নাসির বাবু
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতির প্রধান বুনিয়াদ কৃষি। আমাদের দেশের মোট দেশজ উৎপাদনের ১২ শতাংশই আসে কৃষি থেকে। যার ফলে দেশের অধিকাংশ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশে প্রায় ৮৮ লাখ ৩০ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। গবেষণা তথ্য অনুযায়ী বাংলাদেশের মাটি চাষাবাদ এর জন্য খুবই উপযোগী। গত পঞ্চাশ বছরে বাংলাদেশের কৃষিজ উৎপাদন প্রায় ৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা তার বাস্তব প্রমাণ। এই ধারা অব্যাহত থাকলে তথ্য প্রযুক্তির এই আধুনিক যুগে কৃষিখাত একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে। অথচ বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কবলে পরে বর্তমানে কৃষি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে।
একজন কৃষক সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দেশের মানুষের অন্ন যোগায়। অথচ তারাই এদেশে সবচেয়ে বেশি উপেক্ষিত ও অবহেলিত। বাংলাদেশে সবকিছুর দাম বৃদ্ধি পেলেও কৃষক তার সুফল পায় না। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো বর্তমানে এক মন ধান উৎপাদনে কৃষকের যে টাকা খরচ হয়, ধান বিক্রি করে সে টাকায় একজন শ্রমিক পাওয়া যায় না। কৃষিতে একদিকে যেমন শ্রমিক সংকট, একই সাথে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার তেমন নাই বললেই চলে। এক কেজি ধানের বীজ ক্ষেত্র বিশেষে ১০০০ টাকায় ক্রয় করতে হয়, সেখানে মৌসুমে এক মন ধান ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়। প্রতিকূল আবহাওয়া, শ্রমিক সংকট ও বীজের উচ্চ মূল্যের সাথে লড়াই করে কৃষক যখন ফসল উৎপাদনে হিমশিম খাচ্ছে তখন এর সাথে যুক্ত হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের সংকট। সরকারিভাবে বলা হচ্ছে বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিন্তু মাঠপর্যায়ের তার সুফল মিলছে না। সরকার নির্ধারিত মূল্যে বাজারে সার না মিললেও সিন্ডিকেটের কারণে উচ্চ মূল্যে ঠিকই সার পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
কোন কোন ক্ষেত্রে সরকার কৃষকদের বিনামূল্যে সার, বীজ সরবরাহ করে থাকে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় মৌসুমের মাঝামাঝি অথবা শেষের দিকে এই সার এবং বীজ কৃষকের কাছে পৌঁছায়। ততক্ষণে কৃষক হয়তো ধার-দেনা করে জমি চাষ করে ফেলেছে। যদি কাঙ্ক্ষিত সময়ে সার এবং বীজ সরবরাহ করাও হয় মূলত যারা কৃষক তারা এর সুফল খুব কমই পায়। স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা হয়। সরকারিভাবে যত টাকার সার, বীজ প্রণোদনা দেওয়া হয় তা উঠাতে কৃষককে সারাদিন কৃষি অফিসেই দাঁড়িয়ে থাকতে হয়।
ফলে সারাদিনের পরিশ্রমের টাকায় হয়তো সমমূল্যের সার বীজ কেনার উপক্রম হয়। এতে সরকারি প্রণোদনার প্রতি কৃষকদের কিছুটা অনীহা সৃষ্টি হচ্ছে। প্রণোদনা পেতে ক্ষেত্র বিশেষে রাস্তার ধারে জমি দেখানো বাধ্যতামূলক হয়ে ওঠে। এতে কিছুটা লোক দেখানো সহায়তার বহিঃপ্রকাশ পায়। ফলে প্রশ্ন থেকে যায় প্রান্তিক পর্যায়ের কৃষকেরা সত্যিকার অর্থেই সহায়তা পাচ্ছে কি না?
বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশে তেলের দাম স্মরণকালের সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। যা কৃষি পণ্য উৎপাদন ব্যয় বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে। উৎপাদন খরচ বাড়লেও কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের চরম হতাশায় দিন কাটছে। কেননা উৎপাদিত ধান সরকার সুলভ মূল্যে সংগ্রহ করলেও এক্ষেত্রেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত কৃষক এর জন্য নির্বাচিত হয় না। এখানেও অবৈধ লেনদেন হয় কি না খতিয়ে দেখা দরকার, কেননা বাজারে যখন ৮০০-৯০০ টাকা মন ধান বিক্রি হয় সরকার তখন ১৪৪০ টাকা মন ধান সংগ্রহ করে।
ফলে অসাধু ব্যবসায়ীদের এখানে বিশেষ নজর থাকে। যদিও কিছু কৃষক নির্বাচিত হয় তাদের হেনস্তার শেষ নেই। যেমন ধান অপরিষ্কার, আর্দ্রতা ঠিক নেই, নতুন ধানকে পুরাতন বলে ফেরত দেয়া ইত্যাদিসহ তারা নানা বিরম্বনার শিকার হন। গুদামের শ্রমিকদের বস্তাপ্রতি ২০ টাকা উপরি দিতে হয়,পরিবহন বাবদ খরচ হয় ৩০-৫০ টাকা ফলে সরকারি মূল্য গিয়ে দাঁড়ায় প্রতি মন ১৩০০-১৩৫০ টাকা। নানা অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কৃষকই বঞ্চিত হয় তার ন্যায্য পাওনা থেকে। সব মিলিয়ে সম্ভাবনাময় এই খাতটি আজ ধ্বংসের মুখে।
মাঝেমধ্যে সরকার কৃষি পণ্যের নির্ধারিত বাজার মূল্য ধার্য করলেও মাঠপর্যায়ের তার বাস্তবায়ন না থাকায় এর সুফল ভোগ করে একদল অসাধু ব্যবসায়ী। এভাবে সিন্ডিকেটের বেড়াজালে আবদ্ধ হয়ে দেশের কৃষি খাতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে বাধ্য হয়ে আমদানি বাড়াতে হচ্ছে। এতে একদিকে যেমন কৃষক ও কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসছে।
এভাবে চলতে থাকলে একসময় দেশের কৃষিভিত্তিক অর্থনীতি সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। বর্তমানে দেশে শিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার। কৃষি খাতের এই বিরুপ পরিস্থিতিতে দেশের উচ্চ শিক্ষিত তরুণরা কৃষি থেকেও মুখ ফিরিয়ে নিলে দেশে বেকারত্বের হার আরো বৃদ্ধি পাবে। এতে এ দেশ কৃষিতে সম্পূর্ণরূপে আমদানি নির্ভর হয়ে পড়বে। অথচ যথাযথ সরকারি নজরদারি থাকলে সার বা কৃষি সংশ্লিষ্ট পন্য স্বল্প মুল্যে আমদানি ও যথাযথ বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষিতে উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। এতে কৃষকের উৎপাদিত পণ্যের ব্যয় কমে আসলে বাজারে তার প্রভাব স্পষ্ট প্রতীয়মান হবে। কৃষি সংশ্লিষ্ট অন্যান্য পন্যের দামও কমে আসবে। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা হলেও কমানো যাবে।
তাছাড়া ফসল সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর প্রচুর ফসল নষ্ট হয়। বিশেষ করে আলু ও পেঁয়াজ সংরক্ষণের অভাবেই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করতে হয়। বিশেষ করে কোন প্রকার আগাম সতর্কতা ছাড়াই বিগত বছরগুলোতে বেশ কয়েকবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশীয় বাজারে এর বিরুপ প্রভাব পড়ে। দেশেই পর্যাপ্ত হিমাগার ও ফসল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে একদিকে যেমন কৃষক উপকৃত হবে একই সাথে দেশের রিজার্ভ সংরক্ষিত থাকবে।
পাশাপাশি কৃষিতে স্বল্প সুদে ঋণ ও দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ালে তরুন প্রজন্ম এই পেশায় আকৃষ্ট হবে। ফলে বেকারত্বের হার কিছুটা হলেও কমবে। সর্বোপরি সকল প্রকার সিন্ডিকেট ভেঙে কৃষিতে উৎপাদন খরচ কমালে, কৃষি একটি সম্মান ও লাভজনক পেশা হিসেবে গড়ে উঠবে। দেশের কৃষিজ পণ্যের আমদানি নির্ভরতা কমে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। বর্তমান সরকারের উচিত “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এই মূল প্রতিপাদ্য কে সামনে রেখে কৃষিভিত্তিক অর্থনীতিতে জোর দেয়া একইসাথে কৃষিতে ভর্তুকি ও বিনিয়োগ বৃদ্ধি করা।
লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
