তৌহিদুর রহমান

মানবতার আকাশ এখন বড় বেশি অন্ধকার। চারপাশের পৃথিবীর দিকে তাকালে মনে হয় একটি বিশাল নক্ষত্র যেন অদৃশ্য শক্তির টানে ধীর লয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তার শেষ গন্তব্যের দিকে। সহসাই সে হয়তো ঢুকে পড়বে এক ব্লাকহোলের গহব্বরে। পৃথিবী নামক এই গ্রহের আকাশে বাতাসে আজ বারুদের গন্ধ। চারদিক যেন আজ রক্ত, লাশ আর পুঁতি নিকৃষ্ট পচা, পুড়ে মরা মানুষের ভাগাড়। গৃধিনী মানব শিশুর জীবন্ত লাশের পাশে উপহাসের ভয়াল দৃষ্টি মেলে দেখছে মানবতার ভয়ঙ্কর অপমান। সভ্যতা আজ মেতে উঠেছে রক্তের উৎসবের হোলিখেলায়। ভাইয়ে ভাইয়ে রক্তপাত আর স্বার্থের এক নোংরা খেলা চলছে পৃথিবী জুড়ে। পৃথিবী নামক এই গ্রহের সময় যে ক্রমেই নিঃশেষ হয়ে আসছে, কেয়ামত যে একটু একটু করে মানুষের দোরগোড়ায় এগিয়ে আসছে এ ব্যাপারে আজ আর বোধহয় কোন গবেষকের, বিজ্ঞানীর বা কোন চিন্তাবিদের একটুও মতবিরোধ নেই। কিন্তু এই বাহ্যিক ধ্বংসলীলার চেয়েও এক বিশাল ভয়ঙ্কর এবং নিঃশব্দ প্রলয় ঘটে চলেছে আমাদের বিশ্বাসের জগতে। মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা এমন কথা কেন বলো, যা তোমরা নিজেরা করো না।’ (সূরা আস-সাফ : ৬১)। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, অধিকাংশ আলেম-ওলামা হরহামেশা খোলামেলা আলোচনা করছে, ‘যে ব্যক্তি চায় না যে, সমাজে বা রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক, বা ইসলামী আইন চালু হোক, সেই ব্যক্তি মুসলিম হতে পারে না। সাফ কথা- যে ব্যক্তি চায় না রাষ্ট্র ইসলামী শরীয়া আইন দিয়ে শাসিত হোক— সেই ব্যক্তি মুসলমান নয়।’ এখন ভাববার বিষয় যে সকল প্রসিদ্ধ আলেম নিজেরা এ ধরনের প্রচার-প্রচারণা প্রতিনিয়ত চালাচ্ছেন তারা কেন ইসলামী আইন প্রতিষ্ঠার জন্যে প্রচেষ্টা চালচ্ছেন না। কোনো ভালো ইসলামী দল যদি উনারা খুঁজে না পান, তবে নিজেরাই একটা সত্য দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামের আলোকে সহি-সঠিক আকিদার ভিত্তিতে নিজেরাই একটা দল গঠন করুক। তাহলে ভুল আকিদার মানুষ দলে দলে উনাদের দলে ভিড়ে যাবে এবং সহসা ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম হবে। কিন্তু মুসলিম বিশ্ব তথা আমাদের বাংলাদেশের বেশিরভাগ আলেম-ওলামা প্রতিনিয়ত ফতোয়া ঝাড়েন— যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে। ফতোয়া দিচ্ছেন, অমুকের চরিত্র খারাপ, অমুকের আকিদা খারাপ ইত্যাদি।

আমরা যারা নিজেদের মুসলিম বলে দাবি করি, যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, জিকির আযকার করে পাড়া-মহল্লা মাথায় করে তুলি, অনেকে হজ করে নামের শুরুতে আল হাজ লাগিয়েছি, অনেকে দান সাদকাও কম বেশি করে থাকি, অনেকের কপালে তো সেজদার দাগও পড়ে গেছে কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের পায়ের নিচের মাটি কতটা শক্ত? আমরা কি জানি যে আমরা এমন এক জাহাজে উঠেছি যে জাহাজ হাসরের ময়দানে চলবে না, যার গন্তব্য জান্নাত নয়, হয়তো সেই জাহাজের গন্তব্য দানবীয় আক্রোশে জ্বলতে থাকা জাহান্নাম। আজকের এই কঠিন বাস্তবতার নিরিখে আমরা যেতে চাই ইতিহাসে অসততার এমন এক অন্ধকার গলিতে যেখানে ইসলাম, মুসলিম, রাজনীতি, পরিবারতন্ত্র আর ক্ষমতার লোভে একটি সীসাঢালা প্রচীরের মতো দৃঢ়চেতা উম্মাহ ভেঙে খান খান হয়ে গেছে। হয়তো ইসলামের বিস্তার যুগে তার সুদূর প্রসারী ভয়ঙ্কর প্রভাব প্রকটভাবে পরিলক্ষিত হয়নি। কিন্তু চৌদ্দশত বছর আগে যে ফাটল শুরু হয়েছিল তা আজ বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভাজনের এক মহাকলঙ্কের সৃষ্টি করেছে।

লিখতে হচ্ছে এমন এক কাহিনী যার পাতায় পাতায় লুকিয়ে আছে আমাদের নিজেদের হাতে ধ্বংস করার এক চূড়ান্ত নীল নকশা। সময়টা আজ থেকে প্রায় ১৫শ’ বছরের আগে। মদিনার একটি শান্ত ময়দানে বসে নবী মুহাম্মাদ সা. তার উম্মতের আগামী দিনের কথা ভেবে এক গভীর হৃদয়স্পর্ষী ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন তার মৃত্যুর পর এই মুসলিম উম্মাহ ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে। কিন্তু এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে মারাত্মক, সবচেয়ে রক্তশীতল করা অংশটি ছিল এর পরের বাক্যটি। তিনি স্পষ্ট করে বলে গেছেন এই ৭৩টি দলের মধ্যে মাত্র একটি দল ছাড়া বাকি সবকটা দলই হবে জাহান্নামী। মানে মুসলিমদের ভেতরে ৭৩টি দলের মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে। আশ্চর্য়ের বিষয় তার মানে ৭২টি দল যাবে জাহান্নামে?

চিন্তা করে দেখেন ৭৩টি পথ, সবগুলো তাগূত-বাতিলের পথ আর বাঁচার পথ মাত্র একটি! সেই মোতাবেক হিসাব করে দেখলে দেখা যাবে আজ আমাদের চারপাশে ইসলামের নামে যে হাজার হাজর দল আছে, যে বিশাল বিশাল তরিকা আছে, পীরতন্ত্র, মাজারতন্ত্র ইত্যাদি দলের ছড়াছড়ি এর প্রায় বেশিরভাগই তো ৭২টি দলের অন্তর্ভুক্ত। আর ৭২টি দলের সবাই তো জাহান্নামী দলের অন্তর্ভুক্ত— আর এ কথাটা তো নবী সা. নিজে জানিয়ে দিয়েছেন। কিন্তু ভেবে দেখেছেন কি এই বিভেদ সৃষ্টি মুহাম্মাদ সা. নিজে করেননি এবং তাঁর জীবনকালেও হয়নি অথবা তাঁর চার খলিফা আবু বকর রা., ওমর রা., উসমান রা., এমনকি আলী রা. -এর যুগে হয়নি এবং তারা নিজেরাও কোনোভাবে এই বিভাজন সৃষ্টি করেননি। এই বিভাজনের গন্তব্য কোথায় তা আমাদের অনেকেরই জানা। নবী সা. ও তাঁর চার খলিফার আমলে শিয়া বা সুন্নি বলতে কোনো কিছুর অস্তিত্বই ছিল না। তখন ছিল কেবল একটি পরিচয় আর তা হলো মুসলিম। যেটা নবী সা. এবং তাঁর খলিফারা করেননি বা বলেননি এবং ইসলামের নামে কোনো বিভাজন সৃষ্টি করেননি সেই দল আজ ৭৩টি দলে বিভক্ত! ভাবা যায়! তাহলে একথা তো স্পষ্ট যে এই ৭২টি দলের মধ্যে থাকা মানেই নিজেদের জাহান্নামী হওয়াটাকে আক্ষরিক অর্থে নিশ্চিত করা। নবী মুহাম্মদ স. এবং তার চার খলিফা যে বিভাজন তৈরি করেননি, কিন্তু কেন আজ মুসলিমদের মধ্যে এতো বিভাজন? মুসলিমদের অনেক কিছুই আজ চরম প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক করে তুলল কারা? বাস্তবে এর মূলে রয়েছে বিশ্বব্যাপী মুসলিম নামধারী ক্ষমতালোভি স্বার্থান্বেষী নাস্তিক বেঈমানদের কারসাজি। আর সেই আগুনে পুড়ে মরছে কোটি কোটি মুসলমান।

যুগে যুগে মুসলিম নামধারী এই নাস্তিক, প্রতারক, ক্ষমতালোভি বেঈমানরা ইসলামের চরম ক্ষতি করেছে এবং এখনো করছে। এরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে ও করছে সেই পরিমাণ ক্ষতি কাফেররাও করতে পারেনি বা পারবে না। আপনি তো কাফেরদেরকে চেনেন। কিন্তু যারা বেঈমান মুনাফিক তারা তো এই সমাজেরই লোক। মুসলমান সমাজেই তাদের বসবাস। এরা দাড়ি রাখে, টুপি-পাঞ্জাবি পরে, অনেকে নামাযও পড়ে, মুসলমান নাম ধারণ করে, মুসলিম পরিচয় নিয়ে তারা কিন্তু কাজ করে ইসলামের বিরুদ্ধে। ইসলামের ছায়াতলে থেকে এরা ইসলামের গোড়া কেটে দেয়। এরা কখনো সেকুলারিজমের নামে, সমাজতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে, পীরতন্ত্রের নামে, মুসলিম বিশ্বের ভূখণ্ডে বসেই তারা রাজনীতি করে এবং তারা রাষ্ট্রে ইসলাম তথা আল্লাহর আইন- শরিয়া আইন অর্থাৎ রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েম হোক তা তারা মনে-প্রাণে চাই না। এরা হলো চরম দুনিয়াবাদী। এরা আপনার আশেপাশেই থাকে কিন্তু এদের মুখোশ দেখে আমরা তাদেরকে চিনতে পারি না। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শরিয়া আইন রাষ্ট্রে চালু হোক তা তারা একেবারেই বরদাস্ত করতে পারে না। শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলুক তা তো তারা চায়ই না বরং রাষ্ট্রে যাতে ইসলাম প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালায়। রাতদিন তারা এই কাজ করে যায়। এই কাজ হলো কাফেরদের কাজ। কাফেররা চায় না যে সমাজে রাষ্ট্রে ইসলামী আইন চালু হোক, এরা এত বড়ই জালেম যে, মানব রচিত কুফুরি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রাণান্তকর লড়াইয়ে নামে। দুনিয়ার মানব রচিত সব ধরনের মতবাদ বা আইনকে তারা মান্য করে, শ্রদ্ধা করে কিন্তু ইসলামী শরীয়া আইনের কথা শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা আল কুরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করতে চায় না। কিন্তু কুরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করতে তাদের বুক কাঁপছে না। তারা দম্ভভরে প্রকাশ্যে ঘোষণা করছে কুরআনকে সংবিধান হিসাবে মানা উচিত হবে না। এর শেষ পরিণতি কি হবে তা আমরা জানি না। শুধু জানি প্রতিটি জীবনকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। মহাশক্তিধর ফেরাউনকেও একদিন মরতে হয়েছে।

আপনাদের হয়তো সুদানের সেই শিশুটির কথা মনে আছে, যে তার জীবনের শেষ শক্তিটুকু নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলছিল এক টুকরো খাবারের আশায়। পাশেই একটি শকুন অপেক্ষা করছে কখন শিশুটির জীবন প্রদীপ নিভে যাবে আর শকুনটি শিশুটিকে ছিড়ে-খুড়ে খুবলে খাবে। বিশ্বব্যাপী মানবতার এই অপমান আমরা চোখ বুঝে সহ্য করে চলেছি, এটাও মুসলামানদের জন্য একটা অপমান।

লেখক: সাহিত্যিক।