ ‘মুসলিম শাসন ও ভারতবর্ষ’। লেখক উল্লেখ করেছেন, ‘প্রধানত ইংরেজি বই থেকেই ঐতিহাসিক তথ্য নেওয়া হয়েছে’। প্রশ্ন জাগেÑ ইংরেজি হলে এবং ইংরেজি বই হলেই কি সব শুদ্ধ হয়ে যায়? আমরা একথা খুব ভালো করেই জানি যে, পাশ্চাত্যের Orientalist তথা প্রাচ্যবিদদের মধ্যে এমন কিছু সংকীর্ণমনা মানুষও আছেন, যারা অজ্ঞতা ও প্রতিহিংসাবশত ইসলাম ধর্মের নিন্দা করেছেন এবং এ ধর্মের নবীকে ‘কামদুর্বল’, ‘নিষ্ঠুর ও “স্বৈরাচারী’ আখ্যা দিয়েছেন। নিত্যরঞ্জন দাসের মধ্যেও আমরা সে প্রবণতা লক্ষ্য করেছি। তিনি তো তার প্রশ্নবিদ্ধ গ্রন্থে বারবার Will Durant-কে উদ্ধৃদ করেছেন। তিনি তো বলেছেন, ‘মুসলমানদের ভারত বিজয় ইতিহাসের সর্বাপেক্ষা রক্তাক্ত অধ্যায়। The Story of Civilization- এর প্রণেতা Will Durant তো কোনো অপরিচিত ব্যক্ত নন। তাই Durant কার্ড দিয়ে ইতিহাসের যুদ্ধে জয়লাভ সম্ভব নয়। Durant ও নিত্যরঞ্জন দাস ইতিহাসের কাঠগড়ায় কতটা সৎ, তা পরীক্ষার জন্য একটি প্রশ্নই যথেষ্ট। আর সে প্রশ্নটি হলো, হায়দারাবাদ ট্র্যাজেডির ব্যাপারে আপনারা নীরব কেন? এমন অন্ধ, বধির ও হৃদয়হীন লেখক বা প্রাচ্যবিদদের দিয়ে ইতিহাসের সত্য উদ্ঘাটন সম্ভব নয়। হায়দারাবাদে কী ঘটেছিল? ১৯৪৭ সালের ১৫ আগস্ট, ঔপনিবেশিক বৃটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের সাথেই স্বাধীনতা অর্জন করেছিল হায়দারাবাদ। জাতিসংঘসহ বিভিন্ন দেশের স্বীকৃতিও পেয়েছিল দেশটি। কিন্তু স্বাধীন-সার্বভৌম হায়দারাবাদের ভাগ্যাকাশে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। ভারত কোনোভাবেই হায়দারাবাদের স্বাধীনতাকে মেনে নিতে পারছিল না। ফলে হায়দারাবাদকে গ্রাস করার জন্য ‘নেহেরু ডকটিন’কে সামনে রেখে বিস্তার করতে থাকে ষড়যন্ত্রের জাল। হায়দারাবাদের দেশপ্রেমিক জনতা ভারতের ষড়যন্ত্র প্রতিরোধে এগিয়ে আসে। অশেষে ১৯৪৮ সালের ১৩ সেপ্টেম্বর ‘অপারেশন পলো’ নামে পুলিশী অ্যাকশনের আড়ালে হায়দারাবাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ভারতের বিশাল হানাদার বাহিনী। পোড়ামাটি নীতি অবলম্বন করে ভারতীয় বাহিনী হায়ংদারাবাদের শহর-বন্দর-গ্রাম ধ্বংস করতে করতে এগিয়ে যেতে থাকে রাজধানীর দিকে। মরণপণ লড়াই করেও অসম যুদ্ধে ভারতীয় বিশাল বাহিনীর কাছে ১৯৪৮ সালের ১৮ সেপ্টেম্বর পরাজিত হয় হায়দারাবাদ।

এরপর ভারতীয় বাহিনী মেতে ওঠে নারকীয় গণহত্যায়। লাখ লাখ মানুষ নিহত হয় ভারতীয় বাহিনীর হাতে। ধর্ষিত হয় লক্ষাধিক নারী। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের মাধ্যমে হায়দারাবাদকে এক বিভীষিকার মধ্যে নিক্ষেপ করে সেখানে উত্তোলন করা হয় আগ্রাসী ভারতের পতাকা। ভারত এক নিকৃষ্ট কৌশলে অতি দ্রুত হায়দারাবাদকে খণ্ড বিখণ্ড করে মিশিয়ে দেয় তার বিভিন্ন রাজ্যের সাথে। এভাবে বিশ^মানচিত্র থেকে মুছে যায়, স্বাধীন হায়দারাবাদের অস্তিত্ব। এখন হায়দারাবাদ বলতে শুধু দাঁড়িয়ে আছে একটি পরাধীনস শহর। এমন আগ্রাসনের ব্যাপারে যখন Will Durant এবং নিত্যরঞ্জন দাস চুপ থাকেন, তখন তাদেরকে কি Orientalist কিংবা ইতিহাসবিদ হিসেবে সম্মান করা যায়?

ইতিহাসের ছাত্র হিসেবে নিত্যরঞ্জন দাস ভারতবর্ষে মুসলিম শাসন নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করতে পারতেন। কোন শাসকের দোষ নেই? ভালোমন্দ আলোচনা করে শিক্ষা নেওয়া, দোষমুক্ত হওয়ার চেষ্টা করা মানুষের একটা লক্ষ্য হতে পারে। মানুষের ভিন্ন লক্ষ্যও থাকতে পারে। বিশে^র মানুষ তো এখন ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদিকে ভালো শাসক হিসেবে বিবেচনা করছেন না। এখন নিত্যরঞ্জন দাস কী করবেন? তিনি কি মোদিকে সেরা শাসক হিসেবে মালা পরিয়ে দেবেন? অবশ্য আদিষ্ট হলে ভিন্ন কথা। তখন তো তিনি আর লেখক কিংবা ইতিহাসবিদ হিসেবে সম্মান পাবেন না। বড়জোর বরকন্দাজ খেতাবটি পেতে পারেন। অবশ্য ভারতের সব মানুষ নিত্যরঞ্জন দাসদের মতো নন। তাদের অনেকেই স্বাভাবিক চিন্তা করতে পারেন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেন। ড. বি কে জোসির মতো লোকদেরও পেয়েছি ভারতে, লক্ষ্মৌ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এন, কে নিগামের সাথে দেখা হয়েছে লক্ষ্মৌয়-আমার সেই আত্মীয়ের বাংলালোয়, তিনি তখন জাতিসংঘের কর্মকর্তা হিসেবে সেখানে কর্মরত ছিলেন, আমি গিয়েছিলোম বেড়াতে, ভারত দর্শনে।

‘মুসলিম শাসন ও ভারতবর্ষ’ বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৩২। গবেষণালব্ধ মৌলিক গ্রন্থ না হওয়ায় এবং বিশেষ উদ্দেশ্যপ্রবণ সংকলন গ্রন্থ হওয়ায়, এ বইটিকে তেমন গুরুত্ব দেওয়া যায় না। যে গ্রন্থের কোনো সৎ ও মানবিক দিশা নেই, বরং আছে সাম্প্রদায়িকতা ও উগ্রতার বিষ, অবজ্ঞাই সেই গ্রন্থের প্রাপ্য। তবে গ্রন্থকার এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, যার নিন্দা করা প্রয়োজন। মুসলিম শাসন ও ভারত বর্ষের কথা বলতে গিয়ে নিত্যরঞ্জন দাস ইসলামের নবী হযরত মুহাম্মাদ (স.)-এর প্রসঙ্গ টেনে এনেছেন। তার চরিত্র হনন করতে গিয়ে তিনি লিখেছেন, ১৩ জন বিবাহিত স্ত্রী ছাড়াও মহম্মদের ছিল বহু উপপত্মী বা রক্ষিতা। ছিল শতাধিক ক্রীতদাসী, যাদের সঙ্গে ছিল তার অবাধ দৈহিক সম্পর্ক। নেতিবাচক ও অশ্রাব্য কথার ছড়াছড়ি তার গ্রন্থে, যা ইসলাম ও নবীর সাথে যায় না। সেগুলো উল্লেখেরও অযোগ্য। কিঞ্চিৎ উল্লেখ করেছি তার কদর্য মানসিকতা ও গ্রন্থের পঙ্কিলতার রূপকে কিছুটা স্পষ্ট করার জন্য। তার এ কুৎসার তথ্যসমৃদ্ধ জবাব আছে, অন্য কোনো সময় সেটা দেবো।

ভারতে মুসলিম শাসনের নৃশংসতা প্রসঙ্গে নিত্যরঞ্জন দাস লিখেছেন, ‘ইউরোপে Holocaust হয়েছে একটি, ভারতবর্ষে হাজারটি, সর্বশেষ ৪৭ সালে পঃ পাকিস্তানে। হিটলার ইহুদিদের গ্যাস চেম্বারে হত্যা করেছে। কিন্তু পরিকল্পিত ও ব্যাপকভাবে নারী লাঞ্ছনা, উপাসনালয়ের অমর্যাদা, লুণ্ঠন বা অগ্নিসংযোগের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। কিন্তু এদেশে মুসলমানরা সর্বগ্রাসী সর্বাত্মক ধ্বংসের তান্ডব-নর্তনে মত্ত হয়েছিল; হত্যা, নারী ধর্ষণ, নারী অপহরণ, ধর্মান্তর, মন্দির ধ্বংস, বিগ্রহের অমর্যাদা, লুন্ঠন ও অগ্নিসংযোগ করেছিল। হিটলারের ইহুদি নিধন ছিল তার সীমাহীন ক্ষমতার সীমাহীন দম্ভ, অপব্যবহার ও বিকৃত মানসিকতার প্রকাশ। ছিল না ধর্মের অনুমোদন। পক্ষান্তরে ভারতে দানবীয় হত্যাকান্ড, পৈশাচিক অত্যাচার হয়েছে শান্তি-সম্প্রীতির বার্তাবহ পবিত্র ইসলাম ধর্মের নামে।’ নিত্যরঞ্জন দাস প্রমাণ করতে চেয়েছেন, ভারতে ইসলাম ও মুসলমানদের শাসন ছিল ইউরোপের Holocaust -এর চাইতেও নিকৃষ্ট। মুসলিম শাসকরা ছিলেন হিটলারের চাইতেও নিষ্ঠুর ও জঘণ্য। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস কি নিত্যরঞ্জনের এমন একপেশে কাহিনীকে সমর্থন করে? এখানে মুসলমানদের জবাব আনবো না। নিত্যরঞ্জন যখন ইসলাম ও নবীর নিন্দাবাদ করেন, তখন তাদের জাতির পিতা মহাত্মা গান্ধী বলেন, ‘মোহাম্মদ (স.) ছিলেন এমন অভাবনীয় সাহসের অধিকারী, যিনি একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে কখনো ভয় করেননি। এমন কখনোই দেখা যায়নি যে, তিনি বলেন এক রকম কিন্তু করেন অন্যরকম। তার চিন্তা ও কর্মের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তিনি ছিলেন নিঃসম্বল ফকির; অথচ ইচ্ছে করলেই তিনি প্রভূত সম্পদের মালিক হতে পারতেন। যখন আমি তার ও তার পরিবার-পরিজন, সঙ্গী-সাথীদের ব্যক্তিগত অভাব, কৃচ্ছ্রতার কথা পাঠ করি, আমার দু’টি চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। আমার মতো একজন সত্যসন্ধানী মানুষ তাকে শ্রদ্ধা না করে কি পারে, যিনি তার সমস্ত অন্তরকে সর্বদা নিবদ্ধ রাখেন আল্লাহর দিকে, পথ চলেন আল্লাহর ভয়কে সামনে রেখে এবং সমগ্র মানবজাতির প্রতি যার অপরিসীম মমতা।’ এমন একজন নবীর চরিত্র হননে কত নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন নিত্যরঞ্জন দাস। ঐতিহাসিক শ্রী নগেন্দ্রনাথ বন্দোপাধ্যায় বলেছেন, ‘আজ যদি জগতের লোক সেই বিশ^বন্ধু বিশ^নবীর পদাঙ্ক অনুসরণ করিয়া সংসার পথে বিচরণ করিতে পারে, সেই পূর্ণ-কীর্তির চরিত্র কথা যদি সর্বত্র প্রচারিত হয়, তাহা হইলে আইন-কানুনের শৃঙ্খলা রক্ষা করিবার জন্য হাজার হাজার প্রহরী নিযুক্ত করিবার কোনো আবশ্যকতা থাকিবে না। তাহা হইলে হিংসা, দ্বেষ, কলহ-বিবাদ ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া যায়।’

এদিকে শিখ সম্প্রদায়ের প্রাণপুরুষ গুরু নানক বলেন, ‘মানুষ যে অস্থির ও নরকের দিকে ধাবমান, তার একমাত্র কারণ, ইসলামের নবীর প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’ কথাটি নিত্তরঞ্জন দাস ভেবে দেখবেন কী? শিশির দাস কেন লিখলেন ‘প্রিয়তমা নবী’ গ্রন্থ? পাশ্চাত্য দার্শনিক জর্জ বার্নার্ড শ’, নেপোলিয়ন বোনাপার্ট, আচার্য কেশবচন্দ্র, রামকৃষ্ণ রাওসহ আরো অনেকের ইসলাম ও রাসূল সম্পর্কিত ইতিবাচক বক্তব্য তুলে ধরা যেত, কিন্তু সেই জায়গা এখানে নেই।

শেষে এসে একটি প্রশ্ন যেই গ্রন্থের লেখক উপসংহারে বলেন, হিন্দুরা নীরব কেন, উত্তেজনা সৃষ্টিকারী এমন বই কি প্রকাশযোগ্য। এমন বইতো বিক্রিযোগ্যও নয়। তাহলে বিদেশী এমন বই ‘হক বুক’ বিক্রি করছে কোন কান্ডজ্ঞানে? দেশে তো কাস্টমস আইন ও আমদানি নীতি আছে। সেই নীতিতে তো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং অশ্লীলতা ছড়ায়-এমন বই নিষিদ্ধ। তাহলে কলকাতায় প্রকাশিত বিদ্বেষ প্রচারকারী বিষাক্ত বই ‘মুসলিম শাসন ও ভারতবর্ষ’ বাংলাদেশে বিক্রি হচ্ছে কেমন করে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি একটু দেখবেন?