‘নামের বড়াই করো না গো, নাম দিয়ে কী হয়? নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। মতিঝিলে মতি নেই, আছে শুধু ঝিল। সোনারগাঁয়ে সোনা নেই, আছে শুধু বিল।’’ ছোটবেলায় এই গানটি শুনতাম। কিন্তু তখন এর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারিনি। তখন কেবল গান শোনার মাঝেই তৃপ্তি পেতাম। কিন্তু এখন বুঝি যে, নাম বদলালেই সবকিছু পরিবর্তন হয়ে যায় না। পরিবর্তন হওয়ার জন্য প্রয়োজন সুস্থ মানসিকতা ও মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলা। কারণ মানবিক মূল্যবোধ ব্যতিত কোন সমাজ বা রাষ্ট্র বেশিদূর এগোতে পারে না। সম্প্রতি সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- কে বিলুপ্ত করে এটিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ রূপান্তর করেছে। অর্থাৎ র‌্যাব এখন এসআরবি। সরকারের এ সিদ্ধান্ত জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা সময় বলে দেবে। তবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়- দেশের জনগণের অবস্থাও আজ তেমনই হয়েছে। কারণ র‌্যাবের অতীত কর্মকাণ্ড খুব একটা সুখকর ছিল না। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। পরবর্তীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে তৎকালীন জোট সরকার ২০০৪ সালে র‌্যাব গঠন করেছিল। শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর এ বাহিনীর সবাই খারাপ তা কিন্তু নয়। ভালো মানুষও আছে। আমার এখনো স্পষ্ট মনে আছে, তখন আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী শাখার একটি মেসে থেকে পড়াশোনা করতাম। হঠাৎ এক রাতে প্রায় ৩টার দিকে প্রায় ৩০ জনের একটি দল আমাদের মেস ঘিরে ফেলে। তৃতীয় তলার একটি রুমে দুজন ছিলাম-আমি এবং জহির ভাই। বর্তমানে জহির ভাইয়ের কোনো খোঁজখবর নেই। যতদূর জানতে পেরেছি ২০১১ সালের দিকে তিনি নিখোঁজ হন। আজও তাঁর কোনো সন্ধান মেলেনি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও তার পরিবার জানে না। জহির ভাই খুব সাহসী ছিলেন। দরজায় কড়া নাড়ার পর তিনি বলেছিন- আপনারা র‌্যাব হোন আর যা-ই হোন শাখা সভাপতির কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, তারপর দরজা খুলব। কয়েকবার দরজা কড়ার পরও দরজা না খোলায় শেষ পর্যন্ত তৎকালীন জেলা সভাপতি আমিনুল হক ভাই এসে নাম ধরে ডাক দিলে তিনি দরজা খোলেন। দরজা খোলার পরই কালো পোশাক পরিহিত ৫ থেকে ১০ জন র‌্যাব সদস্য বন্দুক তাক করে ভেতরে ঢুকে পড়েন। ভেতরে প্রবেশ করে তারা আমাদের পড়ার টেবিল ও আলমারি তল্লাশি করতে শুরু করেন। শুরুতে আমরা ভয় পেয়ে গেলেও তাদের আচরণ দেখে সে ভয় কেটে যায়। তারা খুবই সুন্দর ও মার্জিত ভাষায় আমাদের পড়াশোনার খোঁজখবর নেন, বাড়ি কোথায় তা জানতে চান এবং নিয়মিত কুরআন পড়া হয় কি না সে বিষয়েও কথা বলেন। এই ছিল র‌্যাবের শুরুর দিকের আচরণ। কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দেশী-বিদেশী মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে এই বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং হেফাজতে নিয়ে নির্যাতন করার অভিযোগ উত্থাপিত হয়। বিশেষ করে আটকের পর আসামীকে নিয়ে বন্ধুকযুদ্ধ বা ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করার অভিযোগ সবচেয়ে বেশি উঠেছিল। এখন দেখার বিষয় নাম পরিবর্তনের মধ্য দিয়ে নতুন এই বাহিনীর চরিত্র ও কার্যক্রমে কতটা ইতিবাচক পরিবর্তন আসে।

র‌্যাব বিলুপ্ত করার বিষয়টি ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে তা মোটাদাগে বলা কঠিন। তবে বোতল বদলালেই তো আর ভেতরের তরল বা সবকিছু বদলে যায় না। কোনো ব্যবস্থার পরিবর্তন আনতে হলে তার শিকড় উপড়ে ফেলতে হয়। শিকড় না উপড়ে শুধু পোশাক কিংবা নাম বদল করলেই মানুষের মনের ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ কিংবা স্বজন হারানোর বুকফাটা আর্তনাদ থামবে না। মজলুম মানুষের আর্তনাদ ও দীর্ঘশ্বাস মহান আল্লাহতায়ালার আরশকে নাড়িয়ে দেয়। যার ভুরি ভুরি উদাহরণ আছে। তবে যারাই মানুষের উপর জুলুম করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। প্রসঙ্গক্রমে অষ্টাদশ শতাব্দীর ‘বর্গির’ কথা মনে পড়ে গেল। ১৭৪১ থেকে ১৭৫১ সালের মধ্যে মারাঠা সাম্রাজ্যের একদল দুর্ধর্ষ ও লুণ্ঠনকারী অশ্বারোহী সেনাকে ‘বর্গি’ বলা হতো। এই বর্গিরা রাতের আঁধারে বা হঠাৎ করেই অতর্কিতভাবে বাংলার বিভিন্ন গ্রামে হানা দিত। মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করত, মানুষ হত্যা করত এবং সর্বস্ব লুট করে নিয়ে যেত। তাদের নিষ্ঠুর অত্যাচারে সাধারণ মানুষের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়েছিল। বর্গিদের সেই ভয়াবহ লুন্ঠন এবং জোরপূর্বক খাজনা আদায়ের আতঙ্ক তৎকালীন মা-বাবাদের মনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে, মায়েরা বা দাদী-নানীরা শিশুরা যাতে কান্নাকাটি না করে কিংবা দ্রুত ঘুমিয়ে পড়ে সেজন্য বর্গির ভয় দেখিয়ে ছড়া গেয়ে শোনাতেন- ‘‘খোকা ঘুমাল পাড়া জুড়াল, বর্গি এল দেশে/ বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে?’’ র‌্যাব নিয়ে হয়তো সেভাবে কোনো জনপ্রিয় ছাড়া তৈরি হয়নি, কিন্তু এই বাহিনীর কিছু সদস্যের নিষ্ঠুরতা ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডের ভয় সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছিল। নিচে কিছু ঘটনা পাঠকদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো-

২০১১ সালের ২৩ মার্চ। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জামদ্দারহাট এলাকায় ১৬ বছর বয়সি কলেজছাত্র লিমন সেদিন বিকেলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। সে সময় সেখানে র‌্যাব এর একটি দল কোনো এক অভিযুক্ত স্থানীয় সন্ত্রাসীকে ধরতে অভিযান চালাচ্ছিল। কিন্তু ভুলবশত র‌্যাব লিমনকে আটক করে এবং তাঁর বাম হাঁটুতে বা পায়ে খুব কাছ থেকে পিস্তল ঠেকিয়ে গুলী করে। শুধু তাই নয়, নিজেদের অপরাধ ঢাকতে র‌্যাব সেদিন উল্টো লিমনকে দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। লিমনের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুটি মিথ্যা মামলাও দায়ের করা হয়। পরবর্তীতে দেশজুড়ে তীব্র সমালোচনা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদের মুখে ২০১৩ সালে লিমনকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা.ফয়েজ আহমেদকে ঘিরে নিষ্ঠুর ঘটনা ঘটে। তিনি একজন অত্যন্ত মানবিক ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে সুখ্যাতির অধিকারী ছিলেন। কোনো মোস্ট ওয়ান্টেড আসামী বা সন্ত্রাসী ছিলেন না। লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার গুরুতর অভিযোগ ওঠে। পরিবারের ভাষ্যমতে র‌্যাব প্রথমে তাঁর বাসায় বিভিন্ন রুমে তল্লাশি চালায় এবং তাঁকে জোরপূর্বক বাসার ছাদে নিয়ে যেতে চায়। অসুস্থতাজনিত কারণে তিনি সিঁড়িবেয়ে ওপরে উঠতে অস্বীকৃতি জানিয়ে থানায় নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তারা তা শোনেনি। পরবর্তীতে তাঁকে জোর করে ছাদে নিয়ে প্রথমে গুলী করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে বা ঘটনা ধামাচাপা দিতে ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়। বিচারবহির্ভূতভাবে এই হত্যার ঘটনাটি তৎকালীন সময়ে দেশের অন্যতম একটি চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পর এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় পরিবারের পক্ষ থেকে শহীদ ডা.ফয়েজ আহমদের বড় ছেলে ডা.হাসানুল বান্না ২০২৫ সালের ১৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। ২০১৪ সালের এপ্রিল মাসে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা মনে হলে আজও গায়ের লোম দাঁড়িয়ে যায়। র‌্যাবের কিছু অসাধু কর্মকর্তার সহায়তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর কয়েক দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র‌্যাবকে কিলিং স্কোয়াড আখ্যায়িত করে বিলুপ্তির দাবি করেছিলেন। এমনকি ২০১৯ সালেও তিনি র‌্যাবকে ক্যান্সার আখ্যায়িত করে একই দাবি পুনর্ব্যক্তি করেছিলেন। ২০১৮ সালের কক্সবাজারের টেকনাফে ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যার অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে উঠেছিল। এই ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং র‌্যাবের বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও দায়মুক্তির সংস্কৃতি নিয়ে বড় প্রশ্ন উঠে। র‌্যাবের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে ২০১১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

গত ১০ সেপ্টেম্বর র‌্যাব বিলুপ্তি এবং পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনের আইন জাতীয় সংসদে কন্ঠভোটে পাস করা হয়। বিলটির বিভিন্ন ধারার ওপর বিরোধীদলের পক্ষ থেকে সাতটি বিষয়ে নোট অব ডিসেন্ট বা আপত্তি জানানো হয়েছিল। কিন্তু বিরোধীদলের আপত্তির বিষয়গুলোর সুরাহা না করেই তড়িঘড়ি করে বিলটি পাস করা হয়। আমরা মনে করি সরকারের উচিত ছিল বিরোধী মতকে গুরুত্ব দেয়া। র‌্যাব বিলুপ্ত করে কেবল নতুন নামে একই ধাঁচের বাহিনী গঠন করলেই যে জনগণের প্রত্যাশা পূরণ হবে, তার গ্যারান্টি কী? একই জনবল, সম্পদ, স্থাপনা, সরঞ্জাম ও কার্যক্রম সবকিছু ঠিক রেখে শুধু নাম পরিবর্তন করলেই এই বাহিনীর আচরণ পবিত্র হয়ে যাবে, এমন আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। র‌্যাবের অতীত কর্মকাণ্ড সাধারণ মানুষ হয়তো একসময় ভুলে যাবে, কিন্তু স্বজনহারা পরিবারগুলো কখনোই ভুলতে পারবে না তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়ার বেদনা। আপন হারানোর এই যন্ত্রণা কেবল ভুক্তভোগী পরিবারগুলোই অনুধাবন করতে পারে, কারণ যার যায় সেই কেবল এর মর্ম বোঝে। যে ভাই তার ভাইকে হারিয়েছে, যে বোন তার স্বামীকে হারিয়েছে, যে মা সন্তানকে হারিয়েছে কিংবা যে সন্তান তার বাবাকে হারিয়েছে-তাদের এই অবুঝ মনকে সান্ত্বনা দেয়ার ভাষা কার আছে? এসব প্রশ্নের উত্তর খোঁজা আজ অত্যন্ত জরুরি। কেবল জোর করে বা নতুন নামে নতুন বাহিনী গঠন মানুষের মনের ভয় দূর হবে না। কারণ প্রবাদ আছে- একবার চুন খেলে দই দেখলে ভয় করে। লেখক: প্রাবন্ধিক।