আসিফ আরসালান

॥ এক ॥ বিগত ৭ মাসে বিএনপি সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে, সরকার মুখে গণতন্ত্রের নাম করলেও কার্যক্ষেত্রে তারা ক্ষমতা পাকাপোক্ত করার পথেই হাঁটছে। শুধুমাত্র হাঁটা বললে ভুল হবে, সরকার প্রশাসনের প্রায় প্রতিটি স্তরে বিএনপির নেতাকর্মী বসাচ্ছে। জাতীয় নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়ে তারা জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ আসন দখল করেছে। এখন তারা স্থানীয় সরকারের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত দলীয় লোক বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টার সবচেয়ে বড় ধাপ হলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা। বিভিন্ন অজুহাতে সরকার স্থানীয় সরকার নির্বাচন ক্রমান্বয়ে পিছিয়ে দিচ্ছে। আর সরকারের এই অপচেষ্টায় স্বাক্ষী গোপাল সেজেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার গত ১৬ সেপ্টেম্বর যথার্থই বলেছেন যে, মেরুদন্ডহীন কমিশন দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক সংগ্রামের এক রিপোর্ট মোতাবেক জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, “এত নতজানু, এত মেরুদন্ডহীন নির্বাচন কমিশন দিয়ে এই ইলেকশন তো কখনো সুষ্ঠু হতে পারে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ইসি সচিবের মন্তব্যের প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পারওয়ার বলেন, এ ধরনের বক্তব্য নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করে। উল্লেখ করা যেতে পারে যে, গত ‘১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে আয়োজনের একটি প্রাথমিক রূপরেখা ঘোষণা করে। পরদিন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐ সম্ভাব্য সময়সূচি নিয়ে আপত্তি জানান এবং সরকার এ বিষয়ে কিছুই জানে না বলে মন্তব্য করেন। প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর ২৪ ঘণ্টাও পার হয়নি, নির্বাচন কমিশন তার ২৪ ঘণ্টা আগের ঘোষণা থেকে সরে দাঁড়ায় এবং বলে যে, তাদের সেই নির্বাচনী রোডম্যাপটি ছিলো পুরোপুরি প্রাথমিক। নির্বাচন কমিশন থেকে আরো জানানো হয় যে, সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। এব্যাপারে মিয়া গোলাম পরওয়ার বলেন, “তফসিলের প্রাথমিক ঘোষণার পর প্রতিমন্ত্রীর বক্তব্যের পরের দিনই ভোল পাল্টে ফেলা- এত নতজানু, এত মেরুদন্ডহীন ইলেকশন কমিশন দিয়ে এই ইলেকশন তো কখনো সুষ্ঠু হতে পারে না। এটা আমি দেশবাসীর বিবেচনার জন্য পেশ করছি। ইসি সচিব আকতার আহমেদ ও অতিরিক্ত সচিব শামছুল আলম সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাদের আচরণে রাজনৈতিক প্রতিনিধিত্বের ছাপ রয়েছে বলে তিনি মনে করেন। ‘মন্ত্রীর কথা শিরোধার্য’, এমন বক্তব্য যিনি দিতে পারেন তার মেরুদন্ড কোথায়?” প্রতিমন্ত্রীর বক্তব্যের পর গত ১৭ সেপ্টেম্বর ২৬টি মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশনার। বৈঠক শেষে ইসি সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক যে তারিখ দিয়েছিলাম সেটি সম্ভাব্য সময় ছিল। নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কি না-জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, ‘আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’ আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেও ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি কমিশন। পরীক্ষা, রমজান ও নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো সমন্বয় করে সুনির্দিষ্ট তারিখ জানাতে আরও কিছু কাজ করতে হবে বলে জানিয়েছে ইসি। উল্লেখ করা যেতে পারে যে, গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাপ্ত করার একটি তফসিল ঘোষণা করেছিলো। তফসিল মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতো চলতি সালের ১২ নভেম্বর। আর ৭ম ধাপে নির্বাচন শেষ হতো ২০২৭ সালের ২৭ মে। কিন্তু একটু আগেই বলেছি যে, প্রতিমন্ত্রীর বক্তব্যের পর ইলেকশন কমিশন পিছু হটে। গত ১৭ সেপ্টেম্বর ২৬ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেও তারা নতুন কোনো তারিখ নির্ধারণ করতে পারে নাই। ॥ দুই ॥ স্মরণ করা যেতে পারে যে জুলাই বিপ্লবের পর সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদেরও অনেক চেয়ারম্যান, কাউন্সিলর এবং সদস্য হয় দেশ ছেড়ে পালিয়ে যান অথবা আত্মগোপনে চলে যান। এই পরিস্থিতিতে সারা দেশের মানুষ এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নৈমত্তিক সেবা থেকে বঞ্চিত হন। জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জামায়াতে ইসলামী এবং এনসিপি যতদ্রুত সম্ভব সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলে। বিএনপি এই দাবির অর্থ বিকৃত করে এবং বলে যে জাতীয় নির্বাচন পেছানোর জন্য আগে নাকি স্থানীয় সরকার নির্বাচনের ধুয়া তোলা হচ্ছে। বিএনপির তীব্র বিরোধিতার মুখে অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন প্রথমে হওয়ার দাবি গ্রহণ করেনি। গত বছরের ১৭ অগাস্ট প্রেসিডেন্টের অনুমোদনের পর স্থানীয় সরকার অধ্যাদেশ সংশোধন করা হয়। এই সংশোধনী বলে স্থানীয় সরকার সংস্থার পদাধিকারীদেরকে অপসারণ করে প্রশাসক নিয়োগের আইন করা হয়। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। সরকার গঠন করে স্থানীয় সরকার নির্বাচনকে হিমাগারে পাঠিয়ে ১৫ মার্চ নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার এক যোগে ৪২টি জেলা পরিষদে দলীয় নেতাদেরকে জেলা প্রশাসক পদে বসায়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এবং ১৪ মার্চ (সরকার গঠনের পর) সরকার যথাক্রমে ১১টি সিটি কর্পোরেশনে বিএনপির নেতাকর্মীদেরকে প্রশাসক পদে বসায়। এভাবে রাষ্ট্রের ৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদেরকে প্রধান হিসাবে বসানোর পর জনমনে স্বাভাবিক ভাবেই এই আশঙ্কা দানা বাঁধতে শুরু করে যে নিকট ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন আর হচ্ছে না। তখন স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ চিত্র মোতাবেক এপর্যন্ত ১২টি সিটি কর্পোরেশনের মেয়র, ৩৩০টি পৌরসভার মেয়র, ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়। পরবর্তী পর্যায়ে ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভার সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। এভাবে প্রশাসক বসানোর বিরুদ্ধে সমালোচনা শুরু হলে গত ২৩ মার্চ বিবিসি বাংলাকে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন যে, ভবিষ্যতে আর কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করা হবে। তবে এজন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। তবে এই সময় হবে বড়জোর ৩ মাস। তিনি বিবিসিকে আরো বলেন যে, সরকার ইউনিয়ন পরিষদ থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়। মির্জা ফখরুলের সেই ৩ মাস পার হয়ে গেছে। পার হয়ে ৭ মাস চলছে। এর মধ্যে মির্জা ফখরুল আর মন্ত্রী নাই। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অর্থাৎ প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু স্থানীয় সরকার ইলেকশনের কথা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আর কোনো মন্ত্রীর মুখে শোনা যায়নি। সবচেয়ে অবাক ব্যাপার হলো এই যে, বিগত ৭ মাসে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী বা এমপির মুখ থেকে একটি শব্দও বের হয়নি। ॥ তিন ॥ স্থানীয় সরকার নির্বাচন আশু এবং অতি জরুরি হয়ে পড়েছে। কারণ স্থানীয় সরকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সেবা দেয় জনগণকে। এগুলো হলো, জন্মসনদ, মৃত্যুসনদ, উত্তরাধিকার সনদ, ট্রেড লাইসেন্স, স্থানীয় বিভিন্ন প্রত্যয়ন, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সেবা ইত্যাদি। অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার সংস্কারের জন্যও একটি কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক তোফায়েল আহমেদ। ২০২৫ সালের ২০ এপ্রিল কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার নিকট দাখিল করে। তারপর ঐ রিপোর্টের ভাগ্য কি হয়েছে সেটি আর জনগণকে জানানো হয়নি। গত জুলাই মাসে ইসি জানায় যে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তারা এমন ধারণাও দেয় যে আগামী অক্টোবর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান যে, স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হবে। ৬ সেপ্টেম্বরের পর ১৪ সেপ্টেম্বর যে তফসিল দেওয়া হয় সেখানে ছিলো: ১ম ধাপ ১২ নভেম্বর, ২য় ধাপ ১৩ ডিসেম্বর, ৩য় ধাপ ৩০ ডিসেম্বর, ৪র্থ ধাপ ১৭ জানুয়ারি ২০২৭, ৫ম ধাপ ৪ ফেব্রুয়ারি ২০২৭, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল ২০২৭ এবং ৭ম ধাপ ২৭ মে ২০২৭. কিন্তু ১৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্তব্যের পর নির্বাচন কমিশনের সমস্ত কর্মপরিকল্পনা ভন্ডুল হয়ে যায়। সরকারের এসব পদক্ষেপ দেখে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলেন যে, সরকার অবস্থা সুবিধাজনক মনে করছে না। তাই তারা স্থানীয় নির্বাচন যত দিন সম্ভব পেছাতে চায়। আর এভাবে লম্বা সময় হাতে নিয়ে তারা একদিকে যেমন দলীয় অবস্থান সংহত করতে চায় অন্য দিকে তেমনি ঐ সব নির্বাচনে জয়লাভ করার জন্য আটঘাট বাঁধতে চায়। প্রশাসক নিয়োগের যে হিড়িক এই সরকার শুরু করেছে তার থেকে ইউনিয়ন পরিষদও বাদ যায়নি। অন্তত এক তৃতীয়াংশ ইউনিয়ন পরিষদে বিএনপির স্থানীয় নেতাদেরকে প্রশাসক হিসাবে বসানো হয়েছে। ১৭ সেপ্টেম্বর দৈনিক ‘সমকালে’ মন্তব্য করা হয়েছে যে, বিগত সংসদ নির্বাচনে বিএনপির যেসব সদস্য মনোনয়ন পাননি, অথবা যারা ইলেকশনে ফেল করেছেন, তাদেরকে এসব জায়গায় প্রশাসক হিসাবে বসিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল কিছুটা প্রশমিত করা হয়েছে। একাধিক পত্র পত্রিকার খবরে প্রকাশ, স্থানীয় সরকারের সব কটি পর্যায়ে জামায়াতের প্রার্থী নির্বাচন তথা প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত। পক্ষান্তরে বিএনপির ক্ষেত্রে একেকটি আসনে ৮/১০ জন করে প্রার্থী। ফলে দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে। নির্বাচন নিয়ে টালবাহানার এটিই মুখ্য কারণ। কিন্তু জনগণ চায় স্থানীয় সরকারের সেবা। আর সেজন্য কাল বিলম্ব না করে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার বিকল্প নাই। Email: asifarsalan15@gmail.com