জাফর আহমাদ

মহান আল্লাহ তাঁর প্রিয় নবীর ওপর প্রথম যেই নির্দেশ পাঠিয়েছেন তা হলো,“পড়ো”। যা আল কুরআনুল মাজিদের প্রথম নির্দেশ এবং প্রথম আয়াত। আল্লাহ তা’আলা বলেন, “পড়ো ! তোমার প্রভুর নামে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তের পিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রব বড়ই মেহেরবান। যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন. যা সে জানতো না।” (সুরা আলাক : ১-৫) সুতরাং আল্লাহর আজিমাত, আল্লাহর কুদরত ও আল্লাহর মহিমা জানার জন্য আমাদের বেশি বেশি পড়তে হবে। যতবেশি পড়বেন ততবেশি আল্লাহর ভয় আমাদের হৃদয়কে নাড়া দিবে। আমাদের চরিত্র সংশোধিত হবে।

বিপুল সংখ্যক সহীহ হাদীসের বর্ণনানুসারে ও বিশাল সংখ্যক আলেম ওলামার অভিমত যে, সর্বপ্রথম কুরআনের এই আয়াতগুলো নাযিল হয়েছিল। হাদীসগুলো হযরত আয়েশা (রা:), ইবনে আব্বাস (রা:) ও আবু মুসা আশ’আরী (রা:) এর মতো প্রসিদ্ধ সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে।

আল কুরআনে নাযিলকৃত প্রথম শব্দ এবং প্রথম নির্দেশ হলো “পড়ো”। সুতরাং এর গুরুত্ব আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে। অবশ্যই আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। আর হ্যাঁ, সেই পড়া ও জানাটা সর্বপ্রথম হতে হবে নিজের ও সৃষ্টিকর্তা সম্পর্কে। কারণ যারা তাদের সৃষ্টিকর্তাকে জানে না, তারা নিজেদের মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল নহে।

মানুষ ছাড়া সকল সৃষ্ট জীব জন্মগত সহজাত জ্ঞান নিয়েই দুনিয়ায় আগমন করে অথবা আল্লাহর নির্দেশ মোতাবেক তারা জীবন পথে চলে। এ জন্য জন্মের পর তাদেরকে আলাদাভাবে কোন স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। তাদের পথের দিশার জন্য কোন নবী-রাসুলেরও আগমন ঘটেনি বা তাদের জন্য কোন আসমানী কিতাবও নাযিল হয়নি। আল্লাহর সরাসরি নিয়ন্ত্রণে থেকে এরা তাঁরই দেয়া জ্ঞানে আকাশে উড়ে, পানিতে সাতার কাটে, নিজেদের আবাস তৈরী করে এবং রিযিক সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে।

কিন্তু মানুষ এসব কিছুর ব্যতিক্রম। তাদেরকে জ্ঞান আহরণ করতে হয়। জীবনের জন্য, ঈমানের জন্য সর্বোপুরি সভ্যতার বিকাশের জন্য তাদেরকে জ্ঞান অর্জনের সাধনা করতে হয়। এ জ্ঞানসাধনাই সৃষ্টিলোকে মানুষকে শ্রেষ্টত্বের আসনে বসিয়েছে। জ্ঞানই মানুষের চালিকা শক্তি। এ জন্য বলা হয় ‘জ্ঞানই শক্তি’। জ্ঞানের শক্তি বলে মানুষ গোটা পৃথিবীর শক্তিশালী সৃষ্টিকেও তাদের নিয়ন্ত্রণে এনে নিজেদের কাজে ব্যবহার করে। জ্ঞানের আলো ছাড়া কোন ব্যক্তি এক কদমও চলতে পারে না। জ্ঞানহীন ব্যক্তির সুনির্র্দিষ্ট কোন পথ নেই । অন্ধকারে যে কোন পথে চলতে চলতে বিপদের অতল গহব্বরে নিমজ্জিত হতে পারে। কারণ আলোর পথ হয় একটি ও সুনির্দিষ্ট আর অন্ধকারের পথ হয় অসংখ্য ও অনির্র্দিষ্ট।

জন্ম থেকে মৃত্যু মানুষের দুনিয়ার জীবন। এটি খুবই সীমিত সময়। মৃত্যুপরবর্তী আরেকটি জীবন শুরু হবে, তার নাম আখিরাত। এটি সীমাহীন বা অন্তহীন এক জীবন। যার শুরু আছে, শেষ নেই। মূলত: মানুষের জীবনের দুটি অধ্যায়। দুনিয়া ও আখিরাত। একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অন্যটির সফলতা আশা করা যায় না। মানুষ ইচ্ছা করলেই যেমন দুনিয়ার জীবন থেকে এক লম্ফ দিয়ে আখিরাতে পৌঁেছ যেতে পারবে না। আবার সে ইচ্ছা করলেই অনন্তকাল দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। আখিরাতের সফলতা দুনিয়ার সফলতার ওপর পুরোপুরি নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে মোনাজাতের মাধ্যমে এ শিক্ষাই দিয়েছেন “হে আমার রব! তুমি আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান কর এবং আমাকে দোযখের আযাব থেকে রক্ষা কর।” (সুরা বাকারা : ২০১) সুতরাং দুনিয়ার জীবনকে সফল করার জন্য নির্ভুল জ্ঞান আহরণ করতে হবে। জ্ঞানই মানব সভ্যতা বিকাশে একমাত্র ও প্রধান হাতিয়ার।

আল কুরআনের পরিভাষায় জ্ঞানের আরবী শব্দ হলো ‘ইলম’। ইলম বা জ্ঞানের একমাত্র উৎস হলো আল্লাহ রাব্বুল আলামীন। যুগে যুগে সকল আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে রিসালাতের দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ তা’আলা বলেনঃ “হয়ত তোমরা কোনো জিনিস মন্দ মনে করছ, অথচ তা তোমাদের জন্য ভালো। আবার হয়ত কোনো জিনিসকে পছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য মন্দ। আসলেই আল্লাহই সঠিক জানেন। তোমরা জান না”(বাকারাঃ২১৬) সুতরাং মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সকল ক্ষেত্রে কল্যাণ তথা শান্তি, নিরাপত্তা, স্বাচ্ছন্দ, উন্নতি ও প্রগতির জন্য সকল মানুষকেই স্রষ্টার জ্ঞানের দ্বারস্থ হওয়ার বিকল্প কিছু নেই। আল্লাহর দেয়া জ্ঞানকে বাদ দিয়ে যখনই মানুষ বিকল্প জ্ঞানের আলোকে জীবন পরিচালনার উদ্যেগ নিয়েছে তখন কল্যাণের পরিবর্তে অকল্যাণ ও অশান্তি বার বার পৃথিবীকে নাস্তানাবুদ করেছে। পৃথিবীর দেশে দেশে উদ্ভট জীবন দর্শন তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে আছে। তাদের মস্তিস্ক প্রসূত জ্ঞান বা দর্শন দ্বারা পরিচালিত জীবন বরাবরই প্রকৃতির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কারণ প্রকৃতি রাজ্যের নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। মানব সভ্যতা বিকাশে মানবমন্ডলীকে সর্বপ্রথম নিম্নোক্ত বিষয়গুলোর জ্ঞান অর্জন করতে হবে:

কে আমাদের সৃষ্টি করলেন ? তার সঠিক পরিচয় কি ? মানুষের পরিচয় কি ? স্রষ্টার সাথে মানুষের কি সম্পর্ক ? মানুষকে কি উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ? মানুষের কর্মপন্থা. কর্মনীতি কি হবে ? দৃশ্যমান এ যে পৃথিবীর জীবন, এটিই কি শেষ, না কি মৃত্যুর পর আবারো নতুন জীবন শুরু হবে। কোনটি ভাল ও ন্যায়. কিসে মানুষের কল্যাণ নিহিত? এখানকার ভালো-মন্দের কোন পুরস্কার বা শাস্তির ব্যবস্থা আছে কি ? নাকি খেল-তামাসার পর মাটির সাথে মিশে যাবো? এ গুলোর সঠিক উত্তর আমাদেরকে আহরণ করতে হবে এবং এ জন্য আমাদের আল কুরআন ও হাদীসের দ্বারস্থ হতে হবে। পড়তে হবে, জানতে হবে ও অনুধাবন করতে হবে।

প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর নিম্নে প্রদান করা হলো :

মানুষকে জানতে হবে যে, আল্লাহ তা’আলা আমাদের সৃষ্টি করেছেন। তাঁর পরিচয় হলো, তিনি বিশ্বস্রষ্টা, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি এক ও একক, তাঁর কোন অংশীদার নেই। তিনি একমাত্র ইলাহ অর্থাৎ একমাত্র হুকুমদাতা প্রভু বা মনিব, আইনদাতা ও বিধানদাতা, তিনি রাজাধিরাজ। গোটা সৃষ্টিজগতে তাঁরই রাজত্ব চলছে। তিনি সব শুনেন, জানেন, দেখেন।

জীব হিসাবে মানুষের প্রথম পরিচয় হলো, মানুষ ‘নৈতিকজীব’ কারণ মানুষের বিবেক আছে। মানুষকে জ্ঞান-বুদ্ধি দান করা হয়েছে। জ্ঞান সাধনার কারণেই মানুষ শ্রেষ্ট জীব ও সৃষ্টির সেরা আসনে অধিষ্ঠিত হয়েছে।

দায়িত্বশীল হিসাবে প্রতিটি মানুষের পরিচয় হলো প্রতিটি মানুষই আলাহর খলীফা বা প্রতিণিধি। খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে তাঁর বিধান দুনিয়ায় প্রতিষ্ঠা করবেন না। মানুষকেই আল্লাহর বিধান প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে। দুনিয়ায় কেহ এ দায়িত্ব থেকে কখনো অব্যাহতি পেতে পারে না।

আর মুসলমানদের জাতি হিসাবে একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে সেটি হলো এরা মধ্যমপন্থী জাতি। পৃথিবীর শ্রেষ্ট জাতি হিসাবে মানবজাতির কল্যাণে নেতৃত্ব দেয়ার জন্য প্রেরণ করা হয়েছে। যারা এ দায়িত্ব পালন করবে না তাদেরকে মৃত্যু পরবর্তি জীবনে আল্লাহর আদালতের সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। সেখানে ভালো-মন্দের পুরস্কার ও শাস্তি ভোগ করতে হবে।

মানুষের সাথে স্রষ্টার সম্পর্ক হলো তিনি মানুষের স্রষ্টা, মানুষ তাঁর সৃষ্টি। তিনি মালিক, মানুষ তাঁর গোলাম। তিনি রাব্বুল আলামীন হিসাবে সর্বদা মানুষকে লালন-পালন করছেন। তিনি আসমান ও জমিনের রাজা, মানুষ ইচ্ছা-অনিচ্ছায় তাঁরই প্রজা। কারণ তাঁর রাজত্বের বাইরে যাওয়ার সাধ্য কারো নেই।

ইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চাকে ফরয করে দিয়েছে। জ্ঞান বা ইলম শুধুমাত্র ফিকাহ, তাছাউফ, আকায়েদ ও যুক্তিশাস্ত্রকেই বুঝায় না বরং আধুনিক জ্ঞান-বিজ্ঞানসহ সর্ববিষয়েল জ্ঞানই এ শিক্ষার অন্তর্ভুক্ত। সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করতে হবে। মুসলমানগণ নৈতিক শিক্ষার পাশাপাশি যদি আধুনিক প্রযুক্তিগত শিক্ষাকে আবশ্যিক করে নিতে পারতো, তাহলে মুসলমানগণ পাশ্চাত্য থেকে বহুদুর এগিয়ে যেতে পারতো। কারণ পাশ্চাত্যের প্রযুক্তিগত বিদ্যা থাকলেও নৈতিকতা তাদের মধ্যে অনুপস্থিত। মুসলমানদের মনুষ্যত্ববোধ মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও নৈতিক চরিত্র আছে কিন্তু পাশ্চাত্যের তা নেই। সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের কাছে পরাক্রমশালী মহান আল্লাহ তা’আলার মহান গ্রন্থ আল কুরআন রয়েছে, যা পাশ্চাত্যের কাছে নাই।

আর একটি বিষয়, ভালো করে মনে রাখা প্রয়োজন যে, ঈমানের অপর নাম জ্ঞান। যার জ্ঞান নেই তিনি পদে পদে ঈমানকে এমনভাবে বিসর্জন দেন যে, তিনি টেরই পান না। তাই ঈমানকে টিকিয়ে রাখার জন্য উল্লেখিত জ্ঞান ছাড়াও সর্বদা আল্লাহর অধিকারের সীমা সম্পর্কে জানতে হবে। এ জন্য আল কুরআনের দ্বারস্থ হতে হবে। কারণ আল কুরআনই আল্লাহ তা’আলার পক্ষ থেকে মানব জাতির জ্ঞান আহরণের সর্বোত্তম ও চূড়ান্ত উৎস। এর বাইরে কোথাও পরিপূর্ণ জ্ঞান খূজে পাওয়া যাবে না । যা পাওয়া যাবে তা নিতান্তই আংশিক, অপরিপূর্ণ বা খুবই ক্ষণস্থায়ী। পরিপুর্ণ, পরিপক্ষ ও নির্ভুল জ্ঞান আল কুরআনেই রয়েছে। কুরআনকে সহজভাবে জানার জন্য আল হাদীস তথা রাসুল সঃ এর জীবন চরিতের সাহায্য নিতে হবে। কারণ তার জীবনই কুরআনের প্রতিচ্ছবি।

তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতির এ যুগে এসেও ‘পড়া’ এর গুরুত্ব এতটুকু কমে যায়নি। বরং পড়া ও জানার প্রয়োজনীয়তা আরো বেশী প্রবলভাবে অনুভূত হচ্ছে। কিন্তু দু:খের বিষয়, আমরা পড়া ছেড়ে দিয়েছি। আমাদের সন্তানেরাও পড়া ছেড়ে দিয়েছে। জীবননের জন্যও তারা পড়ে না। এন্ড্্রয়েড-এর বাইরের পৃথিবী সম্পর্কে তাদের জ্ঞান দিন দিন সীমিত হয়ে আসছে। সুতরাং আমাদের সন্তানদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে সাধারণ জ্ঞানের পাশাপাশি বাধ্যতামূলক কুরআন ও সুন্নাহ এর জ্ঞান দান করতে হবে। তাওহীদ. রেসালাত ও আখিরাতের স্পষ্ট জ্ঞান তার মন-মস্তিস্কে ঢুকিয়ে দিতে হবে। অন্যথায় সে তার নিজের হক, তার সৃষ্টিকর্তার হক ও তার আশেপাশে বসবাসকারীদের তথা সকল মানুষের এবং সৃষ্টির হক সে জানতে পারবে না। এই তিনটি বিষয় সম্পর্কে জানার জন্য কুরআন-হাদীস পড়ুন, বুঝুন ও উপলব্ধি করুন।