সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেবার বিষয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করছে। গত ২১ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিল্প মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানান। তিনি বলেন, সার কারখানা বাদে শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্যসব শিল্প-কারখানা বিরাষ্ট্রীয়করণ করা হবে। ব্যক্তি মালিকানাধীনে এসব শিল্প-কারখানা যাতে লাভজনকভাবে পরিচালিত হতে পারে সরকার সেটা নিশ্চিত করতে চায়। প্রয়োজনীয় বিধি-বিধান অনুমোদনের পর আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু করা হতে পারে। মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় কয়েকটি পদ্ধতি আছে। কোনটি দীর্ঘ মেয়াদি ইজারা, কোনটি রাজস্ব ভাগাভাগি এবং কোনটি মুনাফা ভাগাভাগি। এ তিন পদ্ধতির কোন একটির আওতায় প্রকল্পগুলোকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে যেসব শিল্প-কারখানা রয়েছে সেগুলো দিনের পর দিন লোকসান দিয়ে চলেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে এসব শিল্প-কারখানা ২ হাজার কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানাগুলো পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা। রাষ্ট্রীয় মালিকানাধীনে পরিচালিত শিল্প-কারখানাগুলো বছরের পর বছর লোকসান দিচ্ছে। অথচ একই নেচারের ব্যক্তি মালিকানাধীন শিল্প-কারখানা লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। পরিচালনগত অদক্ষতা এবং ব্যাপকভিত্তিক দুর্নীতিই হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানা লোকসান দেবার প্রধান কারণ। রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানা পরিচালনার জন্য প্রতি বছর রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে দিতে হচ্ছে। সরকার কখনোই ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে পারে না এ সত্যটিই বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন করে প্রতীয়মান হয়েছে।

অর্থনীতিবিদগণ মনে করেন, কোন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানায় পরিচালনার চেষ্টা করা হলে সেখানে ব্যক্তির সৃজনশীলতা বিকাশের পথ রুদ্ধ হয়। মুক্তবাজার অর্থনীতির সূত্র মোতাবেক, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সরাসরি মালিকের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধানে পরিচালিত হয় না। এসব প্রতিষ্ঠান পরিচালিত হয় প্রতিনিধির মাধ্যমে। প্রতিনিধি কখনোই মালিকের মতো দায়িত্বশীল এবং সৎ হতে পারেন না। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদের অধিকাংশেরই উদ্দেশ্য থাকে ব্যক্তিগত ফায়দা লুটে নেয়া। তারা প্রতিষ্ঠানটিকে নিজের বলে মনে করেন না। অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সরাসরি মালিকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সেখানে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সততা এবং দক্ষতাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে দুর্নীতি এবং অসততার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়। ফলে চাইলেই একজন কর্মকর্তা বা কর্মচারী নৈতিকতা বিরোধী কোন কাজে যুক্ত হতে পারেন না।

বাংলাদেশের শিল্পনীতি পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার আগে এখানে মিশ্র মালিকানার ভিত্তিতে শিল্প-কারখানা পরিচালিত হতো। অধিকাংশ শিল্প ছিল ব্যক্তি মালিকানাধীনে, যা নিয়ন্ত্রিত হতো পাকিস্তানি উদ্যোক্তাদের দ্বারা। বাংলাদেশি শিল্পোদ্যোক্তা ছিলেন খুবই কম। কিছু শিল্প ছিল রাষ্ট্রীয় মালিকানাধীনে এবং সামান্য সংখ্যক শিল্প গড়ে উঠেছিল যৌথ উদ্যোগে। বিদেশি মালিকানাধীন শিল্প-কারখানা তেমন একটা ছিল না বললেই চলে। স্বাধীনতা যুদ্ধ চলাকালে এবং পরবর্তীতে পাকিস্তানি শিল্প উদ্যোক্তাগণ পাকিস্তানে চলে যান। ফলে মালিকানাবিহীন এসব শিল্প-কারখানা পরিচালনা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সে সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার উদ্যোগ নেন। যদিও আওয়ামী লীগ কখনোই সমাজতান্ত্রিক অর্থনীতি ধারার রাজনৈতিক দল ছিল না। ফলে সমাজতান্ত্রিক অর্থনীতি বাস্তবায়নের জন্য যে রকম দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী প্রয়োজন তা আওয়ামী লীগে ছিল না। সকল উৎপাদন যন্ত্রকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে যাবার ফলে উৎপাদন সেক্টরে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোকদের নিয়োগ দেয়া হয়। ফলে ব্যাপকভাবে দুর্নীতি-অনিয়ম এসব প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। এক সময় যেসব শিল্প-কারখানা লাভজনকভাবে পরিচালিত হতো তা অচিরেই লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়। সে সময় যদি শিল্প প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে না নিয়ে সরাসরি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয়া হতো তাহলে আর কিছু না হোক দেশ অন্তত লোকসানের হাত থেকে রক্ষা পেত। বিগত ৫৫ বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প আনুমানিক এক লাখ কোটি টাকা থেকে সোয়া লাখ কোটি টাকা লোকসান দিয়েছে বলে ধারণা করা হয়। ১৯৭২ সালের জাতীয়করণ আদেশ (পিও-২৭) এর আওতায় ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে মোট ৭০০ ছোট-বড় শিল্প-কারখানাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেয়া হয়।

পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরে গেলে ঘটনা পরম্পরায় জেনারেল জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় উৎপাদন যন্ত্রকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত করে বেসরকারি খাতকে উৎসাহিত করা হয়। ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সালের মধ্যে ৩৪৫টি শিল্প-কারখানা বিরাষ্ট্রীয়করণ করে আগের মালিকদের নিকট ফিরিয়ে দেয়া হয়। ১৯৮২ সালের শিল্পনীতিতে বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়াকে জোরদার করা হয়। এ সময় ২২২টি শিল্প-কারখানকে বিরাষ্ট্রীয়করণ করা হয়। কিন্তু ব্যক্তি মালিকানায় যাবার পরও শিল্প-কারখানাগুলো আগের মতো ভালভাবে চলছে না। বা কাঙ্ক্ষিত মাত্রায় লাভজনকতা অর্জন করতে পারছে না। ব্যক্তি মালিকানায় যাবার ৩৫ থেকে ৪০ শতাংশ কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একটি জরিপে উল্লেখ করা হয়,বিরাষ্ট্রীয়করণের পর ৫৮ শতাংশ শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। এদের মধ্যে ৪২ শতাংশ কারখানা লোকসানে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো অনভিজ্ঞ উদ্যোক্তাদের নিকট হস্তান্তর করার ফলে তারা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালনা করতে পারেনি। রাষ্ট্রীয় মালিকানাধীন কল-কারখানা ক্রয় করে নিয়ে যারা লাভজনকভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছেন তাদের ৭১ শতাংশই পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন। কাজেই কোন শিল্প-কারখানা রাষ্ট্রীয় মালিকানাধীন থেকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলেই তা লাভজনকভাবে পরিচালিত হতে পারবে এমনটা ভাবলে ভুল হবে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয়েছে সেগুলোর মেশিনারিজ অত্যন্ত পুরোনা এবং স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করার মতো নয়। তাই এগুলোকে আধুনিকায়ন, পুনঃস্থাপন ও সম্প্রসারণ করা প্রয়োজন ছিল। বিগত দিনগুলোতে একটি বিষয় অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে তাহলো, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানা বিরাষ্ট্রীয়করণের ক্ষেত্রে জাতির স্বার্থ সংরক্ষণের কোন উদ্যোগ নেয়া হয়নি। বরং দলীয় নেতা-কর্মী এবং আত্মীয়স্বজনের মাঝে নামমাত্র মূলে এসব প্রতিষ্ঠান বিক্রি করে দেয়া হয়েছে। অনেকেই কারখানার মূল্যবান জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত নিজেদের মালিকানায় নেয়ার জন্য এসব কারখানা ক্রয় করেছেন। শিল্প পরিচালনা করা তাদের উদ্দেশ্য ছির না। বিশেষ করে ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এ প্রবণতা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা গেছে।

বর্তমান সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন বিরাষ্ট্রীয়করণের উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো একটি উদ্যোগ। তবে শুধু বিরাষ্ট্রীয়করণ করা হলেই একটি কারখানা তার পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে লাভজনকতা অর্জন করতে পারবে তা নয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি কিভাবে এবং কার নিকট হস্তান্তর করা হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিল্পমন্ত্রীর বক্তব্য থেকে প্রতীয়মান হচ্ছে যে, সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বিরাষ্ট্রীয়করণ করতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশে পিপিপি’র অধীনে শিল্প স্থাপন ও পরিচালনার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। উৎপাদন যন্ত্রে সরকারের প্রত্যক্ষ অথবা পরোক্ষ অংশ গ্রহণ কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে পারবে বলে মনে হয় না। তাই বিষয়টি নিয়ে আরো ভেবে দেখার দরকার আছে। পিপিপি’র আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ গ্রহণের পরিবর্তে বিকল্প হিসেবে প্রতিষ্ঠানগুলোর শতভাগ শেয়ার স্টক মার্কেটের মাধ্যমে বাজারে ছাড়া যেতে পারে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ৩০ অথবা ৩৫ শতাংশ শেয়ার সরকারের হাতে রেখে অবশিষ্ট ৬৫ বা ৭০ শতাংশ শেয়ার স্টক মার্কেটের মাধ্যমে উন্মুক্ত করা যেতে পারে। শেয়ার মার্কেটের মাধ্যমে শিল্প-কারখানা পরিচালনার সবচেয়ে সুবিধা হচ্ছে এতে মূল মালিকের উপর আর্থিক চাপ পড়ে খুবই কম। একজন উদ্যোক্তা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠান পরিচালনা করতে চান তাহলে তাকে একটি নির্দিষ্ট সময় পর ব্যাংকে সুদসমেত কিস্তি পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে কি হচ্ছে না ব্যাংক তা বিবেচনা করবে না। কিন্তু স্টক মার্কেটে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করা হলে শেয়ার হোল্ডারগণ নির্দিষ্ট সময় অন্তর মুনাফা চাইতে পারবে না। প্রতিষ্ঠানটি লাভজনকতা অর্জন না করা পর্যন্ত শেয়ার হোল্ডারদের কোন ডিভিডেন্ড প্রদানে বাধ্য নয়। এমনি কোন বছর যদি প্রতিষ্ঠান লোকসান দেয় তাহলেও শেয়ার হোল্ডারদের কোন লভ্যাংশ দিতে হয় না।

অথবা বিকল্প হিসেবে সরাসরি নিলামের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যেতে পারে। স্টক মার্কেটের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হলে বিভিন্ন স্তরের বিনিয়োগকারীগণ শেয়ার ক্রয় করে প্রতিষ্ঠানের মালিকানা লাভ করতে পারবেন। এত শেয়ারবাজারে ভালো কোম্পানির স্বল্পতা দূর হবে। যদি স্টক মার্কেটের মাধ্যমে শেয়ার রিলিজ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা না হয় তাহলে সরাসরি এগুলো নিলামের মাধ্যমে ব্যক্তি খাতে হস্তান্তর করা যেতে পারে। একটি বিষয় মনে রাখতে হবে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বর্তমানে যে অবস্থায় আছে তাকে ব্যক্তি খাতে হস্তান্তর করলেই যে প্রতিষ্ঠানগুলো লাভজনকতা অর্জন করতে পারবে তা নয়। কারণ এসব না প্রতিষ্ঠানের মেশিনারিজ পুরনো হয়ে গেছে। তাই প্রতিষ্ঠানগুলোতে সুষমকরণ,আধুনিকায়ন,পুনঃস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সম্প্রসারণ করতে হবে। এ জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। তাই বিরাষ্ট্রীকরণকৃত প্রতিষ্ঠানের নতুন মালিকদের অনুকূলে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। আর প্রতিষ্ঠানগুলো বিরাষ্ট্রীয়করণের ক্ষেত্রে শুধু উচ্চ মূল্য প্রাপ্তির দিকটি বিবেচনা করলে হবে না। প্রতিষ্ঠানগুলো যাতে দক্ষ এবং পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন উদ্যোক্তাদের হাতে যায় তার ব্যবস্থা করতে হবে। একজন অভিজ্ঞ উদ্যোক্তাই তার কারখানার সমস্যা সঠিকভাবে অনুধাবন করতে পারবেন।

সরকার এসএমই খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এসএমই খাতকে বৃহৎ শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ বৃহৎ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, নির্মাণ সামগ্রি এবং মধ্যবর্তী পণ্য এসএমই খাতের মাধ্যমে যোগানদানের ব্যবস্থা করতে হবে। জাপানের টয়োটা কোম্পানি গাড়ি তৈরি ক্ষেত্রে বিশ্ববিখ্যাত। কিন্তু টয়োটা কোম্পানি গাড়ির সমস্ত যন্ত্রপাতি নিজেরা এককভাবে তৈরি করে না। তারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প-কারখানায় অর্ডার দিয়ে গাড়ির যন্ত্রপাতি তৈরি করে আনে। পরবর্তীতে তারা সে সব যন্ত্রপাতি সংযোজন করে গাড়ির চূড়ান্ত রূপ দেয়। এতে বড় শিল্পের সহযোগিতায় ক্ষুদ্র শিল্প বিকশিত হবার সুযোগ লাভ করে। বাংলাদেশে ঠিক একই রকম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমাদের দেশের এক শ্রেণির বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিকরা ক্ষুদ্র শিল্পকে তাদের প্রতিযোগী মনে করেন। এটা ঠিক নয়। বৃহৎ এবং ক্ষুদ্র শিল্প কেউ কারো প্রতিযোগী নয় তারা সহযোগী হতে পারে।

লেখক : সাবেক ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক।