আসিফ আরসালান

প্রথম ইউটিউবে আওয়ামীপন্থী ইউটিউবারদেরকে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে হুমকি, তার পর সরাসরি নাশকতা শুরু। বিএনপি সরকার আওয়ামী লীগের এসব হুমকি এবং নাশকতাকে কিভাবে দেখছে এবং কিভাবে তার মোকাবেলা করতে যাচ্ছে সেটি জনগণের কাছে স্পষ্ট ছিলো না। বিএনপির এ বাহ্যিক নিষ্ক্রিয়তাকে সমর্থন করেন, এমন কেউ কেউ বলতে চান যে, সরকার যদি এখন বল প্রয়োগ করে তাহলে কিছু রক্তপাত হবে। আর আওয়ামী লীগ তো সেটাই চাচ্ছে। তারা এখন লাশ চায় এবং লাশের রাজনীতি করতে চায়। বৃহস্পতিবার এ কলাম লেখার সময় পর্যন্ত সরকারি কোনো পদক্ষেপে কোনো প্রাণহানি হয়নি। কিন্তু গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ায় যা ঘটে গেলো তাতে লাশ পড়ে নি ঠিকই, কিন্তু আওয়ামী লীগারদের মনোবল যে যথেষ্ট বেড়েছে তার কিছু চাক্ষুস প্রমাণ পাওয়া গেছে। সে প্রমাণগুলো পরে দিচ্ছি। কিন্তু আওয়ামী লীগ এখন হুমকি দিচ্ছে সরাসরি এবং সে হুমকির কিছু কিছু বাস্তবায়নও দেখা যাচ্ছে। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার তারা সারা বাংলাদেশে লক ডাউন ঘোষণা করেছিলো। এ সম্পর্কে আওয়ামী লীগের ৩ নেতার একটি যৌথ ভিডিও কলের ক্লিপ ভাইরাল হয়েছে। ঐ ভিডিও ক্লিপে কথা বলছেন ৩ জন আওয়ামী লীগ নেতা। এরা হলেন, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন এবং ইব্রাহিম হোসেন মুন। সেখানে মোজাম্মেল হক নির্দেশ দেন, “দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করো। এখনো সময় শেষ হয়ে যায় নি। ১৯ তারিখে লকডাউন, হরতাল। প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে...বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে। দুইটা লোকেরা...বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে...দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগ্গা। এরকম কিছু কাজ করলে ওরা ভয় পাবে। কোমরে গামছা বেঁধেন। .... লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতর ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেবো। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।”

বলা বাহুল্য, তাদের টার্গেট হলো, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সরকার উৎখাত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি একটি আকাশ কুসুম কল্পনা। কিন্তু একথা ঠিক যে, কার্যক্রম নিষিদ্ধ একটি দল হওয়া সত্ত্বেও তারা এ পর্যন্ত গোপালগঞ্জের একটি জেলা সম্পূর্ণ দখল করেছেই বলা যায়। ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর এ ১২ দিনে তারা ৩ ব্যক্তিকে হত্যা করেছে। এদের ২ জন হলেন বাস ড্রাইভার। পার্ক করা গাড়িতে তারা বিশ্রাম নিচ্ছিলেন বা ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে আওয়ামী দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ আগুনে ২ দরিদ্র বাস ড্রাইভার মৃত্যু মুখে পতিত হন। গত ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে হামলা করে আওয়ামী দুর্বৃত্তরা হত্যা করেছে কৃষক দলের নেতা রাজু মোল্লাকে। ১৭ নভেম্বর রাতে বিএনপির কর্মীরা একটি মোটর সাইকেল শোভাযাত্রা শেষ করে ভাঙ্গার দিকে ফিরছিলেন। তখন আওয়ামী ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ঐ মিছিলেই হামলা করে। দৈনিক ‘আমার দেশের’ খবরে বলা হয়েছে, রাজু মোল্লার ওপর হামলার পূর্বে প্রায় ২ শতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী শতাধিক রাউন্ড গুলীবর্ষণ করে। বিএনপির নেতাকর্মীরা পিছু হটে এবং তাদের ৪টি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।

এ খবর যদিও সকলেই জানেন, তবুও খবরের গুরুত্ব বুঝে আমি খবরটির পুনরুল্লেখ করছি। আমার কাছে ভাবতে অবাক লাগে যে, গোপালগঞ্জের ৩টি জাতীয় সংসদ আসনেই বিএনপির এমপি রয়েছেন। অথচ একটি নির্বাচিত সরকারের আমলে একাধিক মসজিদের মাইক্রোফোনে ঘোষণা দিয়ে মিছিল করে টুঙ্গিপাড়া থানায় হামলা করা হয়। তাদের হামলার মুখে থানার সব পুলিশ প্রাণ ভয়ে পালিয়ে যান। অতঃপর আওয়ামী সন্ত্রাসীরা সমগ্র থানায় আগুন ধরিয়ে দেয় এবং সমস্ত অস্ত্র লুট করে। তারা মিছিল করে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে আগুন জ্বালিয়ে দেয়। পরবর্তী খবরে প্রকাশ, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলাপরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

মকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

॥ দুই ॥

এর আগে ১৬ নভেম্বর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া থেকে আনুমানিক ১৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। মিছিলকারীরা থানার লক আপ ভেঙে সকল আটক সন্ত্রাসীকে মুক্ত করে।

সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানে এসআরবি (সাবেক র‌্যাব) ও পুলিশসহ প্রায় ২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অথচ ১৭ তারিখ রাতে টুঙ্গিপাড়ার নীলফা বাজারে রাত ৯টায় ৪টি মোটর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এর মধ্যে দুটি মোটর গাড়িই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

ওপরে যেসব খবর দেওয়া হলো সেগুলোর সবই আপনারা কম-বেশী জানেন। কিন্তু ২০০০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সত্ত্বেও ১৮ তারিখেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। তার আগে, ৮ নভেম্বর থেকে ১৮ নভেম্বর এ ১১ দিনে আওয়ামী লীগ প্রায় ৮০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে এবং ৬১ টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে। ১৮ নভেম্বর রংপুর বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বলা বাহুল্য, ১৯ নভেম্বর আওয়ামী লীগ যে লক ডাউন কর্মসূচি দিয়েছে তারই অংশ হিসাবে রংপুরের বাসে এ অগ্নিকাণ্ড। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বক্সের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে বাসাইল এম মিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

নেত্রকোনায় বিএনপির কার্যলায় ও দুই রেলস্টেশনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে।

সবচেয়ে অবাক ব্যাপার হলো এ যে, গোপালগঞ্জকে আওয়ামী লীগ যেমন নিজেদের ঘাঁটি মনে করে তেমনি বগুড়াকে বিএনপি নিজেদের ঘাঁটি মনে করে। সেই বগুড়াতেও ১৮ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮ তারিখ ভোর রাত্রে ২ টি বাসে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা ফাঁকা গুলী ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়

॥ তিন ॥

লেখার এ পর্যায়ে আমি ইচ্ছাকৃতভাবেই একটি বিরতি নিয়েছিলাম। দেখতে চাচ্ছিলাম, আর কি ঘটে। শুক্রবার বিকেল বেলা দেখলাম, বিএনপির তরফ থেকেও কোনো কোনো ক্ষেত্রে পাল্টা আঘাত করা হয়েছে। যেমন পটুয়াখালীর দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায় আওয়ামী লীগের জেলা সভাপতি আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর পর পরই শ্রমিক লীগের জেলা কমিটির জেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসায় হামলা ও ভাংচুর চালানো হয়। বুধবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেনের পটুয়াখালীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একই জেলার আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারের পুরান বাজার এলাকার বাড়িও ভাংচুর করা হয়।

ময়মনসিংহ সাবেক পৌর উপজেলা পরিষদের মেয়র এবং আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার এবং আওয়ামী লীগ উপজেলা কমিটির সদস্য সামী ওসমান গনির দুইটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়। সাবেক স্বতন্ত্র সদস্য এবং পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানকারী দলটির যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাসায় ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। চট্টগ্রামে আওয়ামী লীগের নগর কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাংচুর করা হয়েছে। ফেনী-৩ আসনের (সোনাগাজী দাগন ভূইয়া) সাবেক সংসদ সদস্য রহিমুল্লাহর বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। ১৯ তারিখ বেলা ১১ টার দিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ধরনের আরো ঘটনা আছে। শুক্রবারে দু’তিনটি অনলাইন প্রত্রিকার খবরে দেখা গেলো যে, গোপালগঞ্জে কিছু কিছু রাস্তায় যানবাহন আংশিক চলাচল শুরু হয়েছে। কিছু কিছু দোকানপাটও খুলেছে। সারাদেশের সচেতন মানুষের মনে এখন একটিই প্রশ্ন: ১৯ তারিখের তথাকথিত লকডাউনের পর কি সহিংসতার অবসান ঘটলো? আলামত দেখে তা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গোপালগঞ্জে যতই বাহাদুরি দেখান না কেনো, বাংলাদেশে প্রত্যাবর্তন প্রশ্নে তিনি এবং তার দল মাইনকার চিপায় পড়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতের আমীর ১৮ নভেম্বর আধাঘণ্টা অনির্ধারিত কিন্তু গোপন বৈঠক করেছেন। এ বৈঠকে তারা দ’ুজন ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিলো না। তারা দু’জনই একমত হয়েছেন যে, আওয়ামী লীগের মতো দানবকে প্রতিহত করা হবে। তবে একমঞ্চে নয়। যে যার মতো করে আলাদা আলাদা মঞ্চে কাজ করবেন। এনসিপিও মাসব্যাপী কর্মসূচী দিয়েছে। তবে আলাদা মঞ্চে।

আওয়ামী লীগের লক ডাউন বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে একমাত্র গোপালগঞ্জ ছাড়া আর কোথাও কোনো ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে নি। এ দিকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা যদি দেশে ফিরতে না পারেন তাহলে এই যে গত ১২ দিন ধরে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস , বাড়িঘর ভাংচুর এবং রক্তপাত ঘটালো তার রেজাল্ট কোথায়? এখন যদি তিনি ফিরতে না পারেন তাহলে ফেরার ধুয়া তুলে নেতাকর্মীদেরকে যেভাবে চাঙ্গা করেছিলেন সেখানে রীতিমতো পানি ঢালা হবে। সেজন্য তাদেরকে এ সহিংস আন্দোলন চালিয়ে যেতেই হবে। আর যদি আগামী একমাস এ ধরনের সহিংস আন্দোলন চলে তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে। তখন সে কঠোরতার জন্য জনগণ সরকারকে দোষ দেবেন না।

Email: asifarsalan15@gmail.com