১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এ দিনটি কেবল একটি দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। দিনটি দেশের পানি নিরাপত্তা, খাদ্য উৎপাদন, পরিবেশ, নদীনির্ভর অর্থনীতি এবং ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে দু’দেশের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয় নি। বাংলাদেশের পক্ষ থেকে নতুন অথবা সংশোধিত চুক্তির প্রস্তাবের কথা বলা হচ্ছে। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে চুক্তি নবায়নের বিরোধিতা, বিশেষ করে বিহারের স্বার্থ রক্ষার দাবি, নতুন করে আলোচনায় এসেছে। ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে নবায়ন প্রত্যাখ্যান না করলেও স্বয়ংক্রিয় নবায়নের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজনৈতিক ও নীতিনির্ধারণী মহল থেকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন করে আপত্তি উঠেছে। বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়নের আগে বিহারের পানি চাহিদা ও স্বার্থ বিবেচনায় নিতে হবে। বিহারের রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, ১৯৯৬ সালের চুক্তির সময় রাজ্যটির স্বার্থ যথাযথভাবে বিবেচিত হয় নি। ভারতের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউর নেতারাও চুক্তিটি নতুন করে আলোচনার দাবি তুলেছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর এই রাজনৈতিক চাপের তাৎপর্য রয়েছে। কারণ বিহার শুধু একটি গুরুত্বপূর্ণ রাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও তার প্রভাব রয়েছে। ৩১ অক্টোবর প্রকাশিত ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ডিসেম্বরের মেয়াদ শেষ হওয়ার আগে স্বয়ংক্রিয় নবায়নের সম্ভাবনা কমে আসছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গঙ্গার পানি চুক্তিসহ অভিন্ন নদীর বিষয়গুলো দু’দেশের যৌথ নদী কমিশনের কাঠামোর মধ্যেই আলোচনা করা হবে। অর্থাৎ ভারতের আনুষ্ঠানিক অবস্থান এখনো আলোচনার দরজা বন্ধ করে দেওয়া নয়। কিন্তু আলোচনার কাঠামো, শর্ত ও সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এখানে বাংলাদেশের একটি বিষয় অনুধাবন করা জরুরি। ১৯৯৬ সালের চুক্তিকে বাংলাদেশের পানি কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হয়। কারণ দীর্ঘদিনের ফারাক্কা বিরোধের পর এ চুক্তির মাধ্যমে গঙ্গার পানি বণ্টনের একটি আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। চুক্তির আগে বাংলাদেশকে দীর্ঘ সময় ধরে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে। ১৯৭৭ সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘস্থায়ী কোনো সমাধান প্রতিষ্ঠিত হয় নি। ১৯৯৬ সালের চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, এতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে প্রতি ১০ দিনের ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের একটি সূত্র নির্ধারণ করা হয়েছে। ফারাক্কায় পানির প্রাপ্যতা ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দু’দেশ সমানভাবে পানি পাবে। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে পানি পাওয়া গেলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পাবে এবং অবশিষ্ট পানি ভারত পাবে। আর পানির প্রাপ্যতা ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক পাবে এবং অবশিষ্ট পানি বাংলাদেশ পাবে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে নির্দিষ্ট তিনটি ১০ দিনের সময়ে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার নিশ্চয়তা পাবে। এ ব্যবস্থা বাংলাদেশকে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছুটা নিশ্চয়তা দিয়েছিল। পাশাপাশি যৌথ কমিটির মাধ্যমে ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজে পানির প্রবাহ পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছিল। কিন্তু এ অর্জনের পাশাপাশি চুক্তিটির কয়েকটি মৌলিক সীমাবদ্ধতাও ছিল। প্রথমত, চুক্তিতে ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ৪০ বছরের গড় প্রবাহের তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। তিন দশকের বেশি সময় পর সেই তথ্য দিয়ে বর্তমান নদীর বাস্তবতা, জলবায়ু পরিবর্তন, উজানে পানির ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি ও শিল্পের চাহিদা যথাযথভাবে নির্ধারণ করা কঠিন। নদীর স্বাভাবিক প্রবাহ ও অববাহিকার পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। ফলে পুরোনো পরিসংখ্যানের ভিত্তিতে নতুন কয়েক দশকের পানি বণ্টন নির্ধারণ করা বাংলাদেশের স্বার্থের জন্য যথেষ্ট নয়।

দ্বিতীয়ত, চুক্তিতে পানির প্রাপ্যতা ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দু’দেশকে জরুরি ভিত্তিতে আলোচনায় বসার কথা বলা হয়েছে। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট, কার্যকর ও স্বয়ংক্রিয় ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা নেই। পর্যায়ক্রমে ৩৫ হাজার কিউসেকের নিশ্চয়তা থাকলেও সেটি পুরো শুষ্ক মৌসুমের জন্য অভিন্ন ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা নয়। তৃতীয়ত, চুক্তিতে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকলেও তা মূলত যৌথ কমিটি, যৌথ নদী কমিশন এবং দুই সরকারের পারস্পরিক আলোচনার ওপর নির্ভরশীল। কোনো স্বাধীন ও বাধ্যতামূলক সালিশি ব্যবস্থার সুস্পষ্ট বিধান নেই। ফলে দু’দেশের মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক সমঝোতা না হলে বাংলাদেশের পক্ষে কার্যকর প্রতিকার পাওয়ার পথ সীমিত হয়ে যায়। চতুর্থত, চুক্তিটি মূলত ফারাক্কায় পানি বণ্টনের ওপর কেন্দ্রীভূত। কিন্তু গঙ্গা একটি বিশাল আন্তর্জাতিক নদী অববাহিকার অংশ। উজানে পানির ব্যবহার, জলাধার, সেচ প্রকল্প, নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত ভারসাম্য এবং ভাটিতে পলি পরিবহনের বিষয়গুলোকে আরও সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন ছিল। অতএব, ১৯৯৬ সালের চুক্তি বাংলাদেশের জন্য একটি প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক অর্জন হলেও এটি বাংলাদেশের সব পানিসংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে নি। নতুন চুক্তির আলোচনায় এই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

১৯৭৭ সালের ৫ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছর। এতে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বিধান রাখা হয়েছিল। নির্ধারিত সময়ে ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে চুক্তিতে বাংলাদেশের জন্য নির্ধারিত হিস্যার ৮০ শতাংশের নিচে পানি সরবরাহ করা যাবে না, এমন বিধান ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের সরাসরি ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা একইভাবে রাখা হয় নি। বরং ৩৫ হাজার কিউসেকের পর্যায়ক্রমিক নিশ্চয়তা এবং ৯০ শতাংশের অন্তর্বর্তী বিধানের মতো পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল। এখানে রাজনৈতিক দলীয় কৃতিত্বের চেয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ১৯৭৭ সালের চুক্তি হোক কিংবা ১৯৯৬ সালের চুক্তি, বাংলাদেশের জন্য যেসব বিধান কার্যকর ও উপকারী ছিল, সেগুলো গ্রহণ করতে হবে। যে বিধানগুলো বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ কিংবা বাংলাদেশের স্বার্থ রক্ষায় অকার্যকর প্রমাণিত হয়েছে, সেগুলো সংশোধন করতে হবে।

অনেকে মনে করেন, ভাটি অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশের হাতে ভারতের সঙ্গে পানি নিয়ে দর-কষাকষির খুব বেশি সুযোগ নেই। বাস্তবতা হলো, উজানের দেশ হিসেবে ভারতের ভৌগোলিক ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। গঙ্গার উজানের বড় অংশ ভারতের নিয়ন্ত্রণাধীন। ফলে পানির প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতের প্রভাব বাংলাদেশের চেয়ে অনেক বেশি। কিন্তু এ বাস্তবতা বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতাকে সম্পূর্ণ অকার্যকর করে দেয় না। প্রথমত, বাংলাদেশ ও ভারত শুধু গঙ্গার দু’তীরবর্তী প্রতিবেশী নয়; তারা ৫৪টি অভিন্ন নদীর অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, ট্রানজিট, বিদ্যুৎ, জ্বালানি, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এ সম্পর্কগুলো বাংলাদেশের জন্য দর-কষাকষির বাস্তব ক্ষেত্র তৈরি করে। দ্বিতীয়ত, বাংলাদেশের উচিত একটি সমন্বিত পানি কূটনীতি গড়ে তোলা। শুধু গঙ্গা নয়, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, মুহুরীসহ অভিন্ন নদীগুলোর পানি প্রবাহ ও ব্যবস্থাপনা নিয়ে একটি সামগ্রিক আলোচনার কাঠামো তৈরি করতে হবে। একটি নদীর সমাধান অন্য নদীর সমস্যা থেকে বিচ্ছিন্ন নয়। উজানে পানি প্রত্যাহার, বর্ষায় অতিরিক্ত পানি এবং শুষ্ক মৌসুমে প্রবাহের ঘাটতি মিলিয়ে বাংলাদেশের নদী ব্যবস্থাপনার একটি সমন্বিত চিত্র তৈরি করা প্রয়োজন।

তৃতীয়ত, ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর স্বার্থ ও অবস্থানকে বাংলাদেশের কূটনীতির অংশ হিসেবে বুঝতে হবে। বিহার ও পশ্চিমবঙ্গের পানির চাহিদা নিয়ে ভারতের যে রাজনৈতিক আলোচনা চলছে, সেটিকে শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উপেক্ষা করলে হবে না। বাংলাদেশকে দেখাতে হবে, একটি ন্যায়সংগত ও বৈজ্ঞানিক পানি বণ্টন ব্যবস্থা শুধু বাংলাদেশের নয়, সমগ্র গঙ্গা অববাহিকার মানুষের স্বার্থ রক্ষা করতে পারে। প্রয়োজন হলে দু’দেশের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের নিয়ে কারিগরি আলোচনা হতে পারে। চতুর্থত, বাংলাদেশের দর-কষাকষির ভিত্তি হতে হবে নির্ভরযোগ্য তথ্য। গঙ্গার উজান থেকে ভাটি পর্যন্ত পানির প্রবাহ, বৃষ্টিপাত, ভূগর্ভস্থ পানির অবস্থা, নদীর নাব্যতা, কৃষি ও শিল্পের চাহিদা, পরিবেশগত প্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব নিয়ে একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক সমীক্ষা প্রয়োজন। বাংলাদেশকে শুধু আবেগ বা রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে নয়, তথ্য ও আন্তর্জাতিক আইনসমর্থিত যুক্তির ভিত্তিতে আলোচনায় যেতে হবে।

পঞ্চমত, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও সক্রিয় করতে হবে। বাংলাদেশ ১৯৯৭ সালের জাতিসংঘ আন্তর্জাতিক জলধারা কনভেনশনে ২০২৫ সালে যোগ দিয়েছে। অভিন্ন আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে ন্যায়সংগত ও যুক্তিসংগত ব্যবহার, উল্লেখযোগ্য ক্ষতি না করা এবং তথ্য বিনিময় ও সহযোগিতার মতো নীতিগুলো বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। তবে আন্তর্জাতিক কনভেনশন বা ফোরামে যাওয়াকে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে কোনো স্বয়ংক্রিয় বিচারিক প্রতিকার হিসেবে দেখা ঠিক হবে না। সংশ্লিষ্ট আইনি এখতিয়ার ও প্রক্রিয়া বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন এখন একটি সর্বদলীয় জাতীয় সংলাপ। এ সংলাপের উদ্যোগ নিতে পারে সরকার, তবে এর উদ্দেশ্য যেন কেবল সরকারের অবস্থানের প্রতি রাজনৈতিক সমর্থন আদায় না হয়। বরং আলোচনার মাধ্যমে একটি অভিন্ন জাতীয় নীতিমালা ও দর-কষাকষির কাঠামো তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি বিশেষ জাতীয় সংলাপ আয়োজন করা যেতে পারে। এতে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং অন্যান্য সংসদীয় দলের পাশাপাশি প্রয়োজনে সংসদের বাইরে থাকা রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা উচিত।

সংলাপে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রথমত, ১৯৯৬ সালের চুক্তির পূর্ণাঙ্গ পর্যালোচনা করে বাংলাদেশের অর্জন, সীমাবদ্ধতা ও বাস্তব ক্ষতির একটি নিরপেক্ষ মূল্যায়ন প্রকাশ করতে হবে। কোন সময়ে বাংলাদেশ কত পানি পেয়েছে, চুক্তির কোন বিধান বাস্তবায়িত হয়েছে এবং কোন ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, তার তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করতে হবে। দ্বিতীয়ত, নতুন চুক্তির জন্য একটি জাতীয় ন্যূনতম অবস্থান নির্ধারণ করতে হবে। এর মধ্যে থাকবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানির নিশ্চয়তা, নির্দিষ্ট ন্যূনতম প্রবাহ, ১৯৭৭ সালের চুক্তির সুরক্ষা বিধানের উপযোগী পুনর্বিন্যাস, আধুনিক তথ্যের ভিত্তিতে পানি বণ্টন, পরিবেশগত প্রবাহ এবং কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা। তৃতীয়ত, একটি স্থায়ী জাতীয় পানি কূটনীতি পরামর্শক পরিষদ গঠন করা যেতে পারে। এতে পানি বিশেষজ্ঞ, নদী গবেষক, পরিবেশবিদ, কৃষিবিদ, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সাবেক কূটনীতিক এবং রাজনৈতিক দলের মনোনীত প্রতিনিধিরা থাকবেন। সরকার পরিবর্তন হলেও এই পরিষদ জাতীয় পানি নীতির ধারাবাহিকতা রক্ষা করবে।

চতুর্থত, সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির মাধ্যমে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করতে হবে। ভারতের সঙ্গে আলোচনার প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সংসদকে অবহিত করা এবং জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া উচিত। পঞ্চমত, বাংলাদেশের আলোচনার জন্য একটি অভিন্ন জাতীয় অবস্থানপত্র তৈরি করতে হবে। এই অবস্থানপত্রে শুধু কত কিউসেক পানি বাংলাদেশ চায় তা নয়, বরং কেন সে পানি প্রয়োজন, কৃষি ও পরিবেশের ওপর এর প্রভাব কী, নদীর স্বাভাবিক প্রবাহের জন্য কত পানি দরকার এবং দীর্ঘমেয়াদে কোন ধরনের অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা দুই দেশের জন্য উপকারী হবে, তাও সেখানে তুলে ধরতে হবে। এ সংলাপের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হবে ভারতের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া: বাংলাদেশের পানি নিরাপত্তা কোনো দলীয় রাজনৈতিক অবস্থানের বিষয় নয়। কারণ সরকার বদলাতে পারে, রাজনৈতিক নেতৃত্ব বদলাতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের পানির প্রয়োজন কখনো বদলাবে না।