ইবনে হাসান

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষ অবিশ্বাস্য ও বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মনে করা হচ্ছে, তাবত শক্তি-সামর্থ্য যেন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। চাইলেই মুহূর্তের মধ্যেই অনেক কিছুই করতে পারে, যা করতে মাস, বছর লেগে যেতো। পুরো পৃথিবীই যেন একটি গ্রামে মতো। সময় ও দূরত্বকে খুব সহজে অতিক্রম করার সাফল্য অর্জন করেছে। যোগাযোগ, যাতায়াত, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, শিল্প, বাণিজ্য, কৃষিসহ সকল ক্ষেত্রেই অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। জীবনোপকরণের সব সামগ্রীই হাত বাড়লেই পাওয়া যায়। যা একসময় দুর্লভ দুঃস্বপ্ন, কল্পনা বিলাস বলেই ভাবা হত। তাই এখন বাস্তব। ফলে এমন ভাবা স্বাভাবিক যে মানুষ আগের মত অসহায় নয়। অনেক ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। আসলে মানুষ হল সৃষ্টির সেরা। সুন্দরতম সৃষ্টিজীব হিসাবে মানুষকে দেয়া হয়েছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, মেধা ও ইচ্ছাশক্তি। বাকী সবসৃষ্টিকে মূলত মানুষের প্রয়োজনে তার সেবার জন্যই সৃষ্টি করা হয়েছে।

আকাশ ও পৃথিবীতে দৃশ্য ও অদৃশ্যমান যা কিছু আছে সবই মানুষের সেবায় নিয়োজিত। এসবকে কাজে লাগিয়ে মানুষ তার মেধার বলে নব নব বিষয় উদ্ভাবন করছে। এর পুরোটাই স্রষ্টার দান ও অনুগ্রহ। বস্তুতে লুকায়িত সম্ভাবনা ও মেধা শক্তি মানুষের নিজস্ব সৃষ্টি নয়। সুতরাং প্রকৃতপক্ষে চেষ্টা-সাধনা ও গবেষণার কৃতিত্ব দাবী করলেও আসল মহিমা তো সৃষ্টিকর্তারই। তার অবারিত দানকে কাজে লাগিয়েই মানুষ সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করছে। তিনি যেভাবে যেটা চান সেটা সেভাবেই হয়। তার ইচ্ছা ও ক্ষমতাকে অতিক্রম করার শক্তি কারো নেই। তার ক্ষমতার কাছে এক নিমিষে অন্যসব ক্ষমতার দর্প চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

এ উপলব্ধির অভাবই যুগে যুগে মানব সভ্যতা ও সমাজে বিপর্যয় ডেকে এনেছে। জ্ঞান-জ্ঞিান, প্রযুক্তি ও অন্যান্য অর্জন মানুষকে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ ও অনুগত হওয়ার পরিবর্তে অকৃতজ্ঞ ও অহংকারী করেছে। ফলে সে সীমালঙ্ঘনকারী দুর্বিনীত ও বেপরোয়া হয়ে পড়ে। সে কারণে নৈতিকতা ও আদর্শের মর্মান্তিক অবক্ষয় ঘটে। সুবিচার ন্যায়-নীতি ও সততা বলে কিছু থাকে না। সৎ-সুন্দর বৃত্তির অপমৃত্যু ঘটে। অসৎ বৃত্তি ও অপরাধপ্রবণতা প্রবল হয়ে ওঠে। জুলুম-নির্যাতন অন্যায়-অবিচার, পাপাচার অবলিলায় চলতে থাকে এবং ভয়াবহ সামাজিক অধঃপতন ঘটে। এসব পাপাচার যখন সকল সীমা অতিক্রম করে তখন অনিবার্যভাবে নেমে আসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এটা মানুষকে সতর্ক করার জন্য যে, সে যতই উন্নতি-অগ্রগতির শিখরে আরোহণ করুক অতিরিক্ত বাড়াবাড়ি ও সীমা লংঘন করলে কোন ছাড় নেই। মহাগ্রন্থ আলকুরআনের সুস্পষ্ট বাণী হচ্ছে- জল ও স্থলে সকল অশান্তি ও বিপর্যয় মানুষের নিজ হাতের অর্জন। অর্থাৎ এর দায় তার ওপরই বজায়।

সীমালংঘন থেকে বিরত না হলে ও সংশোধনের পথে ফিরে না আসলে এমন ভয়াবহ ধ্বংসলীলা নেমে আসে যেটা মোকাবেলা করার ক্ষমতা আসমান জমিনে আর কারো নেই। এটা নতুন কোন বিষয় নয়। যুগ যুগ ধরে এ ধারা অব্যাহত আছে। কত সমাজ সভ্যতা জনপদ এভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে তার কোন ইয়ত্তা নেই। ইতিহাস তার সাক্ষী। ইতিহাসের পাতায় পাতায় সেসব কথার উল্লেখ রয়েছে। তারই একটি বিভীষিকাময় চিত্র দেখা গেলো নেপালের সাম্প্রতিক পাহাড়ী বন্যায়। এক মুহূর্ত আগেও কেউ কল্পনাও করতে পারে নি কী ঘটতে যাচ্ছে। অকস্যাৎ পাহাড় থেকে নেমে এল প্রলয়ংকারী বন্যা। কিছু বুঝে ওঠার আগেই শুকনো তৃণখণ্ডের মত ভেসে গেলো সবকিছু। মজবুত পাকাভবন, কালভার্ট, ব্রীজ, নগর-বন্দর, গ্রাম প্রবল পানির তোড়ে এমনভাবে ভেসে গেলো যে সেখানে বসতির কোন চিহ্নই থাকল না। পৃথিবী কোন শক্তির কী ক্ষমতা ছিল এই বন্যাকে প্রতিহত করার। মানুষের শক্তির বড়াই অহংকার কোনই কাজে আসল না। সাজানো-গোছানো সবকিছুই নিমিশে বিলীন হয়ে গেলো। অকাতরে অসহায়ভাবে প্রাণ হারালো অসংখ্য বনি আদম। কয়েকদিন আগে কলম্বিয়ায় সংঘটিত ভূমিকম্পেও অনুরূপ ধ্বংসলীলা প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী।

আমেরিকা পরাশক্তি বিশ্বমোড়ল। সবাইকে চোখ রাঙায়। সেই আমেরিকা যখন মারাত্মক ঝড়-বন্যা-তুষারপাতে আক্রান্ত হয় তখন তার মোকাবেলায় কিছুই করতে পারে না অসহায় আত্মসমর্পণ ছাড়া। দেশে দেশে মাঝে মাঝেইত এমন ঘটনা ঘটছে।

অতীতের দিকে তাকালে আমরা হযরত নূহ (আ:)-এর সময়কার প্রলংকারী মহাপ্লাবনের কথা জানতে পারি। তার জাতি ছিল অমিত শক্তিধর ও দীর্ঘজীবী। তাদের গর্ব অহংকারের সীমা ছিল না। অবলীলায় সীমা লংঘন করত এবং ধরাকে সরাজ্ঞান করত। হযরত নুহ (আ:) তাদেরকে সঠিক পথে চলার জন্য আহ্বান জানালেন কিন্তু তার কথা তারা মানল না বরং তার ওপর সীমাহীন অত্যাচার-নির্যাতন চালালো। সাড়ে ৯শত বছর পর্যন্ত তিনি তাদের বোঝাবার চেষ্টা করলেন। তারা কিছুেতই তার কথা শুনল না। তাদেরকে শাস্তি দানের জন্য ভয়াবহ বন্যার ব্যাপারে সতর্ক করা হল। তাতেও তারা কর্ণপাত করল না। অবশেষে বন্যা আসল এবং নুহের (আ:) অবাধ্য জাতি ডুবে মারা গেল। যারা নুহ (আ:)-এর সাথে তার নৌকায় আরোহণ করেছিল তারাই কেবল রক্ষা পেয়েছিল। পৃথিবীর প্রায় সকল জাতি এ কাহিনীর সাথে পরিচিত।

অতীত ইতিহাস থেকে এরমবাসীর ধ্বংসের কাহিনী জানা যায়। তারা এমন সব অট্টালিকা ও স্থাপনা তৈরি করেছিল জগতে তার তুলনাই ছিল না। কিন্তু তারা ছিল অবাধ্য ও অহংকারী। সে সময় নবী ছিলেন হযরত হুদ (আ:)। তারা নবীর কথায় কান দিল না। বরং অহংকারে ছিল মদমত্ত। জানা যায়, এরমের সম্রাট ছিলেন সাদ্দাদ, তিনি ছিলেন দুর্বিনীত, উদ্ধত, অহংকারী। তার চেয়ে শক্তিশালী ক্ষমতাবান কেউ আছে বলে স্বীকার করতেন না। ছিলেন বেপরোয়া সীমালংঘনকারী। তাকে আল্লাহর ওপর ঈমান আনার ও তার আনুগত্য মেনে চলার আহ্বান জানান হল। বলা হল ঈমান আনুগত্যের বিনিময়ে আখেরাতে জান্নাত পুরস্কার পাবেন ও জাহান্নামের আজাব থেকে রেহাই পাবেন। জান্নাতের সুখ-শান্তি আরাম-আয়েশের কথা, সীমাহীন নাজ-নেয়ামতের কথা বলা হল। কিন্তু সাদ্দাদ কোনো কর্ণপাত না করে বরং তার চেয়ে শক্তিমান কেউ নেই বলে জাহির করল। জানিয়ে দিল আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেই একটি বেহেশত বানানোর ঘোষণা দিল। প্রশ্ন হলো কে এই সাদ্দাদ? সমুদ্রে ঝড়ের কবলে ডুবে যাওয়া একটি জাহাজে তার জন্ম হয়েছিল। সদ্যজাত সাদ্দাদ ও তার মা ডুবে যাওয়া জাহাজের একটি ভাসমান তক্তা খণ্ডের ওপর ভাসছিল। এ সময়ই তার মা মারা যায়। অবোধ, এতিম, অসহায় সাদ্দাদকে নিয়ে তক্তাখণ্ড ভাসতে ভাসতে একটি দ্বীপের কিনারায় ঠেকে যায়। তখন পিপাসার্ত একটি বাঘ সাদ্দাদকে ডিঙ্গিয়ে পানি পান করতে নামে। বাঘের দুধের বোটা তার মুখে লাগে আর সে বাঘের দুধ পান করতে থাকে। বাঘটি খুব স্বস্তি পায়। কারণ বাঘটির সদ্যজাত বাচ্চা মারা যাওয়ায় দুধের ভারে সে অস্থির হয়ে পড়েছিল। বাঘটি সাদ্দাদকে নিজের গুহায় নিয়ে তার দুধ খাইয়ে লালন-পালন করে। সাদ্দাদ পশুদের সাথে বেড়ে ওঠে। এক সময় শিকারীরা ঐ দ্বীপে আসে এবং সাদ্দাদকে দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে যায় এবং তার লালন-পালনের ব্যবস্থা করে। শারীরিকভাবে সে ছিল অত্যন্ত শক্তিশালি ও অত্যন্ত বুদ্ধিমান। ফলে বড় হয়ে সহজেই শাসক বনে যায়। তার দাপট এতটাই বেড়ে যায় যে, বাঘ-ছাগলে এক ঘাটে পানি খেত। ক্ষমতা ও বিপুল সম্পদের মালিক হয়ে সে ভয়ঙ্কর বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী বনে যায়। ক্ষমতার বড়াই আর জিদের কারণে তাওহীদের দাওয়াত সে তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করে এবং নিজেই বেহেশত বানিয়ে তাতেই চিরকাল থাকার ঘোষণা দেয়।

সে মোতাবেক সারা দুনিয়ার সকল প্রান্ত থেকে সোনা, রূপা, হিরা-জহরত, মনি-মাণিক্যসহ মূল্যবান পাথর ও নানা সামগ্রী সংগ্রহ করতে থাকে এবং সেগুলো দিয়ে সৌন্দর্য ও সুসমামণ্ডিত অসাধারণ অপূর্ব এক বেহেশতখানা তৈরি করে। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর উজির-নাজির কোতোয়াল ও পারিষদবর্গসহ শান-শওকতের সাথে সে বেহেশত অভিমুখে রওনা করে। বেহেশতের প্রধান ফটকে এসে ঘোড়া থেকে এক পা নীচে নামানোর সাথে সাথে তার সামনে এক ভয়ঙ্কর মূর্তির বিশাল দেহধারী এসে হাজির হয়। সাদ্দাদ হুংকার দিয়ে বলে কে তুমি? এত বড় সাহস আমার পথ আগলে দাঁড়িয়েছ? বলা হলো আমি আজরাইল, তোমার জান নিতে এসেছি। সাদ্দাদ ভয় পেয়ে যায় এবং কাতর কণ্ঠে বেহেশতটা একবার দেখার সুযোগ দেয়ার জন্য অনুনয়-বিনয় করতে থাকে। কিন্তু কোনো কাজ হলো না। সেখানেই তার মর্মান্তিক মৃত্যু ঘটল। সাথে সাথে তার বেহেস্তসহ গোটা নগরী ও জনপদ আল্লাহর কঠিন আজাবে মাটির সাথে মিশে ধূলায় পরিণত হলো। এভাবেই সাদ্দাদ ও তার সীমালঙ্ঘনকারী পাপাচারী জাতি নিশ্চিহ্ন হয়ে গেল।

আর এক নবী হযরত সালেহ (আ.)-এর মহাদুষ্ট জাতি কঠিন নিষেধাজ্ঞা অমান্য করে অলৌকিক উটনীকে পানি পানে বাধা দিল ও তাকে হত্যা করল। ফলে আল্লাহর আজাবের চাবুক তাদেরকে ধরাপৃষ্ঠ থেকে মুছে ফেলল।

অত্যাচারী মূর্তিপূজারী নমরূদ হযরত ইব্রাহীম (আ.)-এর ডাকে সাড়া দিল না বরং ইব্রাহীম (আ.)কে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করল ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহ ক্ষুদ্র মশকবাহিনী পাঠিয়ে নমরূদ ও তার বাহিনীকে ধ্বংস করে দিলেন।

ফেরাউনের ঘটনা তো সবাই জানে। সে বনীইসরাইলীদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছিল। বনী ইসরাইলের যুবকদের হত্যা ও নারীদেরকে দাসী বানিয়ে রেখেছিল, এমনকি নিজেকে সর্বশ্রেষ্ঠ রব ঘোষণা করে তাকে প্রভু মানতে প্রজাদের বাধ্য করেছিল। তাওহীদবাদী মূসা (আ.) ও তার অনুসারীদের খতম করার জন্য ফেরাউন তাদের পিছু নিয়েছিল। কারণ মূসা (আ.) ও তার গোত্র ফেরাউনকে মানতে রাজি ছিল না। আর মূসা (আ.) তাকে আল্লাহর ওপর ঈমান আনতে ও তার হুকুম মেনে চলতে দাওয়াত দিয়েছিলেন। জালেম ফেরাউন তার দাওয়াত অবলিলায় প্রত্যাখ্যান করে নিজেকে রব দাবির ঘোষণায় অটুট থাকে। অবশেষে আল্লাহ পাক ফেরাউনকে তার দলবলসহ সাগরের পানিতে ডুবিয়ে মারলেন। ফেরাউনের লাশটি নিদর্শন হিসেবে মিশরে এখনো সংরক্ষিত আছে।

নবী লুত (আ.)-এর জাতির ঘটনাও ভয়ংকর। তার জাতি ছিল সমকামী। নবী লুত তাদেরকে এমন ঘৃণ্য অপকর্ম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাতে থাকেন, কিন্তু কে শুনে কার কথা। তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছিল যে, আল্লাহর গজব নাজিলের সতর্ক বার্তাও তারা উপেক্ষা করল। নবী লুতের ঘরে মানুষ রূপে একদল ফেরেশতা আসল। জাতির লোকেরা খবর পেয়ে ছুটে গেলো। ফেরেশতারূপী মেহমানদের তাদের হাতে তুলে দিতে বলল। নবী তাদের নিবৃত করতে অনেক অনুনয়-বিনয় করলেন। তারা শুনল না। ফলে আল্লাহর জমি উল্টিয়ে তার নীচে চাপা দিয়ে লুত (আ.) নবীর গোটা জাতিকে চিরতরে ধ্বংস করলেন।

এসব ঘটনায় একটি বিষয় স্পষ্ট যে, ব্যক্তি বা জাতিগতভাবে মানুষ যতই শক্তিশালী হোক আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি দুর্যোগ বিপর্যয় নেমে আসে তখন তা রোধ করার ক্ষমতা কেউ রাখে না। মহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত। সর্ব বিষয়ে সর্বশক্তিমান তিনি। জীবন-মৃত্যুর মালিক তিনি। কেউ মানুক বা না মানুক তাতে কিছু যায় আসে না। তিনি যা চান তাই করেন। বাধা দেয়ার শক্তি-সাহস কারো নেই। তার কাছে আত্মসমর্পণ করাই চরম ও পরম নির্ভরতা ও স্বস্তি। সর্বাবস্থায় তিনিই সংরক্ষক হেফাজতকারী। তার ওপর আস্থা রেখে তাকে মেনে চলাই নিরাপত্তার গ্যারান্টি। ঐশী বাণী হচ্ছে— ‘তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ যে আকাশের মালিক আল্লাহ তায়ালা কি তোমাদেরসহ জমিনকে ধসিয়ে দেবেন না, তখন তা প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। অথবা তোমরা কি নিশ্চিত, আকাশের (অধিপতি) আল্লাহ তোমাদের ওপর এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রেরন করবেন না? তখন অবষ্যই জানতে পারবে কেমন ছিল (ভয়াবহ) আমার সতর্কবাণী (উপেক্ষা করা)।

মানুষ যতই উন্নতি-অগ্রগতি অর্জন করুক বা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেকে সুসজ্জিত ও শক্তিশালী করুক, বড় বড় প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় তা তুচ্ছাতিতুচ্ছ বললে অত্যুক্তি হবে না। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি, প্লাবন, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি ঠেকাবার মতো কি শক্তি ও ক্ষমতা আছে মানুষের হাতে। তিলে তিলে গড়ে তোলা সকল আয়োজন-প্রস্তুতি মুহূর্তের আঘাতে তছনছ হয়ে যায়। দুর্যোগ কবলিতরা চরম অসহায়ভাবে অঘোরে জানমালসহ সবকিছু হারায়।

অতএব মহান স্রষ্টা আল্লাহর নিকট আত্মসমর্পণ ও তার নিঃশর্ত আনুগত্যের কোন বিকল্প নেই। তারই নিকট ফিরে আসতে হবে। যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর নির্ভর করে তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী।