ইসরাইলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতে গেলে পরাস্তই হয়েছেন। গাজায় গণহত্যা ও ব্যাপক ধ্বংসলীলা চালিয়ে এবং ইরানে দু’বার হামলা চালিয়েও জন সমর্থন তিনি ধরে রাখতে পারেন নি। সাম্প্রতিক নির্বাচনে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট ১২০ আসনের নেসেটে পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন সরকারবিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি। এখন আরব দলগুলোর সমর্থনই হতে পারে ক্ষমতার চাবিকাঠি। তারা নেতানিয়াহুকে সমর্থন করবেন না বলে ঘোষণা দিয়েছে। ফলে তার পক্ষে সরকার গঠন এক প্রকার অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবি ও ইসরাইলে ট্রাম্পের দোসর নেতানিয়াহুর পরাজয়কে গাজায় গণহত্যা ও ইরানে হামলার প্রতিফল হিসেবে দেখছেন তারা।

নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নেতানিয়াহুকে পাশ কাটিয়ে বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর আইজেনকটের সামনে এখন কঠিন রাজনৈতিক ও সংসদীয় সমীকরণ। তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে অন্তত ৬১ জন সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করতে হবে। অন্যথায় নেতানিয়াহুর আবারও সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। উভয় পক্ষ ব্যর্থ হলে ইসরাইলকে আরেকটি নির্বাচনের মুখোমুখি হতে পারে। সেটা এড়াতে পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

এদিক ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার গঠনের লড়াই আনুষ্ঠানিকভাবে নতুন পর্যায়ে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট হারজগও সংসদ সদস্যদের প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। অন্যদিকে ইসরাইলের ২৬তম নেসেটের স্পিকার হিসেবে প্রাক্তন মন্ত্রী মাতান কাহানাকে মনোনীত করেছে গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। বর্তমান নেতানিয়াহুপন্থী স্পিকার আমির ওহানা। তবে তাঁকে সরিয়ে মাতান কাহানাকে নতুন স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে। স্পিকার পরিবর্তনের বিষয়ে আগামী ১৭ নভেম্বর নেসেটে আনুষ্ঠানিক বিতর্ক ও ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ৬৭ জন সংসদ সদস্য আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। এই সংখ্যাগত ব্যবধানই আইজেনকটকে এগিয়ে দিয়েছে। তবে ৬৭ জনের সমর্থনের সুপারিশ পেলেই আইজেনকটের সরকার নিশ্চিত হয়ে যায় নি। আস্থা ভোটে তাকে জয়ী হতে হবে। তবে সে সম্ভাবনা প্রবল। আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজন হলে প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। অর্থাৎ ডিসেম্বরের ৬ তারিখের মধ্যে তাঁকে সরকার গঠনের চেষ্টা সম্পন্ন করতে হবে। সময় বাড়ানো হলে তা ২০ ডিসেম্বর পর্যন্ত গড়াতে পারে।

আরব দলগুলোর সমর্থনই কি ক্ষমতার চাবিকাঠি? : আইজেনকটের সরকার গঠনের সবচেয়ে বড় সম্ভাবনা আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন। ১৯ আসনের এই দলগুলো নেতানিয়াহুর বিরোধী। নির্বাচনের পর তারা আইজেনকটের পক্ষে অবস্থান নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ৫ নভেম্বর জয়েন্ট লিস্ট ঘোষণা করে, তারা প্রেসিডেন্টের কাছে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। এর আগে আট আসনের রা’আমও একই অবস্থান জানায়। ফলে আইজেনকটের পক্ষে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থনের সুপারিশ তৈরি হয়।

কিন্তু ইসরাইলের রাজনৈতিক বাস্তবতায় ফিলিস্তিনী বংশোদ্ভূত আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে জোট করা এখনো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ফলে আরব দলগুলোর সরাসরি অংশগ্রহণ নিয়ে আইজেনকটের জোটের মধ্যেও আপত্তি রয়েছে। তবে এখানে একটি বিকল্প রয়েছে। আরব দলগুলোকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করেও তাদের সংসদীয় সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন করা যেতে পারে। অর্থাৎ তারা সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে আস্থা ভোট ও গুরুত্বপূর্ণ সংসদীয় সিদ্ধান্তে সমর্থন দিতে পারে। এই পথ অনুসরণ করলে আইজেনকটের পক্ষে সরকার গঠন সম্ভব হতে পারে। ইসরাইলের রাজনীতিতে এ ধরনের সমর্থনের নজির রয়েছে।

কোন কারণে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহুর সামনে আবারও সুযোগ আসতে পারে। তবে তাঁর জোটের সমস্যা হলো, অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে সম্পর্ক আগের মতো মসৃণ নেই। বিশেষ করে সামরিক বাহিনীতে অতি-ধর্মীয় ইহুদি তরুণদের বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্নে বিরোধ দেখা দিয়েছে। ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশ নেতানিয়াহুর প্রতি আগের মতো সমর্থন দেখাচ্ছে না।

এ অবস্থায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন। এমন সরকারে তাঁর লিকুদ ও বিরোধী শিবিরের কয়েকটি দল একসঙ্গে অংশ নিতে পারে। কিন্তু আইজেনকটসহ বিরোধী নেতাদের নির্বাচনী অঙ্গীকার ছিল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। ফলে তাঁর নেতৃত্বাধীন ঐক্য সরকারে যোগ দেওয়া তাঁদের জন্য রাজনৈতিকভাবে কঠিন সিদ্ধান্ত হবে।

নতুন সরকারের নীতিতে কী পরিবর্তন আসতে পারে? : আইজেনকট সরকার গঠন করতে পারলে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি, বিচারব্যবস্থা এবং নিরাপত্তানীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। তাঁর রাজনৈতিক অবস্থান নেতানিয়াহুর তুলনায় মধ্যপন্থী হলেও তিনি ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও সামরিক স্বার্থের প্রশ্নে কঠোর অবস্থানের সমর্থক। আইজেনকটের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ৭ অক্টোবরের হামাস হামলার বিষয়ে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন। ২০২৩ সালের ওই হামলায় ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতা প্রকাশ পেয়েছিল। নেতানিয়াহু সরকার এত দিন এ বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের প্রশ্নে অনাগ্রহ দেখিয়েছে। আইজেনকট মনে করেন, হামলার আগে ও পরে সরকারের সিদ্ধান্ত এবং গোয়েন্দা ব্যর্থতার বিষয়গুলো জনসমক্ষে আসা প্রয়োজন।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ইসরাইলে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। নেতানিয়াহুর সরকার বিচার বিভাগের ক্ষমতা কমানোর উদ্যোগ নিলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। বিরোধীদের অভিযোগ, এসব উদ্যোগের মাধ্যমে সরকার বিচার বিভাগের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। নতুন সরকার গঠিত হলে এ বিষয়ে নতুন করে সংস্কার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে ফিলিস্তিন প্রশ্নে আইজেনকটের কাছ থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তনের প্রত্যাশা করা কঠিন। তিনি ইসরাইলের নিরাপত্তার প্রশ্নে আপসহীন। গাজা যুদ্ধ, পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ কিংবা ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অবস্থান নেতানিয়াহুর চেয়ে কতটা ভিন্ন হবে, সেটি এখনো স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্ভাব্য প্রভাব : ইসরাইলের এই নির্বাচন শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়তে পারে। ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত, গাজা যুদ্ধ, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ভূমিকা—সব মিলিয়ে ইসরাইল এখন এক জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে রয়েছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে ইসরাইলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন। তাঁর সরকার সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানের আঞ্চলিক প্রভাব কমানোর নীতি অনুসরণ করেছে। আইজেনকট সরকার গঠন করলেও ইরানের বিষয়ে ইসরাইলের নিরাপত্তানীতিতে মৌলিক পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সামরিক অভিযানের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের বিষয়ে নতুন সরকার ভিন্ন কৌশল নিতে পারে।

গাজা প্রশ্নেও নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে। যুদ্ধের মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের দুর্দশা এবং গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে। নতুন সরকার এ বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান নিলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ইসরাইলের সম্পর্ক উন্নত হতে পারে। তবে ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে কতটা অগ্রগতি হবে, তা নির্ভর করবে নতুন সরকারের রাজনৈতিক শক্তি ও অংশীদারদের ওপর। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নতুন সরকারের জন্য বিশেষ বিবেচনার বিষয় হবে। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। তবে আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে।

শেষ কথা : বর্তমান পরিস্থিতিতে গাদি আইজেনকটের সরকার গঠনের সম্ভাবনা নেতানিয়াহুর চেয়ে বেশি। এর প্রধান কারণ, প্রেসিডেন্ট তাঁকেই প্রথমে দায়িত্ব দিয়েছেন এবং সরকারবিরোধী দলগুলোর পাশাপাশি আরব দলগুলোর সমর্থনও তিনি পেয়েছেন। ৬৭ জন সংসদ সদস্যের সুপারিশ তাঁর রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। কিন্তু এই সমর্থনকে কার্যকর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় রূপান্তর করতে না পারলে তাঁর পক্ষে সরকার গঠন সম্ভব হবে না।

ইসরাইলের এবারের নির্বাচনকে শুধু সরকার পরিবর্তনের লড়াই হিসেবে দেখলে ভুল হবে। এটি দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যে তার ভূমিকার দিকনির্দেশনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।

লেখক : সিনিয়র সাংবাদিক।