আয়েশা সিদ্দিকা
পথ শিশুদের ভাগ্যবিড়ম্বনা আমাদের সমাজ ব্যবস্থার অন্যতম একটি রূঢ় এবং নির্মম বাস্তবতা। মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত এ শিশুরা চরম অবহেলা, দারিদ্র্য এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে তাদের শৈশব পার করে। তাদের এ জীবন সংগ্রামের পেছনে রয়েছে বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক কারণ।
মূলত, পথশিশুদের খোলা আকাশ, রেললাইন, ফুটপাত, পার্ক বা লঞ্চ টার্মিনালই এদের স্থায়ী ঠিকানা। ঝড়-বৃষ্টি বা তীব্র শীতের মধ্যেও তাদের চরম কষ্ট ভোগ করতে হয়। দু’মুঠো ভাতের জন্য তাদের হাড়ভাঙা খাটুনি খাটতে হয়। অনেক সময় তারা ডাস্টবিনের বা বাসি-পচা খাবার খেয়ে বেঁচে থাকে, ফলে চরম পুষ্টিহীনতায় ভোগে। বিদ্যালয়ে যাওয়ার কোনো সুযোগ এদের ভাগ্যে জোটে না। অসুস্থ হলে কোনো রকম চিকিৎসা ছাড়াই ধুঁকে ধুঁকে সুস্থ হতে হয়, অথবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেঁচে থাকার তাগিদে খুব ছোট বয়সেই এরা টোকাই, কুলিগিরি, গাড়ি মোছা, কিংবা ফুল বিক্রির মতো হাড়ভাঙা ও ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে বাধ্য হয়। দিনভর হাড়ভাঙা খাটুনি খাটলেও তাদের নামমাত্র মজুরি দেওয়া হয়, অনেক সময় তাও জোটে না।
একাকীত্ব, মানসিক কষ্ট এবং হতাশা থেকে বাঁচতে অনেক পথশিশু ড্যান্ডি (আঠা), গাঁজা বা অন্য মারাত্মক মাদকে আসক্ত হয়ে পড়ে। সমাজের অপরাধ চক্র বা গডফাদাররা এ শিশুদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের চুরি, ছিনতাই, পকেটমার এবং মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কাজে ব্যবহার করে। রাত বাড়ার সাথে সাথে পথ শিশুদের, বিশেষ করে কন্যাসন্তানদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। তারা প্রায়শই শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়। সমাজ তাদের মানুষ হিসেবে গণ্য না করে ‘টোকাই’ বা ‘অপরাধী’ হিসেবে অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য করে।
ট্রেন, বাস স্টেশন, পার্ক কিংবা রাস্তা ঘাটে চলার সময়; এলোমেলো চুল, নোংরা কাপড় পরিহিত এসব পথশিশুদের হর-হামেশায় চোখে পড়ে। অথবা কনকনে শীতের সকালে সবাই যখন উষ্ণ চাদরে আবৃত তখনও কিছু শিশু ছেড়া ও ময়লাযুক্ত কাপড় পরে খোলা আকাশের নিচে ঘুমাতে দেখা যায়। শীত নিবারণের জন্য প্রয়োজনীয় পোশাকও নেই এসব শিশুদের কাছে। এমন করুণ চিত্র আমরা প্রায়ই দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি। তাদের নেই কোনো বাড়িঘর, পরিবার, পরিচয়। কারণ, তারা পথশিশু। পথশিশু হল সেসব শিশু যারা, আশ্রয়হীতা বা দারিদ্র্যতার কারণে শহর, নগর বা গ্রামের রাস্তায় বসবাস করছে। উন্মুক্ত স্থানে হাজার হাজার শিশু অসহায় ও পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে। অনেক পথশিশুতো পঙ্গু ও বিকলাঙ্গ। অথচ রাস্তাঘাট ও উন্মুক্ত স্থান তাদের একমাত্র আশ্রয় স্থল। রাস্তায় ঘুরে বেড়ানো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানেই তাদের জীবিকা নির্বাহের উৎস হয়ে উঠেছে। বাংলাদেশের অধিকাংশ পথশিশু রাজধানী ঢাকাতে বসবাস করে। প্রতিনিয়ত আমাদের দেশে এর সংখ্যা বেড়েই চলেছে।
এসব শিশুরা স্কুলে যায় না বরং এর পরিবর্তে বিভিন্ন ধরনের কাজ করে কিংবা রাস্তাঘাটে বিভিন্ন জিনিস বিক্রি করে। নিত্যদিনের খাবার জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হয়। খাবার কিনতে অক্ষম হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে অতিনিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হয়। শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে ময়লার ভাগাড় থেকে পচা ও দুর্গন্ধযুক্ত খাবার খেতেও তারা বাধ্য হয়। ঢাকা শহরে ফেলে দেওয়া খাবারে তাদের ক্ষুধা মেটে। ফলে প্রতি বছর জলবাহিত রোগে লক্ষাধিক পথশিশুর অকাল মৃত্যু হয়। অন্যান্য শিশুরা যেখানে সুন্দর জীবন যাপন করছে, সেখানে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এসব অধিকার ভোগের কোনো সুযোগ নেই তাদের। তারা পাচ্ছে না অন্ন, পরনের কাপড় স্বাস্থ্য আর শিক্ষার সুবিধা।
প্রশ্ন হচ্ছে, শিশুরা সমাজের মূল অংশ থেকে বিচ্যুত কেন? এর কারণ খুঁজতে অনেক গবেষণা হয়েছে। এ গবেষণাগুলোতে বেশ কিছু বিষয় উঠে এসেছে। মূলত, কোনো পথশিশুদের বাবা-মা দু’জনেই মারা গেছে, বা বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করেছে কিংবা বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। কেউ আবার পারিবারিক কলহে অভিমানে বাড়ি ছেড়েছে। অনেক পিতামাতা সন্তানকে রাস্তায় ইচ্ছাকৃতভাবে রেখে গিয়েছেন। এজন্য অনেক শিশু পিতামাতার কথা বলতেও পারে না। পাশাপাশি দারিদ্র্যতা, বাবা-মায়ের অসচেতনতা, বাল্যবিয়ে, বহু-বিয়ে এর অন্যতম কারণ। কোন কোন ক্ষেত্রে কঠোর শাসনের কারণে পালিয়ে আসা, নদীভাঙন, হারিয়ে যাওয়াও অন্যতম কারণ। পিতৃপরিচয় না থাকায় অনেক পথশিশুকে মানসিক নিপীড়ন, হেনস্তা, অশ্লীল ভাষায় গালি, কটূক্তি শোনাসহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। কিছু কিছু জরিপে তো পথশিশুদের ওপর আরো পাশবিক সহিংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হতে হয় মেয়ে পথশিশুদের। মেয়ে পথশিশুদের মধ্যে ৪৬% যৌন নির্যাতনের শিকার হয়। মাত্র ১০ বছর বয়সে অধিকাংশ মেয়ে শিশু বিবাহিত। বাল্য বিয়ের জন্য শারীরিক জটিলতায় ভুগতে হয়। বেশি ভাগ সময়, মেয়ে শিশুদের পাচার ও যৌনকর্মী হতে বাধ্য করা হয়। আবার যারা পাচারের শিকার হয়, তাদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি হয় কালোবাজারে।
যে বয়সে তাদের পরিবার পরিজনের কাছে থাকার কথা সেখানে তারা অনিরাপদ জীবন যাপন করছে। রাস্তায় থাকা পথশিশুরা মাদকাসক্তির নেতিবাচক প্রভাবে ধ্বংসের মুখে পড়েছে। মূলত, দেশের পথশিশুদের বিরাট অংশ মাদকাসক্ত। তারা মাদকের ব্যবসা ও মাদক পাচারের সাথে জড়িত। এ মাদকের মরণছোবল তাদের গ্রাস করছে। মাদকাসক্ত হয়ে অনেকে তো রাস্তাতেই মারা যাওয়ার ঘটনাও নেহায়েত কম নয়।
ক্ষুধার জ্বালা, ছন্নছাড়া জীবন, একাকিত্ব বা সঙ্গদোষের কারণে মাদক সেবনের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে। এসব মাদকের মধ্যে রয়েছে ডান্ডি, গাঁজা, পলিথিনের মধ্যে গামবেন্ডিং দিয়ে এবং পেট্রোল শুঁকে নেশা করে। এমন কুকর্ম নগরীর অলি-গলিতে চলছে অবলীলায়। সহজলভ্যতা ও দামের স্বল্পতার কারণে পথশিশুদের মধ্যে ড্যান্ডি ও গাঁজা সেবনের হার বেশি। মাদকাসক্তির ফলে তাঁদের বোধ, বিচার-বুদ্ধি, সুস্থ চিন্তা করবার মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ক্রয় করার জন্য চুরি, ছিনতাইয়ের মতো জঘন্য কাজও করে থাকে এসব পথশিশুরা। নিজের খরচ চালানোর জন্য কোমলমতি শিশুরা জীবিকার তাগিদে নানা ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হয়। অনেকের পিতামাতা কর্মহীন বা তাদের আয় অতি নগন্য, যা তাদের পরিবারের ভরণপোষণের জন্য যথেষ্ট নয়। এজন্য পুরুষ শিশুদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এসব কাজ করতে গিয়ে তারা হোটেল, রেস্তোরাঁ, কারখানা, পত্রিকা বিক্রি, ফুল বিক্রি, বর্জ্য সংগ্রহসহ বহুমাত্রিক কাজ করে। কম টাকায় এসব শিশুদের পাওয়া যায় বলে মালিক শ্রেণী তাদের দিয়ে অনেক পরিশ্রম করায়। এসব শিশুরা কাজ শেষে নায্য মুজুরিও পায় না বরং ক্ষেত্রবিশেষে মালিক কর্র্তৃক অমানবিক নির্যাতন ও প্রহারের শিকার হয়ে মৃত্যু হয়েছে অনেক শিশুর। প্রতিনিয়ত এসব খবর গণ্যমাধ্যমে আসে। আবার অতিরিক্ত কাজ, অস্বাস্থ্যকর পরিবেশে কাজের কারণে নানান রোগ তাদের নিত্যদিনের সঙ্গী। অসুস্থ হলে তাদেরকে সেবা করার মতো কেউ নেই, চিকিৎসা করারও সুযোগ হয় না।
পথশিশুদের ঘুমানোর বিছানা নেই, গোসল করতে পারে না, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। পথশিশুরা অবহেলা, শোষণের শিকার হয় চরমভাবে। অনেক পথশিশু মোড়ে মোড়ে ভিক্ষা করে, রাতের বেলা পরিত্যক্ত জায়গা, ফুটপাত ও শহরের থাকার অযোগ্য স্থানই। তাদের আশ্রয় সেখানেই তারা বছরের পর বছর থাকে। তারপরও পথচারী দ্বারা কূটক্তি, শারীরিক আঘাতের শিকার।
অর্থ উপার্জন করতে গিয়ে অনেক শিশু বিভিন্ন অপরাধ চক্র-এর সাথে যুক্ত হয়ে পড়ে, যারা তাদেরকে দিয়ে ভিক্ষা করার পাশাপাশি অপরাধমূলক কার্যক্রম করিয়ে নেয়। ফলে এসবে প্রভাবিত শিশুরা হিংস্র ও অমানবিক হয়ে ওঠে। অন্যদিকে নির্ধারিত টাকার কম ভিক্ষা করে আনলে শিশুদের মারধর করা হয়, খাবার দেওয়া হয় না, এছাড়াও শিশুদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। বর্তমানে দেশে লাখেরও বেশি অনাথ পথশিশু রয়েছে, যারা অবহেলা ও অনাদরে দিনযাপন করছে। সমাজে বিশৃঙ্খলার তৈরির জন্য তারা রাজনৈতিক অথবা অন্য স¦ার্থান্বেষী মহল এদেরকে ব্যবহার করে। যেখানে একজন শিশু পরিবার থেকে আদর, স্নেহে ও নিয়মতান্ত্রিক শাসনে বড়ো হয়। পাশাপাশি সামাজিক রীতি নীতি, মানবীয় গুণের চর্চা করে। একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে। অন্যদিকে একজন পথশিশু দায়িত্বশীল কোনো ব্যক্তি দ্বারা সুরক্ষিত বা পরিচালিত নয়। পরিবার থেকে বিচ্ছিন্নতার কারণে পারিবারিক, সামাজিক, নৈতিকতা সহ কোনো প্রকার মূল্যবোধ শেখা হয় না।
আমাদের মনে রাখতে হবে তারা অপরাধী নয়, অপরাধের শিকার। তাই এ সমস্যা সমাধানে সমাজের দায়িত্বশীল মানুষের সম্মিলিত প্রয়াস গুরুত্বপূর্ণ। কারণ, শীতবস্ত্র বিতরণ করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। পথশিশুরাও আমাদের সমাজের অংশ। পথশিশুদের জীবনমান উন্নয়নে সমাজ ও রাষ্ট্রের এগিয়ে আসা অপরিহার্য এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য। সুশিক্ষা, নৈতিকতার শিক্ষার মাধ্যমে সৃজনশীল কাজে তারাও উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তারা অগ্রসর না থাকা আমাদের সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্তরায়। পথশিশু থেকে বিশ্ব জয়ের রেকর্ড রয়েছে। এর দ্বারা বুঝা যায় তারাও সঠিক পরিবেশ পেলে নিজের মেধা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সমাজে উল্লেখ্যযোগ্য অবদান রাখতে পারে।
ঢাকাসহ সারা দেশে পথশিশুদের নিয়ে অনেক সরকারি-বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। অনেক পথশিশুদের খাবার, পোশাক, ভ্রাম্যমান শিক্ষার ব্যবস্থা করছে। কিন্তু দিনশেষে তাদের পথেই ফিরে যেতে হয়। আবার কিছু সংগঠন রাস্তা থেকে উদ্ধার করে পুরোপুরি পুর্নবাসনের চেষ্টা করে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যাদের পরিবার আছে, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। পরিবার প্রতিটি শিশুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা।
মূলত, পথ শিশুদের ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্ত করতে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রচেষ্টা। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন কেন্দ্র ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। তাদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
যাদের পরিবার নেই, তাদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। শিশুরা রাস্তায় থাকলে তাদের মূল ধারায় ফিরিয়ে আনা কোনোদিন সম্ভব নয়। পরিশেষে বলতে হয়, একবিংশ শতাব্দিতে এসেও যদি আমাদের সমাজে ছোট্ট শিশুরা এমন মানবেতর জীবনযাপন করে, তাহলে তা দুর্ভাগ্যজনক বলা ছাড়া কোন উপায় নেই। এটা আমাদের সমাজের অনুদারতা, বৈষ্যমের চরম পর্যায়। তাই এসব পথশিশুদের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। সমাজের কোন অংশকে অবহেলিত বা অধিকার বঞ্চিত রেখে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক।
