মুহাম্মদ মাহমুদুর রহমান

বুট জুতার আকৃতির উপদ্বীপ ইতালি—তিন দিকে সাগর, উত্তরে আল্পস, বুক চিরে অ্যাপেনাইন পর্বতমালা। “ইতালি” নামের উৎস প্রাচীন “ভিতেলিউ” শব্দ, যার অর্থ “বাছুরের দেশ”।

এই ভূখণ্ডে মুসলিম আগমনের পটভূমি আব্বাসীয় খিলাফত। বাগদাদের বাইতুল হিকমাহকে ঘিরে তখন জ্ঞানচর্চার স্বর্ণযুগ, যার ধারায় পরে আল-খাওয়ারিজমি, ইবনুল হাইসাম ও আল-বিরুনির মতো মনীষীরা উঠে আসেন। ধান, তুলা ও লেবুজাতীয় ফসল ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বজুড়ে। ১২৫৮ সালে হালাকু খানের হাতে বাগদাদের পতনে সেই যুগের অবসান ঘটে; তবে তার বহু আগেই আব্বাসীয়দের অনুগত আঘলাবি আমিররা উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপের দিকে দৃষ্টি দিয়েছিলেন।

খলিফা আল-মামুনের আমলে, ৮২৭ খ্রিষ্টাব্দে, আঘলাবি আমির প্রথম জিয়াদাতুল্লাহর নির্দেশে কায়রাওয়ানের কাজি আসাদ ইবনুল ফুরাতের নেতৃত্বে মুসলিম বাহিনী সিসিলির মাজারা দেল ভাল্লোতে অবতরণ করে—স্পেন বিজয়ের ঠিক ১১৬ বছর পর। আসাদের বয়স তখন প্রায় সত্তর, যুদ্ধের অভিজ্ঞতাও ছিল না। তিনি ছিলেন ইমাম মালিক ইবনে আনাসের শিষ্য, খ্যাতিমান ফকিহ। একজন আলেমের হাতে নেতৃত্ব তুলে দেওয়া যেন এই বার্তাই দেয় যে রোমান সাম্রাজ্যের এই প্রান্তে মুসলিম পদচিহ্ন আঁকা হবে জ্ঞানের পথ ধরে। পরের বছর সিরাকিউজ অবরোধকালে আসাদ মারা যান। ৮৩১ সালে পালেরমো বিজিত হয় এবং অচিরেই শহরটি মসজিদ, বাজার, বাগান ও জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়।

৮৫৯ সালে পাহাড়চূড়ার দুর্গনগরী কাস্ত্রোজোভান্নি (আজকের এন্না) এবং ৮৭৮ সালে সিরাকিউজ মুসলিমদের হাতে আসে। অবশেষে ৯০২ সালে দ্বিতীয় ইব্রাহিমের তাওরমিনা বিজয়ের মধ্য দিয়ে প্রায় পঁচাত্তর বছরের যুদ্ধ শেষে পুরো সিসিলি মুসলিম নিয়ন্ত্রণে আসে। আরবি হয়ে ওঠে প্রশাসন ও বাজারের ভাষা; গড়ে ওঠে মসজিদ, শিক্ষালয়, বাজার, হাম্মাম ও বাগান-নগরী। সিসিলি পরিণত হয় ইউরোপ ও ইসলামি বিশ্বের সংযোগসেতুতে।

৯০৯ সালে ফাতিমি খিলাফত প্রতিষ্ঠিত হলে আঘলাবি শাসনের অবসান ঘটে। ফাতিমিরা রাজস্ব ও সেনা বিভাগ পুনর্গঠন করে কেন্দ্রীভূত প্রশাসন গড়ে তোলে; ৯৬৫ সালের “প্রণালীর যুদ্ধে” বাইজান্টাইন বাহিনী বিপর্যস্ত হয়। খলিফা আল-মুইজ পালেরমোর প্রাচীর পুনর্নির্মাণ এবং প্রতিটি অঞ্চলে মসজিদসহ সুরক্ষিত নগরী গড়ার নির্দেশ দেন।

ফাতিমি ও কালবি আমলে সিসিলিতে ঘটে এক “সবুজ বিপ্লব”, আজকের ঐতিহাসিকেরা যাকে ইতালির কৃষি বিপ্লবের সূচনা মনে করেন। কানাত পদ্ধতির ভূগর্ভস্থ জলপথ, খাল ও কূপভিত্তিক সেচ এবং লেবুজাতীয় ফল, খেজুর, তুলা, মেহেদি, কলা ও আখের মতো নতুন ফসল দ্বীপের কৃষিব্যবস্থা চিরতরে বদলে দেয়। পালেরমোয় প্যাপিরাস থেকে উৎকৃষ্ট কাগজ তৈরি আরম্ভ হয়। খনিজ সম্পদ, টুনা মাছের শিল্প এবং স্পেন থেকে মিসর পর্যন্ত বিস্তৃত বাণিজ্য দ্বীপটিকে সমৃদ্ধ করে; ১০০০ সালের পর মুসলিম উত্তর আফ্রিকার অর্থনীতি অনেকটাই সিসিলির ফসলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

তবে এই শক্তি দাঁড়িয়ে ছিল ভঙ্গুর ভারসাম্যের ওপর। ফাতিমিরা কায়রোতে সরে গেলে সিসিলি রাজনৈতিকভাবে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কালবি আমির ইউসুফের (৯৯০-৯৯৮) পর করের চাপ বাড়ে, একের পর এক বিদ্রোহ দেখা দেয়, আর “সিসিলীয়” ও “ইফরিকীয়” গোষ্ঠীর দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।

এই বিভাজনের সুযোগ নেয় নর্মানরা। ভাইকিংদের এই উত্তরসূরিরা প্রথমে দক্ষিণ ইতালিতে ভাড়াটে সৈন্য হিসেবে আসে, পরে আপুলিয়া ও কালাব্রিয়ায় শক্তি প্রতিষ্ঠা করে। ১০৫৯ সালে রবার্ট গিসকার্ড পোপের প্রতি আনুগত্যের শপথ নিয়ে সিসিলি দখলের বৈধতা পান। তাদের অভিযান ক্রুসেড ছিল না; লক্ষ্য ছিল ক্ষমতা ও ভূখণ্ড।

১০৬৩ সালে চেরামির যুদ্ধে নর্মানরা জয়ী হয়। ১০৬৮ সালে মিসিলমেরিতে মুসলিমদের ভয়াবহ পরাজয়ের পর আতঙ্ক ছড়াতে নর্মানরা পালেরমোয় রক্তমাখা কবুতর পাঠায়। পাঁচ মাসের অবরোধ শেষে ১০৭২ সালের ১০ জানুয়ারি মুসলিম পালেরমো আত্মসমর্পণ করে; ১০৯১ সালে পুরো দ্বীপ নর্মানদের দখলে যায়। বিস্ময়কর হলো, নর্মান বাহিনীতেই ছিল হাজার হাজার মুসলিম সৈন্য।

বিজয়ের পর মুসলিমরা রাতারাতি শাসক থেকে প্রজায় পরিণত হয়। প্রথম কয়েক দশক কর ও আনুগত্যের বিনিময়ে তারা ধর্ম, আইন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধরে রাখার সুযোগ পায়; পালেরমোর প্রধান মসজিদ গির্জা হলেও ধর্মপালনে সাধারণত বাধা দেওয়া হয় নি। কিন্তু ধীরে ধীরে জমি, বাজার ও নগরজীবনের ওপর তাদের নিয়ন্ত্রণ কমে আসে। কৃষকেরা জমি হারায়, আর কাউন্ট রজার অনুগত নাইটদের মধ্যে জমি বিলিয়ে নতুন সামন্ত কাঠামো গড়ে তোলেন। তবু বানু রাজা পরিবার তিন প্রজন্ম ধরে পালেরমোর কাজির দায়িত্ব পালন করে।

১১৬০ সালে প্রধানমন্ত্রী মাইও অব বারির হত্যার পর দরবারে মুসলিম খোজা ও লিপিকার, লাতিন ব্যারন এবং চার্চের মধ্যকার ভারসাম্য ভেঙে পড়ে। পালেরমোর মুসলিম পল্লিতে লুটপাট ও অগ্নিসংযোগ নিয়মিত ঘটনায় পরিণত হয়। ১১৬১-৬২ সালের দাঙ্গা এবং রজার স্ক্লাভুসের নেতৃত্বে চালানো দমন অভিযানে প্রায় ১০ হাজার মুসলিম নিহত হয় বলে ধারণা করা হয়। বহু মসজিদ ও বসতি ধ্বংস হয়, অনেকে খ্রিষ্টানের ছদ্মবেশে দক্ষিণ সিসিলিতে পালিয়ে যায়।

তবু সহাবস্থানের চিহ্নও কম নয়। ১১৭৪ সালে নির্মাণ শুরু হওয়া মনরেয়াল ক্যাথেড্রালের জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি ও কারুকাজে মুসলিম কারিগরদের হাতের ছাপ স্পষ্ট। এ যুগের অমর কীর্তি ১১৫৪ সালে রাজা দ্বিতীয় রজারের পৃষ্ঠপোষকতায় আল-ইদরিসির তৈরি মানচিত্র “তাবুলা রজেরিয়ানা”, মুসলিম রীতি অনুযায়ী যার ওপরের দিকে দক্ষিণ। এই মানচিত্র পরবর্তী শতাব্দীগুলোতে ইউরোপীয় নাবিক ও মানচিত্রকারদের পথ দেখিয়েছে।

১১৮৯ সালে উত্তরাধিকারীহীন দ্বিতীয় উইলিয়ামের মৃত্যুর পর পশ্চিম সিসিলিতে ব্যাপক মুসলিম বিদ্রোহ ছড়িয়ে পড়ে; মুসলিমরা আশ্রয় নেয় পাহাড়ী দুর্গে। ১১৯৪ সালে জার্মান সম্রাট ষষ্ঠ হেনরি পালেরমো দখল করেন। পরে সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক বিদ্রোহী মুসলিমদের আপুলিয়ার লুচেরায় সরিয়ে নেন, যা পরিচিতি পায় “লুচেরা দেই সারাচেনি” নামে। ১৩০০ সালে রাজা দ্বিতীয় চার্লসের আমলে সেখানকার মুসলিমদের বিতাড়িত বা জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়, মসজিদ পরিণত হয় গির্জায়। এখানেই ইতালিতে মুসলিমদের প্রায় পৌনে পাঁচশ বছরের ইতিহাসের অবসান ঘটে।

তবু কালাতাফিমি, আলকামো, মারসালার মতো আরবি স্থাননাম, সেচপ্রযুক্তি, স্থাপত্য ও সংগীতে সেই উত্তরাধিকার আজও সিসিলিতে বেঁচে আছে।

১৪৮০ সালে অটোমান নৌবহর দক্ষিণ ইতালির ওত্রান্তো দখল করে; লক্ষ্য ছিল নেপলস ও রোমের দিকে এগোনো। ষোড়শ থেকে উনিশ শতক পর্যন্ত ইতালিতে মুসলিমদের প্রধান পরিচয় ছিল দাস, বন্দি বা গোপন বিশ্বাসী। পোপের গ্যালিতে ১৫৯১ সালে ১৬৩ জন, ১৭২৪ সালে ৩৫০ জন এবং ১৭২৬ সালে ৪৭৫ জন মুসলিম দাস শিকলবাঁধা অবস্থায় দাঁড় টানত। বন্দরনগরী লিভোর্নো ছিল দাস বাণিজ্যের কেন্দ্র; ধর্মান্তরিত হয়েও অনেকে মুক্তি পেত না।

অন্যদিকে যুদ্ধের মাঝেও অটোমান-ভেনিস মশলা, রেশম ও তুলার বাণিজ্য চলত, আর মেদিচি পরিবারসহ অভিজাত সংগ্রাহকদের হাতে ইসলামি শিল্পকর্ম ইতালীয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে। নেপলসের জাতীয় গ্রন্থাগারে আজও ১৫১টি এবং আগ্রিজেন্তোর লুক্কেসিয়ানা গ্রন্থাগারে ৩১টি ইসলামি পাণ্ডুলিপি সংরক্ষিত আছে।

দীর্ঘ বিরতির পর ইসলাম আবার ইতালিতে ফিরেছে, এবার জীবিকার খোঁজে। ষাটের দশকে মাজারা দেল ভাল্লোয়—যেখানে নবম শতকে প্রথম মুসলিম সৈন্য নেমেছিল—বসতি গড়ে তিউনিসীয় জেলেরা। আজ সেখানে প্রায় পাঁচ হাজার মুসলিমের বাস, যা শহরের জনসংখ্যার প্রায় দশ শতাংশ; অথচ শহরেই তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে কাউন্ট রজারের ভাস্কর্য। ১৯৯০ সালের সাধারণ ক্ষমা আইন প্রায় দেড় লাখ অভিবাসীকে বৈধতা দেয়, আর ১৯৯৫ সালে ভ্যাটিকান থেকে কয়েক কিলোমিটার দূরে রোমে উদ্বোধন হয় পশ্চিম ইউরোপের বৃহত্তম মসজিদ। একই সঙ্গে বেড়েছে অসহিষ্ণুতাও: ১৯৮৯ সালে ৫০ শতাংশ ইতালীয় মনে করতেন দেশে বিদেশি বেশি, ১৯৯১ সালে সেই হার দাঁড়ায় ৭৫ শতাংশে।

বিভিন্ন তথ্যমতে, ইতালির লাখ লাখ মুসলিমের জন্য অনুমোদিত মসজিদ মাত্র আটটি; অথচ অননুমোদিত নামাজঘর প্রায় সাড়ে চার হাজার। গ্যারেজ, দোকান, গুদাম বা বাস ডিপোর ভেতরে গড়ে ওঠা এই অদৃশ্য জগৎ ধরা পড়েছে আলোকচিত্রী নিকোলো দেজর্জিসের “হিডেন ইসলাম” (২০১৪) বইয়ে। ট্রেভিসোতে শ্রমিকদের কেনা ভবনে নামাজ নিষিদ্ধ হলে রমজানে তাঁরা খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন। সিরাকিউজ ক্যাথেড্রাল একসময় মসজিদ ছিল, অথচ ২০১৫ সালে ভেনিস বিয়েনালে একটি পরিত্যক্ত গির্জাকে সাময়িক মসজিদে রূপ দেওয়ার প্রকল্প শহর কর্তৃপক্ষ বন্ধ করে দেয়।

সংবিধানের অষ্টম অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে “ইন্তেসা” চুক্তি করতে পারে, কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধিত্বের অভাবে মুসলিমদের সঙ্গে তা আজও হয়নি। ফলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ধর্ম নয়, ঈদও জাতীয় ছুটির দিন নয়; যদিও কিছু বিদ্যালয় নিজস্ব সিদ্ধান্তে ছুটি দেয়। হিজাব পরা নারীরা চাকরিতে বৈষম্যের মুখে পড়েন। কেন্দ্রীয় উলামা পরিষদের অভাব এবং ভাষাগত-জাতিগত বিভাজন মুসলিম সমাজকে এক কণ্ঠে কথা বলতে দেয় না।

১৯৫২ সালে ইমপেরিয়ায় জন্ম নেওয়া হামজা রবার্তো পিকার্দো সাহারা পাড়ি দিতে গিয়ে মুসলিমদের সংস্পর্শে আসেন এবং ১৯৭৫ সালে ইসলাম গ্রহণ করেন। তাঁর প্রতিষ্ঠিত “আল-হিকমা” প্রকাশনার উদ্যোগে একজন মুসলিমের হাতে ইতালীয় ভাষায় কুরআনের প্রথম পূর্ণ অনুবাদ প্রকাশিত হয়। তিনি মুসলিম সংগঠন ইউকোই-এর মুখপাত্রও ছিলেন। তাঁর মতো প্রায় দেড়লাখ ইতালীয় এখন ইসলামের ছায়াতলে। দ্বিতীয় প্রজন্মের তরুণেরাও ইতালীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে ধর্মীয় পরিচয় মিলিয়ে নতুন পথ খুঁজছে।

আশির দশকে ইতালিতে বাংলাদেশীদের আগমন শুরু হয়; ১৯৮৯ থেকে ১৯৯৫ সালের মধ্যে কেবল রোমেই তাঁদের সংখ্যা দুই-তিনশ থেকে প্রায় দশ হাজারে পৌঁছায়। আজ যুক্তরাজ্যের পরেই ইতালি ইউরোপে বাংলাদেশিদের বৃহত্তম গন্তব্য; কয়েক লাখ বাংলাদেশি সেখানে শ্রম, ব্যবসা ও শিক্ষায় যুক্ত। ইতালীয় সমাজের উষ্ণতা, পরিবারকেন্দ্রিকতা ও ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক স্বীকৃতি তাঁদের থিতু হওয়া সহজ করেছে, যদিও রাজনীতিতে অভিবাসনবিরোধী সুরও আছে।

রোম, বলনিয়া, তুরিন, সালেরনো, মিলান, ট্রেভিসো কিংবা পালেরমোর বাংলাদেশীরা ঈদ, পহেলা বৈশাখ, ভাষা দিবস ও ওয়াজ মাহফিলে একত্র হয়ে গড়ে তুলেছেন এক টুকরো বাংলাদেশ; আনকোনার ইয়েসি শহরের লোকমেলায় হাডুডু, বস্তা দৌড় ও পাতিল ভাঙার মতো খেলাও হয়। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ইতালীয় কোম্পানি এনির আগ্রহ দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করছে। রোমের মাওলানা আমিনুল ইসলামের মতে, যুক্তরাজ্যের বাংলাদেশীদের মতো ইতালির বাংলাদেশী তরুণদেরও স্থানীয় নির্বাচন, সমাজসেবা ও নেতৃত্বে এগিয়ে আসতে হবে।

অধ্যাপক চিরো স্বাইলোর মতে, ফ্রান্সের কঠোর ধর্মনিরপেক্ষতা আর ব্রিটেনের বিচ্ছিন্ন বহুসংস্কৃতিবাদের মাঝামাঝি পথে নাগরিক সমতা ও সাংস্কৃতিক স্বীকৃতির ভারসাম্য খুঁজতে হবে; ইসলামের উপস্থিতি সংকট নয়, বরং নতুন সামাজিক চুক্তির সুযোগ। মুসলিম সমাজের করণীয় হিসেবে উঠে আসে গবেষণাকেন্দ্র, নিজস্ব গণমাধ্যম, নিবন্ধিত দাতব্য সংস্থা, যুব প্রশিক্ষণ, আন্তঃধর্মীয় সংলাপ এবং শিক্ষা, ব্যবসা, প্রশাসন ও রাজনীতির মূলধারায় অংশগ্রহণ। সবচেয়ে জরুরি মাযহাব ও জাতিগত বিভাজন ছাড়িয়ে কুরআন-সুন্নাহর ভিত্তিতে ঐক্য, আর অর্থনৈতিক চাপে ১৬-১৮ বছর বয়সে পড়াশোনা ছেড়ে কাজে ঢুকে পড়া তরুণদের উচ্চশিক্ষায় ফিরিয়ে আনা।

কোনো সভ্যতা চিরস্থায়ী নয়, কিন্তু চিন্তার দীপ্তি ও নৈতিকতার আলো কখনো নিভে যায় না। সততা, জ্ঞান ও সংলাপে সেই আলো জ্বালিয়ে রাখতে পারলে ইতালির মাটিতে ইসলামের নতুন অধ্যায় রচিত হবে।

লেখক : যুক্তরাজ্যপ্রবাসী পিএইডি গবেষক, টিভি উপস্থাপক ও ‘ইতালিতে ইসলাম ও মুসলিম’ গ্রন্থপ্রণেতা।