বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হচ্ছে পণ্য ও সেবা রপ্তানি খাত। কিন্তু নানা কারণেই অনেক দিন ধরে রপ্তানি খাতের অবস্থা ভালো যাচ্ছে না। বিশেষ করে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট প্রথাগত যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি অনেকটাই কমে গেছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার মন্থর হয়ে পড়েছে। আগামীতে এ অবস্থা আরো জটিল হবার আশঙ্কা রয়েছে। ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য বর্ধিত হারে বিদেশি পণ্য আমদানি করতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ বাড়ছে না। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিকূলে ঘাটতির পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরের (২০২৬-২০২৭) প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের প্রতিকূলে বাণিজ্য ঘাটতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য মোতাবেক, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের প্রতিকূলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলার বা ৭৪৭ কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ এভাবে বৃদ্ধি পাবার কারণে সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সময়ে চলতি হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহের ভালো গতি থাকা সত্ত্বেও রপ্তানি বাণিজ্যে মন্থরতার কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইরান শুধু যে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে জ্বালানি সঙ্কট সৃষ্টি করেছে তা নয়। এর আগে মধ্যপ্রাচ্যে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে তা সংশ্লিষ্ট দু’টি দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবারের চলমান যুদ্ধ শুধু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মধ্যপ্রাচ্যের যেসব দেশের মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে ইরান সেগুলোকে টার্গেট করে আক্রমণ চালিয়েছে। অনেক ক্ষেত্রে এসব দেশের তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধ চলছে তা সহসাই বন্ধ হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনী ইরানে অভিযান চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারলে দেশটিতে বিশৃঙ্খলা দেখা দেবে। ইরানের বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসবে। তাদের ইন্ধন দিয়ে ইরানে রেজিম চেঞ্জ করা সম্ভব হবে। কিন্তু তাদের সে ধারণা অতি অল্প সময়ের মধ্যেই দিবাস্বপ্নে পরিণত হয়। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর ইরানের জনগণ সরকার পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসে নি। বরং তারা দৃঢ়ভাবে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ইরানের জনগণ এখন আগের যে কোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তারা ক্ষুদ্র স্বার্থের নিকট দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে রাজি নন।
ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বাহিনীকে যেভাবে প্রতিরোধ করে চলেছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট ছিল কল্পনারও বাইরে। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আর্থিক ক্ষতি হয়েছে তা ছিল অকল্পনীয়। মার্কিন প্রশাসন মনে করেছিল এ যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক খরচ হতে পারে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজের গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।
যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে। দেশটির অর্থনীতিতে মন্দার আশঙ্কা জেগে উঠেছে। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমে গেছে। এ যুদ্ধের কারণে আন্তর্জাতিকক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ এবং সামরিক শ্রেষ্ঠত্ব সংঘাতিকভাবে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প নিজেও তা স্বীকার করেছেন। এ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কোন মূল্যেই হোক ইরান যুদ্ধে জয়লাভ করতে হবে। অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে লজ্জিত হতে হবে।
ইরান-মার্কিন যুদ্ধ তাই সহসাই থেমে যাবার কোন সম্ভাবনা নেই। তার অর্থ হচ্ছে, আগামীতে আমাদের জ্বালানি তেলের উচ্চ মূল্য নিয়ে ভাবতে হবে। পণ্য রপ্তানির বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি কমে গেলে আমাদের নতুন রপ্তানি গন্তব্য খুঁজতে হবে। শুধু এ যুদ্ধের কারণেই নয় এমনিতেই আমাদের রপ্তানি বাণিজ্য নিয়ে গভীরভাবে ভেবে দেখার সময় এসেছে।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা বেশ উজ্জ্বল। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে আমরা রপ্তানি কাজে লাগাতে পারছি না। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য দীর্ঘদিন ধরেই কিছু জটিল সমস্যায় অবর্তিত হচ্ছে। আমাদের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে সামান্য কিছু পণ্যের ওপর অতিমাত্রায় নির্ভরতা। বাংলাদেশ থেকে প্রচলিত-অপ্রচলিত মিলিয়ে মোট ৭৫০ থেকে ৮০০ পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। এর মধ্যে একমাত্র তৈরি পোশাক রপ্তানি থেকে অর্জিত হয় মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ। একটিমাত্র পণ্যের উপর অতিমাত্রায় নির্ভরতা কোনভাবেই কাম্য হতে পারে না। কোন কারণে তৈরি পোশাক রপ্তানি বন্ধ বা বাধাগ্রস্ত হলে পুরো রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়বে। আর তৈরি পোশাক শিল্প আমদানি কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য নির্ভর এবং একই সঙ্গে এ শিল্পের জন্য ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করতে হয় বলে জাতীয় অর্থনীতিতে এ খাতের মূল্যসংযোজনের হার তুলনামূলকভাবে কম।
প্রতি বছর তৈরি পোশাক রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয় হয় তার ৩৫ থেকে ৪০ শতাংশ কাঁচামাল, মধ্যবর্তী পণ্য ও ক্যাপিটাল মেশিনারিজ আমদানিতে পুরনায় বিদেশে চলে যায়। ফলে জাতীয় অর্থনীতিতে এ শিল্পের মূল্য সংযোজনের হার ৬০ থেকে ৬৫ শতাংশ। রপ্তানি পণ্য তালিকা বহুমুখীকরণ এ মুহূর্তে সবচেয়ে জরুরি। বাংলাদেশে যেসব পণ্য সম্পূর্ণ স্থানীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি করা হয় সেগুলোকে রপ্তানি পণ্য তালিকায় স্থান দিতে হবে। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে তুলা। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে তুলা উৎপাদিত হয় না। ফলে তুলা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। আমাদের তুলার বিকল্প তন্তু ব্যবহারের উদ্যোগ নিতে হবে। স্থানীয় কোন কোন গবেষক পাট দিয়ে এক ধরনের তন্তু উদ্ভাবন করেছেন যেগুলো তৈরি পোশাক শিল্পে তুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের আর একটি বড় ধরনের সীমাবদ্ধতা হচ্ছে সামান্য কিছু দেশ ও অঞ্চলের উপর অতিমাত্রায় নির্ভরতা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় গন্তব্য। মোট রপ্তানি পণ্যের ৪৫ শতাংশ থেকে ৫০ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রে যায় ১৭ থেকে ২০ শতাংশ বাংলাদেশি পণ্য। অর্থাৎ মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশ আসে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অথচ বাংলাদেশ মোট ২০০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জিএসপি সুবিধা দিয়ে থাকে। জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশি পণ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানি করার ক্ষেত্রে কোনো শুল্ক প্রদান করতে হয় না। বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবে তারপর এক সময় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেবে। সে অবস্থায় নিশ্চিতভাবেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি কমে যাবে। কোনো কোনো গবেষণা প্রতিষ্ঠানের মতে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবার পর সামগ্রিকভাবে রপ্তানি আয় ৬ থেকে ৭ বিলিয়ন মার্কিন কমে যেতে পারে।
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে আরো একটি জটিল সমস্যা হচ্ছে আমরা যেসব দেশ থেকে বেশি পরিমাণ পণ্য আমদানি করি সে সব দেশে আমাদের রপ্তানির পরিমাণ খুবই কম। আবার যেসব দেশে বাংলাদেশি পণ্য পর্যাপ্ত পরিমাণ রপ্তানি করা হয় সে সব দেশ থেকে আমাদের আমদানির পরিমাণ অতি নগণ্য। যেমন, চীন এবং ভারতে হচ্ছে বাংলাদেশি পণ্য আমদানির সবচেয়ে বড় উৎস। অথচ এই দু’টি দেশের বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ খুবই কম। চীন ও ভারত থেকে প্রতি বছর বাংলাদেশ যথাক্রমে ২৫ থেকে ৩০ শতাংশ এবং ১৪ তেকে ১৮ শতাংশ পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ তার মোট রপ্তানি পণ্যের ১ দশমিক ৫ শতাংশ থেকে ২ শতাংশ চীনে রপ্তানি করে। আর ভারতে রপ্তানি করা হয় ৩দশমিক ৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশ পণ্য। এর অন্যতম কারণ হচ্ছে ভারত, চীন ও বাংলাদেশ প্রায় একই ধরনের পণ্য রপ্তানি করে থাকে। এ ধরনের পণ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্য গতিশীল হয় না। যেমন ভিয়েতনাম আন্তর্জাতিক তৈরি পোশাক বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগী। বাংলাদেশ বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে। ভিয়েতনাম তৃতীয় অবস্থানে রয়েছে। ভিয়েতনাম যে কোন সময় বাংলাদেশকে অতিক্রম করে আন্তর্জাতিক তৈরি পোশাক রপ্তানি বাজারে দ্বিতীয় স্থানে উঠে আসবে। ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কখনোই চাঙ্গা হবে না। কারণ দেশ দু’টি একই ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানি করছে। ভিয়েতনাম যদি তৈরি পোশাকের পরিবর্তে তুলা রপ্তানি করতো তাহলে দেশ দু’টির চমৎকার দ্বিপাক্ষিক বাণিজ্য গড়ে উঠতে পারতো। রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় নিয়ে তা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে।
লেখক : সাবেক ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক।
