ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতির এক বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন। একই সময় ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো ও আন্দোরাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। একসঙ্গে ১০টি দেশের স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে নতুন মাত্রা দেয়।

তবে এ স্বীকৃতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত সংখ্যায় নয়, ব্রিটেনের অবস্থান পরিবর্তনে। কারণ ফিলিস্তিনের ইতিহাসের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত গভীর এবং একই সঙ্গে বিতর্কিত। এক শতাব্দীরও বেশি সময় আগে ব্রিটেনই এমন একটি রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করেছিল, যার পরিণতিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। অথচ সেই ব্রিটেনই দীর্ঘদিন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নি। তাই লন্ডনের নতুন সিদ্ধান্তকে নিছক কূটনৈতিক ঘোষণা হিসেবে দেখলে এর ঐতিহাসিক গুরুত্ব খাটো করা হবে।

প্রধানমন্ত্রী স্টারমার ইতোমধ্যে বিদায় নিয়েছেন। এসছে নতুন সরকার। বলা হচ্ছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সুফল পাচ্ছে দেশটি। ব্রিটিশ সরকার এখন তাদের মৌখিক অবস্থানকে নীতিমালায় রূপ দেয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে আল জাজিরাকে বলেছেন বৃটেনে ফিলিস্তিনী রাষ্ট্রদূত হুসাম এস. জুমলত।

ব্রিটেনের ঐতিহাসিক দায়

১৯১৭ সালের বেলফোর ঘোষণা ফিলিস্তিন প্রশ্নে ব্রিটিশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোরের ঘোষণায় ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি ‘জাতীয় আবাসভূমি’ প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন প্রকাশ করা হয়। একই সঙ্গে সেখানে বসবাসরত অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ন না করার কথাও বলা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে আসে। ১৯২২ সালে লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনকে ফিলিস্তিন পরিচালনার ম্যান্ডেট দেয়। ব্রিটিশ শাসনামলে ইউরোপ থেকে ইহুদি অভিবাসন বাড়ে এবং ফিলিস্তিনে ইহুদি জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হতে থাকে। শেষ পর্যন্ত ১৯৪৮ সালে ব্রিটিশ ম্যান্ডেটের অবসান এবং ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাস্তবতার জন্ম হয়। ব্রিটিশ পার্লামেন্টের গবেষণা নথিতেও বলা হয়েছে, বেলফোর ঘোষণা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে ভূমিকা রেখেছিল। আর পুরো মুসলিম বিশ্ব বিষয়টিকে যৌক্তিক মনে করে না, ইসরাইলকে মনে করে অবৈধ রাষ্ট্র। কারণ ফিলিস্তিনী মুসলমানদের বিতাড়িত করে তাদের বাড়িঘরেই বসানো হয়েছে ইহুদিদের। ইঙ্গ-মার্কিন মদদে ইসরাইল মুসলিম বিশ্বের জন্য বড় অভিশাপে পরিণত হয়েছে। ফিলিস্তিনীরা এই যাতনা ভোগ করে চলেছে যুগ যুগ ধরে।

ফিলিস্তিনিদের দৃষ্টিতে ১৯২২ সালে ম্যান্ডেটই ব্রিটেনের ঐতিহাসিক দায়ের প্রশ্নটি সামনে আসে। একটি ভূখণ্ডে ইহুদি জনগণের জাতীয় আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দেওয়া হলেও সেই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ আরব জনগোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যৎ ও রাষ্ট্রীয় অধিকার সমান গুরুত্ব পায়নি— এমন অভিযোগ দীর্ঘদিনের।

কেন এত গুরুত্বপূর্ণ ব্রিটিশ স্বীকৃতি?

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নতুন কোনো ধারণা নয়। ২০২৫ সালের আগেই বিশ্বের বিপুলসংখ্যক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু যুক্তরাজ্যের অবস্থান আলাদা। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, জি-৭-এর গুরুত্বপূর্ণ সদস্য এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসে প্রত্যক্ষভাবে জড়িত একটি দেশ। ফলে লন্ডনের সিদ্ধান্তের রাজনৈতিক ও প্রতীকী ওজন অনেক বেশি। বিশেষ করে ইউরোপের অবস্থানের পরিবর্তনের ধারায় এটি গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে ও স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমা বিশ্বের পুরোনো অবস্থানে একটি দৃশ্যমান পরিবর্তন তৈরি হয়।

স্বীকৃতি কি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে?

কূটনৈতিক স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর অর্থ এই নয় যে ফিলিস্তিন এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ, সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বীকৃতির ফলে ফিলিস্তিনের আন্তর্জাতিক বৈধতা শক্তিশালী হয়েছে। কিন্তু মাটিতে রাষ্ট্রের বাস্তব সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা, ভূমি দখল ও বাস্তুচ্যুতির ঘটনা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে পশ্চিম তীরের পরিস্থিতির অবনতির পাশাপাশি বসতি সম্প্রসারণকে একটি কার্যকর ও সংলগ্ন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবও ২০২৬ সালের সেপ্টেম্বরে সতর্ক করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন, গণতান্ত্রিক, সংলগ্ন ও কার্যকর হওয়ার মতো পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে তিনি বসতি সম্প্রসারণ বন্ধ, সংযুক্তিকরণ ঠেকানো এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ গত এক বছরে কূটনৈতিক অগ্রগতি হয়েছে, কিন্তু ভূখণ্ডগত ও রাজনৈতিক বাস্তবতায় অগ্রগতি অত্যন্ত সীমিত।

তাহলে এক বছরে অর্জন কী?

প্রথম অর্জন হলো, ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির পরিধি আরও বিস্তৃত হয়েছে। দ্বিতীয়ত, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কি না’— এই প্রশ্ন থেকে আলোচনার কেন্দ্র সরে গিয়ে ‘কীভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে’—সেই প্রশ্নের দিকে এসেছে।

তৃতীয়ত, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন নতুন গতি পেয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ ‘নিউইয়র্ক ঘোষণা’ সমর্থন করে ১৪২ ভোটে ১০ ভোটের বিপরীতে; ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। ঘোষণাটি শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন প্রশ্নের সমাধান ও দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করে।

চতুর্থত, ব্রিটেনের মতো প্রভাবশালী পশ্চিমা রাষ্ট্রের অবস্থান পরিবর্তন ইসরাইলের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। গত মাসে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা আরও এক ধাপ এগিয়ে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং বসতি সম্প্রসারণে সহায়তাকারী বা লাভবান ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

বিশ্লেষকরা বলেন, ব্রিটেন কি ইসরাইলের ওপর যথেষ্ট রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে? উত্তর খুব আশাব্যঞ্জক নয়। ব্রিটেন অবশ্য ইসরাইলি বসতি সম্প্রসারণ ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। গাজায় ধ্বংসযজ্ঞের ক্ষত এখনো শুকায়নি। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও অবকাঠামোর বিশাল অংশ ধ্বংস। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার সংকট এখনো প্রকট। গাজার হাসপাতালগুলোও পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি। একটি রাষ্ট্রের স্বীকৃতি নিঃসন্দেহে বড় কূটনৈতিক অর্জন। কিন্তু রাষ্ট্রের নাগরিক যদি নিরাপদে বাঁচতে না পারেন, তাহলে সেই স্বীকৃতির বাস্তব মূল্য কোথায়?

কিন্তু ব্যর্থতাও কম নয়

সবচেয়ে বড় হতাশা হলো—ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে স্বীকৃতির সুফল এখনও খুব সীমিত। একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেই রাষ্ট্রের ভূখণ্ডে যুদ্ধ, দখল, বসতি সম্প্রসারণ, বাস্তুচ্যুতি ও রাজনৈতিক বিভাজন অব্যাহত থাকলে স্বীকৃতি কাগজে-কলমে গুরুত্বপূর্ণ হলেও মানুষের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আনে না। গাজায় যুদ্ধের ভয়াবহতা এবং পশ্চিম তীরের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এই সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করেছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বড় আকারের যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও সহিংসতা পুরোপুরি থামেনি এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংকটে রয়েছে।

ব্রিটেন কি তার ঐতিহাসিক অবস্থান বদলেছে?

এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটেনের বর্তমান অবস্থানকে তার অতীতের সঙ্গে তুলনা করলে একটি নাটকীয় পরিবর্তন চোখে পড়ে। একসময় ব্রিটিশ নীতির কারণে ফিলিস্তিনে ইহুদি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল; পরবর্তীকালে ব্রিটেন ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দিয়েই দীর্ঘ সময় দুই রাষ্ট্র সমাধানের কথা বলে এসেছে। ২০২৫ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার জাতিসংঘে স্বীকার করেন, ব্রিটেন বহু দশক ধরে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করলেও এতদিন কেবল একটি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। তাঁর ভাষায়, এবার সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এই স্বীকারোক্তির রাজনৈতিক গুরুত্ব কম নয়। কারণ এটি মূলত স্বীকার করে যে ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমা কূটনীতির দীর্ঘদিনের নীতিগত অসামঞ্জস্য ছিল। ইসরাইলের রাষ্ট্রীয় অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু ফিলিস্তিনের একই অধিকারকে অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা হবে—এই দ্বৈত অবস্থান আর আগের মতো টেকসই নয়।

সামনে কী করণীয়?

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি তখনই ঐতিহাসিক সাফল্যে পরিণত হবে, যখন স্বীকৃতির সঙ্গে কার্যকর রাজনৈতিক পদক্ষেপ যুক্ত হবে। প্রথমত, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ফিলিস্তিনি ভূখণ্ডের সংহতি নিশ্চিত করতে হবে। গাজা ও পশ্চিম তীরকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখতে হবে। ইসরাইলী হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তাও দরকার। তৃতীয়ত, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে রাজনৈতিক ও আর্থিকভাবে সক্ষম করতে হবে। চতুর্থত, একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দখলদারিত্বের অবসান এবং ১৯৬৭-পূর্ব সীমারেখার ভিত্তিতে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে ব্রিটেনের দায় অন্য অনেক দেশের চেয়ে বেশি। যদি লন্ডন সত্যিই তার ঐতিহাসিক দায় স্বীকার করে থাকে, তবে শুধু স্বীকৃতির মধ্যেই তার দায়িত্ব শেষ হতে পারে না। লন্ডন চাইলে তার কূটনৈতিক প্রভাব ব্যবহার করতে পারে। প্রথমত, গাজায় স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। দ্বিতীয়ত, অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে পারে। তৃতীয়ত, গাজার পুনর্গঠনে বড় আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিতে পারে। চতুর্থত, পশ্চিমতীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে পারে। পঞ্চমত, একটি কার্যকর ফিলিস্তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্রিটেনকে তার কথার সঙ্গে কাজের মিল ঘটাতে হবে।

ফিলিস্তিনকে ব্রিটেনের স্বীকৃতির এক বছর পর পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো অবস্থান পরিবর্তন করছে। স্বীকৃতি অবশ্যই একটি অর্জন। কিন্তু এটি চূড়ান্ত বিজয় নয়। বরং এটি একটি রাজনৈতিক অঙ্গীকার। সেই অঙ্গীকারের সত্যতা প্রমাণ করতে হলে ব্রিটেনসহ স্বীকৃতিদাতা দেশগুলোকে এখন আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনকে কাগজে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া আর বাস্তবে একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এক বিষয় নয়।

স্বীকৃতি দেয়ার এক বছর পর, পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ঘোষণা করেন যে, ব্রিটিশ সরকার এখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বকে বেআইনি বলে মনে করে। এরপর তিনি অবৈধ বসতি-সংশ্লিষ্ট পণ্য, সেবা, বিজ্ঞাপন এবং অস্ত্র লাইসেন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন; পাশাপাশি যেসব কোম্পানি বসতি স্থাপনের জন্য বাড়ি নির্মাণ, অর্থায়ন বা বিক্রির কাজ করে, তাদের ওপরও নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই পদক্ষেপটি একটি যৌক্তিক পরবর্তী ধাপ। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বিষয়টি স্পষ্টভাবে বলেছেন: ‘কার্যকর পদক্ষেপের সমর্থন ছাড়া’ দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন ‘অর্থহীন’। তারা সেই পদক্ষেপ নেয় কি না সেটাই এখন দেখার বিষয়।