আসিফ আরসালান

২০২৪ সালের জুলাই বিপ্লব ভারত মেনে নিতে পারেনি। এই বিপ্লব নিয়ে বিগত ২৫ মাসে তারা একাধিক বয়ান শুনিয়েছে ভারত ও বাংলাদেশের মানুষকে। সবশেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নতুন বয়ান শুনিয়েছেন। সেই বয়ান শুনে বাংলাদেশের সমস্ত শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষ রীতিমতো আহম্মক বনে গেছেন। এতদিন তো তারা জুলাই বিপ্লবকে বিপ্লব বা গণঅভ্যুত্থান কোনো হিসাবেই মেনে নেননি। এমনকি এটিকে দুর্বার গণআন্দোলন বলতেও কুণ্ঠিত ছিলেন।

প্রথমে তারা বলেন যে, জুলাই বিপ্লব কোনো আন্দোলন নয়। এটি ছিলো কতিপয় ভয়ঙ্কর সন্ত্রাসীর কাণ্ড। এর পর বেশ কিছু দিন তারা এই বয়ান জারি রাখেন যে, আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এই সন্ত্রাসী আন্দোলনের বীজ বপন করেছিলেন। তবে তার সেই বীজ মহীরুহে পরিণত হওয়ার আগেই তিনি বদলি হন। বদলি হওয়ার পর তিনি সরকারি চাকরি ছেড়ে দেন এবং একটি জ্বালানি কোম্পানীর সিইও হিসাবে এই উপমহাদেশে আসা যাওয়া করেন। অথচ ভারতীয় গণমাধ্যম এবং ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীরা বলতে থাকেন যে, ২৪ এর জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ডে (এটি ওদের ভাষা) আমেরিকার বড় হাত ছিলো।

দেখা গেলো জনগণ মার্কিনী হাত থাকার বয়ান একেবারেই গিললো না। তখন শুরু হলো নতুন বয়ান। বলা হলো যে, জুলাই বিপ্লবের পেছনে (ওরা কিন্তু জুলাই বিপ্লব বা অভ্যুত্থান বলে না) পাকিস্তানের প্রত্যক্ষ হাত ছিলো। পাকিস্তানের মদদে প্রথমে আল কায়েদা ছাত্রদের আন্দোলনে ঢুকে পড়ে। এর পর ঢুকে পড়ে লস্করে তৈয়েবা এবং জয়সে মোহাম্মদ। এসব আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন গুলো ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করেছিলো বলেই এত বিপুল রক্তপাত হয়েছিলো। ওরাই নাকি প্রায় সকলেই ছিলো দক্ষ স্নাইপার। এই বয়ানও বাংলাদেশের মানুষ খায়নি।

বাংলাদেশের মানুষ কেনো এসব উদ্ভট ও গাঁজাখুরি বয়ান খাবেন? তারা এদেশেরই ভূমিপুত্র। সকলেই চোখের সামনে দেখেন যে, ২০২৪ সালের জুলাই মাসের ১৪ তারিখের পর থেকে প্রতিদিন ছাত্রদের মিছিলে শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী গুলী চালানো হচ্ছে। জনগণ প্রতিদিনই দেখলেন যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মাস্তানরা হেলমেট পরে পুলিশের পাশে দাঁড়িয়ে থেকে মিছিলকারীদের ওপর গুলী চালাচ্ছে। প্রতিদিন ২/৪ টি করে লাশ পড়ছে। যতোই দিন যায় ততোই লাশের সংখ্যা বাড়তে থাকে। শেষের ৪/৫ দিন দৈনিক অন্তত ১৫০ টি লাশ পড়ে। সারা বাংলাদেশেই আওয়ামী হেলমেট বাহিনী এবং পুলিশ র‌্যাবের আগ্নেয়াস্ত্রের গুলীতে তাজা প্রাণ ঝরতে থাকে।

হাজারের ওপর যখন আন্দোলনকারীরা শহীদ হন এবং হাজার হাজার মানুষ যখন বুলেটের আঘাতে আহত হয়ে কাতারাতে থাকেন তখন সাধারণ মানুষের রক্ত গরম হয়ে ওঠে। ছেলে গেছেন আন্দোলনে। গিয়ে শহীদ হয়েছেন। আর সেই লাশ দেখে তার ভাই বোন এবং বাবা মাও রাস্তায় নেমে এসেছেন। এভাবেই সারা বাংলাদেশের সর্ব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসেন।

বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরাও তো এদেশেরই সন্তান। যখন তারা দেখেন যে, এক ব্যক্তি শেখ হাসিনা এবং একটি দল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সেনা বাহিনীর বুলেটেও মানুষ মারা যাচ্ছেন তখন তারাও ভেতরে ভেতরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এভাবে তাদেরই ভাই বোনদেরকে মরতে দেখে তারা সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন যে, তারা আর অসহায় নিরস্ত্র মানুষের ওপর আওয়ামী লীগের স্বার্থে গুলী চালাবেন না। এটিই ছিলো ২০২৪ সালের ৩ অগাস্টের ঘটনা। আর সত্যি কথা বলতে কি ঐ ৩ অগাস্টেই শেখ হাসিনার পতনের ঘণ্টা প্রবল শব্দে বেজে ওঠে।

এই হলো জুলাই বিপ্লবের সহজ সরল পটভূমি। এর পেছনে অনেক থিওরী কপচিয়ে লাভ নাই। আর ভারত বিশ্বে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের দাবিদার হলেও বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার সাধারণ ঐক্য এবং প্রাণ বিসর্জনকে সহজ ভাষায় বুঝলো না। চানক্য বা কৌটিল্যের উত্তরসূরীরা কোনো দিন বুঝবেও না। কারণ চানক্য বা কৌটিল্যের অর্থ শাস্ত্রে তো রয়েছে যত সব জিলাপির প্যাঁচ। তাই এবার দেখছি ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর নতুন বয়ান। সেই বয়ান শুনে তো বাংলাদেশের সহজ সরল দেশপ্রেমিক মানুষের আক্কেল গুড়ুম।

॥ দুই ॥

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার ভারতে নেওয়ার জন্য ইন্ডিয়ানদের সেকি পেরেশানী। এত দিন তো আওয়ামী ও ভারতপ্রেমীরা আমাদেরকে অর্থাৎ বাংলাদেশীদেরকে এই মর্মে ১৫ বছর ধরে জ্ঞান দান করেছে যে, ভারত বিশাল দেশ। ১৪২ কোটি মানুষ। বিশ্বের ৪র্থ বৃহত্তম সামরিক শক্তি। আমাদের ৩ দিকেই ঘিরে রয়েছে ভারত। এমনকি দক্ষিণে যে, বঙ্গোপসাগর তারও একটি অংশ ভারতের। সুতরাং ভারতকে বড় দাদা মেনেই চলতে হবে। বস্তুত শেখ হাসিনা ভারতকে শুধুমাত্র বড়দাই মনে করেননি, তাদেরকে প্রভুও মনে করতেন।

শুধুমাত্র আমাদেরই ভারতকে দরকার নয়, আমাদেরকেও যে ভারতের দরকার সেটি এবার আশা করি আওয়ামী ও ভারতপ্রেমীরা এবং সেই সাথে বাংলাদেশের জনগণ ভালোভাবে বুঝে গেছেন। তাই তো দেখছি গত ৮ মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে নেওয়ার জন্য দাদাদের সেকি সাধাসাধি! কিন্তু বাংলাদেশ যখন এই সফরের সাথে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনার তৎপরতার কথা ভারতকে জানিয়ে দেয় তখনই ভারতের সম্বিত ফেরে। বাংলাদেশ শেখ হাসিনা, আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী যারা বাংলাদেশে অভিযুক্ত, তাদেরকে ফেরত চায়। ওসমান হাদিকে শহীদ করে যারা হালুয়াঘাট বর্ডার হয়ে শিলং দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদেরকে বাংলাদেশ ফেরত চায়। আর এই ফেরত চাওয়ার পরেই ভারতের আসল রূপ বেরিয়ে এসেছে।

এতদিন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়শওয়াল কলের গানের একই রেকর্ড বাজিয়েছেন যে, এগুলো সব আইনগত প্রশ্ন। তাই আইনের দৃষ্টিকোণ থেকে ঐসব ইস্যু খতিয়ে দেখা হচ্ছে। গত ১ দেড় মাসে ইন্ডিয়ান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সরকারের মন্ত্রী পাড়ায় দারুন ঘোরাফেরা করেছেন। প্রধানমন্ত্রী তো বটেই, প্রায় সমস্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দুয়ারেও তিনি ধরণা দিয়েছেন।

এর মধ্যে একশ্রেণীর মতলবি সুশীল ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ নামে কয়েক দিনের একটি কনফারেন্সের আয়োজন করে। যারা প্রো ইন্ডিয়ানদের নাড়ি নক্ষত্র চেনেন তারা বিলক্ষণ করতে পারেন যে, রিকনসিলিয়েশন নামে ওদের একটি বড় অংশ খুব সুক্ষ্মভাবে আওয়ামী লীগকে মাঠে নামাবার কোশেশ করছেন। এই রিকনসিলিয়েশন নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। তবে ঐ বে অব বেঙ্গল কনভারসেশনে বক্তৃতা করে বেরিয়ে আসার পর সাংবাদিকরা দীনেশ ত্রিবেদীকে ঘিরে ধরেন। জানতে চান শেখ হাসিনা কবে ঢাকায় আসছেন। কিভাবে আসছেন?

॥ তিন ॥

এই বার দীনেশ ত্রিবেদীকে থলির বেড়াল বের হয়ে আসে। তিনি শেখ হাসিনার দিল্লী পলায়ন সম্পর্কে নতুন ন্যারেটিভ বা বয়ান শোনান। শেখ হাসিনা যে লক্ষ লক্ষ জনতার দাবড়ানি খেয়ে প্রাণ ভয়ে ভারতে পালিয়েছেন সেটি না বলে তিনি বলেন যে, শেখ হাসিনা কোনো ভারতীয় বিমানে দিল্লী যাননি। আরো অবাক হতে হয় যখন তিনি বলেন যে, যখন শেখ হাসিনা ৫ অগাস্ট ঢাকায় প্লেনে ওঠেন তখন তিনি নাকি জানতেনও না যে তিনি কোথায় যাচ্ছেন। তিনি বলেন যে, যখন তিনি গণভবন ছাড়েন তখনো তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ তখনো তো তিনি কোনো পদত্যাগ পত্র দেননি। তাই প্রধনামন্ত্রী হিসাবে সামরিক বাহিনীকে তিনিই নির্দেশ দিয়েছিলেন একটি বিমান দেওয়ারর জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তার জন্য সামরিক বাহিনীর ঐ বিমানটি সেই বিমানঘাটিতে অপেক্ষা করছিলো। শেখ হাসিনা ঐ প্লেনে ওঠার পর প্লেনটি যখন উড্ডয়ন করে তখনো তিনি জানতেন না যে প্লেনটির গন্তব্য কোথায়? এর পর দীনেশ ত্রিবেদী যা বলেন সেটি হুবহু তার ভাষায় উল্লেখ করছি। তিনি বলেন,

“শেখ হাসিনা অন্য কোনো দেশে যাচ্ছেন বলে টিভি স্ক্রলে দেখা যাচ্ছিলো। ঐ অবস্থায় তিনি যখন দিল্লীতে যান তখন তাকে অবতরণ করার অনুমতি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না। ঠিক কোন দেশে শেখ হাসিনা যেতে চাইছিলেন দীনেশ ত্রিবেদী তার উল্লেখ করেননি।” (বাংলাদেশ প্রতিদিন বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬)

॥ চার ॥

এসব কথা তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলার জন্যই কি তিনি পরদিন রাতে দিল্লী উড়ে যান? আমরা জানি যে, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। তিনি নরেন্দ্র মোদির খাস লোক। তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং মন্ত্রীর পদমর্যাদায় তাকে ঢাকায় হাইকমিশনার হিসাবে পাঠানো হয়েছে। তিনি পরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ১ ঘণ্টা কথা বলেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সম্পর্কে ভারতের সেনাপ্রধান জেনারেল ধিরাজ শেঠের সাথেও বৈঠক করেছেন। ভারতের সেনাপ্রধানের সাথে বাংলাদেশ নিয়ে দীনেশ ত্রিবেদীর কি কথা থাকতে পারে?

দীনেশ ত্রিবেদী এবং ভারতীয়রা নিজেদেরকে খুব চালাক ভাবতে পারেন। কিন্তু বাংলাদেশীরা অতো বোকা নয়। ত্রিবেদী মহাশয় ভিমরুলের চাকে ঢিল দিয়েছেন। হাসিনা দিল্লীতে যেতে চাননি। তাহলে কি তার সে বিমানকে ভূতে টেনে নিয়ে গেলো ভারতে? ওরা যদি ভিমরুলের চাকে ঢিল দেয় তাহলে আমরাও প্যান্ডোরার বাক্স খুলে দেবো। ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বেলা সাড়ে ১০ টায় জেনারেল ওয়াকারকে কেনো ফোন করেছিলেন? তার আগেও তিনি সেনাপ্রধানের সাথে কথা বলেছেন কেনো? শেখ হাসিনাকে বহনকারী বিমান যখন ত্রিপুরা দিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে তখন আগে থেকে বন্দোবস্ত করা না থাকলে দুটি রাফাল বিমান তাকে এসকর্ট করে কিভাবে?

একমাত্র রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকেই জঙ্গী বিমানের এসকর্টের মর্যাদা প্রদান করা হয়। ভারতের মাটিতে হাসিনাকে বহনকারী বিমানটি যখন দিল্লীর হিন্দনের দিকে উড়ে যাচ্ছিলো তখন দিল্লীর প্রাণম মিনিস্টারের দুর্ভেদ্য কক্ষে কম্পিউটার স্ক্রিনে সেই দৃশ্য নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর দেখছিলেন কেনো? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ভারতের জেমস বন্ড বলে খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হিন্দন বিমান ঘাটিতে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য হাজির হন কিভাবে?

কেনো দীনেশ ত্রিবেদী নতুন ন্যারেটিভ হাজির করছেন সেটি বোঝার মতো ঘিলু আমাদের মাথায় আছে। এসব নিয়ে বাড়াবাড়ি করলে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেবো। সুতরাং সাধু সাবধান

Email: asifarsalan15@gmail.com