শেষের কথা দিয়ে শুরু করি। মঞ্জু (মনজুরুল হক) জাপানে শেষনিশ্বাস ত্যাগ করল ২২ নভেম্বর বিকেলে। টেলিফোনে সর্বশেষ কথা হয়েছিল ১০ কি ১১ নভেম্বর। জাপানে তার বসবাস ছিল ১৯৯৪ সাল থেকে। প্রায় প্রতিবছরই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে ১০-১২ দিনের জন্য ঢাকায় বেড়াতে আসত। প্রতি মাসে দুই-তিনবার টেলিফোনে কথা হতো। শেষ যেদিন কথা হয়েছিল সেদিন তিন–চার মিনিট পরে বলল যে ‘এখন রাখি’, ওর কণ্ঠস্বর দুর্বল লাগছিল।
শেষের কথার শুরু বছর দশেক আগে। মঞ্জু ঢাকায় এসেছে এবং সেই সুবাদে আমাদের স্কুলের সহপাঠী বন্ধুদের একটা নাশতার আয়োজন হয়েছিল এলিফ্যান্ট রোডের এক ক্যানটিনে। নাশতা খাওয়া শেষে মঞ্জু বলল তার একটা কথা আছে। তারপর বলল, ‘আমার প্রোস্টেট ক্যানসার হয়েছে।’
আকস্মিকতায় আমরা সবাই কমবেশি হকচকিয়ে গিয়েছিলাম। ক্যানসার তার, কিন্তু সে যেন আমাদেরই আশ্বস্ত করার জন্য বলল যে ‘ডাক্তার বলেছে, অনেক দিন চিকিৎসা চলবে আর আপাতত ঘাবড়াবার কিছুই নেই।’ এরপরে সেদিন আড্ডাটা আর বেশি জমে নাই।
এই কয়েক বছর টেলিফোনে তার সঙ্গে কথা বলার সময় ক্যানসার পর্বটা প্রায় ঊহ্য থাকত, মাঝে মাঝে খুব নির্লিপ্ত কণ্ঠে জানাত যে আগামী দিন বা পরের দিন হাসপাতালে যেতে হবে। টেস্ট আছে, ডাক্তার আবার ওষুধ দেবে। যেন সে অন্য কোনো ব্যক্তির রোগের কথা বলছে। সব সময় নির্লিপ্ত। মাস ছয়েক আগে বলেছিল ডাক্তার তাকে গাড়ি চালাতে নিষেধ করেছে।
.
ফিরে আসি শুরুর কথায়। ক্লাস টেনে ওঠার পর বাবার সরকারি চাকরির বদলির কারণে ঢাকায় আসা। যাওয়া হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। স্কুলের হেডমাস্টার দুই-তিন মিনিটের কিছু প্রশ্নটশ্ন করে স্কুলের পিয়নকে ডেকে বললেন, ‘ওকে ক্লাস টেন-এ নিয়ে যান।’ মঞ্জুর সঙ্গে পরিচয় সেই ক্লাস টেন থেকে। ওদের বাসা ছিল এলিফ্যান্ট রোডের পাশের একটা ছোট সড়কে। বাড়ির পাশে বিরাট দিঘি। সেই ঢাকার নামগন্ধও তো এখন নাই। মাঝে মাঝেই যেতাম। মোড়ায় বসে চাচির বানানো ঝালমুড়ি খাওয়া হতো।
এসএসসির পরে দুজনেই ঢাকা কলেজে। তবে আমাদের বলয়টা কিছুটা ভিন্ন হয়ে পড়েছিল। মঞ্জু তখন ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী। কলেজের নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। অবশ্য সে কোনো পদের প্রার্থী হয় নাই।
১৯৭১–এর মাঝামাঝিতে বাবার সেই বদলির কারণে আমি তখন চট্টগ্রামে। খুব হালকা, অনেকটা লিকলিকে মঞ্জু যুদ্ধে গেছে শুনে অবাকই হয়েছিলাম।
১৯৭২–এ পড়াশোনা করতে মঞ্জু চলে গেল মস্কোতে। পরের বছর আমিও সেই পথগামী। মস্কোতে তখন দুটো বিশ্ববিদ্যালয় ছিল। আমরা ভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু পুরোনো যোগাযোগটা আবার সচল হলো। প্রায়ই দেখাসাক্ষাৎ হতো, আড্ডা হতো, হিল্লি-দিল্লি মারা হতো।
ইদানীং তার মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে দুইটা বই প্রকাশিত হয়েছে। প্রথমটি ‘আ স্টোরি অব মাই টাইম’ আর দ্বিতীয়টি ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম টু ডিসপেয়ার’। প্রথমটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে। বইটি সম্পর্কে সে নিজেই আধাঘণ্টার মতো কথা বলেছিল। টের পেলাম বন্ধু আমার জাঁদরেল সাংবাদিক হয়ে গেছে অনেক আগেই।
জাপান ফরেন করেসপনডেন্টস ক্লাবের (এফসিসিজে) নির্বাচিত সভাপতি হয়েছিল ২০০৯ সালে। ওয়াশিংটন ও ইউরোপের বড় বড় রাজধানীর বাইরে হোমরাচোমরা সাংবাদিকদের সবচেয়ে বেশি ভিড় টোকিওতে। মঞ্জু নির্বাচনে গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, রয়টার্স ইত্যাদিসহ বাঘা বাঘা সংবাদমাধ্যমের টোকিও প্রতিনিধিদের ধরাশায়ী করেছিল।
পরে একবার খুব সাদামাটাভাবে বলেছিল যে এফসিসিজের সভাপতি হিসেবে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের জন্য তাকে এক সপ্তাহের বেশি অপেক্ষা করতে হতো না। আমার ধারণা আমাদের দেশের কোনো হোমরাচোমরা ব্যক্তি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং-সিটিংয়ের সুযোগ পেলে সম্ভবত আমাদের দেশের মিডিয়ায় দুই-তিন দিন ধরে তা ফলাও করে প্রচার করা হবে। নিজের ক্যানসারের মতো অন্য সব ব্যাপারেও সে ছিল নির্লিপ্ত। নিজের ঢাকঢোল কীভাবে পেটাতে হয় সে ব্যাপারে তার কোনো যোগ্যতা বা পারদর্শিতা ছিল না। সম্ভবত এ জন্যই সে ছিল আমাদের সবার অতি কাছের মানুষ।
সম্ভবত বছর পাঁচেক আগের কথা। মঞ্জু আবার ঢাকায়। সেই সুবাদে বন্ধুবান্ধবদের বাসায় পরপর কয়েক দিন দাওয়াতের হিড়িক। সে রকম একটা দাওয়াতে তাকে বেকুবের মতো জিজ্ঞেস করে বসলাম—‘জাপানি পাসপোর্ট করেছ তো?’ সে স্বভাবসিদ্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল—‘আমার সবুজ পাসপোর্টটাই থাক।’ এটা ছিল তাঁর মুক্তিযুদ্ধের গর্ব।
জাপানি সহপাঠিনী ইউনিকোকে বিয়ে করেছিল সত্তরের শেষের দিকে, মস্কোতে। মস্কো থেকে ফিরে এসে ঢাকায় ইউএন ইনফরমেশন সেন্টারে কয়েক বছর কাজ করেছিল। নব্বইয়ের শুরুর দিকে লন্ডনের বিবিসি বাংলা সার্ভিসের সংবাদ প্রযোজক হয়ে তার লন্ডন গমন। তত দিনে আমিও এদিক–সেদিক ঘুরে আবার লন্ডনে। সে বিবিসির চাকরির ফাঁকে ফাঁকে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছে। আর তখন আমার ঠিকানা সোয়াসের পিএইচডি কোর্স। আবার দেখাসাক্ষাৎ যোগাযোগ, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম। মঞ্জুদের মেয়ে জন্মেছে, থাকত লন্ডনের একটু বাইরে, দিনের কাজ শেষে বাসায় চলে যেত মেয়ের দেখাশোনা করার জন্য।
লন্ডনে থাকতে মঞ্জুর বদৌলতে অনেক মঞ্চনাটক দেখেছি। আমার তো তখন ‘ফকিরা’ ছাত্রজীবন। মঞ্চনাটক দেখার মতো পাউন্ডের জোর নাই। তবে বিবিসির কল্যাণে মঞ্জু মাঝেমধ্যে মঞ্চনাটকের সৌজন্য টিকিট পেত। ছোট্ট মেয়েকে বাসায় রেখে যেহেতু নাটকে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমি মাঝেমধ্যে মঞ্জুর টেলিফোন পেতাম ‘শাহদীন, আগামীকাল নাটকের দুইটা টিকিট আছে।’ আমার রেডিমেড উত্তর ‘এখনই পাঠিয়ে দাও’। ওই সময়টা ছিল ইন্টারনেট ই–মেইলের আগের যুগ। খামে ভরে ঠিকানা লিখে টিকিট পাঠিয়ে দিত, আমি সময়মতো পেয়ে যেতাম এবং স্যুট-টাই লাগিয়ে বড়োলোকি কায়দায় নাটক দেখতে যেতাম।
সত্তর এবং আশির দশকে হলিউডের সবচেয়ে জাঁদরেল অভিনেতাদের একজন ছিলেন পিটার-ও-টুল। সম্ভবত ১৯৯২ অথবা ৯৩ সালের ঘটনা। গার্ডিয়ান পত্রিকার শেষের পৃষ্ঠার বড় খবর ছিল পিটার-ও-টুল আবার প্রায় তিন দশক পরে লন্ডনে নাটকে অভিনয় করবেন। অস্কার জেতা অভিনেতা, অতএব চারদিকে হইহই-রইরই। মঞ্জু যথারীতি পিটার-ও-টুলের নাটকের টিকিট পাঠিয়ে দিল। সেই নাটক দেখাটা আমার জীবনের পরম সৌভাগ্যের অন্যতম। আমার জীবনে যত কিছু ভালো তার মূলে প্রায়ই মঞ্জু।
১৯৯৪–তে আমি দেশে ফিরে এলাম আর মঞ্জু চলে গেল ইউনিকোকে নিয়ে জাপানে। প্রায় ৩০ বছর ধরে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করেছে, জাপানি সরকারি রেডিও এনএইচকেতে সাংবাদিকতা করেছে। আর সমানতালে চালিয়ে গেছে লেখালেখির কাজ। অনুবাদ করেছে বিদেশি ভাষার বই। প্রথম আলোর জাপান প্রতিনিধি হিসেবে জাপানের রাজনীতি-হালহকিকত ও জাপানিজ জীবন তরিকা নিয়ে প্রথম আলোয় তার অজস্র লেখা ছাপা হয়েছে।
সম্ভবত বছর পাঁচেক আগের কথা। মঞ্জু আবার ঢাকায়। সেই সুবাদে বন্ধুবান্ধবদের বাসায় পরপর কয়েক দিন দাওয়াতের হিড়িক। সে রকম একটা দাওয়াতে তাকে বেকুবের মতো জিজ্ঞেস করে বসলাম—‘জাপানি পাসপোর্ট করেছ তো?’ সে স্বভাবসিদ্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল—‘আমার সবুজ পাসপোর্টটাই থাক।’ এটা ছিল তার মুক্তিযুদ্ধের গর্ব।
ড. শাহদীন মালিক
, মঞ্জুরুল হকের বন্ধু।
