বহুল প্রচলিত একটি প্রবাদ: অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কীভাবে প্রকাশ করা যায়, এর আদ্যোপান্ত বর্ণনা। চোখ আর কান খোলা রেখে চারদিকে তাকিয়ে দেখলে সহজেই বোঝা যাবে, কী এক রমরমা বন্দোবস্ত! সুরম্য দালানকোঠা, সুরক্ষিত দেয়াল-প্রাচীর, শিক্ষক-শিক্ষার্থীদের আনাগোনা ও পদচারণে সরগরম এক-একটি শিক্ষায়তন।

কিন্তু ভেতরে একদম ফাঁকা। কী যেন নেই, কিসের যেন অভাব। ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ কিংবা নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ—এমন সব নামকরা প্রতিষ্ঠানের বাইরে অধিকাংশ কলেজের শিক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা আসলে কতটুকু অবগত? প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেসরকারি (এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত) প্রতিষ্ঠানের কথা না হয় বাদই দিলাম, সরকারি কলেজগুলোর এমন পরিণাম হবে কেন? এ কোন রাহুর দশা পেয়ে বসেছে আমাদের শিক্ষাব্যবস্থাকে? বরং অনেক বেসরকারি প্রতিষ্ঠান (এমনকি আমার নিজ জেলায়ও উদাহরণ রয়েছে) লেখাপড়া ও পরীক্ষার ফলাফলে বছরের পর বছর ভালো করে আসছে। গোটা জাতির সামনেই উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে।

কেবল এ বছরের এইচএসসি ফলাফলে নয়, বলতে গেলে প্রতিষ্ঠাকাল থেকেই ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ও বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠান উচ্চশিরে দাঁড়িয়ে থেকে শিক্ষার অনির্বাণ শিখাটিকে সচল রেখেছে। কিশোরগঞ্জের মোট ৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে এইচএসসির ফলাফলে সর্বোচ্চ পাসের হার আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৯১ দশমিক ৮৫ শতাংশ। আর জেলার সরকারি-বেসরকারি মোট ২৫টি ডিগ্রি কলেজের মধ্যে অতীতের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পাসের হার ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের—৮২ দশমিক ০৯ শতাংশ। কেবল কি তা? ১৮টি জিপিএ-৫ অর্জন করে উপজেলা স্তরের সরকারি-বেসরকারি সব কলেজের শীর্ষে রয়েছে এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানটি। সে তুলনায় সরকারি কলেজগুলোর হালহকিকত?

এইচএসসি পরীক্ষায় ৩০ বা ৪০ জন, এমনকি ৫০ কিংবা ৬০ জন; কখনো কখনো এরও বেশিসংখ্যক জিপিএ-৫ পেয়েছে এক-একটি সরকারি কলেজ থেকে। এই তো সেদিনের কথা। আমি আমার নিজ জেলার কথা বলছি। আজ হঠাৎই যেন কী হয়ে গেল! এ এক অবিশ্বাস্য ও ভয়ানক বাস্তবতা। সার্বিকভাবে পাসের হার আর জিপিএ-৫-এর যে কী ভয়ানক চিত্র, তা আমার নিজ জেলার সরকারি কলেজগুলোর দিকে তাকালেও কিছুটা অনুমান করা যায়। বলতে গেলে সারা দেশের সবখানেই একই চিত্র।

১৩টি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ জেলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ২৫টি ডিগ্রি কলেজ রয়েছে। ২৫টি কলেজের মধ্যে সরকারি ১৫ আর বেসরকারি ১০টি। ১৯৪৩ সালে গুরুদয়াল কলেজের পর ১৯৪৭ সালে ভৈরব হাজী আসমত কলেজ ও ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় বাজিতপুর কলেজ। প্রতিষ্ঠাকাল বিবেচনায় হাজী আসমত দ্বিতীয় ও বাজিতপুর কলেজ জেলার তৃতীয় কলেজ। এরপর একে একে অন্য কলেজগুলো প্রতিষ্ঠিত হয়।

সরকারি ১৫টি কলেজের মধ্যে সদরের গুরুদয়াল কলেজ ও কিশোরগঞ্জ মহিলা কলেজ দুটি সরকারি হয় যথাক্রমে ১৯৮০ ও ১৯৮৯ সালে। সদরের বাইরে স্থাপিত বাকি ১৩টি কলেজ সরকারীকরণ হয় সাত বছরে (২০১২-২০১৮)। উপজেলা স্তরের সরকারি ১৩টি কলেজের সবকটিই ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। এমন বিপর্যয় সাধারণভাবে কল্পনারও বাইরে। কোনোটিই বোর্ডের পাসের শতকরা হারের ধারেকাছে নেই।

সবখানে এখন জিপিএ-৫ পাওয়ার হিসাব-নিকাশ—কে পেল আর কে পেল না; কিংবা কতজন পেয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের জেলায় ১২টি উপজেলার মোট ১৩টি সরকারি ডিগ্রি কলেজ থেকে মোট ৮ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১৩ জন। উপজেলার সরকারি কলেজগুলো থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

উল্লেখ্য, ইটনা সরকারি কলেজ, মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি কলেজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ ও পাকুন্দিয়া সরকারি কলেজ থেকে সর্বমোট ২ হাজার ৬৫৬ জন অংশ নিলেও কারও ভাগ্যেই জিপিএ-৫ জোটেনি। বলা যায়, ডিগ্রি স্তরে এই পাঁচটি সরকারি কলেজ কিংবা পাঁচটি উপজেলা একদম জিপিএ-৫ শূন্য। শিক্ষার ইতিহাসে এ এক বিরাট ছন্দপতন, যা ভাবনার অতীত।

বেসরকারি ১০টি কলেজের মধ্যে এইচএসসির ফলাফলে একমাত্র ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ছাড়া বাকি ৯টি ডিগ্রি কলেজেরই একেবারে ত্রাহি দশা। উপজেলা স্তরের ১৩টির সব কটি সরকারি আর গোটা জেলার বেসরকারি কলেজগুলোর (অবশ্যই ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ বাদে) পারফরম্যান্স দেখেই মূলত সুপরিচিত প্রবাদটির কথা আমার মনে হওয়া। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। আগেই বলেছি, এ অনেকটা সারা দেশেরই চিত্র। পরিস্থিতির উন্নতিকল্পে করণীয় নির্ধারণ করবেন নীতিনির্ধারকেরা, এটাই আমাদের প্রত্যাশা।

বিমল সরকার,কলাম লেখক, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক