ডেঙ্গু : ব্যর্থ নগরব্যবস্থাপনার প্রতিচ্ছবি
ডেঙ্গু বিস্তারের ক্ষেত্রে সাধারণত জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ ও এডিস মশার বংশবিস্তারের কথা বলা হয়। কিন্তু এর বাইরেও নগর ব্যবস্থাপনার দুর্বলতা, ফুটপাতের অর্থনীতি, অপরিকল্পিত অবকাঠামো এবং নাগরিক সেবার সীমাবদ্ধতার মতো কিছু কাঠামোগত সমস্যা ডেঙ্গু নিয়ন্ত্রণকে কঠিন করে তুলছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা, ফুটপাতের দোকান ও খাবারের দোকানের বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, নির্মাণাধীন ভবন ও নগর উন্নয়ন প্রকল্পে পরিবেশগত তদারকির ঘাটতি, বর্জ্য সংগ্রহ ও পানি নিষ্কাশনের দায়িত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা, নগরায়ণ, জনঘনত্ব ও মানুষের প্রতিদিনের চলাচলের কারণে সংক্রমণ নিয়ন্ত্রণের জটিলতা ইত্যাদি নতুন নতুন চ্যালেঞ্জ এর মুখোমুখি হচ্ছে রাজধানীসহ আশেপাশের এলাকা। ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নালা নিয়মিত পরিষ্কার করা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে হবে। ফুটপাতের খাবারের দোকানগুলোতে নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম, আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে কমানো সম্ভব। ডেঙ্গু কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার সমস্যা নয়; এটি নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনার সম্মিলিত চ্যালেঞ্জ।
-তাবাসসুম নাইনা রুহি
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।
খেলার মাঠ হারিয়ে
শৈশব বন্দী ভবনে
শহরজুড়ে বহুতল ভবন বাড়ছে, অথচ কমছে শিশুদের দৌড়ানোর জায়গা। খেলার মাঠ দখল, উন্মুক্ত স্থান সংকুচিত করা এবং অপরিকল্পিত আবাসন সম্প্রসারণে শৈশব ক্রমেই চার দেয়ালে বন্দী হচ্ছে। মাঠের বদলে শিশুর সঙ্গী হচ্ছে মোবাইলের পর্দা। এতে শুধু খেলাধুলার সুযোগই হারাচ্ছে না, ব্যাহত হচ্ছে শারীরিক বিকাশ, সামাজিকতা ও সৃজনশীলতার স্বাভাবিক চর্চা। শিশুর জন্য খেলার মাঠ কোনো বিলাসিতা নয়; এটি সুস্থভাবে বেড়ে ওঠার মৌলিক প্রয়োজন। অথচ নগর পরিকল্পনায় আবাসন ও বাণিজ্যিক স্থাপনার গুরুত্ব থাকলেও শিশুদের জন্য উন্মুক্ত পরিসর নিশ্চিত করার তাগিদ প্রায়ই উপেক্ষিত হয়। এ অবস্থা বদলাতে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠের তালিকা প্রকাশ, অবৈধ দখল উচ্ছেদ এবং প্রতিটি আবাসিক এলাকায় খেলার উপযোগী স্থান নিশ্চিত করতে হবে। নতুন প্রকল্প অনুমোদনে উন্মুক্ত স্থান সংরক্ষণের শর্ত কঠোরভাবে কার্যকর করতে হবে। উন্নয়নের নামে শৈশব কেড়ে নেওয়া কোনো সভ্য নগরীর অর্জন হতে পারে না।
-মুহিবুল হাসান রাফি
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
