মো: রাশেদুল হাসান
নয়াদিল্লীতে ব্রিকস সম্মেলন শেষ হয়ে গেছে, কিন্তু এর রেশ মিটিং রুমের বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে হয়। বিশেষ করে দুটো ঘটনা আলাদাভাবে চোখে পড়ার মত— ভারত আর চীনের সম্পর্কে হঠাৎ যে উষ্ণতা দেখা গেল, আর ঠিক সেই সময়েই বাংলাদেশের অনুপস্থিতি। এই দুটোকে আলাদা করে দেখার তেমন সুযোগ নেই।
১২-১৩ সেপ্টেম্বর নয়াদিলীøতে যে ব্রিকস সম্মেলন হলো, তাতে ১১টি সদস্যদেশ অংশ নিয়েছে। বৈশ্বিক দক্ষিণের ভূমিকা বাড়ানো, বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার, বাণিজ্য-জ্বালানি-প্রযুক্তি নিয়ে বিস্তৃত এক ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে। সঙ্গে এটাও ঠিক হয়েছে, ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব যাবে চীনের হাতে। কিন্তু সম্মেলনের ভেতরের সবচেয়ে আলোচিত ঘটনাটা ছিল অন্য কিছু— চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। আর বাংলাদেশের প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে একটাই বিষয়ে— ঢাকার প্রতিনিধিত্ব সেখানে ছিল না।
২০২০ সালে লাদাখ সীমান্তে যে সংঘাত হয়েছিল, তার পর থেকে ভারত-চীন সম্পর্ক অনেকটা বরফ জমা অবস্থায় ছিল। সীমান্তে সেনা মোতায়েন, বাণিজ্য ভারসাম্যহীনতা, বিনিয়োগ নিয়ে টানাপোড়েন, আর চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা— সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাসের একটা স্তর তৈরি হয়েছিল। ২০২৪ সালে সীমান্তে একটা সমঝোতা হওয়ার পর থেকে অবস্থা একটু একটু করে বদলাতে শুরু করে, আর সেই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর দুই নেতার মুখোমুখি বৈঠকটা হলো। ২০১৯ সালের পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট ভারতে পা রাখলেন।
চীনের সরকারি ভাষ্যে বৈঠকের যে বার্তাটা সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে, তা হলো— দুই দেশের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে দেখা উচিত। ভিন্নতা থাকলেও একে অপরের শক্তি কাজে লাগিয়ে যে পারস্পরিক উন্নয়ন সম্ভব, সে কথাই বলা হয়েছে। ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং চীনের সঙ্গে সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের প্রভাবে চলবে না। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে দুই দেশের সব বিরোধ মিটে গেছে। সীমান্ত প্রশ্ন, বাণিজ্য ঘাটতি, বাজারে প্রবেশাধিকার আর কৌশলগত প্রতিযোগিতা— এসব এখনো টেবিলেই আছে। ভাষাটা নরম হয়েছে ঠিকই, কিন্তু কাঠামোগত প্রতিযোগিতা এখনো শেষ হয় নি। ভারতীয় সংবাদমাধ্যমের বিশ্লেষনেও একই সুর— সম্পর্কে উষ্ণতা ফিরলেও মূল সমস্যাগুলো এখনো অমীমাংসিত থেকে গেছে।
ব্রিকসের ঘোষণাপত্রের একটা দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে— সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও একটা যৌথ কাঠামো ধরে রাখার চেষ্টা। ১৪০ দফার এই ঘোষণায় বহুপাক্ষিকতার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর কথা বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রয়োজনীয়তাও উঠে এসেছে। বাণিজ্য, সরবরাহব্যবস্থা, জ্বালানি নিরাপত্তা আর প্রযুক্তি সহযোগিতাও গুরুত্ব পেয়েছে।
অর্থনৈতিক অংশটা সবচেয়ে বেশি নজর কাড়ে। আন্তসীমান্ত অর্থপ্রদানের কার্যকর ব্যবস্থা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সদস্যদেশগুলোর পক্ষ থেকে। যদিও একটা অভিন্ন ব্রিকস মুদ্রা চালুর মতো কোনো সিদ্ধান্ত এখনো নেই। উন্নয়ন ব্যাংকের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো প্রকল্পে অর্থায়ন বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো অর্থনীতির জন্য এখানেই ব্রিকসের আসল গুরুত্ব— সদস্য না হয়েও এসব পরিবর্তনের ঢেউ আমাদের অর্থনীতিতে পরোক্ষভাবে এসে লাগতে পারে।
এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে, যেখান থেকেই আসলে এই পুরো আলোচনার শুরু। বাংলাদেশের সরকার প্রধান নয়াদিল্লীর এই সম্মেলনে যান নি, সরকারের কোনো প্রতিনিধিও পাঠানো হয় নি। সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে— আমন্ত্রণটি সরকারপ্রধান হিসেবে নয়, বরং বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছিল, আর সরকারপ্রধানের প্রথম ভারত সফর বহুপাক্ষিক কোনো আয়োজনের অংশ না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়াই বাঞ্ছনীয়, উপযুক্ত পরিবেশ তৈরি হলে সেই সফর হতে পারে। ভারতের পক্ষ থেকেও অবশ্য বলা হয়েছিল, বিমসটেকের চেয়ারম্যান হিসেবেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তাই আমন্ত্রণের প্রকৃতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ফারাক নেই।
এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার— বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, তাই সম্মেলনে অনুপস্থিত থাকা মানেই কোনো সদস্যরাষ্ট্রের মতো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ পড়া নয়। কিন্তু বাংলাদেশ তখন বিমসটেকের চেয়ারম্যান ছিল, আর সেই পরিচয়ে একটা বহুপাক্ষিক মঞ্চে উপস্থিতির একটা আলাদা কূটনৈতিক মূল্য থাকতে পারত— এই যুক্তি ভারতীয় কিছু বিশ্লেষণে এসেছে। একটি বিশ্লেষণে তো এমনও বলা হয়েছে, ভারতের প্রতিবেশী দেশগুলো ব্রিকসকে শুধু একটা বৈশ্বিক জোট হিসেবে নয়, দিল্লীর সঙ্গে সম্পর্কের একটা বাড়তি কূটনৈতিক মঞ্চ হিসেবেও দেখে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বিমসটেক চেয়ারম্যান হিসেবে পাওয়া আমন্ত্রণ সেই সুযোগ তৈরি করেছিল কি না, সেই প্রশ্নটাই সেখানে তোলা হয়েছে।
চীনা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি বিশ্লেষণ আরও সরাসরি বাংলাদেশ-ভারত সম্পর্কের দিকে নজর দিয়েছে। সেই বিশ্লেষণের ভাষ্যকার ঢাকা-দিলীøর সাম্প্রতিক সম্পর্ককে মূলত নতুন করে দর-কষাকষির একটা পর্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন। তাতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া শতাধিক চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের ‘গত পনেরো বছরের সম্পর্ক নতুন করে সাজানো’র বক্তব্যও সেখানে গুরুত্ব পেয়েছে। এই বিশ্লেষণের একটা পর্যবেক্ষণ বেশ প্রাসঙ্গিক মনে হয়েছে— ঢাকা ও দিলীøর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে ঠিকই, কিন্তু দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার আগে অন্য পক্ষের পদক্ষেপ দেখতে চাইছে। তাই ব্রিকসের আমন্ত্রণকে একটা সম্ভাব্য মধ্যবর্তী যোগাযোগের জায়গা হিসেবে দেখা হয়েছে সেখানে। তবে এটা মনে রাখা দরকার, এটা একজন চীনা গবেষকের নিজস্ব পাঠ— বাংলাদেশ বা ভারতের সরকারি অবস্থান নয়। তাই এই বিশ্লেষণের রাজনৈতিক ব্যাখ্যাগুলোকে তথ্যের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।
বাংলাদেশের জন্য আসল প্রশ্নটা ‘ভারত বা চীন’ নয়। বরং প্রশ্নটা হলো, দুই দেশের সম্পর্কের এই পরিবর্তন আমাদের কৌশলগত ও অর্থনৈতিক পরিসরকে কীভাবে বদলে দিতে পারে। ভারত-চীন সম্পর্ক যদি সত্যিই কিছুটা স্থিতিশীল হয়, তাহলে আঞ্চলিক বাণিজ্য আর যোগাযোগে নতুন সুযোগ তৈরি হতে পারে। সীমান্ত উত্তেজনা কমলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়তে পারে, আর তার প্রভাব গিয়ে পড়তে পারে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগরকেন্দ্রিক অবকাঠামো ও সংযোগ প্রকল্পগুলোতে। তবে এটাও ঠিক, ভারত-চীন সাময়িকভাবে সম্পর্ক স্থিতিশীল করলেও তাদের কৌশলগত প্রতিযোগিতা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। ফলে বাংলাদেশকে একই সঙ্গে দুই দেশের সঙ্গেই সম্পর্ক পরিচালনা করতে হবে, যেখানে অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ আর কূটনৈতিক ভারসাম্য পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকবে।
ব্রিকসের ঘোষণাপত্রে স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, আন্তসীমান্ত অর্থপ্রদান, সরবরাহব্যবস্থা আর উন্নয়ন-অর্থায়নের ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো বাংলাদেশের নজরে রাখার মতো বিষয়। বিশেষ করে ২০২৭ সালে চীন যখন ব্রিকসের সভাপতিত্ব নেবে, তখন এসব উদ্যোগ কোন দিকে গড়ায়, সেটা ঢাকার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে হচ্ছে।
তাহলে বাংলাদেশের সামনে এখন প্রশ্নগুলো কী দাঁড়ায়? এখানে অন্তত চারটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, ভারত-চীনের বাণিজ্যিক সম্পর্কের এই পরিবর্তন আমাদের রপ্তানি প্রতিযোগিতা, আমদানি খরচ আর সরবরাহব্যবস্থায় কী প্রভাব ফেলে, তা নজরে রাখা দরকার। দ্বিতীয়ত, চীন ব্রিকসের নেতৃত্ব নেওয়ার পর স্থানীয় মুদ্রায় লেনদেন আর উন্নয়ন-অর্থায়নের বিষয়গুলো কতটা বাস্তবে রূপ নেয়, সেটাও দেখার বিষয়। তৃতীয়ত, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বিমসটেককে কীভাবে কাজে লাগানো হয়— এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এখন এই জোটের চেয়ারম্যান। আর চতুর্থত, ভারত-চীন সম্পর্কের এই উষ্ণতা দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়ায় দুই শক্তির প্রতিযোগিতার ধরনটাই বদলে যেতে পারে। আবার সম্পর্কের উন্নতি যদি সীমান্ত বা বাণিজ্যিক বিরোধে গিয়ে আটকে যায়, তাহলে পুরোনো উত্তেজনাও ফিরে আসতে পারে।
শেষ কথা হলো, বাংলাদেশের ব্রিকস অনুপস্থিতিকে শুধু ‘সুযোগ হারানো’ বা ‘নীতিগত অবস্থান’— এই দুটো শব্দের কোনো একটায় বেঁধে ফেলাটা যথেষ্ট মনে হয় না। এর চেয়ে বড় প্রশ্নটা হলো, বদলে যাওয়া ভারত-চীন সমীকরণে ঢাকা নিজের কূটনৈতিক পরিসর কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে। নয়াদিল্লীর সম্মেলন শেষ হয়ে গেছে বটে, কিন্তু বাংলাদেশের জন্য পর্যবেক্ষণের কাজটা যেন সবে শুরু হলো। কারণ ব্রিকসের টেবিলে বাংলাদেশ ছিল না ঠিকই, কিন্তু সেই টেবিলে ভারত-চীনের মধ্যে যে নতুন কথোপকথন শুরু হয়েছে, তার প্রভাব একদিন বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি বা আঞ্চলিক কূটনীতির পথ ধরে আমাদের দরজাতেও এসে পৌঁছাতে পারে।
