১৮৮৭ সালের এক দিন। জিব্রাল্টার থেকে মরক্কোর তাঞ্জিয়ারগামী একটি জাহাজ উত্তাল সাগরে দুলছে। যাত্রীদের ভিড়ে দাঁড়িয়ে এক অসুস্থ, ক্লান্ত ইংরেজ আইনজীবী বিস্ময়ভরা চোখে দেখছেন, দোলায়মান ডেকের ওপর একদল মানুষ সারিবদ্ধ হয়ে গভীর প্রশান্তি নিয়ে সিজদায় লুটিয়ে পড়ছেন। চারপাশের ঢেউ, বাতাস কিংবা যাত্রীদের কৌতূহলী দৃষ্টি, কোনো কিছুই তাঁদের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারছে না। সেদিন কেউ কল্পনাও করেনি, এই নীরব দৃশ্যটি একদিন ব্রিটেনের মুসলিম ইতিহাসের প্রথম অধ্যায় রচনা করবে।
আজ ব্রিটেনে মুসলমানদের উপস্থিতি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী শুধু ইংল্যান্ড ও ওয়েলসেই মুসলমানের সংখ্যা প্রায় ৩৯ লাখ। লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম, বার্কিং ও ড্যাগেনহ্যাম কিংবা ম্যানচেস্টার, বার্মিংহাম, লেস্টার ও নিউক্যাসলের অলিগলিতে মসজিদের মিনার, মাদ্রাসা আর ঈদের জামাত এখন চেনা দৃশ্য। অথচ বিশ শতকের চল্লিশ বা পঞ্চাশের দশকেও এ দেশে মুসলমানদের সংখ্যা ছিল হাতেগোনা, আর প্রথম বিশ্বযুদ্ধের আগে তা ছিল আরও বিরল।
উনিশ শতকের ব্রিটেন তখন সাম্রাজ্যের গৌরবে উদ্ভাসিত, পৃথিবীর এক বিশাল অংশ তার শাসনাধীন। অন্যদিকে মুসলিম বিশ্বের শেষ রাজনৈতিক প্রতীক উসমানীয় খেলাফত তখন ক্ষয়িষ্ণু। ব্রিটিশ সমাজ ছিল আপাদমস্তক খ্রিস্টান; চার্চ অব ইংল্যান্ড ছিল রাষ্ট্রীয় গির্জা, আর সামাজিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে ছিল খ্রিস্টধর্মের গভীর ছাপ। সাধারণ ইংরেজের কাছে ইসলাম ছিল দূর প্রাচ্যের এক অচেনা, এমনকি সন্দেহের ধর্ম।
এমন সমাজে একজন সম্ভ্রান্ত, প্রতিষ্ঠিত ইংরেজ আইনজীবী প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবেন, শুধু তা-ই নয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তুলে দাওয়াতকে একটি সংগঠিত আন্দোলনে রূপ দেবেন, তা ছিল প্রায় অকল্পনীয়। অথচ ঠিক তা-ই ঘটেছিল লিভারপুল শহরে। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা সেই আইনজীবীর নাম উইলিয়াম হেনরি কুইলিয়াম, ইতিহাসে যিনি শেখ আবদুল্লাহ কুইলিয়াম নামে পরিচিত। ব্রিটিশ গবেষক রন গিভস তাঁর ‘ইসলাম ইন ভিক্টোরিয়ান ব্রিটেন: দ্য লাইফ অ্যান্ড টাইমস অব আবদুল্লাহ কুইলিয়াম’ গ্রন্থে এই বিস্ময়কর মানুষটির জীবন ও কর্ম বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
কুইলিয়াম ১৮৫৬ সালের ১০ এপ্রিল লিভারপুলে এক সচ্ছল ও ধর্মপ্রাণ মেথডিস্ট খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক শিকড় ছিল আইরিশ সাগরের ব্রিটিশ দ্বীপ আইল অব ম্যানে, যেখানে তিনি শৈশবের একটি বড় অংশ কাটান এবং যার প্রতি তাঁর টান আজীবন অটুট ছিল। অল্প বয়সেই তিনি সমাজসেবার প্রতি আকৃষ্ট হন। সে সময় ব্রিটেনজুড়ে মদ্যপানবিরোধী ‘টেম্পারেন্স মুভমেন্ট’ বেশ প্রভাবশালী ছিল, আর তরুণ কুইলিয়াম এর একজন সক্রিয় কর্মী ও অনলবর্ষী বক্তা হয়ে ওঠেন। গবেষকদের মতে, এই মদ্যপানবিরোধী অবস্থানই পরবর্তীকালে ইসলামের প্রতি তাঁর আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ সেতু হয়ে দাঁড়ায়, কারণ ইসলামে মদ সুস্পষ্টভাবে নিষিদ্ধ।
১৮৭৮ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি সলিসিটর হিসেবে আইন পেশায় যোগ্যতা অর্জন করেন এবং অল্পদিনেই লিভারপুলের সবচেয়ে আলোচিত আইনজীবীদের একজন হয়ে ওঠেন। ফৌজদারি মামলায় তাঁর দক্ষতা ছিল প্রবাদতুল্য। তিনি দরিদ্র ও অসহায় মানুষের পক্ষে লড়তেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নের মামলা পরিচালনা করতেন। এই পেশাগত খ্যাতি ও সামাজিক মর্যাদাই পরবর্তীকালে তাঁর দাওয়াতি কাজের দৃঢ় ভিত্তি তৈরি করে দেয়।
অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা তাঁকে উষ্ণ আবহাওয়ার কোনো দেশে বিশ্রামের পরামর্শ দেন। সেই সূত্রেই ৩১ বছর বয়সে তাঁর মরক্কো যাত্রা, আর পথে জাহাজের ডেকে নামাজরত মুসলিমদের সেই দৃশ্য। মরক্কোতে অবস্থানকালে তিনি ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনা ও আলোচনা শুরু করেন। একেশ্বরবাদের সরলতা, ধর্মের যুক্তিনিষ্ঠ স্বরূপ এবং মুসলিম সমাজের সংযমী জীবনধারা তাঁকে মুগ্ধ করে। ত্রিত্ববাদসহ খ্রিস্টধর্মের কিছু মতবাদ নিয়ে তাঁর মনে আগে থেকেই প্রশ্ন ছিল। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নাম নেন আবদুল্লাহ, অর্থাৎ ‘আল্লাহর বান্দা’।
দেশে ফিরে তিনি বিষয়টি গোপন রাখেননি, বরং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। প্রথম দিকে শ্রোতা ছিল হাতেগোনা, যাদের কেউ কেউ আসত নিছক কৌতূহল কিংবা উপহাসের উদ্দেশ্যে। কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ সত্যিকার অর্থে আগ্রহী হয়ে ওঠেন। সে বছরই তিনি ‘লিভারপুল মুসলিম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন, যা ভিক্টোরীয় ব্রিটেনের প্রথম দিকের সংগঠিত মুসলিম প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ১৮৮৯ সালে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত হয় ওয়েস্ট ডার্বি রোডের ব্রুহাম টেরেসের একটি ভবনে। এখানেই গড়ে ওঠে তৎকালীন ইংল্যান্ডের প্রথম দিকের সক্রিয় মসজিদগুলোর একটি, যেখানে নিয়মিত জামাত, জুমা ও ঈদের নামাজ অনুষ্ঠিত হতো।
উপাসনার পাশাপাশি প্রতিষ্ঠানটি একটি বহুমাত্রিক সামাজিক ও শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। এর অধীনে ছিল ছেলেমেয়েদের জন্য স্কুল ও একটি মুসলিম কলেজ, লাইব্রেরি ও পাঠকক্ষ, বিজ্ঞান ও সাহিত্যবিষয়ক বিতর্কসভা এবং ‘মদিনা হোম’ নামে একটি এতিমখানা, যেখানে অনাথ ও পরিত্যক্ত শিশুদের আশ্রয় দেওয়া হতো। রন গিভস দেখিয়েছেন, কুইলিয়াম মেথডিস্ট মিশনারি ঐতিহ্য থেকে শেখা সাংগঠনিক কৌশল, যেমন পথসভা, জনসভা, প্রচারপত্র, সাপ্তাহিক অনুষ্ঠান, এমনকি স্তোত্রগান পর্যন্ত, ইসলামের দাওয়াতের কাজে লাগিয়েছিলেন। এভাবে তিনি ইসলামকে ইংরেজ সমাজের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য রূপে উপস্থাপন করতে সক্ষম হন।
ক্ষুরধার বাগ্মী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন সুলেখক। ১৮৮৯ সালে প্রকাশিত তাঁর পুস্তিকা ‘দ্য ফেইথ অব ইসলাম’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং অল্প সময়ের মধ্যেই ১৩টি ভাষায় অনূদিত হয়। প্রচলিত বর্ণনা অনুযায়ী, রানি ভিক্টোরিয়াও বইটির কয়েকটি কপি সংগ্রহ করেছিলেন। তিনি সাপ্তাহিক ‘দ্য ক্রিসেন্ট’ এবং মাসিক ‘দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ নামে দুটি পত্রিকাও প্রকাশ করতেন, যা ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত বিস্তৃত মুসলিম বিশ্বে পৌঁছে যেত এবং ব্রিটিশ মুসলিমদের সঙ্গে বৃহত্তর মুসলিম উম্মাহর সেতুবন্ধ রচনা করত।
তবে ভিক্টোরীয় সমাজ এই নতুন আন্দোলনকে সহজে মেনে নেয়নি। মসজিদে যাতায়াতের পথে মুসলিমদের প্রায়ই হেনস্তার শিকার হতে হতো। উচ্ছৃঙ্খল যুবকেরা ইট-পাথর, কাদা ও আবর্জনা ছুড়ে মারত, আজানের সময় হট্টগোল সৃষ্টি করত। বর্ণিত আছে, নামাজরত মুসল্লিদের দিকে শূকরের মাংস ও নাড়িভুঁড়ি পর্যন্ত ছুড়ে মারা হতো। নারীরাও এই নিগ্রহ থেকে রেহাই পেতেন না। তবু কুইলিয়াম ও তাঁর অনুসারীরা অবিচল থেকেছেন। রন গিভসের মতে, এই প্রতিকূলতাই লিভারপুলের মুসলিম সম্প্রদায়কে আরও ঐক্যবদ্ধ করেছিল। এত বাধা সত্ত্বেও কয়েকশো ইংরেজ নারী-পুরুষ তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন, যাঁদের মধ্যে তাঁর মা-ও ছিলেন বলে জানা যায়। লিভারপুল বন্দরে আগত মুসলিম নাবিক, ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কাছেও ইনস্টিটিউটটি হয়ে ওঠে আশ্রয় ও মিলনকেন্দ্র।
কুইলিয়ামের খ্যাতি দ্রুত মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৮৯৪ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় আবদুল হামিদ তাঁকে ‘শায়খুল ইসলাম অব দ্য ব্রিটিশ আইলস’ উপাধিতে ভূষিত করেন। আফগানিস্তানের আমির তাঁর কাজের পৃষ্ঠপোষকতা করেন, আর পারস্যের শাহ তাঁকে লিভারপুলে পারস্যের কনসাল নিযুক্ত করেন। তাঁর পরিচয় ছিল দ্বৈত। একদিকে তিনি নিজেকে অনুগত ব্রিটিশ নাগরিক মনে করতেন, অন্যদিকে উসমানীয় খলিফাকে বিশ্ব মুসলিমের নেতা হিসেবে মান্য করতেন। মুসলিম ভূখণ্ডে ব্রিটিশ সামরিক অভিযানের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানাতেন; বিশেষত সুদান অভিযানের সময় মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের অস্ত্র না ধরার আহ্বান জানিয়েছিলেন। এই অবস্থান তাঁকে ব্রিটিশ প্রশাসনের সন্দেহের পাত্রে পরিণত করে।
১৯০৮ সালে তাঁর জীবনে আকস্মিক বিপর্যয় নেমে আসে। একটি বিবাহবিচ্ছেদ মামলায় তাঁর আইনি ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ ওঠে, যা তাঁর পেশাগত জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। এ পরিস্থিতিতে তিনি হঠাৎ লিভারপুল ছেড়ে তুরস্কে চলে যান। নেতার অনুপস্থিতিতে ইনস্টিটিউটটি ধীরে ধীরে ভেঙে পড়ে, অনুসারীরা ছড়িয়ে-ছিটিয়ে যান এবং ভবনটিও বিক্রি হয়ে যায়।
কয়েক বছর পর তিনি হেনরি মার্সেল লিওঁ নামে ইংল্যান্ডে ফিরে আসেন। লন্ডনে নিভৃত জীবনযাপন করে ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব ও আইল অব ম্যানের ইতিহাস নিয়ে চর্চা চালিয়ে যান এবং ওকিংয়ের মুসলিম সমাজের সঙ্গে কিছুটা যোগাযোগ রক্ষা করেন। ১৯৩২ সালের ২৩ এপ্রিল লন্ডনে তিনি ইন্তেকাল করেন। তাঁকে সারের ব্রুকউড সমাধিক্ষেত্রে দাফন করা হয়, যেখানে দীর্ঘদিন তাঁর কবরের কোনো চিহ্ন ছিল না।
লেখক : টিভি উপস্থাপক, লেখক ও গবেষক, লন্ডন।
