গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারখানা বন্ধ করে দিয়ে কোন দেশের অর্থনীতি চলতে পারে না। তিনি আরো বলেন, কোন কারখানা বন্ধ করা হলে অর্থনীতির ওপর তার বিরূপ প্রভাব পড়ে। আবেগ দিয়ে অর্থনীতি চলে না অর্থনীতি চলে আইনের ওপর নির্ভর করে। সংসদে এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সম্পূরক প্রশ্নে আবদুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশ এখন খেলাপি ঋণের বিবেচনায় বিশ্বে সবার শীর্ষে রয়েছে। দেশের শীর্ষ ঋণ খেলাপি এবং ব্যাংকিং সেক্টর ধ্বংসের অন্যতম হোতা এস আলম শিল্পগোষ্ঠীর মালিকানাধীন প্রতিষ্ঠান এস এস পাওয়ারকে ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ মার্কিন ডলারের ঋণপত্র খোলার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের নিকট বর্তমানে মোট ঋণের পরিমাণ ২ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি। এ বিপুল অঙ্কের ঋণের বেশিরভাগই খেলাপি হয়ে পড়েছে। ঋণকৃত অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অর্থমন্ত্রী আরো বলেছেন, অর্থনীতি ও অর্থনৈতিক খাত পরিচালনার কতগুলো নীতি আছে। ব্যক্তির পরিচয় আর প্রতিষ্ঠানের পরিচয় ভিন্ন। দুর্নীতি বা অন্যায় কর্মের জন্য ব্যক্তির বিচার হতে পারে কিন্তু তাই বলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যায় না।

জাতীয় সংসদে দেয়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তা বিশ্লেষণের দাবি রাখে। অর্থমন্ত্রী একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করে দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে। অর্থমন্ত্রী বলেছেন, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয়। ব্যক্তির পরিচয় আর প্রতিষ্ঠানের পরিচয় ভিন্ন। তার এ বক্তব্য মোটেও যুক্তিসঙ্গত নয়। কারণ ব্যক্তি এবং প্রতিষ্ঠান ভিন্ন সত্ত্বা হলেও ব্যক্তির সুকর্ম এবং কুকর্মের প্রতিফলন ঘটে প্রতিষ্ঠানের মাধ্যমে। দেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যার মালিক সৎ এবং দেশপ্রেমিক। তারা দেশের অর্থনীতির স্বার্থে ও কল্যাণে ব্যাপক অবদান রেখে চলেছেন। আবার এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের মালিক অসৎ এবং দুর্নীতিপরায়ণ। তারা দেশের সম্পদ লুণ্ঠন করে ব্যক্তিস্বার্থ চারিতার্থ করার কাজে নিয়োজিত। এখানে দোষটি প্রতিষ্ঠানের নয়, ব্যক্তির। কোন একটি প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত হবে কি হবে না তা নির্ভর করে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে ধ্বংস নেমেছে সে জন্য আওয়ামী লীগ সমর্থিত ১১টি শিল্পগোষ্ঠী বিশেষভাবে দায়ী। এরা প্রচলিত ব্যাংকিং আইনগুলো তাদের নিজেদের স্বার্থে পরিবর্তনের মাধ্যমে পুরো ব্যাংকিং সেক্টরকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। তৎকালীন সরকারের আস্কারাপ্রাপ্ত ১১টি বৃহৎ শিল্পগোষ্ঠী দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং সেক্টরকে বিপর্যয়ের মুখে নিয়ে গিয়েছিল। ব্যাংকিং সেক্টরে অনুসৃত আন্তর্জাতিক মানের আইনগুলো এই সব উদ্যোক্তাগোষ্ঠীর স্বার্থে এমনভাবে পরিবর্তিত করা হয় যা ছিল রীতিমতো বিস্ময়কর। বিশেষ করে তারা স্বভাবগত এবং পরীক্ষিত ঋণ খেলাপিদের দায়মুক্তি দেবার জন্য এরা ঋণ হিসাব পুনঃতফসিলিকরণ নীতি বারবার পরিবর্তন করেন। এতে ব্যাংকের খেলাপি ঋণ আদায় কার্যক্রম দুর্বল হয়ে পড়ে। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের এক বছর পূর্তিতে ২০১৫ সালের প্রথম কয়েক মাস সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাপক আন্দোলন করে। সে সময় শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এই অজুহাতে ৫০০ কোটি টাকা ও তদূর্ধ্ব অঙ্কের খেলাপি ঋণ হিসাব পুনর্গঠন করা হয়। এর আগে ব্যাংকিং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কখনোই ঋণ হিসাব পুনর্গঠন করা হয় নি। ঋণ হিসাব পুনর্গঠন বলা হলেও এটি ছিল মূলত খেলাপি ঋণ হিসাব পুনঃতফসিলিকরণ। সে সময় নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ হিসাব পুনর্গঠন করা হয়। পরবর্তীতে এদের অনেকেই আবারো ঋণ খেলাপি হয়ে পড়েছেন।

এরপর আ হ ম মোস্তাফা কামাল অর্থমন্ত্রী থাকাকালে এককালীন ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের জন্য ঋণ হিসাব পুনঃতফসিলিকরণ করা হয়। সে সময় সরকারের বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমলে গত অক্টোবর মাসে ঠিক একই ধরনের সুযোগ দেয়া হয়। তবে এ সময় গ্রেস পিরিয়ড এক বছরের পরিবর্তে দু’বছর করা হয়। আর ডাউন পেমেন্টের পরিমাণ এক শতাংশ নির্ধারণ করা হয়। এ সুযোগ কাজে লাগিয়ে অন্তত ৩৯ জন ঋণ খেলাপি জাতীয় সংসদ সদস্য হয়েছেন। আবারো একই ধরনের সুযোগ দেয়া হয়েছে। এবার ১ হাজার কোটি টাকা ও তদূর্ধ্ব অঙ্কের ঋণ খেলাপিদের ১৫ বছরের জন্য ঋণ হিসাব পুনঃতফসিলিকরণের সুযোগ দেয়া হয়েছে। গ্রেস পিরিয়ড নির্ধারণ করা হয়েছে ২ বছর। আর ডাউন পেমেন্ট ১শতাংশ। এর আগে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল মানিটারি ফন্ড (আইএমএফ)’র পরামর্শ মোতাবেক দেশের ব্যাংকিং সেক্টরে ঋণ হিসাব ঋণ পুনঃতফসিলিকরণের যে নিয়ম চালু ছিল তাতে একটি ঋণ খেলাপি প্রতিষ্ঠান সর্বোচ্চ তিনবারের জন্য তার খেলাপি ঋণ পুনঃতফসিলিকরণ করতে পারতেন। প্রতিবারের মেয়াদ ছিল তিন বছর। এ জন্য প্রথমবার ঋণ হিসাব পুনঃতফসিলিকরণের জন্য মোট খেলাপি ঋণের ১০ শতাংশ ডাউন পেমেন্ট হিসেবে ব্যাংকে নগদে জমা দিতে হতো। দ্বিতীয়বার ২০ শতাংশ এবং তৃতীয়বার মোট খেলাপি ঋণের ৩০ শতাংশ এককালীন ব্যাংকে ডাউন পেমেন্ট আকারে জমা দিতে হতো। আগে নিয়ম ছিল কোন গ্রুপ অব ইন্ডাষ্ট্রির একটি মাত্র শিল্প-কারখানা ঋণ খেলাপি হলে অবশিষ্ট প্রকল্পগুলো ব্যাংক ঋণ পাবার অযোগ্য বিবেচিত হতো। এই আইন পরিবর্তন করা হয়েছে। এখন কোন শিল্পগোষ্ঠীর একটি শিল্প ঋণ খেলাপি হয়ে পড়লেও অন্য প্রকল্পগুলো ব্যাংক থেকে ঋণ পেতে পারছে।

অর্থমন্ত্রী বলেছেন, কোন ব্যক্তি অপরাধ করলে তার বিচার হতে পারে। তার শাস্তি হতে পারে। এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। কিন্তু তাই বলে তার শিল্প-কারখানা বন্ধ করা হবে কেন? ব্যক্তি এবং শিল্প-কারখানা স্বতন্ত্র অস্তিত্বের ধারক। তার এ বক্তব্য বিশ্লেষণ করার অবকাশ রয়েছে। ব্যক্তি এবং তার প্রতিষ্ঠান স্বতন্ত্র অস্তিত্ব হতে পারে কিন্তু তারপরও ব্যক্তির আচার-আচরণ দ্বারাই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। মালিক যদি সৎ এবং যোগ্য হন তাহলে তার প্রতিষ্ঠান দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর ব্যক্তি যদি অসৎ এবং দুর্নীতিবাজ হন তাহলে তার প্রতিষ্ঠান কোনভাবেই জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে না। আমাদের দেশে একটি সাধারণ প্রবণতা হচ্ছে, কোন প্রতিষ্ঠান যদি ঋণ খেলাপি বা অন্য কোন অভিযোগে বন্ধ করে দেবার উদ্যোগ নেয়া হয় তাহলে হাজার হাজার শ্রমিকের চাকরিচ্যুতির ইস্যুটি সামনে নিয়ে আসা হয়। কিন্তু শ্রমিক-কর্মচারীরা চাকরি হারাবেন এই অজুহাতে একটি প্রতিষ্ঠানের মালিকের সীমাহীন দুর্নীতিকে প্রশ্রয় দেবার কোন কারণ থাকতে পারে না।

অর্থমন্ত্রী বলেছেন, ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান বন্ধ করা যায় না। এটা অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কারখানা বন্ধ করার প্রশ্ন আসছে কেন? যারা ইচ্ছাকৃত এবং অভ্যাসগত ঋণ খেলাপি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সচল রেখে শুধু মালিকানা পরিবর্তন করে দিলেই তো হয়। আদালতের মাধ্যমে এসব প্রতিষ্ঠান নিলামে নতুন মালিকের নিকট বিক্রি করে দেয়া যেতে পারে। ভাবতে অবাক লাগে নীতি নির্ধারণী পর্যায়ে এস আলম শিল্পগোষ্ঠীর প্রতি মমত্ববোধ প্রত্যক্ষ করলে। বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের দুরবস্থার মূল কারণ হচ্ছে এস আলম শিল্পেেগাষ্ঠীসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। এস আলম শিল্পগোষ্ঠীর নিকট বিভিন্ন ব্যাংকের পাওনা ঋণের পরিমাণ ২ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি। এর বেশির ভাগই বর্তমানে খেলাপি হয়ে আছে। এই শিল্পগোষ্ঠীর সরাসরি মালিকানাধীনে ছিল ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বিশ্বের অন্য কোন এমন নজীর আছে কিনা সন্দেহ যেখানে একটি মাত্র পরিবারের মালিকানাধীনে ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আছে। এস আলম শিল্পগোষ্ঠী তাদের মালিকানাধীন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ গ্রহণ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। এমনকি বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে।

কিছু কিছু মানুষ আছেন যাদের নিকট নীতি-নৈতিকতা কোন ব্যাপার নয়, অর্থই তাদের নিকট মুখ্য। এরা মনে করেন, ‘মানি ইজ দ্যা সেকেন্ড গড।’ এসব দুর্নীতিবাজদের শারিরিক শাস্তি দিয়ে শায়েস্তা করা যাবে না। তারা হয়তো কিছু দিন বিদেশে পালিয়ে থেকে সময়-সুযোগ মতো দেশে ফিরে এসে আবারো অন্যায় কর্ম শুরু করবেন। অথবা দেশে থাকালে কিছুদিন জেলবাস করে বেরিয়ে এসে পুনরায় তাদের অপকর্ম শুরু করবেন। এদের জন্য সবচেয়ে উপযুক্ত শাস্তি হচ্ছে আদালতের মাধ্যমে তাদের অধীনে থাকা সম্পত্তি অধিগ্রহণ করে তা প্রকাশ্য নিলামে বিক্রি করে দেয়া। সম্পত্তি বিক্রির মাধ্যমে এসব দুর্নীতিবাজদের যদি নিঃস্ব করে দেয়া যায় তাহলে তারা আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমস্যা হচ্ছে এর অর্থের বিনিময়ে সবাইকে ‘ম্যানেজ’ করে ফেলতে পারে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার আমলে ৫টি ইসলামী ধারার ব্যাংককে একীভুত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য রেজুলেশন পাশ করা হয়। সে রেজুলেশন জাতীয় সংসদে বিল আকারে অনুমোদনের জন্য যে খসড়া তৈরি করা হয়েছিল তাতে এমন একটি ধারা সংযোজন করা হয়েছিল যাতে পুরনো মালিকরা আবারো এই ব্যাংকের মালিকানায় ফিরে আসতে পারে। পরবর্তীতে এ নিয়ে তীব্র আপত্তি উত্থাপিত হলে চূড়ান্ত পর্যায়ে সে ধারাটি বাদ দেয়া হয়েছে।

ভাবতে অবাক লাগে কেন আমরা দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এতটা দ্বিধাগ্রস্ত। এস আলম শিল্পগোষ্ঠীর মতো কয়েকটি হাতে গোনা উদ্যোক্তা গোষ্ঠীর কারণে দেশের ব্যাংকিং সেক্টর বর্তমানে চরম বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। দেশের ব্যাংকিং সেক্টরের মঞ্জুরিকৃত এবং ছাড়কৃত ঋণের পরিমাণ মোট ১৮ লাখ ২৪ হাজার ৮৭২ কোটি টাকা। জুন প্রান্তিক শেষে দৃশ্যমান খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এর সঙ্গে অবলোপনকৃত ৬৪ হাজার কোটি ্টাকা, পুনঃতফসিলীকৃত ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকা এবং মামলাধীন প্রকল্পের নিকট দাবিকৃত ১ লাখ ২৬ হাজার কোটি টাকা যোগ করলে মোট দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়ায় ১১ লাখ কোটি টাকা। এ ১১ লাখ কোটি টাকা দুর্দশাগ্রস্ত ঋণের মধ্যে ২ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি আটকে আছে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ীগোষ্ঠী এস আলমের হাতে। অর্থাৎ দুর্দশাগ্রস্থ ঋণের প্রায় ২০ শতাংশই রয়েছে এস আলম শিল্পগোষ্ঠীর নিকট। এ বিপুল পরিমাণ ঋণের বড় অংশই নানাভাবে বিদেশে পাচার করা হয়েছে। এস আলম শিল্পগোষ্ঠীর নিকট যে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ আটকে আছে ভবিষ্যতে তা আদায় হবার কোন সম্ভাবনা নেই। এমন অসৎ ব্যবসায়ীদের প্রতি কোন ধরনের সহানুভূতি প্রদর্শন করা কাম্য হতে পারে না।

এস আলম শিল্পগোষ্ঠীসহ যেসব অভ্যাসগত এবং পরীক্ষিত ঋণ খেলাপি আছে তাদের বিশেষ আইনের আওতায় এনে তাদের অধিকৃত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে প্রকাশ্য নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারের ব্যবস্থা করা যেতে পারে। এদের মতো সমাজবিরোধীধের আর্থিকভাবে নিঃস্ব করে রাস্তার ফকিরে পরিণত করা যেতে পারে।

লেখক : সাবেক ব্যাংকার ও অর্থনীতি বিষয়ক লেখকলেখক : সাবেক ব্যাংকার ও অর্থনীতি বিষয়ক লেখক