‘নদীর দুঃখ সেতু’ নিয়ে প্রথম আলো ৪ পৃষ্ঠার ছবি ও নকশাসহ বিশাল রিপোর্ট করেছে ১৭ নভেম্বর। আমি জানি না এই অদ্ভূত অনুভূতি-ভোঁতা আর ক্ষয়ে যাওয়া সময়ে এতবড় রিপোর্ট কোথাও কোনো আলোড়ন জাগাবে কিনা? বিশেষ করে তরুণ প্রজেন্মের কাছে আর নীতি নির্ধারকদের কাছে?
২৬ জেলায় ৮০টি নদী মরে যাচ্ছে ক্ষতিকর সেতু ও কালভার্টের কারণে? ভুল উন্নয়ন পরিকল্পনার কারণে? ক্ষীণ, স্রোতহীন, প্রাণহীন বিবর্ণ সব নদী। নদী কমিশন কি অসহায়?
নদী নিয়ে আমি অনেক না হলেও কিছু লিখেছি। নিয়মিত কলাম যখন লিখতাম, তখন আমার গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট মেননেং নদীর কথা প্রায়শই লিখতাম। ‘আদিবাসী মেয়ে’ কলাম লিখতে গিয়ে ভালোবাসায় আবেগে চলে আসতো নদীর কথা। কী সুন্দর সব নদী নেমে এসেছিল মেঘালয় থেকে। তখন দুই পাড়ে মানুষ ছিল খুব কম। ঘরবসতি আরও কম। মাছ, বৃক্ষ, পাখি, কাশবন, প্রজাপতি, পতঙ্গ, কত কিছুর সাথে কেটেছে শৈশব আমাদের! আমরা সেই নদীর জন্য সমাজে ভালোবাসা-মায়া জাগাতে পারিনি।
.জাতীয় নদী রক্ষা কমিশনের স্বায়ত্তশাসন কেন প্রয়োজন.
আমি জানি না পৃথিবীতে আরও কয়টি দেশ আছে যেখানে নদীর উপর এত অত্যাচার করা হয়। ২০২৪ সালের মে মাসে আমি চিফ সিয়াটলের দেশে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ডিস্টিংগুইসড হামফ্রে ফেলো হিসেবে গিয়েছিলাম। ন্যাটিভ আমেরিকানদের কথা আগেই জেনেছিলাম। তাছাড়া ২০০৫ সালে নিউ মেক্সিকোর সানতা ফে শহরে তাদের দেখেছিলাম।
নদী নিয়ে চিফ সিয়াটলের হৃদয়স্পর্শী উক্তি আছে। আমেরিকার প্রেসিডেন্ট যখন তাদের ভূমি, বন, নদী সব কিনে নিতে চেয়েছেন, তখন তিনি প্রেসিডেন্টকে বলেছেন, ‘নদী আমাদের বোন। তারা আমাদের তৃষ্ণা মেটায়। নদী আমাদের অন্ন জোগায়। আমরা যদি তোমাদের কাছে এই ভূমি বিক্রি করি, তবে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তোমাদের সন্তানদের শেখাতে হবে যে, নদী আমাদের আত্মীয় এবং তোমাদেরও আত্মীয়। তাই তোমরা নিজের ভাইবোনের মতোই যত্ন ও মমতার সাথে নদীগলোর প্রতি আচরণ করো।’
.নদীর সঙ্গে আমাদের আড়ি.
আমি যে অঞ্চল থেকে এসেছি মেঘালয়ের এপারে, সেখানে অনেক সুন্দর সুন্দর নদী ছিল। পশ্চিমে মার্সী নদী, বুগাই নদী, পূর্বদিকে দাবুয়া-নেতাই-সোমেশ্বরী-পাতলাবান-পাতলী নদী। সুনামগঞ্জের সীমান্তের নদীগুলো কী অপরূপ, সুন্দর। সেখানে চলছে এখন অবাধে বালু ও পাথর তোলার কাজ। নদীর প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখা যায় জাফলংয়ের পিয়াইন ও সারী নদীতে গেলে।
প্রথম আলো
তেই সারী নদীর নীল জল নিয়ে লিখেছিলাম প্রায় দেড়যুগ আগে।
আমি ভেবে পাই না কেন প্রশাসন কোটি কোটি টাকা নিয়ে এভাবে নদী ধ্বংস করার জন্য ইজারা দেয়। টাকার পরিমাণ এত বেশি যে, ইজারাদার দিনরাত শত শত মেশিন ও হাজার হাজার শ্রমিক নিয়ে নদীর বুক ঝাঝড়া করে দেয়। নদীর উপর এই ইজারা সিস্টেম নিয়ে গভীরভাবে ভাবতে হবে। এই অপরিনামদর্শী উন্নয়ন চিন্তা বাদ দিতে হবে। এভাবে চললে অদূর ভবিষ্যতে হয়তো কোনো নদীর অস্তিত্বই আর থাকবে না।
.
নদী নিয়ে কত গান ছিল আমাদের? বিদ্যমান এই ব্যবস্থা ও উন্নয়ন চিন্তার ধারক-বাহক সমাজের কাছে বেশি কিছু আশা করি না। আমাদের ভাবতে হবে কিশোর ও তরুণদের নিয়ে। ওদের যেন আমরা শেখাতে পারি, নদী তোমার বোন, তার যত্ন নিও। আমরা সবাই আমাদের বোনকে ভালোবাসি। তাই আমরা নদীকে দূষিত করবো না। তাকে মরতে দিব না। নদী ও প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা আমাদের ছড়িয়ে দিতে হবে দ্রুত।
নদী কমিশনে একজন আদিবাসী সদস্য রাখা দরকার। কাজ হোক বা না হোক। নদী নিয়ে আমাদের সংস্কৃতি ও ওয়ার্ল্ডভিউর কথা তিনি বলবেন। তিনি বলবেন, প্রকৃতিকে পরাজিত করার কিছু নাই। মানুষ ও প্রকৃতি পরিপূরক। অল ইজ কানেক্টিভ।
সঞ্জীব দ্রং
কলাম লেখক ও সংস্কৃতিকর্মী
sanjeebdrong@gmail.com
