ড. আবদুল আলীম তালুকদার

বিদায় নিয়েছে বর্ষাকাল। ঋতুর পালাবদলে শরৎ এসেছে প্রকৃতিতে তার অপার সৌন্দর্য বিলাতে। কদম ফুলের বর্ষা শেষ হতে না হতেই শুরু হয় কাশফুলের মেলা। বর্ষার পরেই আসে শরতের কাশবনের সৌন্দর্য। বর্ষার পর পরই যেন লুকিয়ে আসে শরৎ। গ্রাম বাংলার মানুষ প্রতিনিয়ত মুগ্ধ হয় নীল আকাশের মাঝে কখনো কালো মেঘে আবার কখনো সাদা মেঘের আবরণে লুকিয়ে হাসা সোনালি সূর্য দেখে। আনন্দ পায় বাতাসে শুভ্র সাদা কাশফুলের মাথা দোলানো দেখে। শরতের স্নিগ্ধ হাওয়ার পরশ পেলেই ফুলগুলো একসাথে দোল খায়। সে দৃশ্য কতই না মনোমুগ্ধকর! কতই না মনলোভা!

শরতের আকাশ ঝকঝকে নীল হলেও এবারের আবহাওয়ার পরিস্থিতি ভিন্ন। মেঘলা আকাশ আর বৃষ্টি-বাদল দিয়েই শুরু হলো এই ঋতু। আকাশে উড়ে বেড়ানো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আবার পরক্ষণেই ঝিলিক দিয়ে ওঠে সোনা ঝরা রোদ। নদীর ওপারে পূব আকাশে দিগন্তের কাছে ফুটে ওঠে রংধনু। আর তখন নীলাকাশে উড়ে বেড়ায় ছেড়া ছেড়া তুলোর মতো সাদা মেঘের ভেলা।

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বর্ষার পরই আসে শরৎ। বাংলা ঋতুর হিসাব অনুযায়ী ভাদ্র-আশ্বিন এই দুই মাস মিলে শরৎকাল। শরৎকে ইংরেজিতে ‘Autumn’ বলা হয়। পৃথিবীর চারটি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। পৃথিবীর উত্তর গোলার্ধে সেপ্টেম্বর মাসে এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে শরৎকালের আগমন হয়। এ সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠাণ্ডা হতে থাকে। বর্ষার বিষন্নতা পরিহার করে শরৎ আসে। প্রকৃতি এ সময় নববধূর সাজে সজ্জিত হয়ে উঠে।

শরৎকালের আকাশটা হয় অত্যন্ত মনোরম। অন্য ঋতুতে আকাশের এমন সৌন্দর্য তেমন একটা চোখে পড়ে না। আকাশের গা জুড়ে দেখা যায় নীল চাঁদোয়ার সমাহার। মাঝে মাঝে বকুলের মত থোকা থোকা মেঘ। কখনো পেঁজা তুলোর মত হাওয়ায় উড়ে এদিক ওদিক। বৃষ্টিরা ঝাঁক বেধে নেমে আসে ধরণীর বুকে। আবার কখনো সোনালি রোদের ঝলক দেখা যায়। ভেজা বর্ষায় ডুবে থাকা চরাচর জেগে উঠে নতুন প্রাণের আশায়। সবুজের মেলা বসে প্রকৃতির মাঝে। ধানের কচি পাতারা আনন্দে দোল খায়। ঘাস ফড়িংয়েরা এদিক সেদিক ছোটাছুটি করে।

শরতের অন্যতম আকর্ষণ কাশফুল। কাশফুলের ইংরেজি নাম কধহং Kans Grass ও উদ্ভিদতাত্ত্বিক বৈজ্ঞানিক নাম Saccharum Sportaneum। কাশ ছন গোত্রীয় এক ধরনের ঘাস। এ উদ্ভিদটি সাধারণত ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছটির চিরল পাতার দুই পাশ বেশ ধারালো। খাল-বিল কিংবা নদীর পাড়, জলাভূমি, নদীর চর, সমতল জায়গা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। নদীর তীরে পলিমাটির আস্তর থাকে। এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে। তাই নদীর তীরেই কাশফুল বেশি দেখা যায়। কোথাও কোথাও কাশফুল ফুটে বাগানের সৃষ্টি করে। কোনো কোনো এলাকায় কাশবন পার্কে পরিণত হয়ে যায়। শরৎকালে প্রকৃতিপ্রেমী মানুষরা ছুটে বেড়ায় কাশবাগানে। কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে মায়াবী কাশবনের সাথে তোলে ছবি। শুধু প্রকৃতিপ্রেমী নয় এ সময়ে সবাই কম বেশি কাশবনে ঘুরাঘুরি করে। কাশবাগান তখন লোকে লোকারণ্য থাকে। কেউবা সপরিবারে ঘুরতে আসেন আবার কেউ প্রিয়জনের সঙ্গে আসেন সোনালি শরতের মিষ্টি গন্ধের স্বাদ নিতে। ছোটো ছেলেমেয়েরা কাশফুল নিয়ে খেলা করে। কাশফুল আর শরৎকাল এক অভিন্ন সত্ত্বা।

কাশফুলের নামটি যেমন দারুণ তেমনি শীর্ণ শরীরের গাছটি দেখতেও খুব সুন্দর। মানুষ মনে করে শরৎকাল মানেই কাশফুলের দিন। কাশফুল শরৎকালের অন্যতম রূপ-সৌন্দর্য বর্ধনকারী একটি ফুল। কাশফুলের ঘ্রাণ না থাকলেও আছে তার অপরূপ সৌন্দর্য।

শরতের স্বচ্ছ নীল আকাশে উড়ে বেড়ায় সাদা সাদা মেঘ। আর নদীর জলে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। দুই ধারে ফোটা সাদা কাশফুল হাওয়ায় দোল খায়। এ সময় নদীর বুকে পালতোলা নৌকা চলে। গলা ছেড়ে গেয়ে ওঠেন মাঝি-মাল্লার দল। বিল-ঝিলে এ সময় শত শত শাপলা ফুল ফোটে। বাড়ির আঙিনায় ঝরে পড়ে শিউলি ফুল। বাংলার প্রকৃতি অপরূপ রূপে সাজে এই সময়। জানিয়ে দেয় শরৎকাল ঋতুর রানী। কবি, শিল্পী, সাহিত্যিকেরা এই রূপের মাধুরী ফুটিয়ে তোলেন কবিতা, রংতুলি আর কথামালায়। শরতের অপূর্ব ভালো লাগার দৃশ্য, শরতের সৌন্দর্য বর্ণনা করতে কবি-সাহিত্যিকরা কতই না ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন, লিখেছেন ছোটগল্প। কলমের ভাষায় ফুটিয়ে তুলেছেন শরতের সৌন্দর্য ও বৈশিষ্ট্য।

শিল্পীরা শরতের কাশফুলের ছবি দিয়ে প্রচ্ছদ আঁকেন বই-ম্যাগাজিনের। শরতের দিনে লেখকদের লেখার মূল বিষয়ই যেন হয়ে ওঠে কাশফুল। শরৎ এর সৌন্দর্য দেখে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন— ‘কাশফুল-সম শুভ্র ধবল রাশ রাশ শ্বেত মেঘে, তোমার তরী উড়িতেছে পাল উদাস বাতাস লেগে।’ তাছাড়া কবি নির্মলেন্দু গুণ তার ‘কাশফুলের কাব্য’ কবিতায় লিখেছেন— ‘ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে’। এমন কত শত কবির শত শত উক্তি রয়েছে কাশফুল নিয়ে।

কাশফুল নিয়ে শরতে বেশি আলোচনা হলেও আরো বেশ কয়েকটি ফুল এ ঋতুর সৌন্দর্য বর্ধন করে। যেমন— হিমঝুরি, গগনশিরীষ, ছাতিম, পাখিফুল, পান্থপাদপ, বকফুল, মিনজিরি, শেফালি, শিউলি, কলিয়ন্ড্রা, শালুক, পদ্ম, জুঁই, কেয়া, শিউলি, জবা, কামিনি, মালতি, মল্লিকা, মাধবী, ছাতিম ফুল, বরই ফুল ও দোলনচাঁপা, বেলি, জারুল, নয়নতারা, ধুতরা, ঝিঙে, জয়ন্ত্রী, শ্বেতকাঞ্চন, রাধাচূড়া, স্থলপদ্মা, বোগেনভেলিয়াসহ নানা রকমের কত ফুলে হেসে ওঠে গ্রামবাংলার রূপ। সত্যি শরতের প্রকৃতি বড়ই বৈচিত্র্যময় আর লাবণ্যময়ী।

শরৎকালে শুধুই যে ফুল ফোটে তা কিন্তু নয়। এ ঋতুতে পুষ্টিকর ও সুস্বাদু কিছু ফলও পাওয়া যায়। যেমন- আনারস, পেয়ারা, আমলকী, জলপাই, তাল, জগডুমুর, করমচা, চালতা, অরবরই, ডেউয়া ইত্যাদি।

গ্রাম বাংলার কৃষকের আনন্দ শরৎকাল। বর্ষা চলে গেলে মাঠ থেকে পানি সরে যায়। কৃষক মেতে উঠে জমি চাষ করতে। আমন ধানের বীজতলা তৈরি করে বীজ বোনে, আবার ক’দিন পর চারা রোপণ করে। বুকে বাঁধে সম্ভাবনার স্বপ্ন। সবুজ ফসলের আনন্দে কৃষকেরও মন ভরে ওঠে। পাশাপাশি শরতে নির্মল পানিরাশি সাগরের সঙ্গে মিলনে উন্মত্ত হয়। নদীর বুকে মাঝি ভাটিয়ালি গান গেয়ে পালতোলা নৌকা ছাড়ে মনের আনন্দে। দু’কূল জুড়ে সবুজ বনরাজি যেন সবুজের স্বর্গপুরি।

শহরে শরৎকে ঘিরে আনন্দ উৎসব চললেও গ্রামীণ পরিবেশে শরৎকে নিবিড়ভাবে উপলব্ধি করা যায়। টলটলে নীল নদীর কূল ঘেঁষে সাদা কাশফুল ফুটে থাকে। মৃদুমন্দ হাওয়ায় দুলে ওঠে তারা। নদীর ওপার ছুঁয়ে থাকা আকাশে ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা। আর আঁধার নামলে স্বচ্ছ-নির্মল আকাশজুড়ে ফুটে ওঠে লক্ষ কোটি তারা। এক কথায় অসাধারণ সৌন্দর্যে ভরপুর শরৎ।

লেখক : কবি, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক