জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত; পলাতক ও প্রাণদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। এটি তার নতুন কথা নয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এমন প্রত্যয় তিনি ব্যক্ত করে আসছেন প্রতিনিয়তই। এক সময় তিনি ‘চট করে দেশে ঢুকে পড়া’র কথাও বলেছিলেন। তবে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে তিনি প্রতিনিয়তই আপসহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এমনকি সে প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
স্মরণযোগ্য যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় গ্রহণ করার পর অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, কারো পাসপোর্ট বাতিল করা হলে কারো পক্ষে নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদনের কোন আইনানুগ সুযোগ নেই বরং তিনি বাতিলাদেশ পুনর্বিবেচনার আবেদন করতে পারেন। কিন্তু তিনি তা না করে নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করেছেন। যার কোন আইনগত গ্রহণযোগ্যতা নেই। আবার যেহেতু তিনি পলাতক ও দণ্ডিত; তাই তার পক্ষে সরকারের কাছে কোন প্রকার আবেদন করার সুযোগ নেই। তাকে আত্মসমর্পন করেই সকল প্রকার আইনী প্রতিকার চাইতে হবে। মূলত, বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত অনিশ্চিত এবং জটিল একটি বিষয় হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে ((Inabsentia) মৃত্যুদণ্ড দিয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ প্রায় ৬৬৩টি মামলা রয়েছে। তার দেশে ফেরার বিষয়ে আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে দেশীয় ও আন্তর্জাতিক মহলে।
অবশ্য ভারতীয় কর্তৃপক্ষ তাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে রেখেছে বলে দাবি করেছে। বাংলাদেশ সরকার তাকে পত্যর্পণের অনুরোধ জানালেও ভারত জানিয়েছে আইনি প্রক্রিয়া মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বিষয়টি দেশটি দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছে। অবশ্য খোদ শেখ হাসিনা এবং তার আইনজীবীরা দাবি করেছেন যে, সমস্ত ঝুঁকি জেনেও তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, বর্তমান বৈরী রাজনৈতিক পরিস্থিতি ও আইনি মারপ্যাচে তার দেশে ফেরার ঘোষণা মূলত একটি রাজনৈতিক কৌশল বা প্রতীকী চাপ সৃষ্টির চেষ্টা হতে পারে, যা বাস্তবায়ন করা বর্তমান বাস্তবতায় বেশ কঠিন ও অসম্ভব।
সন্দেহ, অবিশ্বাস এবং অনেক প্রশ্ন দেখা দিয়েছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে। যদিও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বার বার একই অবস্থান তুলে ধরছেন যে, তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। কিন্তু প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি আসলে দেশে ফিরবেন কি না, এমন সন্দেহ প্রকাশ করা হচ্ছে পর্যবেক্ষক মহল থেকে। শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে একটা বড় বিষয় দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। সে বিবেচনায় তার ফেরার প্রক্রিয়া বেশ জটিল হবে বলে মনে করছেন রাজনীতিকদেরই অনেকে। কারণ, দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা তার দল আওয়ামী লীগকে হঠাৎ ঝটিকা মিছিল করে তাদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। মাঝে মাঝে দেশের বিভিন্ন স্থানে ককটেল ফোটানোর ঘটনাও দৃশ্যমান। এর বাইরে তারা সেভাবে প্রকাশ্যে বড় কোনো সাংগঠনিক শক্তি দেখাতে পারেনি বা পারছে না। আর সে সক্ষমতাও দলটির আছে বলে মনে হয় না।
মূলত, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী শাসন পতনের প্রেক্ষাপট নিয়ে তারা এখনও ‘ষড়যন্ত্র তত্ত্বেই’ আটকে আছে; অনুশোচনাও নেই তাদের। চব্বিশের ৫ অগস্টের পর থেকেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে দেশের রাজনীতির মাঠ। রাজনীতির বাইরে আইনগত দিক থেকেও জটিলতার প্রশ্ন উঠছে। বিএনপি সরকার ভারতের সাথে অভিযুক্ত, ফেরার আসামী বা বন্দী বিনিময়ের পত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনতে চায়। তবে বিএনপি সরকারেরই নীতিনির্ধারণী পর্যায়ের কেউ কেউ মনে করেন, ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো যাবে, সে সম্ভবনা কার্যত নেই। ভারত সে পথে যাবে না বলেই মনে করেন তারা।
আইনের এ প্রক্রিয়ায় না গেলে শেখ হাসিনার নিজের ঘোষণা অনুযায়ী তার ফেরার জন্য প্রয়োজন হবে বাংলাদেশ সরকারের পাসপোর্ট বা ট্রাভেল পাস। সেটি নির্ভর করবে বিএনপি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। তবে এ ক্ষেত্রে আইনী জটিলতাও উপেক্ষা করার মত নয়। কারণ, পলাতক থেকে কারো পক্ষে কোন আবেদন করার সুযোগ নেই। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনা কীভাবে, কোন প্রক্রিয়ায় ফিরতে চান, বিষয়টিতে তার নিজের নিয়ন্ত্রণ কতটা থাকছে, এটি ভারতসহ ভূ-রাজনীতিরও কোনো বিষয় হচ্ছে কি না-এ ধরনের অনেক প্রশ্ন রয়েছে দেশের রাজনীতিতে। তিনি ট্রাভেল পাস বা পাসপোর্ট, কোনো কিছুর তোয়াক্কা না করে তার সমর্থকদের নিয়ে স্থল সীমান্তের কোনো পয়েন্টে চলে আসতে পারেন কি না, এমন আলোচনাও রয়েছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষক মহল তা মোটেই বাস্তবসম্মত মনে করেন না।
যেহেতু দেশের রাজনীতির মাঠ এখন শেখ হাসিনার পক্ষে নয়। তার প্রতিপক্ষ সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জুলাই ছাত্র আন্দোলনের নেতাদের দল এনসিপি নিয়ন্ত্রণ করছে রাজনীতি। এদের পাশাপাশি বর্তমানে সক্রিয় অন্য দলগুলো নিজেদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকলেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের মধ্যে এক ধরনের ঐকমত্য আছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপিসহ এ দলগুলো পত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের সাজা ও অন্যান্য মামলায় বিচারের মুখোমুখি করার কথা প্রকাশ্যে বলছে। কিন্তু শেখ হাসিনা নিজের ঘোষণা অনুযায়ী, কোনো বাধা ছাড়াই দেশে এসে রাজনীতিতে ফিরবেন বা ফিরতে পারবেন, এটা তারা চায় না। রাজনীতির মাঠের এ পরিস্থিতি তার জন্য বড় চ্যালেঞ্জ। এমন প্রেক্ষাপটে বর্তমানে প্রভাবশালী কোনো দলের সঙ্গে সমঝোতা করাও বেশ কঠিন। অন্যদিকে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯শে নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৫৩টি। দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা টিআইবি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তার জন্য একেবারে বৈরি রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে তার নিরাপত্তার প্রশ্ন আছে। একইসঙ্গে রয়েছে ফাঁসির দণ্ডাদেশ। এমন প্রেক্ষাপটেই দেশের রাজনীতিতে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়েছে যে, শেখ হাসিনা দেশে ফেরার ঝুঁকি নেবেন কি না। বিএনপিসহ বিভিন্ন দলের নেতারাও সভা-সমাবেশে বক্তব্যে এমন সন্দেহের কথা বলছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে আসছেন, শেখ হাসিনা তার কর্মীদের হতাশা কাটাতে দেশে ফেরার কথা বলছেন। কিন্তু তিনি ঝুঁকি নিয়ে ফিরবেন না। তার এমন দাবি একেবারে অপেক্ষা করার কোন সুযোগ নেই।
অবশ্য শেখ হাসিনাকে পত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফেরত আনার বিষয়টি বেশ কঠিন, এমন আলোচনা আছে রাজনীতিতে। কারণ, ভারতে এ বিষয়ে আন্তরিক নয়। সরকারের পক্ষে তাকে ট্রাভেল পাস বা পাসপোর্ট দেওয়ারও আইনগত কোন সুযোগ নেই। সবমিলিয়ে শেখ হাসিনার ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রশ্নে জটিলতা থাকছে। তিনি নিজেই কয়েকদফা এ ঘোষণা দিয়েছেন যে, ডিসেম্বরেই দেশে ফিরবেন। যদিও তিনি মৃত্যুদণ্ডের সাজা, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ও তুলে ধরেছেন। তার সে ঘোষণার পর থেকে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা উদ্বুদ্ধ হয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বেড়েছে বলেও দৃশ্যমান হচ্ছে।
এতে গ্রেফতারের সংখ্যাও বাড়ছে। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতারাও নেতিবাচক নানা বক্তব্যে দিচ্ছেন। যেমন তারা বলছেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বড় নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। সেখানে শেখ হাসিনার ফেরার কথা বলে দেশে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলেছেন। তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একজন নেতা বিবিসিকে বলেছেন, তাদের নেত্রীর বয়স এখন প্রায় আশি বছর। এ বয়সে তিনি লম্বা সময় রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না। ফলে তিনি এখন দেশের ভেতরে রাজনীতিতে ফিরতে যে কোনো ঝুঁকি নিতে চান।
নিজের বয়স ও দলকে রাজনীতিতে ফেরাতে দেশে আসার প্রশ্নে শেখ হাসিনা নিজে আগে সিদ্ধান্ত নিয়েছেন। সে সিদ্ধান্তের পক্ষে সমর্থন আদায়ে তিনি গত কয়েক মাসে তার দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বলেও আওয়ামী লীগের ওই নেতা জানান। পশ্চিমা একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা জানান, শেখ হাসিনা সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরিবার এবং এমনকি ভারতের সঙ্গেও কথা বলেছেন। সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার পরই তিনি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কিন্তু দেশে রাজনৈতিক ও আইনগত চ্যালেঞ্জের মুখে তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন, সে সব প্রশ্নে দলের নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। এমনকি ফেরার দিনক্ষণ নিয়েও অন্য কারও সঙ্গে তিনি এখনও কথা বলেননি। আওয়ামী লীগ নেতারা মনে করেন, ফেরার প্রক্রিয়া এবং তাতে বাধা থাকলে বিকল্প উপায় ও দিনক্ষণ-শেখ হাসিনা সবকিছুই ঠিক করে রেখেছেন। তথ্য ফাঁস হওয়ার ভয়ে এখনও অন্য কারও সাথে আলোচনা করছেন না। জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে অনুশোচনা না করায় দেশের জনগণ তাকে কতটা আস্থায় নেবে, সেই প্রশ্নও তুলছেন বিশ্লেষকেরা।
বিএনপি সরকার গঠনের পর তাদের গত ১০ মাসে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের বিজেপি সরকারকে কয়েক দফা চিঠি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটিকে শুধু আইনি বিষয় হিসেবে বলে আসছেন। অন্তর্র্বর্তী সরকারও তাদের ১৮ মাসের শাসনে শেখ হাসিনাকে ফেরৎ পাঠানোর জন্য ভারতকে কয়েক দফায় নোট ভার্বাল পাঠিয়েছে। তারাও হ্যাঁ বা না, কোনো জবাব পায়নি। অন্তর্র্বর্তী সরকারের শেষ দিকে গত বছরের ডিসেম্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, ‘শেখ হাসিনার পত্যর্পণ শেষ পর্যন্ত নয়দিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে’। বিএনপি সরকারও এখন পর্যন্ত কোনো জবাব পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, তারা (ভারত) কোনো জবাব দেয়নি। শেখ হাসিনাকে ফেরত দেবে না, এমনটাও বলেনি। তবে, এ সরকারের নীতিনির্ধারণ পর্যায়ের অন্য একাধিক সূত্র বলছে, ভারতের সাথে বাংলাদেশের পত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো যাবে, সে সম্ভবনা কার্যত নেই। কারণ, দেশটি নানা ছলছুতাই বিষয়টি পাশ কাটানোর চেষ্টা অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধ মামলায় অভিযুক্ত, ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য চুক্তি আছে ২০১৩ সাল থেকে। এ চুক্তির আওতায় বাংলাদেশে গ্রেফতার হওয়া আসামের উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল ২০১৫ সালে। দু’দেশের সাবেক কূটনীতিকদের অনেকে মনে করেন, পত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, সে সম্ভাবনা কম। ভারত সে পথে যাবে না বলে তাদের ধারণা। যদিও বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং পরে সংশোধন করা প্রত্যর্পণ চুক্তিতে যে সব শর্ত আছে, ভারতের দিক থেকে সেগুলোও এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। চুক্তিতে একটি ধারায় বলা হয়েছে, যাকে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ যদি ‘রাজনৈতিক প্রকৃতি’র হয়, তাহলে সে অনুরোধ খারিজ করা যাবে। তবে, কোন কোন অপরাধের অভিযোগকে ‘রাজনৈতিক’ বলা যাবে না, সে তালিকাও রয়েছে চুক্তিটিতে। এ তালিকার মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। এর ভিত্তিতে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানোর অধিকার রয়েছে বাংলাদেশ সরকারের। এরপরও একইসঙ্গে চুক্তিতে এমন কিছু ধারা আছে, যেগুলো প্রয়োগ করে অনুরোধ খারিজ করার অধিকার রাখে সংশ্লিষ্ট দেশ। যেমন, অনুরোধ পাওয়া দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ‘প্রত্যর্পণযোগ্য অপরাধে’র মামলা চলে, তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয়। কারণ ভারতে তার বিরুদ্ধে কোনও মামলা হয়নি বা অচিরে হওয়ারও সম্ভাবনা নেই। কিন্তু চুক্তিতে এ-ও বলা আছে যে, যদি অনুরোধ পাওয়া দেশের মনে হয় ‘অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে, সরল বিশ্বাসে আনা হয়নি’ তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। অভিযোগগুলো যদি ‘সামরিক অপরাধে’র হয়, যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না, তাহলেও একইভাবে অনুরোধ নাকচ করা যাবে।
এখন ভারত এ ধারা প্রয়োগ করেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খারিজ করতে পারবে। সে ক্ষেত্রে চুক্তির আওতায় পত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রাখলেও ভারত এ পথে যাবে না বলে বিশ্লেষকেরা মনে করেন। উল্লেখ করা দরকার যে, শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় মৃত্যুদণ্ডের সাজা যেমন রয়েছে, একইসাথে তার রেড পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট বাতিল করা হয়েছে। ফলে তিনি যখন নিজে দেশে ফিরতে চাইছেন, তাকে পাসপোর্ট বা এর বিকল্প হিসেবে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে হবে বাংলাদেশ সরকারের কাছে। তবে সরকার যে সে পথে যাবে না তা ইতোমধ্যই স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ন কবির। সরকার পক্ষের দাবি তারা এখনও প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা অব্যাহত রেখেছেন। সে অবস্থানেই তারা রয়েছেন এবং ভারত সরকারকে তাগিদ দিয়ে যাচ্ছেন। আবার পলাতক থেকে কোন আবেদনের সুযোগ নেই বলে মতামত দিচ্ছেন আইনজ্ঞরা।
মূলত, শেখ হাসিনার ফেরার প্রশ্নে নিয়ন্ত্রণ তার হাতে নেই। তার সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের চেষ্টার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা রয়েছে বলে মনে করেন পর্যবেক্ষক মহল। তারা বিষয়টাতে যুক্তরাষ্ট্রকেও ফ্যাক্টর হিসেবে দেখছেন। যদিও ভারত ও পশ্চিমা দেশে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, তাদের নেত্রী নিজে দেশে ফেরার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তবে ভারতের ভূমিকা নিয়ে তারা কিছু বলছেন না। এছাড়া তারা শেখ হাসিনার ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন তৈরির চেষ্টাও করছেন।
ঢাকায় রাজনীতিকদের কেউ কেউ ভারতের ভূমিকা বা অবস্থানকে দেখছেন ভিন্নভাবে। তাদের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে ফ্যাক্টর। কারণ, শেখ হাসিনার ভারতে থাকার প্রশ্নে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য আছে। সে কারণে তার নিরাপত্তার বিষয় বিজেপি সরকারের জন্য বড় ইস্যু। তার নিরাপত্তায় কোনো ঘাটতি হলে অভ্যন্তরীণ রাজনীতির চাপের মুখে পড়তে হতে পারে, এটি বিবেচনায় রাখতে হচ্ছে ভারত সরকারকে। ফলে ঢাকায় রাজনীতিতে এ আলোচনা রয়েছে যে, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ভারত সরকারের ভূমিকা থাকবে। তবে দেশটি যে পলাতক এ আওয়ামী নেত্রীকে বাংলাদেশের কাছে প্রত্যর্পন করবে না তা নিশ্চিত করেই বলা যায়।
সরকারের নীতিনির্ধারকদের অনেকে মনে করছেন, আওয়ামী লীগ গোপন তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডেও জড়িত হওয়ার আলামতও স্পষ্ট। সেজন্য তারা সতর্কতা অবলম্বনের কথা বলছেন। যদিও তারা বলছেন, ট্রাভেল পাস বা পাসপোর্ট ছাড়া সীমান্ত বা বিমান পথ, কোনো দিক দিয়েই শেখ হাসিনার দেশে প্রবেশের সুযোগ থাকবে না। ফলে ট্রাভেল পাস বা পাসপোর্ট না পেলে শেখ হাসিনা তার সমর্থকদের নিয়ে ভারতের কোনো বিমাবন্দরে বা কোনো স্থল সীমান্তে এসে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারেন। যা খুব একটা সহজসাধ্য হবে না। আর এ থেকে কোন ইতিবাচক ফল পাওয়ারও সম্ভবনা নেই।
আসলে শেখ হাসিনা যদি দেশে ফিরে আইনের মুখোমুখি হতে চান তাহলে পাসপোর্ট বা ট্রাভেল পাসের বাহানা তোলার কোন সুযোগ নেই বরং ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই দেশে ফেরা সম্ভব। কারণ, পাসপোর্ট বা ট্রাভেল পাশ পেলেও তিনি গ্রেফতারি এড়াতে পারবেন না। তাই তার ভারতের সরকারের মাধ্যমে প্রত্যর্পিত হতে সমস্যা কোথায়?
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ব্যাপারে মোটেই আন্তরিক নন। তিনি দেশে ফেরার নামে দলীয় কর্মীদের মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল ও জনগণকে পণবন্দী করার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। কারণ, তিনি দেশে ফিরতে আন্তরিক হলে কোন কিছু বাধা হওয়ার সুযোগ নেই। সরকার তো তাকে ফেরত আনতেই চাচ্ছে। মূলত ডিসেম্বরে ফেরার ঘোষণাকে পাশ কাটানোর জন্য নানা অজুহাত সৃষ্টি করা হচ্ছে। আসলে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি বৈ কিছু নয়!
www.syedmasud.com
