সমালোচনার তীর উপেক্ষা করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে ৩১ অক্টোবরের ঐতিহাসিক লংমার্চ। ৩১ অক্টোবরের এ কর্মসূচি কেবল একটি রাজনৈতিক দলের কর্মসূচির সফল সমাপ্তি নয়; বরং বাংলাদেশের রাজনীতিতে গণজাগরণের নতুন অধ্যায়, বিরোধী রাজনৈতিক শক্তির জনসম্পৃক্ততা এবং নেতৃত্বের নতুন তাৎপর্য তুলে ধরেছে।
লংমার্চের সাফল্য : রাজনীতিতে নতুন গণজাগরণের সূচনা : সমালোচকদের সমালোচনা, বিরূপ মন্তব্য, তীর্যক বক্তব্য ও আক্রমণাত্মক ভাষাকে উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঐতিহাসিক লংমার্চ শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর মধ্য দিয়ে এ কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
লংমার্চের প্রতিটি গুরুত্বপূর্ণ বিরতিস্থলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিভিন্ন সমাবেশে বিপুল জনসমাগম, নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য মানুষের আগ্রহ এবং রাস্তার দুই পাশে নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়। কোথাও মানুষ দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানিয়েছে, কোথাও ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে, আবার কোথাও দীর্ঘ সময় অপেক্ষা করে অংশগ্রহণকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
এ দৃশ্য নিছক একটি রাজনৈতিক কর্মসূচির প্রতি মানুষের আগ্রহের বহিঃপ্রকাশ নয়; বরং দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন জনসম্পৃক্ততার ইঙ্গিত বহন করে। এটি প্রমাণ করে, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, ইসলামী আন্দোলন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত প্রকাশের একটি ক্ষেত্র তৈরি হয়েছে।
লংমার্চের সাফল্য বিচার করতে হলে শুধু এর তাৎক্ষণিক ফলাফল দিয়ে বিচার করলে চলবে না। এর রাজনৈতিক প্রভাব, জনসম্পৃক্ততা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক রাজনীতিতে এর সম্ভাব্য ভূমিকা বিবেচনায় নিতে হবে। এ কর্মসূচির সঙ্গে জড়িত রয়েছে রাষ্ট্র সংস্কার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের প্রশ্ন। লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী তার রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও দাবিগুলো জনগণের সামনে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
লংমার্চের প্রকৃত উদ্দেশ্য এবং সমালোচকদের বক্তব্য : লংমার্চের আগে ও পরে সমালোচকদের কেউ কেউ বলেছেন, লংমার্চ করে কোনো দাবি আদায় করা যায় না। সংবিধান সংস্কার হবে না, জ্বালানি সংকটের সমাধান হবে না, সরকারের নীতিগত পরিবর্তনও আসবে না। তাদের বক্তব্যের মধ্যে একটি প্রশ্ন রয়েছে-লংমার্চের মাধ্যমে বাস্তবে কী অর্জন সম্ভব ?
এখানে একটি মৌলিক বিষয় উপলব্ধি করা প্রয়োজন। লংমার্চের উদ্দেশ্য শুধু তাৎক্ষণিকভাবে কোনো দাবি আদায় করা নয়। বরং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, জনমত সংগঠিত করা, রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য সরকারকে রাজনৈতিকভাবে চাপের মুখে আনা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের পরিবেশ সৃষ্টি করাই এর অন্যতম প্রধান উদ্দেশ্য।
লংমার্চ নিজে সংবিধান সংশোধন করে না, জ্বালানি সংকটের সমাধানও করে না। কিন্তু লংমার্চের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়, সে গণজাগরণ সরকারের নীতিনির্ধারকদের জনগণের প্রত্যাশা উপলব্ধি করতে বাধ্য করতে পারে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে পারে, তাহলে সম্মানজনক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যার সমাধান করা সম্ভব।
আর সরকার যদি জনগণের আকাক্সক্ষাকে উপেক্ষা করে, তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে জনগণের রায় দেওয়ার সুযোগ বারবার ফিরে আসে। এক মাঘে শীত যায় না। জনগণও শেষবারের মতো ভোট দেয়নি। ভবিষ্যতেও জনগণ ভোট দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের কর্মকা-ের মূল্যায়ন করবে। সুতরাং লংমার্চের তাৎপর্যকে শুধু তাৎক্ষণিক দাবি আদায়ের মাপকাঠিতে বিচার করা রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক নয়।
জামায়াতে ইসলামী সরকার পতনের আন্দোলন করছে না : এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য এ আন্দোলন শুরু করেনি। জামায়াতের ঘোষিত আন্দোলনের লক্ষ্য জনগণের ন্যায্য দাবি আদায় এবং জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন। এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে কয়েকটি মৌলিক প্রশ্ন-জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও জনরায় বাস্তবায়ন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা সুরক্ষা, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা, রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা। এসব দাবি কোনো একক রাজনৈতিক দলের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নয়। এগুলো বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তার বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী এ লক্ষ্য সামনে রেখেই আন্দোলন পরিচালনা করছে। লংমার্চের মাধ্যমে সেই দাবিগুলোর পক্ষে জনগণের সমর্থন ও অংশগ্রহণের একটি দৃশ্যমান প্রকাশ ঘটেছে।
নেতৃত্বের কেন্দ্রে বিরোধীদলীয় নেতা : জাতীয় রাজনীতিতে নতুন মনোযোগ : যে কোনো আন্দোলন, সংগ্রাম কিংবা রাজনৈতিক-সামাজিক প্রতিষ্ঠান বা সংগঠনের প্রাণশক্তি হচ্ছে তার নেতৃত্ব। নেতৃত্বকে কেন্দ্র করেই একটি আন্দোলনের লক্ষ্য, কর্মসূচি, গতি ও কর্মপরিকল্পনা আবর্তিত হয়। নেতৃত্ব যত দৃঢ়, দূরদর্শী, সাহসী ও গতিশীল হয়, আন্দোলনের সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা তত বেশি বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। নেতৃত্বের ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, বক্তব্য এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা একটি আন্দোলনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে বিশেষ মনোযোগ সৃষ্টি হয়েছে। সংসদে তার বক্তব্য, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে তার অবস্থান এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচিতে তার ভূমিকা দেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে। লংমার্চের মধ্য দিয়ে এ মনোযোগ আরও বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মানুষের অংশগ্রহণ, কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সংহতি এবং নেতৃবৃন্দের বক্তব্যের পাশাপাশি বিরোধীদলীয় নেতার নেতৃত্বের বিষয়টিও আলোচনার কেন্দ্রে এসেছে। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, বিরোধীদলীয় নেতার বক্তব্যকে জনগণ কেবল দলীয় স্বার্থের বক্তব্য হিসেবে দেখছেন না; বরং তাদের দৃষ্টিতে তার বক্তব্যে জাতীয় স্বার্থ, জনগণের অধিকার, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আগ্রাসনবিরোধী অবস্থান, দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন গুরুত্ব পাচ্ছে। বিরোধীদলীয় নেতার প্রতিটি বক্তব্য, প্রতিটি রাজনৈতিক অবস্থান এবং সংসদীয় ভূমিকা এখন জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার নেতৃত্বে জনগণের প্রত্যাশা ও বিরোধী রাজনৈতিক শক্তির কর্মসূচির মধ্যে একটি সংযোগ তৈরির সম্ভাবনাও দেখা যাচ্ছে।
সংসদে দায়িত্বশীল ভূমিকা ও রাজপথে জনসম্পৃক্ততা : একজন বিরোধীদলীয় নেতার দায়িত্ব কেবল সরকারের সমালোচনা করা নয়। সংসদকে কার্যকর রাখা, সরকারের নীতি ও কর্মকা-ের জবাবদিহি নিশ্চিত করা, জনগণের দাবি ও অধিকার তুলে ধরা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করাও তার সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ। ডা. শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে তার বক্তব্য ও ভূমিকার মধ্য দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। একই সঙ্গে সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি ও জনসম্পৃক্ততার ক্ষেত্রেও তার ভূমিকা আলোচিত হচ্ছে। এ দুই ক্ষেত্রের সমন্বয় একটি বিরোধী নেতৃত্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সংসদে জনগণের বক্তব্য তুলে ধরা এবং রাজপথে জনগণের প্রত্যাশার সঙ্গে সংযোগ স্থাপন-এ দুইয়ের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে বিরোধী রাজনীতি আরও কার্যকর ও অর্থবহ হয়ে উঠতে পারে। লংমার্চের মধ্য দিয়ে এই নেতৃত্বের প্রতি মানুষের মনোযোগ আরও বিস্তৃত হয়েছে।
ব্যক্তিকে আক্রমণ নয়, বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে দিতে হবে : গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনা থাকবে, রাজনৈতিক বিতর্ক থাকবে। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের জবাব হওয়া উচিত যুক্তি, তথ্য, নীতি ও কর্মসূচির মাধ্যমে। কোনো রাজনৈতিক নেতাকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য প্রদান করলে তা রাজনৈতিক বিতর্ককে আরও সংকীর্ণ করে তুলতে পারে। সরকারপ্রধানসহ সরকারি দলের নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতাকে লক্ষ্য করে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে। কোন কোন ক্ষেত্র সরকার দলীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দের বক্তব্য অসত্য, বিভ্রান্তিকর ও অমূলক প্রতীয়মান হয়েছে। জনগণ শেষ পর্যন্ত দেখতে চায়-কে দেশের সমস্যার সমাধান নিয়ে কথা বলছেন, কে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন তুলছেন, কে সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখছেন এবং কে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছেন। রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের চেয়ে যুক্তিনির্ভর বিতর্কের গুরুত্ব অনেক বেশি। কারণ গণতন্ত্রে কোনো নেতা সমালোচনার ঊর্ধ্বে নন, আবার কোনো বিরোধী নেতার কণ্ঠও অযৌক্তিকভাবে উপেক্ষা করার সুযোগ নেই। বিরোধীদলীয় নেতাকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পরিবর্তে সরকার যদি তার উত্থাপিত প্রশ্নগুলোর তথ্যভিত্তিক জবাব দেয় এবং জনগণের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে, তাহলে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
বিএনপি সরকারের জন্য রাজনৈতিক বাস্তবতার বার্তা : বর্তমান বিএনপি সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। জনগণ জানতে চায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে অঙ্গীকার, প্রত্যাশা ও পরিবর্তনের আকাক্সক্ষা প্রকাশিত হয়েছিল, সরকার তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। কিন্তু ক্ষমতা গ্রহণের সাড়ে আট মাস অতিক্রান্ত হওয়ার পরও জনগণের প্রত্যাশিত সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। জনগণ জানতে চায়, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার কোথায়? বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠার উদ্যোগ কতটুকু এগিয়েছে? প্রশাসনিক নিরপেক্ষতা, মানবাধিকার, দুর্নীতি প্রতিরোধ এবং রাজনৈতিক জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ কী?
সরকারের উচিত এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া : কারণ রাষ্ট্র পরিচালনা শুধু ক্ষমতায় থাকার নাম নয়। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হলো জনগণের আস্থা, জনসমর্থন, স্বচ্ছতা এবং জবাবদিহি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা কোনো সরকারেরই জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করার অধিকার নেই।
যদি সরকার জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক হয়, তাহলে তাকে দলীয় স্বার্থ ও ক্ষমতার সংকীর্ণ হিসাবের ঊর্ধ্বে উঠতে হবে। রাষ্ট্রকে কোনো রাজনৈতিক দলের একক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বনাম ক্ষমতার রাজনীতি : বাংলাদেশের মানুষ দীর্ঘ সাড়ে পনের বছরের রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করেছে-ক্ষমতার কেন্দ্রীকরণ, কর্তৃত্ববাদ, রাজনৈতিক প্রতিহিংসা এবং জনগণের মতামতকে উপেক্ষা করার পরিণতি কখনো শুভ হয় না। দীর্ঘ সাড়ে সতেরো বছরের আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক নিপীড়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আকাক্সক্ষা শেষ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক ঐতিহাসিক পরিণতি লাভ করে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি; তারা চেয়েছে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন। তারা চেয়েছে এমন একটি বাংলাদেশ, যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে, প্রশাসন দলীয় প্রভাবমুক্ত থাকবে, নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হবে। কিন্তু সরকার পরিবর্তনের পরও যদি পুরোনো রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার একচ্ছত্র আধিপত্য, দলীয়করণ এবং বিরোধী মতকে অবজ্ঞা করার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে। জনগণ ক্ষমতার পরিবর্তনের পাশাপাশি শাসন ব্যবস্থার পরিবর্তন প্রত্যাশা করে। এই দুটি বিষয় এক নয়। সরকার পরিবর্তন একটি রাজনৈতিক ঘটনা; আর রাষ্ট্র সংস্কার একটি প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক প্রক্রিয়া। বিএনপি সরকারকে এ বাস্তবতা উপলব্ধি করতে হবে।
জনগণের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন এবং বিরোধী শক্তির সম্ভাবনা : বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের একটি অংশের মধ্যে বিএনপি সরকারের কর্মকা- নিয়ে অসন্তোষ ও প্রশ্ন তৈরি হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের রাজনৈতিক তৎপরতা এবং রাষ্ট্র সংস্কারের দাবিকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। লংমার্চ এ পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতাকে আরও দৃশ্যমান করেছে। এর মাধ্যমে জামায়াতে ইসলামী সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতার একটি পরিচয় দিয়েছে। তবে রাজনৈতিক সাফল্য শুধু জনসমাগমের ওপর নির্ভর করে না। জনসমর্থনকে দীর্ঘস্থায়ী রাজনৈতিক আস্থায় রূপান্তর করতে হলে কর্মসূচির ধারাবাহিকতা, নীতির দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক সহনশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণের সক্ষমতা প্রমাণ করতে হবে। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সামনে এখন সে দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে ধারণ করতে হবে, গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য বিকল্প কর্মসূচি উপস্থাপন করতে হবে।
ইতিহাসের শিক্ষা : জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তিই চিরস্থায়ী নয় : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বারবার প্রমাণ করেছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার চেষ্টা কখনো স্থায়ী হয় না। জনগণের সম্মিলিত আকাক্সক্ষা যখন গণআন্দোলনে রূপ নেয়, তখন প্রচলিত ক্ষমতার কাঠামোও পরিবর্তিত হতে বাধ্য হয়। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষকে সেই শিক্ষাই দিয়েছে। জনগণের সম্মিলিত শক্তি যে কতটা প্রবল, এ অভ্যুত্থান তার ঐতিহাসিক প্রমাণ। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং সর্বস্তরের মানুষ যখন একটি অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়, তখন সেই গণশক্তিকে অবজ্ঞা করার সুযোগ থাকে না। অতএব, বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হলো-জনগণের আকাক্সক্ষাকে সম্মান করতে হবে। জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্র সংস্কারের দাবিকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে জনসমর্থন ধরে রাখতে পারে না।
সরকারের উচিত বিরোধী দলের কর্মসূচিকে প্রতিপক্ষের শক্তি প্রদর্শন হিসেবে না দেখে জনগণের মনোভাব বোঝার একটি সুযোগ হিসেবে গ্রহণ করা। গণতন্ত্রে বিরোধী দলের আন্দোলন রাষ্ট্রের জন্য হুমকি নয়; বরং সরকারের ভুল সংশোধন এবং জনগণের প্রত্যাশা উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
শেষ কথা : লংমার্চ শেষ হয়েছে, গণজাগরণের অভিযাত্রা অব্যাহত : ৩১ অক্টোবরের লংমার্চ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়ে গেছে। দীর্ঘ পথ অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো, পথে পথে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল জনসমাগম এবং সুশৃঙ্খল কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী তার সাংগঠনিক ও রাজনৈতিক সক্ষমতার পরিচয় দিয়েছে।
এ কর্মসূচির মধ্য দিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বও জাতীয় আলোচনায় নতুন গুরুত্ব পেয়েছে। সংসদের ভেতরে তার বক্তব্য ও ভূমিকা এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচিতে তার সম্পৃক্ততা-দুটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। সমালোচকরা হয়তো বলবেন, লংমার্চের মাধ্যমে সরকার পরিবর্তন হয়নি, সংবিধান সংস্কার হয়নি, জ্বালানি সংকটের সমাধান হয়নি। কিন্তু লংমার্চের মধ্য দিয়ে সৃষ্ট জনসম্পৃক্ততা, রাজনৈতিক সচেতনতা এবং গণজাগরণের তাৎপর্যকে উপেক্ষা করার সুযোগ নেই। ইতিহাসে অনেক আন্দোলনের তাৎক্ষণিক কোনো দৃশ্যমান ফলাফল থাকে না; কিন্তু সেই আন্দোলন ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। লংমার্চের সাফল্যকেও সেই বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার আলোকে মূল্যায়ন করতে হবে। সরকারের উচিত জনগণের প্রত্যাশা উপলব্ধি করে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক হওয়া। বাংলাদেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর একক ইচ্ছায় নির্ধারিত হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের ইচ্ছা, অধিকার এবং গণতান্ত্রিক রায়ের ভিত্তিতে।
লংমার্চ শেষ হয়েছে, কিন্তু গণজাগরণের অভিযাত্রা শেষ হয়নি। বরং এ অভিযাত্রা নতুন রাজনৈতিক প্রত্যাশা, নতুন নেতৃত্বের প্রতি জনমনোযোগ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বিস্তৃত করার একটি উপলক্ষ তৈরি করেছে।
গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, জনগণের অধিকার সুরক্ষিত হোক, রাষ্ট্রে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হোক।
লেখক : কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
