বাংলাদেশের বর্তমান অবস্থার আলোকে যদি ক্ষমতাসীন বিএনপি সরকারের অবস্থান সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমি আমার উত্তর খুঁজে পাই না। সরকার আছে কিন্তু সারাদেশে ফ্রি স্টাইল লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মানবাধিকার লংঘন সবকিছু আগের মতো, বরং তার চাইতেও বেশি মাত্রায় চালু আছে। আগের ফ্যাসিবাদী সরকারের আমলে আস্তে ধীরে চললেও এ সরকারের আমলে তা দ্রুতগতিতে চলছে এবং অল্প সময়ের মধ্যে তথা শাসন ক্ষমতা হাতে নেয়ার এক বছর পূর্তির আগেই এ নৈরাজ্য মাঠ দখল করে নিয়েছে। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজির পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনমানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বাংলাদেশের প্রধান রফতানি খাত পোশাকশিল্প এখন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। গ্যাস-বিদ্যুৎ ও জ¦ালানির ক্ষেত্রে নৈরাজ্য চলছে। স্কুল জীবনে জ্যামিতিতে বিন্দুর সংজ্ঞা পড়েছিলাম। যার অবস্থান আছে কিন্তু বিস্তৃতি নেই তাকে বিন্দু বলে। আমাদের সরকারের অবস্থাও বর্তমানে বিন্দুর মতো, অবস্থান আছে, বিস্তৃতি ও কার্যকারিতা নেই।
বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়ার অনেকগুলো গর্বিত অর্জন আছে। তিনি স্বাধীনতার ঘোষক। তিনি যুব সমাজকে গঠনমূলক কাজে ব্যবহার করতে গিয়ে মারাত্মক কিছু ভুল করেছিলেন। তিনি যুব কর্মসূচির উদ্যোক্তা। তার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ক্যাম্পেন শাহ আব্দুল হালিম যুব সমবায় চালু করেছিলেন এবং যুব সমাজকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন থানায় ও ইউনিয়নে পল্লী পূর্ত কর্মসূচির অর্থ তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেছিলেন। খাস পুকুর, দীঘি ও জলাশয়ের ইজারা দিয়ে তাদের জন্য পর্যাপ্ত লোনের ব্যবস্থা করেছিলেন। সমবায়ের এ লোনের বৃহদাংশ আদায় হয় নি, আত্মসাৎ হয়েছে। ভুয়া সমিতি ও ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুর করতে বিভাগীয় কর্মকর্তাদের বাধ্য করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়ার আমলেই সর্বপ্রথম তফসীলি বাণিজ্যিক ব্যাংকসমূহকে গ্রামাঞ্চলের কৃষি ঋণ দাদন পদ্ধতি চালু করা হয়েছিল যা ১০০ কোটি টাকার ঋণ দাদন কর্মসূচির নামে পরিচিত ছিল। রাজনৈতিক কারণে ব্যাংকগুলো এ ঋণের আশি ভাগ ফেরত পায় নি। পরবর্তীকালে যুব সমবায় ও যুব কর্মসূচি বাতিল করে যুব উন্নয়ন অধিদফতর চালু করা হয় যা এখনো অব্যাহত আছে। রাজনীতিনির্ভর নৈতিক মূল্যবোধ বর্জিত যুবকদের হাতে টাকা গেলে তার অপচয় হবেই এবং তা তাদের বিপথগামী করার হাতিয়ারে পরিণত হওয়া স্বাভাবিক। এখন এটা তাদের আয়ের উৎস, সরকারি উৎস বন্ধ হবার পর তা চাঁদাবাজি ও দখলবাজিতে রূপান্তরিত হয়েছে।
স্বাধীনতা-উত্তরকালে শেখ মুজিব, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, খালেদা জিয়ার বিএনপি সরকারের দুই টার্ম (১৯৯১-৯৫, ২০০১-২০০৬) এবং হাসিনার আওয়ামী সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারের কার্যক্রমসমূহে ঘনিষ্ঠুভাবে পর্যবেক্ষণের আমার সুযোগ হয়েছে। আমার অভিজ্ঞতা মিশ্র।
জেনারেল জিয়ার মর্মান্তিক হত্যার পর বিচারপতি আবদুস সাত্তার প্রথমে ভারপ্রাপ্ত পরে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তির আগেই জেনারেল এরশাদ তাকে হটিয়ে দেশে সামরিক শাসন জারি করেন। তার ক্যু-এর একটা পটভূমি ছিল এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে এর বীজ জেনারেল জিয়া জীবিত থাকতেই বপন করে গিয়েছিলেন।
পাঠকদের নিশ্চয়ই মনে আছে যে, ১৯৭৮ সালের দিকে সারাদেশে ব্যাপকভাবে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছিল। গাজীপুর জেলার কালিগঞ্জের একটি ঘটনা আমি ভুলতে পারি না। ঐ এলাকায় তখন সন্ত্রাসী আলী হোসেন ও ইন্দু-এর দৌরাত্ম্য। অক্টোবরের প্রথমদিক দিয়ে কালিগঞ্জ বাজারে একটি চা দোকানে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন মেম্বার অন্যদের সাথে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ ইন্দু সেখানে গিয়ে প্রকাশ্য দিবালোকে সবার সামনে মেম্বার সাহেবের গলা কেটে মাথা আলাদা করে একটা ব্যাগ ভর্তি করে অদৃশ্য হয়ে যায়। ভয়ে একটি লোকও টুঁ শব্দ করে নি। ইন্দু বিএনপির পূর্বসূরী জাগো দলের এক্টিভিস্ট ছিল। ঐ বছরের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জিয়া তার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী আবুল কাশেমকে জাতীয়তাবাদী যুবদলের প্রথম আহ্বায়ক নিয়োগ করেন। জনাব কাশেম ১৯৭৯সালের সাধারণ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পূর্ণমন্ত্রীর মর্যাদা পান। খুনী ইন্দুকে তার বনানীর বাসভবনে আশ্রয় দেয়া হয় এবং সারাদেশ প্রতিবাদমুখর হয়ে ওঠে। এ অবস্থায় জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করেন।
বেগম জিয়ার আমলেও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং যুবদল ছাত্রদল আইনানুগ পন্থায় কাজ করেছেন তা নয়। তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, বিরোধী আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলোর সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে সরকারকে প্রায় অকার্যকর করে তুলেছিল। এ প্রেক্ষিতে তৎকালীন জোট সরকার এলিট ফোর্স হিসেবে র্যাব বা Rapid Action Battalion- গঠন করে এবং ২০০৩ সালের অক্টোবর মাসে অপারেশন ক্লিন হার্ট নামে শুদ্ধি অভিযান শুরু করে। এ অপারেশনে যারা ধরা পড়েছে ও প্রাণ হারিয়েছে তার বেশিরভাগই ছিল বিএনপি দলের সাথে জড়িত। এ ঐতিহাসিক ঘটনাগুলো উল্লেখ করলাম এ জন্য যে, ছাত্র-জনতার অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে যদি আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আসাদের কর্মপন্থা নির্ণন করতাম, তাহলে একই ভুল ও অপরাধের পুনরাবৃত্তি রোধ করা যেত।
কর্মকা- বেআইনি ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে এখন প্রধান দল দুটি, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের পর এ দুটি দল স্বাধীন-সার্বভৌম শোষণমুক্ত ও মানবিক একটি কল্যাণ রাষ্ট্র গঠনে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে এটা ছিল মানুষের প্রত্যাশা, জুলাই সনদ প্রণয়ন এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে এজন্য দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে তাদের রায়ও দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সরকার এখন উল্টো পথে হাঁটা শুরু করায় এবং একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নেয়ায় এবং দেশব্যাপী শাসক দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত হওয়ায় বিরোধী দলগুলোকে তাদের অবস্থান ও কৌশল নির্ণয়ে দ্বিতীয় চিন্তা করতে হচ্ছে।
বাংলাভাষী মুসলমানরা আদতেই অত্যন্ত হতভাগা। সুখ, সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার ও ইনসাফ-আদলের সমাজ তাদের জন্য আকাশ-কুসুম কল্পনা। শত্রুদের প্ররোচনায় তারা সহজে বিভ্রান্ত হয়। একশ্রেণির ইলাইট জাতির বুকে লাথি মারতে কুণ্ঠাবোধ করে না। তবুও সাধারণ মানুষ আশা ছাড়ে না। অর্ধশতাব্দীধরে তারা সোনার হরিণের অপেক্ষায় আছে। তাদের অন্দকারাচ্ছন্ন আকাশে ৩৬ জুলাই আলোর ঝলক সৃষ্টি করেছিল। তা ব্যর্থ হতে দেয়া যায় না। কায়েমী স্বার্থবাদীরা বিপ্লব-পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চাচ্ছে এবং শেখ হাসিনার ন্যায় তারা রাষ্ট্রের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য বদ্ধপরিকর। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে-এর বিরুদ্ধে বিরোধী জোট ঢাল হয়ে দাঁড়িয়েছে। সারাদেশের মানুষ তাদের অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন। ইতোমধ্যে এ জোটের উদ্যোগে ঢাকা-চট্টগাম, ঢাকা-রংপুর ও ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে আয়োজিত লংমার্চে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর প্রমাণ। বিরোধী জোট সরকারকে ৭ দফা দাবি মেনে নেয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, দাবি পূরণে ব্যর্থ হলে ৭ দফা এক দফায় পরিণত হবে। তারা সিলেট অভিমুখী আরেকটি লংমার্চেরও প্রস্তুতি নিচ্ছে।
সরকার এরমধ্যে একটা কাজ করেছেন। তারা সংবিধান সংশোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে একটি কমিটি করেছেন। জনদাবি হচ্ছে সংবিধান সংস্কার। বিরোধীদল এতে সাড়া দিচ্ছে না এবং তারা সংস্কারের দাবিতে অনড়। আমাকে বিভিন্ন মহল থেকে বিরোধীদলের এ অনড় অবস্থানের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করে সরকারি উদ্যোগটিকে সহযোগিতার দৃষ্টিতে দেখার অনুরোধ করতে বলা হয়েছে। কেউ কেউ এটাকে অতিরিক্ত বাড়াবাড়ি বলে আখ্যায়িত করছেন। তাদের ধারণা সংবিধান সংশোধন হলেই তো হলো।
আমার মতে, এরা সংশোধন ( Amendment ) ও সংস্কার ( Reform) এ দুটি শব্দের অর্থ ও তাৎপর্যন্ত নিয়ে বিভ্রানিতে আছেন। এ বিভ্রান্তি দূর করা দরকার। সংশোধনের সংজ্ঞা হচ্ছে বিদ্যমান কোনো নিয়ম, আইন, সংবিধান বা কাঠামোর নির্দিষ্ট কোনো ভুলত্রুটি দূর করা বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধন করা। সংশোধনীর মাধ্যমে আইনের মূল কাঠামো অপরিবর্তিত থাকে। এটি হচ্ছে জোড়াতালি দেয়া বা ছোটখাটো ত্রুটি ঠিক করার মতো। যেমনÑ সংবিধানের নির্দিষ্ট কোনো অনুচ্ছেদের কাটছাট বা পরিবর্তন আনা। দাড়ি, কমা, সেমিকোলন, কোলন, যোগ-বিয়োগ অথবা প্রতিস্থাপন। সংশোধনের বেলায় পরিবর্তনের পরিধি হচ্ছে সীমিত বা আংশিক। পক্ষান্তরে সংস্কার হচ্ছে কোনো পুরোনো বা ত্রুটিপূর্ণ ব্যবস্থা, প্রতিষ্ঠান বা কাঠামোর মৌলিক পরিবর্তন এনে তাকে নতুন ও কার্যকর রূপ দেয়ার নাম। সংস্কারের মাধ্যমে কেবল উপরিভাগের পরিবর্তন হয় না বরং এর মূল ভিত্তি বা কাঠামোতেও পরিবর্তন আসে। এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা বা সংবিধানকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সারা দেশে বিভিন্ন গবেষণা সংস্থা, পেশাজীবী সংগঠন, বেসরকারি সংস্থা ও থিঙ্কট্যাঙ্কসমূহ কর্তৃক আয়োজিত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও পরামর্শসভাসমূহে অংশগ্রহণ করে দেশের বুদ্ধিজীবী সমাজ এ সংস্কারেরই সুপারিশ করেছিলেন। যাতে দেশের রাজনৈতিক দলসমূহ সাড়া দিয়েছিলেন, এর উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারবান্ধব ফ্যাসিস্ট তৈরির কারখানা বন্ধ করে সামগ্রিক উন্নতির দুয়ার খুলে দেয়া ও পুরো নির্বাচন ব্যবস্থা বা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনার মাধ্যমে পরিবর্তন সাধন। এ কাজটি এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন দলের আচরণ সন্দেহজনক। তারা কি সংশোধন ও সংস্কারের ব্যবধান বুঝেন না? যদি বুঝে থাকেন তাহলে ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রাখার প্রতি তাদের এত আগ্রহ কেন? জনচাহিদা পূরণে সরকারি অনীহা ও অযোগ্যতা কি নতুন গণঅভ্যুত্থানের দিকে দেশকে ঠেলে দেবে? অভ্যুত্থান সামরিক হোক বা বেসামরিক, তা কখনো কল্যাণকর হতে পারে না।
আমি অতীতে বিএনপি নেতৃত্বাধীন সরকারসমূহের সাফল্য ব্যর্থতার একটি বিবরণী তুলে ধরেছি। এ সরকারগুলো বর্তমানবিএনপি সরকারের তুলনায় অনেক যোগ্য লোক দিয়ে গঠিত ছিল। তথাপিও তাদের ব্যর্থতার পরিসর অনেক বেশি ছিল। বিদ্যমান সরকারের অবস্থা দেখে অজানা গায়কের একটি গানের দুটি লাইন আমার মনে পড়ে। ‘তোরা পারবিনে ফুল ফোটাতে, পাঁপড়ি ধরে যতই টানিস আঘাত করিস বোঁটাতে। পাঠকরা কী বলেন?
