বাংলাদেশ, নেপাল হয়ে জেন জি আন্দোলনের ঢেউ লেগেছে বিভিন্ন দেশে। এর মধ্যে ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায় জেন জিরা ভোট বিপ্লবের মাধ্যমে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে। সার্বিয়া হচ্ছে বসনিয়ার দুই কসাই রাদোভান কারাদজিক ও রাতকো ম্লাদিচের দেশ। বসনিয়ায় মুসলিম গণহত্যার জন্য তারা ছিলেন বিশ^ নিন্দিত। আন্তর্জাতিক আদালতে তাদের বিচারও হয়েছে। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার পর জাতিগত ও রাজনৈতিক সংঘাতের আগুনে পুড়তে থাকে বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়া হচ্ছে ইউরোপে একটি মুসলিম প্রধান জনপদ। বসনিয়া ১৯৯২ সালে স্বাধীনতার ঘোষণা দিলে বসনীয় সার্ব নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে। শুরু হয় ভূখ- দখল ও জাতিগত নিধনের ভয়াবহ অভিযান। ১৯৯২-৯৫ সালের যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। বসনিয়ার মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, হত্যার শিকার হন। ১৯৯৫ সালের ডেটন শান্তিচুক্তি এ যুদ্ধের অবসান ঘটায়। আক্রান্ত বসনিয়া সেই সময়ে বাংলাদেশসহ মুসলিম বিশে^র সমর্থন পেয়েছে।
যাই হোক, বসনিয়া-হারজেগোভিনা আলাদা অস্তিত্ব রক্ষা করে চলেছে আর সার্বিয়া চলেছে তার নিজ পথে। সার্বিয়াও একসময় সাবেক যুগোস্লাভিয়ার অংশ ছিল। ২০০৩ সালে যুগোস্লাভিয়া থেকে বেরিয়ে আত্মপ্রকাশ করে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রো। ২০০৬ সালে মন্টেনেগ্রো এবং সার্বিয়া পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ইউরোপের বলকান অঞ্চলের স্থলভাগে ঘেরা ছোট দেশ সার্বিয়ার জনসংখ্যা মাত্র ৬৬ লক্ষ। সেখানে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হলে ছাত্ররা তথা জেন জি ফুঁসে ওঠে। তারই প্রেক্ষাপটে আসে নির্বাচন। নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাধর নেতা আলেকসান্ডার ভুচিচের নেতৃত্বাধীন জোটকে পরাজিত করে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ‘স্টুডেন্ট লিস্ট’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গত ২৫ অক্টোবরের আগাম পার্লামেন্ট নির্বাচন দিতে বাধ্য হন ভুচিচ।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পতন নয়, সার্বিয়ার রাজনীতিতে একটি নতুন প্রজন্মের প্রবেশ ঘটল। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলন প্রায় দুই বছর ধরে রাজপথে ছিল, শেষ পর্যন্ত ব্যালটের মাধ্যমে তার রাজনৈতিক শক্তির প্রমাণ দিয়েছে।
এই ফলাফলকে বোঝার জন্য সার্বিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাতে হবে। আলেকসান্ডার ভুচিচ ২০১৪ সাল থেকে সার্বিয়ার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী অবস্থানে ছিলেনÑপ্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট হিসেবে। তিনি ক্রমে হয়ে ওঠেন কর্তৃত্ববাদী শাসক। তিনি সাবেক প্রেসিডেন্ট মিলোসেভিচ ও রুশ প্রেসিডেন্ট পুটিনের অনুসারী ছিলেন। কারাদজিকের পর স্লেবোদান মিলোসেভিচ প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনিও কর্তত্ববাদী শাসক ছিলেন। ভুচিচ আবার প্রধানমন্ত্রী পদে লড়াই করার উদ্দেশ্যে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তিনি আশা করেছিলেন তার দল নির্বাচনে জয়ী হলে তিনি পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, কিন্তু নির্বাচনে বিরোধী জোটের কাছে ঐতিহাসিক পরাজয় বরণ করায় তার এই পরিকল্পনা বাতিল হয়ে গেছে। তার সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে ছিল। বিরোধীরা তার সরকারের বিরুদ্ধে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, গণমাধ্যমের ওপর প্রভাব, দুর্নীতি, প্রশাসনিক প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং বিরোধীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ করে আসছিল।
এই দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে অসন্তোষের বিস্ফোরণ ঘটে ২০২৪ সালের নভেম্বরে এক মর্মান্তিক ঘটনার পর। সে সময় নোভি সাদ শহরের রেলস্টেশনের সংস্কার করা ভবনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। ঘটনাটি সার্বিয়ার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। ছাত্ররা অভিযোগ তোলে, নির্মাণকাজে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বহীনতার কারণে এই প্রাণহানি ঘটেছে। তারা ঘটনার স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি জানায়। প্রথমে একটি নির্দিষ্ট দুর্ঘটনার বিচার চেয়ে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকারবিরোধী বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্দোলনটি প্রচলিত রাজনৈতিক দলের নেতৃত্বে পরিচালিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মূল চালিকাশক্তি ছিল। তারা দলীয় নেতা বা প্রচলিত রাজনৈতিক কাঠামোর বদলে সমষ্টিগত নেতৃত্ব, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেয়। এ কারণেই আন্দোলনটি সার্বিয়ায় প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের এক ধরনের অনাস্থার প্রতীক হয়ে ওঠে। দুই বছর ধরে চলা বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী, শ্রমজীবী মানুষসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ যুক্ত হন। অক্টোবরের নির্বাচনের আগে বেলগ্রেডে ছাত্র আন্দোলনের এক বিশাল সমাবেশে প্রায় দেড় লাখ মানুষ অংশ নিয়েছিল বলে স্বাধীনভাবে জনসমাগম পর্যবেক্ষণকারী একটি সংগঠন জানিয়েছে।
অবশেষে ছাত্ররা সিদ্ধান্ত নেয়, শুধু রাজপথে আন্দোলন করে পরিবর্তন আনা সম্ভব নয়; রাষ্ট্রক্ষমতার কাঠামোতেও প্রবেশ করতে হবে। গড়ে ওঠে ‘স্টুডেন্ট লিস্ট’। এটি প্রচলিত অর্থে একটি ব্যক্তিনির্ভর রাজনৈতিক দল নয়। এর প্রার্থী তালিকায় ছিলেন শিক্ষক, চিকিৎসক, বিশেষজ্ঞ, প্রকৌশলী, কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিলÑএকজন সর্বময় নেতার পরিবর্তে সম্মিলিত নেতৃত্ব। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিরোধী ও নাগরিক সমাজের সংগঠনগুলো নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তার, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং গণমাধ্যমে অসম সুযোগের অভিযোগও উঠেছিল। তারপরও ছাত্র আন্দোলন পিছিয়ে যায়নি। বরং নির্বাচনের আগে তাদের বড় সমাবেশ প্রমাণ করে যে রাজপথের শক্তিকে তারা ভোটের শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছে। নির্বাচনী প্রচারে স্টুডেন্ট লিস্ট কোনো একক প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি। আন্দোলনের সম্মিলিত চরিত্র বজায় রাখাই ছিল তাদের অন্যতম বৈশিষ্ট্য। নির্বাচনী প্রচারে ইলিয়া সার্দানোভিচের মতো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সামনে আসেন।
বিশ্লেষকরা বলছেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্দোলনের নৈতিক শক্তিকে রাষ্ট্র পরিচালনার দক্ষতায় রূপান্তর করা। অন্যদিকে তাদের সামনে রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের বিশাল কর্মসূচি। দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নÑএসবই ছিল আন্দোলনের মূল দাবির অংশ। নির্বাচনের পর এসব বিষয়ে দ্রুত দৃশ্যমান পরিবর্তন না এলে তরুণদের যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, তা হতাশায় পরিণত হতে পারে। সার্বিয়ার পররাষ্ট্রনীতিও নতুন সরকারের জন্য কঠিন পরীক্ষা হবে। দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে থাকলেও দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে কসোভো প্রশ্ন সার্বিয়ার রাজনীতির অত্যন্ত স্পর্শকাতর বিষয়। নতুন সরকারকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা এবং প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা কমানোর মতো জটিল কূটনৈতিক সমীকরণ সামলাতে হবে। ছাত্র আন্দোলন ইতিমধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে।
এই নির্বাচনের আরেকটি তাৎপর্য হলো, এটি প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মকে দীর্ঘদিন রাজনীতির বাইরে রাখা যায় না। অনেক দেশে তরুণরা রাজনীতিবিমুখÑএমন ধারণা প্রচলিত। সার্বিয়ার অভিজ্ঞতা তার বিপরীত বার্তা দিয়েছে। তরুণরা যখন দেখে প্রতিষ্ঠান দুর্বল, দুর্নীতির অভিযোগ আছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না, তখন তারা বিকল্প রাজনৈতিক পথ খুঁজে নিতে পারে।
এখানে ‘জেন জি’ বলতে শুধু একটি বয়সভিত্তিক জনগোষ্ঠীকে বোঝালে ভুল হবে। সার্বিয়ার আন্দোলনের শক্তি এসেছে তরুণদের নেতৃত্বের সঙ্গে বৃহত্তর সমাজের সমর্থনের সমন্বয় থেকে। শুধু তরুণ ভোটারদের ভোটে এই জয় সম্ভব হয়নি; সমাজের বিভিন্ন শ্রেণি ও বয়সের মানুষও পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। তাই এটিকে জেনারেশন জি-র একক জয় না বলে ‘জেন জি-নেতৃত্বাধীন নাগরিক আন্দোলনের জয়’ বলা যথাযথ। নির্বাচনে জয়ী হওয়ার পর ছাত্র আন্দোলনকে আর শুধু আন্দোলনকারী হিসেবে দেখা যাবে না। এখন তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। রাজপথের স্লোগানকে নীতিতে, প্রতিবাদকে প্রশাসনিক সংস্কারে এবং তরুণদের প্রত্যাশাকে বাস্তব উন্নয়নে রূপান্তর করাই হবে তাদের আসল পরীক্ষা।
সার্বিয়ার নির্বাচন তাই শুধু একটি সরকারের পরাজয় কিংবা একটি নতুন শক্তির বিজয়ের গল্প নয়। এটি একটি প্রজন্মের রাজনৈতিক জাগরণের গল্প। নোভি সাদের একটি দুর্ঘটনা থেকে যে ক্ষোভের জন্ম হয়েছিল, তা দুই বছরের আন্দোলন পেরিয়ে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পৌঁছেছে। ভুচিচের দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান সেই আন্দোলনের ঐতিহাসিক সাফল্য। এখন দেখার বিষয়, এই তরুণ নেতৃত্ব সার্বিয়ার গণতন্ত্রকে কতটা শক্তিশালী করতে পারে। জেনারেশন জি যদি প্রমাণ করতে পারে যে প্রতিবাদ থেকে দায়িত্বশীল শাসনে যাওয়া সম্ভব, তাহলে সার্বিয়ার এই নির্বাচন শুধু বলকান অঞ্চলের নয়, বিশ্ব রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে সার্বিয়ার জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে; এখন সেই পরিবর্তনকে অর্থবহ করে তোলার দায়িত্ব নতুন নেতৃত্বের।
নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী স্টুডেন্ট লিস্ট ২৫০ আসনের পার্লামেন্ট ১৪০টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আর ইউনাইটেড সার্বিয়া ১০৪টি আসন পেয়েছে। এই ফলাফলের পর নতুন সরকার গঠন ও রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যেখানে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আনা ব্রনাবিচের মাধ্যমে চূড়ান্ত ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করা রয়েছে। অভিজ্ঞ রাজনীতিক ভুচিচের বিরুদ্ধে সে অর্থে কাউকে প্রেসিডেন্ট পদপ্রার্থীও ঘোষণা করেননি সার্বিয়ার ছাত্র-যুবরা। আন্দোলনটি মূলত কোনো একক নেতার ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, ফলে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষ থেকে সরাসরি কোনো একক নাম ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনী তালিকায় সবার ওপরে থাকা পেশায় চিকিৎসক ইলিজা স্রদানোভিচ -এর নাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, যদিও তা এখনও নিশ্চিত নয়। আগামী দিনগুলোতে তা পরিষ্কার হবে।
লেখক : সিনিয়র সাংবাদিক।
