মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে। ইরান যুদ্ধ এমনিতেই সংকটকে ঘনীভূত করে রেখেছে। ছয় মাস অতিবাহিত হওয়ার পরও এর কার্যত অবসান হচ্ছে না। ফলে হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব জ্বালানি পরিস্থিতি খারাপ অবস্থায়ই রযেছে। এরই মাঝে খবর, ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মান্দাব প্রণালির আশপাশে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও প্রভাব দ্রুত বাড়াচ্ছে। কৌশলগত বন্দরনগরী মোকা এবং বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ মায়ুন বা পেরিম দ্বীপে তাদের অগ্রযাত্রা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য নতুন আশঙ্কা তৈরি করেছে। শুধু তাই নয়, হুথি বাহিনী বাব আল-মান্দাব প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে এবং সাম্প্রতিক কয়েকদিনে এ অঞ্চলে তাদের অবস্থান আরও শক্ত হয়েছে। ১০ সেপ্টেম্বর তারা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা দখল করে। পরদিন বাব আল-মান্দাবের মাঝখানে অবস্থিত মায়ুন বা পেরিম দ্বীপে হুথি যোদ্ধারা পৌঁছে যায়। এরপর হানিশ দ্বীপপুঞ্জসহ আরও কয়েকটি কৌশলগত এলাকা তাদের নিয়ন্ত্রণে আসে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।
এর মধ্যেই মক্কা লক্ষ্য করে ড্রোন নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে সৌদি আরব জানিয়েছে, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংস করা হয়েছে—যেটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করে। হুথিরা অবশ্য মক্কা বা কোনো ধর্মীয় স্থাপনা লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে। মক্কা শরীফ মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র নগরী। সেখানে কোনো ধরনের সামরিক হামলার চেষ্টা বা এমন আশঙ্কাও গোটা মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ সৃষ্টি করতে পারে, করেছেও। একই সময়ে বাব আল-মান্দাবের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের ওপর হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করছে।
বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক এখানেই। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে। এর মধ্যে বাব আল-মান্দাবেও যদি দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়, তাহলে বিশ্ব জ্বালানি সরবরাহব্যবস্থায় দ্বৈত চাপ সৃষ্টি হবে। রয়টার্স জানিয়েছিল, হরমুজের পরিস্থিতির পাশাপাশি ইরান হুথিদের ব্যবহার করে বাব আল-মান্দাব বন্ধ করার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল। এমনকি মার্কিন হামলা বাড়লে বাব আল-মান্দাব বন্ধের প্রস্তুতি নিতে হুথিদের প্রতি ইরানের বার্তা যাওয়ার কথাও বিভিন্ন সূত্র জানিয়েছিল। এখনকার বাস্তবতা সেই আশঙ্কাকে আরও গুরুতর করে তুলেছে। হুথিদের হাতে বাব আল-মান্দাবের উপকূলীয় অবস্থান চলে যাওয়ার অর্থ হলো, তারা চাইলে সমুদ্রপথে চলাচলকারী জাহাজের ওপর নজরদারি ও হামলার সক্ষমতা আরও বাড়াতে পারবে। যদিও হুথি নেতৃত্ব আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ ও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখনো পুরোপুরি নৌ অবরোধে পরিণত হয়নি।
বাব আল-মান্দাব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর উত্তরে রয়েছে সুয়েজ খাল। ফলে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ নৌপথ এ প্রণালি দিয়ে অতিক্রম করে। ভারত মহাসাগর থেকে বাব আল-মান্দাব হয়ে লোহিত সাগর ও সুয়েজ খাল পেরিয়ে ইউরোপে পৌঁছানো যায়। এ পথ ব্যবহার না করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে হলে জাহাজকে অতিরিক্ত দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সময় ও জ্বালানি খরচ বাড়ে। ফলে বাব আল-মান্দাবে দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্ববাজারে পণ্যের দাম ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
এ পরিস্থিতির মধ্যেই ১৫ সেপ্টেম্বর মক্কার দক্ষিণে হুথিদের একটি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে বলে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে। সৌদি পক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। সৌদি জোটের মুখপাত্র বলেছেন, মক্কার নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’। সৌদি কর্তৃপক্ষ এটিকে ২০১৭ সালের ক্ষেপণাস্ত্র ঘটনার পর মক্কাকে লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।তবে হুথিরা মক্কা বা অন্য কোনো ধর্মীয় স্থাপনা লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে। তারা সৌদি ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোকে ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করছে। তারপরও ঘটনাটির গুরুত্ব কম নয়। কারণ কোনো ড্রোন মক্কার দিকে অগ্রসর হওয়ার খবরই মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ সৃষ্টি করতে পারে। মক্কায় প্রতিবছর বিশ্বের কোটি কোটি মুসলমান হজ ও ওমরাহ পালন করেন। পবিত্র নগরীর নিরাপত্তা বিঘ্নিত হলে তার ধর্মীয় ও রাজনৈতিক প্রতিক্রিয়া অত্যন্ত ব্যাপক হতে পারে।
হুথিদের সাম্প্রতিক তৎপরতা সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। গত কয়েকদিনে হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনা, শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। কাসিম মুশাইত, আবহা ও জিজানের মতো এলাকাতেও নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। সৌদি আরব একই সঙ্গে ইয়েমেনে হুথিদের অবস্থানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইয়েমেনের যুদ্ধ আবার বড় আকারে বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, সংঘাত এখন শুধু সীমান্তবর্তী সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়েছে। একটি গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার পর তেল পরিবহনেও বিঘ্ন ঘটেছে। একই সময়ে হুথিরা বাব আল-মান্দাবের কাছে নিজেদের অবস্থান শক্ত করছে।
মক্কার দিকে ড্রোন যাওয়ার ঘটনা যদি ভবিষ্যতে পুনরাবৃত্তি হয়, তাহলে এর প্রতিক্রিয়া ইয়েমেনের সীমানা ছাড়িয়ে যেতে পারে। কারণ মক্কার নিরাপত্তা সৌদি আরবের জাতীয় নিরাপত্তার পাশাপাশি সমগ্র মুসলিম বিশ্বের আবেগ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসন হলে সেই চুক্তি কার্যকর হওয়ার প্রশ্ন উঠতে পারে। আল-জাজিরার প্রতিবেদনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্য উদ্ধৃত হয়েছে। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হলে ইয়েমেনের যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে। এতে ইরান, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সম্পৃক্ততার মাত্রা বাড়তে পারে।
হুথিরা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরানের অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার ভূমিকার কথা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। তবে হুথিদের প্রতিটি সামরিক সিদ্ধান্তকে সরাসরি ইরানের নির্দেশ হিসেবে দেখার বিষয়টি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়। ভূরাজনৈতিক বাস্তবতা হলো, বাব আল-মান্দাবের মতো গুরুত্বপূর্ণ জলপথে হুথিদের সামরিক অবস্থান শক্তিশালী হওয়া ইরান-সমর্থিত আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এ কারণে সৌদি আরব ও তার মিত্রদের কাছে হুথিদের অগ্রযাত্রা শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা নয়; এটি আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নও।
বাব আল-মান্দাবের অস্থিরতা ইতোমধ্যে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর প্রভাব ফেলছে। ঝুঁকি বাড়লে জাহাজ কোম্পানিগুলো লোহিত সাগর ও সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকা ঘুরে কেপ অব গুড হোপের পথ বেছে নিতে পারে। এতে পণ্য পরিবহনের সময় ও ব্যয় বেড়ে যায়, সে কথা আগেই বলেছি। বিশ্ববাজারে তেলের দামও এ ধরনের অস্থিরতায় দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। বর্তমানে হরমুজ প্রণালির সংকটের পাশাপাশি বাব আল-মান্দাবেও ঝুঁকি বাড়ছে। অর্থাৎ বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ একই সময়ে চাপের মধ্যে পড়েছে।
বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে গেলে আমদানি পণ্যের মূল্য বাড়তে পারে। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য ও ভোগ্যপণ্যের সরবরাহ ব্যয় বাড়লে মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি হতে পারে।
আন্তর্জাতিক শক্তির ভূরাজনৈতিক হিসাবের বাইরে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষ। দীর্ঘদিনের যুদ্ধ, দারিদ্র্য, খাদ্যসংকট ও অবকাঠামোগত বিপর্যয়ের পর নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে এক লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতেও পালিয়েছে। অতএব, বাব আল-মান্দাব নিয়ন্ত্রণের লড়াইকে শুধু সামরিক সাফল্য বা ব্যর্থতার হিসাব দিয়ে দেখলে চলবে না। এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবন, আন্তর্জাতিক বাণিজ্য এবং গোটা অঞ্চলের ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, শুধু সামরিক শক্তি দিয়ে ইয়েমেন সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন ইয়েমেনের রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কার্যকর সংলাপ, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমঝোতা।
বিশেষ করে পবিত্র নগরী মক্কার হামলার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সৌদি আরবের দাবি অনুযায়ী মক্কার দিকে ড্রোন পাঠানোর ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর বিষয়; আবার হুথিদের অস্বীকারের বিষয়টিও তদন্ত ও যাচাইয়ের আওতায় রাখা প্রয়োজন। তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটির প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করাই দায়িত্বশীলতার পথ।
সব মিলিয়ে বাব আল-মান্দাবের বর্তমান সংকট মধ্যপ্রাচ্যের যুদ্ধকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। একদিকে হুথিদের সামরিক অগ্রযাত্রা, অন্যদিকে সৌদি আরবের পাল্টা অভিযান; এর সঙ্গে যুক্ত হয়েছে মক্কার নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক সমুদ্রপথের ঝুঁকি। মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হওয়া সমগ্র মুসলিম বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। একই সঙ্গে বাব আল-মান্দাবের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্ব অর্থনীতির জন্যও বিপজ্জনক। তাই পরিস্থিতিকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে না দিয়ে দ্রুত কূটনৈতিক উদ্যোগ, যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা জরুরি। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো উত্তেজনা কমানো, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেনের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের পথ খোঁজা। বাব আল-মান্দাব কোনো একক দেশের সম্পদ নয়; এটি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই জলপথকে যুদ্ধের হাতিয়ার হতে দেওয়া হলে তার মাশুল শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই দিতে হবে।
লেখক : সিনিয়র সাংবাদিক ।
