মো. সাজেদুল ইসলাম
সম্প্রতি পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর নানা আয়োজনের মাধ্যমে এই দিবস পালন করা করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এই দিবসটি। এই দিবসটি পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্যশিক্ষা সচেতনাতার দিন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতানুসারে, মানসিক স্বাস্থ্য হলো মানসিক সুস্থতার এমন একটি অবস্থা যা মানুষকে জীবনের চাপ মোকাবেলা করতে, তাদের সক্ষমতা উপলব্ধি করতে, ভালোভাবে শিখতে ও কাজ করতে এবং তাদের সমাজে অবদান রাখতে সক্ষম করে। এর অন্তর্নিহিত ও প্রায়োগিক মূল্য রয়েছে এবং এটি একটি মৌলিক মানবাধিকার। সকলের মানসিক স্বাস্থ্য ঝঁুিক থেকে পরিত্রাণ পাবার, মানসম্মত স্বাস্থ্য পরিচর্যা পাওয়ার, স্বাধীনতা ও সমাজে অন্তর্ভুক্তির অধিকার রয়েছে। কল্যাণ ও সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মানসিক স্বাস্থ্য পরিস্থিতিগুলোর মধ্যে মানসিক ব্যাধি এবং মনস্তাত্ত্বিক-সামাজিক অক্ষমতার পাশাপাশি অন্যান্য মানসিক অবস্থাও অন্তর্ভুক্ত, যা তীব্র মানসিক যন্ত্রণা, কার্যক্ষমতার অবনতি বা আত্ম-ক্ষতির ঝুঁকির সাথে যুক্ত। অনেক মানসিক স্বাস্থ্য পরিস্থিতির তুলনামূলকভাবে কম খরচে কার্যকরভাবে চিকিৎসা করা সম্ভব, তবুও বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাগুলো উল্লেখযোগ্যভাবে সম্পদ-সংকটে ভুগছে এবং চিকিৎসার ব্যবধান ব্যাপক।
কুষ্ঠরোগ বাংলাদেশের অন্যতম একটি জাতীয় স্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, কুষ্ঠরোগের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে এমন বিশ্বের ২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম এবং কুষ্ঠজনিত কারণে সৃষ্ট প্রতিবন্ধীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম।
এই রোগে সময়মতো মানসম্মত চিকিৎসা না নিলে প্রতিবন্ধিতা দেখা দেয়। কুষ্ঠ রোগীরা শারীরিক সমস্যার পাশাপাশি বিভিন্ন ধরনের মানসিক, আবেগীয় ও সামাজিক সমস্যায় ভুগতে পারেন। কুষ্ঠ একটি দীর্ঘমেয়াদি সংক্রামক রোগ। এই রোগের চিকিৎসা রয়েছে এবং সময়মতো চিকিৎসা গ্রহণ করলে এটি নিরাময়যোগ্য। এর চিকিৎসা ও পরীক্ষা সারা দেশে বিনামূল্যে পাওয়া যায়। তবে রোগটি সম্পর্কে অজ্ঞতা, সামাজিক কুসংস্কার, বৈষম্য ও নেতিবাচক মনোভাবের কারণে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
আমাদের দেশে সাধারণ হাসপাতালগুলো কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিতে বেগ পেতে হয়, যা রোগীদের জন্য মানসিক সমস্যা তৈরি করে। অভিযোগ রয়েছে যে, আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কাউন্সেলিং সহ মানসিক স্বাস্থ্য পরিষেবা পর্যাপ্ত নয়। এই পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত কাউন্সেলর এবং বিশেষজ্ঞ স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন।
কুষ্ঠ নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ’দ্য লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ (টিএলএমআই-বি)’ এর মতে, কুষ্ঠ রোগীরা নানা মানসিক সমস্যায় আক্রান্ত হয়। দীর্ঘদিনের রোগ, সামাজিক অবহেলা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তারা হতাশায় ভোগে। রোগীরা যে সমস্ত সমস্যার মুখোমুখী হন তা হলো, রোগের পরিণতি, চিকিৎসা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা; নিজেকে তুচ্ছ, অযোগ্য বা অন্যদের তুলনায় হীন মনে করা; শারীরিক পরিবর্তন বা প্রতিবন্ধকতার কারণে নিজেকে অন্যদের চেয়ে ছোট মনে করা; রোগটিকে ভুলভাবে নিজের দোষ বা অতীতের কোনো পাপের ফল মনে করা; পরিবার, বন্ধু ও সমাজ থেকে দূরে থাকা বা বিচ্ছিন্ন হয়ে পড়া।
সমস্যাসমূহের মধ্যে আরো রয়েছে পরিবার, প্রতিবেশী, কর্মক্ষেত্র বা বিবাহের ক্ষেত্রে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা; রোগের কারণে অপমান, অবহেলা ও অসম আচরণের শিকার হওয়া; অন্যদের কাছ থেকে মানসিক সমর্থন না পাওয়া এবং নিজেকে নিঃসঙ্গ মনে করা; সামাজিক অবহেলা, বৈষম্য ও জীবনের সীমাবদ্ধতা নিয়ে ক্ষুব্ধ হওয়া; রোগের কারণে অঙ্গবিকৃতি, প্রতিবন্ধকতা, কর্মহীনতা বা পরিবারের সমর্থন হারানোর ভয়; সামাজিক মেলামেশা, কাজকর্ম ও দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস কমে যাওয়া; দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত হওয়া; পরিবারের অবহেলা, সম্পর্কের টানাপোড়েন; তীব্র হতাশা, সামাজিক প্রত্যাখ্যান ও দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের কারণে কিছু রোগীর মধ্যে আত্মহানির চিন্তা দেখা দিতে পারে; রোগের কারণে দৃশ্যমান শারীরিক পরিবর্তন বা অক্ষমতা দেখা দিলে নিজের চেহারা ও শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা; কর্মসংস্থান, বিবাহ, পারিবারিক জীবন ও আর্থিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি।
কুষ্ঠ নিরাময়যোগ্য এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও অক্ষমতা প্রতিরোধ করা সম্ভব। তাই রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ, পরিবারের সহযোগিতা, সামাজিক সচেতনতা, মানসিক স্বাস্থ্যসেবা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি অবহেলা বা বৈষম্যের নয়, বরং সম্মান, সহমর্মিতা ও সহযোগিতা পাওয়ার অধিকারী। কুষ্ঠ রোগীদের মানসিক সমস্যার পেছনে শুধু রোগের শারীরিক প্রভাব নয়, বরং সামাজিক কুসংস্কার, কলঙ্ক, বৈষম্য ও মানসিক সমর্থনের অভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই তাদের জন্য প্রয়োজন মানসিক স্বাস্থ্যসেবা, পরিবারের সহযোগিতা, সামাজিক সচেতনতা, বৈষম্য দূরীকরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। মানসিক সমস্যার সমাধানে চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং বা মনোসামাজিক পরামর্শ করা, রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। রোগীকে বোঝাতে হবে যে, কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য এবং এই রোগে আক্রান্ত হওয়া কোনো ব্যক্তির অপরাধ নয়। প্রয়োজনে মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ বা প্রশিক্ষিত কাউন্সেলরের সহায়তা নিতে হবে। পরিবারকে সম্পৃক্ত করা ও পরিবারের সদস্যদের রোগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে।
রোগীকে অবহেলা, অপমান বা একঘরে করা যাবে না। রোগ সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতে হবো। কুষ্ঠ রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে। বোঝাতে হবে যে, কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য এবং দ্রুত চিকিৎসা নিলে স্থায়ী অক্ষমতার ঝুঁকি কমানো যায়।
আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধি করা, রোগীকে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে উৎসাহিত করতে হবে। তার দক্ষতা, সাফল্য ও ইতিবাচক গুণাবলির প্রশংসা করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। রোগীকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। দলগত আলোচনা ও পারস্পরিক সহযোগিতার উদ্যোগ নিতে হবে। কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে সহায়তা দল গঠন করা যেতে পারে। একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন। দলগত কাউন্সেলিং একাকিত্ব কমাতে এবং মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করতে পারে।
সামাজিক কুসংস্কার, অজ্ঞতা ও বৈষম্য দূর করা দরকার। পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র ও সমাজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। কুষ্ঠ রোগীদের সমান অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের প্রতি নেতিবাচক আচরণ ও বৈষম্য প্রতিরোধ করতে হবে। স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সামাজিক সংগঠনকে সচেতনতামূলক কাজে যুক্ত করতে হবে। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য চিকিৎসার উদ্যোগ নিতে হবে।
রোগীর বিষন্নতা, তীব্র উদ্বেগ, ঘুমের সমস্যা বা দৈনন্দিন কাজকর্মে গুরুতর অসুবিধা দেখা দিলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। রোগী আত্মহত্যা বা নিজের ক্ষতি করার কথা বললে তাকে একা না রেখে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে।
কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের মানসিক সমস্যার সমাধানের জন্য শুধু ওষুধ নয়, বরং মানসিক সহায়তা, পারিবারিক সহযোগিতা, সামাজিক সচেতনতা, বৈষম্য দূরীকরণ এবং সারা দেশে হাসপাতালগুলোতে কাউন্সিলিংসহ যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। রোগীকে সম্মান, ভালোবাসা ও সহযোগিতা প্রদান করলে তার আত্মবিশ্বাস বাড়ে এবং স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে আসা সহজ হয়।
লেখক : সাংবাদিক
