মো: শাহীন আলম
অন্ধকার পেরিয়েই আলোর আগমন। অন্ধকার না থাকলে আলোর মূল্যও উপলব্ধি করা যায় না। কোনো কোনো সময় একটি জাতির সবচেয়ে অন্ধকার অধ্যায় থেকেই জন্ম নেয় তার নতুন দিনের আলোকছায়া। ঠিক তেমনই বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ৫ই আগস্ট এক অবিস্মরণীয় দিন। সেদিন উদিত হয়েছিল এমন এক আলো, যা বিদূরিত করে দেয় দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অন্ধকারকে। ছিন্নভিন্ন করে দেয় দীর্ঘ দেড় দশক ধরে চলা এক অন্ধকারাচ্ছন্ন সাম্রাজ্যকে, যার ভিত্তি ছিল দুর্নীতি, গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন। প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমনকি বিচার বিভাগকেও রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি ‘মাফিয়া স্টেট’ কায়েম করেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল ভোটাধিকার হরণ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থপাচার, লুটপাট, দুর্নীতি, এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিন্নমতকে কঠোরভাবে দমন। যার ফলে জনমনে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ ও অসন্তোষ। অবশেষে ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সরকার বিরোধী গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের কবর রচিত হয়।
তবে এই বিজয় কোনো আকস্মিক প্রাপ্তি ছিল না; এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ, রক্ত ও অশ্রুর এক বেদনাময় ইতিহাস।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (OHCHR) ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তদন্ত অনুযায়ী, এই অভ্যুত্থানের পথে প্রাণ উৎসর্গ করেছেন প্রায় ১,৪০০ মানুষ, যাঁদের মধ্যে প্রায় ১৩৩ জন ছিল শিশু। এছাড়া হাজারো মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ হারিয়েছেন হাত, কেউ পা, আবার কেউ চিরতরে হারিয়েছেন দৃষ্টিশক্তি। অসংখ্য পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে, অগণিত স্বপ্ন থেমে গেছে রক্তাক্ত রাজপথে। তাঁদের এই সর্বোচ্চ ত্যাগ, সীমাহীন সাহস ও আত্মবলিদানের বিনিময়েই রচিত হয়েছে এই ঐতিহাসিক বিজয়ের গৌরবগাথা। তাই এই অর্জন শুধু রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস নয়; এটি শহীদদের রক্তে লেখা এক জাতির আত্মমর্যাদা, সংগ্রাম ও মুক্তির ইতিহাস। এটি ছিল দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা, অন্যায়, অবহেলা, দুর্নীতি ও দমন-পীড়নের পাশাপাশি একটি ভঙ্গুর ও ব্যর্থ রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে জনগণের নির্ভীক ও সুস্পষ্ট রায়। এই অভ্যুত্থান ছিল স্বাধীনতা, ন্যায়বিচার, জবাবদিহিতা, ঐক্য এবং জনগণের মর্যাদাকে ভিত্তি করে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আকাঙ্ক্ষার সুস্পষ্ট ঘোষণা।
এই অভ্যুত্থানের মাধ্যমে মানুষ চেয়েছিল সমগ্র রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার, যেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সংবিধান ও আইনের শাসনের আলোকে পরিচালিত হবে; বিচার বিভাগ হবে স্বাধীন, প্রশাসন হবে নিরপেক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে জনগণের নিরাপত্তার নির্ভরযোগ্য আশ্রয়স্থল।
একই সঙ্গে জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনব্যবস্থা, যেখানে প্রত্যেক নাগরিক ভয়ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তারা এমন একটি রাষ্ট্র চেয়েছিল, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত থাকবে; কোনো নাগরিককে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি, গুম, খুন বা নির্যাতনের শিকার হতে হবে না।
অর্থনৈতিক ক্ষেত্রেও মানুষের প্রত্যাশা ছিল দুর্নীতি, অর্থপাচার ও লুটপাটমুক্ত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা। তারা এমন একটি বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন দেখেছিল, যেখানে দ্রব্যমূল্য হবে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, বৈষম্য কমবে এবং রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত হবে। সর্বোপরি, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল—একটি মানবিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে প্রতিটি নাগরিক সমান মর্যাদা, ন্যায়বিচার ও স্বাধীনতার নিশ্চয়তা লাভ করবে, যেখানে জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চলল। দুই বছর আগে যে গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, আজ তার বাস্তবতা মূল্যায়নের সময় এসেছে। অবধারিতভাবেই প্রশ্ন জাগে—সেই স্বপ্নযাত্রা কতদূর এগোল, নাকি রাজনৈতিক গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলল?
গত দুই বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষলে এটি অস্বীকার করার উপায় নেই যে, কিছু দৃশ্যমান ও ঐতিহাসিক অর্জন আমাদের সামনে বাস্তব রূপ নিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় অর্জন ছিল দীর্ঘ দেড় দশক ধরে জনগণের কাঁধে চেপে বসা একটি স্বৈরাচারী, নিপীড়ক ও কর্তৃত্ববাদী সরকারের অবসান। পাশাপাশি মানুষ পেয়েছে স্বাধীনভাবে নিজস্ব মতামত প্রকাশের অধিকার।
এছাড়া দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার অন্যতম শরিক হিসেবে সংসদে একটি কার্যকর বিরোধী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা একতরফা রাজনৈতিক বাস্তবতার পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং তুলনামূলকভাবে জবাবদিহিমূলক সংসদীয় পরিবেশ ফিরে আসা নিঃসন্দেহে জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অর্জন।
কিন্তু এই অর্জনের উল্টো পিঠেই জমা হয়ে আছে অপূর্ণতার দীর্ঘ তালিকা। অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর একমাত্র আকুতি ছিল স্বৈরাচারের দোসরদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার। পরিতাপের বিষয়, দুই বছর পরও সেই বিচারপ্রক্রিয়া কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। যে আন্দোলনের অন্যতম ভিত্তি ছিল বিচারহীনতার অবসান, সেই প্রত্যাশা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বাস্তবে রাষ্ট্র সংস্কারের বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখনো অধরাই রয়ে গেছে। প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় জনগণের প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান পরিবর্তন এখনো স্পষ্ট নয়। কথামালা ও প্রতিশ্রুতির ফানুস উড়েছে, কিন্তু বাস্তবায়নের গতি অনেক ক্ষেত্রেই আশানুরূপ হয়নি।
বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো রাজনৈতিক মিত্রদের মধ্যেই আস্থার সংকট তৈরি হওয়া। যে ঐক্যের শক্তি একসময় স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, সেই শক্তির ভেতরেই আজ প্রকাশ্য মতবিরোধ, অসন্তোষ এবং বিভক্তির লক্ষণ দেখা যাচ্ছে।
এছাড়া লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব এবং বিচারহীনতার সংস্কৃতি যেন আগের মতোই বয়ে চলছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত দুই বছরে প্রায় ৬,২১০টিরও বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইন সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে প্রায় ১,১৭৭টি এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১০৩ জন। কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্র কোনো ঘটনারই দৃষ্টান্তমূলক বিচার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি, যা দেখে জনমনে এই ধারণা বদ্ধমূল হবে যে আইনশৃঙ্খলা (Law and Order) এখনও বেঁচে আছে।
তাই, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—শত শত ছাত্র-জনতার আত্মত্যাগ, এত রক্ত, এত প্রাণের উৎসর্গ এবং সীমাহীন ত্যাগের পরও আমরা কি আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছি? আমরা কি ভুলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, যার জন্য হাজারো তরুণ নিজের বুক পেতে দিয়েছিল?
বৈষম্য কি সত্যিই দূর হয়েছে? সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন কি সত্যিই প্রতিষ্ঠিত হয়েছে? রাষ্ট্রের প্রতিটি স্তরে কি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়েছে? এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর আজও খুঁজে পাওয়া কঠিন। ক্ষমতার পরিবর্তনের পরও যদি লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব এবং দুঃশাসনের সংস্কৃতি আগের মতোই বহাল থাকে, তবে জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্য কোথায়—এই প্রশ্ন মানুষের মনে বারবার ফিরে আসে।
আমাদের মনে রাখতে হবে যে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কেবল একটি সরকার পরিবর্তনের আন্দোলন নয়; বরং এটি ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম। এই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই এই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আজ আমাদের সবার নৈতিক দায়িত্ব।
এই দায়িত্ব কেবল একক কোনো রাজনৈতিক দল বা সরকারের নয়; বরং শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীসহ সমাজের প্রতিটি সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব। আজ আমাদের আবারও সেই ঐতিহাসিক দিনের মতো ব্যক্তি, দল কিংবা মতাদর্শগত ভিন্নতা ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। ঘৃণা, প্রতিহিংসা এবং ‘ট্যাগিং’ নির্ভর রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে অপমান, হেয় প্রতিপন্ন বা সামাজিকভাবে বিচ্ছিন্ন করার প্রবণতা পরিহার করতে হবে। জাতীয় ঐক্যকে দুর্বল করে এমন বিভাজনমূলক রাজনীতি পরিহার করাই হবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি এবং নৈরাজ্যের সংস্কৃতি পরিহার করে একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনগণকে তাদের অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নে সর্বদা সচেতন, সজাগ ও সোচ্চার থাকতে হবে। বাংলায় একটি প্রবাদ আছে—’চোর তো চুরি করবেই, গৃহস্থকে সজাগ থাকতে হবে।’ এজন্য অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট, দলবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নাগরিক সমাজকে সর্বদা সতর্ক, সচেতন ও সোচ্চার থাকতে হবে। কেননা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই হলো সুশাসনের সবচেয়ে বড় প্রহরী।
সর্বোপরি, শহীদদের স্বপ্নের বাংলাদেশ—একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার। সেই লক্ষ্য অর্জনে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তবেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রকৃত উদ্দেশ্য বাস্তব রূপ লাভ করবে এবং শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।
লেখক : শিক্ষার্থী আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
