আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত বিশ্বের এক বিচিত্র দেশ। দেশটির সংবিধান ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক হলেও বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। সে দেশের হিন্দুরা নির্বিঘ্নে ধর্ম পালন সহ নানাবিধ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারলেও অন্যদের ক্ষেত্রে তা মোটেই অবারিত ও নির্বিগ্ন নয়। দেশটিতে মন্দির সহ পূঁজা-পার্বনে উচ্চশব্দে মাইক বাজানোর সুযোগ থাকলেও মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে নানা বিতর্ক রয়েছে। পুলিশ বাহিনীতে চাকরি করে শিখরা দাড়ি রাখা ও পাগরী ব্যবহারের অনুমতি পেলেও মুসলমানদের জন্য তা প্রযোজ্য নয়। এমনকি মুসলিম সরকারি কর্মকর্তারা নিজ ধর্ম ও মূল্যবোধ চর্চার ক্ষেত্রে নানাবিধ জটিলতার মুখোমুখি হতে হয়। সম্প্রতি এমনই এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম বাংলায়। যা দেশটির নগ্ন সাম্প্রদায়িকতার কথাই স্মরণ করিয়ে দেয়।
মূলত, ভারতে সাম্প্রদায়িকতা হলো একটি গভীর ও জটিল সামাজিক-রাজনৈতিক সমস্যা, যেখানে কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় নিজেদের স্বার্থকে দেশের বা অন্য সম্প্রদায়ের ওপরে স্থান দেয় এবং অন্য ধর্মের প্রতি ঘৃণা ও বিদ্বেষ পোষণ করে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর থেকেই এটি ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামোর সামনে একটি বড় চ্যালেঞ্জ। ব্রিটিশ শাসকদের ‘বিভাজন ও শাসন’ নীতি এবং ভারত বিভাজনের ট্রমা ভারতীয় সমাজে ধর্মীয় বিভেদ তৈরি করেছিল। রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভোটব্যাংক রাজনীতি এবং ধর্মের নামে মেরুকরণমূলক প্রচারণা চালানো হয় দীর্ঘ পরিসরে। দরিদ্র্যতা, বেকারত্ব এবং পিছিয়ে থাকা বিভিন্ন সম্প্রদায়কে সহজে উসকে দেওয়া সম্ভব হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর, গুজব এবং উসকানিমূলক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। ধর্মীয় উত্তেজনা ও দাঙ্গা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে এবং বহু প্রাণহানি ঘটানো হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতি কমে যায়, যা দেশের বহুত্ববাদী সংস্কৃতিকে দুর্বল করে ফেলে।
এক সময় ভারত ছিলো অভিবাসীদের নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু দেশটিতে উগ্রসাম্প্রদায়িক শক্তির উত্থান হওয়ায় দেশটির ভিন্নমতাবলম্বীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এমনকি অহিন্দু সহ নিম্নবর্ণের মানুষরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম ও ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশীলন করতে পারছেন না। বিশেষ করে ইসলামী আখলাক-সুরতকে তারা কোনভাবেই সহ্য করতে পারছে না। সে ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে দাড়ি রাখার অনুমতি না দিয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা জারির ঘটনা ঘটেছে। দাড়ি রাখার অনুমতি চেয়ে ৪৭ জন মুসলিম পুলিশকর্মী আবেদন করলে কলকাতা পুলিশ হেডকোয়ার্টার বা লালবাজার থেকে পুরোনো বিধি স্মরণ করিয়ে দিয়ে দাড়ি রাখার ওপর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে উত্তর প্রদেশের বাঘপতে দাড়ি রাখার কারণে ইন্তেজার আলী নামের এক মুসলিম কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি দাড়ি কেটে ফেললে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল যে, পুলিশ ম্যানুয়াল বা সরকারি নির্দেশ অমান্য করে দাড়ি রাখা কর্তব্যে অবহেলার শামিল এবং সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে এর বিশেষ সুরক্ষা দাবি করা যায় না। কিন্তু শিখ সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রে পুলিশ বাহিনীতে দাড়ি ও পাগড়ি রাখার ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে ছাড় রয়েছে। যা রাষ্ট্রের দ্বিচারিতা ও বৈষম্য ছাড়া কিছু নয়। বোধ ও বিশ্বাসের ভিন্নতার কারণে রাষ্ট্র কোন নাগরিকের সাথে এমন বৈষম্যমূলক আচরণ করতে পারে না। আর এটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট নয়।
সম্প্রতি দেশটিতে ঘটে গেছে এক ন্যক্কারজনক ঘটনা। ভারতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উৎসাহ দেওয়ায় বদলি করা হয়েছে নারী আইপিএস কর্মকর্তা ড. বুশরা বানোকে। পশ্চিমবঙ্গের খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে গত ১৪ সেপ্টেম্বর তাকে শাস্তি মূলক বদলী করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি শুরু হয় যখন বুশরা বানু এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি জানান, পিএইচডি শেষ করে এবং সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করেছিল। বই ও মক টেস্টের মতো নানা সুবিধার কথা বলে তিনি অন্য শিক্ষার্থীদেরও সে একাডেমি থেকে সাহায্য নিতে উৎসাহিত করেন। কিন্তু ভিডিওর শুরুতেই তিনি ইসলামিক অভিবাদন ব্যবহার করায় আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ করে জানায়, ভিডিওতে জাতীয় স্লোগানের বদলে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, সরকারি পদে থাকা কারও জনসমক্ষে নিরপেক্ষ থাকা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত। যা কোন ভাবেই যৌক্তিক ও কাঙ্ক্ষিত নয় বরং নির্লজ্জ সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ। একই সাথে নাগরিকের ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একদল মানুষ ওই কর্মকর্তার সম্ভাষণ নিয়ে প্রশ্ন তুললেও, অন্য একটি বড় পক্ষ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্যান্য ধর্মের কর্মকর্তারা নানা স্লোগান বা আচার ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না, তবে একজন মুসলিম কর্মকর্তার বলা শান্তির বার্তা নিয়ে কেন এত আপত্তি উঠবে? বৈচিত্র্যময় এ দেশটিতে এ ধরনের সহাবস্থানই দেশের আসল শক্তি বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।
প্রসঙ্গত বুশরা বানো ২০২১ ব্যাচের আইপিএস অফিসার এবং উত্তরপ্রদেশের কন্নৌজের মেয়ে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) থেকে ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন সৌদি আরবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করার পর ভারতে ফিরে ইউপিএসসি-তে দু’বার সাফল্য পান। প্রথমে আইআরটিএস, পরে আইপিএস পশ্চিমবঙ্গ ক্যাডারে যোগ দিয়ে হুগলি রুরালে এএসপি হিসেবে কাজ করেন, এরপর ২০২৬ সালের জুনে খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হন ১৩ সেপ্টেম্বর তিনি ইউপিএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে একটি ভিডিও শেয়ার করেন সেখানে তিনি নিজের অভিজ্ঞতা বলেন কীভাবে এএমইউ-এর রেসিডেনশিয়াল কোচিং একাডেমি তাকে বই, লাইব্রেরি ও মক টেস্ট দিয়ে সাহায্য করেছিল ভিডিওর শুরুতে তিনি বলেন ‘আসসালামু আলাইকুম’ মাঝে বলেন ‘ইনশাআল্লাহ’ আর শেষে বলেন ‘জাজাকাল্লাহ’। এটাই হয়ে গেল বুশরা বানুর সবচেয়ে বড় ‘অপরাধ’।
অভিযোগ আসার পর ড. বুশরা বানোকে ১৪ সেপ্টেম্বর খড়গপুরের অতিরিক্ত এসপি পদ থেকে বদলি করে স্টেট আর্মড পুলিশের ৪র্থ ব্যাটালিয়নে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে পাঠানো হয়। সে দেশের মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে মুসলিম বিদ্বেষী কথা বললেও কারও কোনো সমস্যা হয় না। সারাদিন ‘হিন্দু, হিন্দু’ স্লোগান দিয়ে তাণ্ডব চালানো মানুষদের নিয়েও সমস্যা হয় না কিন্তু সমস্যা হয়ে যায় দেশের মেয়ে দেশের গর্ব বুশরা বানো যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, আর একজন মুসলিম হিসেবে ‘আসসালামু আলাইকুম’ ‘ইনশাআল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলেন এটাই বুঝি সবচেয়ে বড় অপরাধ। বড়ই এক আজব রাষ্ট্র ভারত। রাষ্ট্র কর্তৃক নাগরিকেদের সাথে এমন বৈষশ্যমূলক আচরণ বিশ্বের আর কোন দেশে করা হয় বলে জানা যায় না।
আগেই উল্লেখ করেছি যে, কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম কর্মীর দাড়ি রাখার আবেদন খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের সদর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থাকতে হলে দাড়ি কামানো বাধ্যতামূলক। বাহিনীর শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও চেহারায় একরূপতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের কমিশনার কার্যালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা বা স্মারকপত্র জারি করা হয়। বাহিনীর পুরোনো দাড়িসংক্রান্ত পোশাকবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ওই নথিতে। যুগ্ম কমিশনার (সদর দপ্তর) স্বাক্ষরিত ওই নির্দেশিকায় দাড়ি রাখার আবেদন করা ৪৭ জন মুসলিম কর্মীর নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে আবেদনকারীদের জানিয়ে দেওয়া এবং নির্দেশিকাটি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় প্রধানদের। যা ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার মারাত্মক লঙ্ঘন। স্থানীয় পত্রিকা ‘পুবের কলম’-এর ভাষ্যমতে, অনেকে হজ সম্পন্ন করে এসে সুন্নাহ পালন করার জন্য দাড়ি রেখেছিলেন। এ নির্দেশিকা ঘিরে নানাবিধ বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীতে শিখ সম্প্রদায়ের মানুষেরা পাগড়ি, বড় চুল ও দাড়ি রেখেই কাজ করার অনুমতি পান। কিন্তু মুসলিম পুলিশ কর্মীদের ক্ষেত্রেই দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলা হয়। যা রীতিমত হাস্যকর।
ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশের জন্য তৈরি নির্দিষ্ট ‘ম্যানুয়াল’ বা নিয়মাবলিতে বলা হয়েছে, রাজ্য সরকারের বিশেষ অনুমতি ছাড়া পুলিশের কর্মীরা সাধারণভাবে দাড়ি রাখতে পারবেন না। তবে শিখ সম্প্রদায়কে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পুলিশি ব্যবস্থায় এ নিয়ম মূলত ব্রিটিশদের ঔপনিবেশিক আইনের প্রভাব। ব্রিটিশ সামরিক ও প্রশাসনিক ঐতিহ্যে পুলিশ কর্মীদের এক রকম দেখতে হওয়া এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছিল। ইউরোপীয় ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা অনুযায়ী সে সময় নিরাপত্তারক্ষীদের দাড়ি কেটে ফেলার নিয়ম চালু করে ইংরেজরা। তবে ব্রিটিশরাই তাদের ম্যানুয়ালে শিখ সম্প্রদায়ের জন্য দাড়ি রাখার ক্ষেত্রে ব্যতিক্রমী নিয়ম তৈরি করেছিল। কিন্তু ঔপনিবেশিক শাসনের অবসানের পরও আজও সে বৈষম্য দূর করা সম্ভব হয়নি।
অতীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার পুলিশ কর্মীদের দাড়ি রাখার বিষয়ে কোনো আপত্তি করেনি। ফলে আইনি ভাষায় দাড়ি রাখতে দেওয়ার একটি রীতি বা ‘প্রিসিডেন্স’ ছিল। কিন্তু নিকট অতীতে উত্তর প্রদেশের লহ্মৌ পুলিশের মহাপরিচালক (ডিজি) পুলিশ কর্মীদের দাড়ি কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ অমান্য করায় এক মুসলিম কনস্টেবলকে বরখাস্ত করা হয়। ওই কর্মী সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ (ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম অনুশীলনের অধিকার) উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ রায় দেন, দাড়ি রাখা সরকারি নির্দেশের লঙ্ঘন এবং তা কর্তব্যে অবহেলার আওতাভুক্ত। আদালত আরও জানায়, সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের আওতায় কেউ এ বিষয়ে সুরক্ষা দাবি করতে পারেন না। ফলে কলকাতায় এ নিয়ে মামলা হলেও আবেদনকারীদের হেরে যাওয়ার আশঙ্কাই প্রবল।
ভারত সাংবিধানিকভাবে ধর্মরিপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র হলেও দেশটিতে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান হয়েছে। ফলে দেশটিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার পরিবর্তে উগ্রসাম্পদায়িক উম্মাদনা আশঙ্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দেশটির পশ্চিম বাংলায় দক্ষিণপন্থী বিজেপি সরকার গঠনের পর রাজ্য জুড়েই সাম্প্রদায়িক উম্মাদনা শুরু হয়েছে। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মাদরাসা ও মসজিদ বন্ধ করা হচ্ছে। মসজিদে মাইক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গো-হত্যা নিবারণের নামে চলছে উগ্রবাদী মাতম। ফলে সংখ্যালঘু মুসলিমদের জান-মালের নিরাপত্তা হুমকীর মুখে পড়েছে। বিনষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। যা কোন গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সভ্য সমাজে কোন ভাবেই কাঙ্ক্ষিত নয়।
মূলত, ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানরাই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। দেশ বিভাগের পর মুসলমানরা ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে মাওলানা আবুল কালাম আজাদ ঐতিহাসিক ভূমিকা পালন করেন। মিসাইলম্যান খ্যাত পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি ভারতের রাষ্ট্রপতির পদও অলঙ্কৃত করেছিলেন। এছাড়াও জাকির হুসেইন, মুহাম্মদ হিদায়াতউল্লাহ ও ফখরুদ্দীন আলী আহমেদ প্রমুখ ছিলেন ভারতের রাষ্ট্রপতি। আব্দুল হামিদ আনসারীও ভারতে উপরাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন। এছাড়াও মুহাম্মদ হিদায়াতুল্লাহ, মির্জা হামিদুল্লাহ বেগ, আজিজ মুসাব্বের আহমাদি ও আলতামাস কবির প্রমুখ মুসলিমরা ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। মূলত, ভারতীয় মুসলমানরা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রাখলেও উগ্রবাদীরা তাদের অবদানকে কোন ভাবেই স্বীকার করেনি বরং সাম্প্রদায়িক মানসিকতা, ধর্মান্ধতা ও ঘৃণার রাজনীতির কারণে তাদের যাবতীয় অবদানকে অস্বীকার করেছে ধর্মের নামে। কিন্তু তারা যা করছে সেসবের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই বরং পুরোটাই অধর্ম।
তারা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য মুসলমানদেরকে বলির পাঁঠা বানিয়েছে। তাই কর্নেল সোফিয়া কোরেশী, ঝন্টু শেখ আর ইমতিয়াজরা দেশের জন্য যতই প্রাণপাত করুন না কেন তারা কখনোই ভারতীয় হতে পারবেন না বরং দিন শেষে তারা কথিত অনুপ্রবেশকারী, আগ্রাসী ও সন্ত্রাসী! আর আইপিএস পুলিশ কর্মকর্তা ড. বুশরা বানোর সালাম বিনিময় ও আল্লাহ তায়ালার শোকর গোজারী উগ্রবাদীদের কাছে বড় অপরাধ। ড. বানোর আসল অপরাধ হলো মুসলমান হওয়া। ভারতের উগ্রবাদী রাজনীতিতে এটাই বাস্তবতা! এমতাবস্থায় ভারতকে ঐক্যবদ্ধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে হলে সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক আদর্শকে আঁকড়ে ধরে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ ভারত বিনির্মাণ করতে হবে। সবার আগে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণির মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় ভারতীয় জাতিসত্তা অস্তিত্ব সঙ্কটে পড়বে।
www.syedmasud.com
