(দশম কিস্তি )

পাকিস্তান সফরে যে কয়টি বিষয় আমাকে অনুপ্রাণিত করেছে তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে সে দেশটির স্বাস্থ্যখাতের উন্নতি। লাহোরের মনসুরায় আল খেদমত হাসপাতাল, নগরীর অন্যান্য স্থানে কর্মরত ওমর হাসপাতালের শাখাসমূহ রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে প্রতিষ্ঠিত বিভিন্ন হাসপাতাল এবং করাচিতে প্রতিষ্ঠিত বিশাল Indus হাসপাতাল প্রভৃতি সস্তায় ও উন্নত মানের এবং কোন কোন ক্ষেত্রে দরিদ্র রোগীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিচ্ছে তা উল্লেখ করার মতো।

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে যে অনুন্নত তা বলা যাবে না। আমাদের সরকারি-বেসরকারি খাতে যে সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র আছে তারা অনেক ক্ষেত্রে প্রশংসনীয় সেবা প্রদান করছে। তবে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও আর্থিক বরাদ্দের অভাবে আমাদের ডাক্তাররা ইচ্ছা থাকা সত্ত্বেও রোগীদের উন্নত সেবা প্রদান করতে পারেন না। গবেষণা ও উন্নয়ন খাতে এবং চিকিৎসকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ খাতে আমাদের জাতীয় বরাদ্দের পরিমাণ অত্যন্ত কম। আমাদের বার্ষিক বাজেটে গড়ে ৫৫ হাজার থেকে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকে। এই বরাদ্দের টাকা হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের অবকাঠামো ও স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণ এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাদি প্রদান করার পর খুব বেশি অবশিষ্ট থাকে না। তবে বেসরকারিভাবে বিশেষজ্ঞ চিকিৎসা গ্রহণের জন্য আমাদের দেশের রোগীরা প্রতিবছর ৫ হাজার থেকে ৬ হাজার কোটি ডলার ব্যয় করে থাকেন। এই ব্যয় বিদেশে চিকিৎসা গ্রহণ সংক্রান্ত বিষয়ে। প্রধানত বাংলাদেশের রোগীরা যেসব দেশে চিকিৎসা গ্রহণ করে থাকে তার মধ্যে রয়েছে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি। এর মধ্যে রোগীর সংখ্যা ও চিকিৎসা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে ভারতেই বাংলাদেশীরা প্রায় চার হাজার কোটি ডলার ব্যয় করে থাকেন। ভারতের কলকাতা, দিল্লী, ভেলোর প্রভৃতি স্থানে অবস্থিত হাসপাতালগুলোই হচ্ছে বাংলাদেশী রোগীদের প্রধানতম গন্তব্য। রোগী এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে এটি হচ্ছে সর্বোচ্চ প্রায় ষাট শতাংশ। উপরোক্ত স্থানসমূহে তারা Multidisciplinary tertiary Care Hospital সমূহে চিকিৎসা গ্রহণ করে। তাদের প্রদত্ত বিশেষায়িত চিকিৎসা সেবা সমূহের মধ্যে রয়েছে আর্থ্রোপেটিক্স ও হাঁটু প্রতিস্থাপন, স্পাইন সার্জারি, নিউরোলজি ও নিউরো সার্জারি, কার্ডিওলজি ও হার্ট সার্জারি, ক্যান্সার চিকিৎসা, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ফার্টিলিটি (IVF/ICSI), মহিলাদের স্বাস্থ্য সেবা, জেনারেল সার্জারি, কিডনি প্রতিস্থাপন ও কিডনি পরিচর্যা, পুনর্বাসন, চক্ষু সেবা ও দাঁতের চিকিৎসা এবং অন্যান্য বিশেষায়িত চিকিৎসা সেবা। তাদের যে চিকিৎসা ব্যয় তার ডায়গনোসিসনির্ভর, শৈল চিকিৎসার পদ্ধতি হাসপাতালে থাকার সময় প্রভৃতির ওপর নির্ভরশীল। এ হাসপাতালসমূহের ক্যাম্পাসে রোগী এবং রোগীদের আত্মীয় স্বজনদের জন্য শত শত আবাসিক স্থাপনা তৈরি করা আছে। সেখানে রোগীর আত্মীয়স্বজন এবং রক্ত দাতারা সুবিধা অনুযায়ী থাকতে পারেন। এছাড়াও হাসপাতালের নিকটবর্তী এলাকাসমূহে আন্তর্জাতিক রোগীদের জন্য প্রয়োজনীয় আবাসিক হোটেল রয়েছে যেখানে তারা সস্তায় থাকতে পারেন এবং নিজেরা রান্নাবান্না করে খেতেও পারেন। হাসপাতালসমূহের সার্ভিস টিম/মার্কেটিং টিমসমূহ এ ব্যাপারে রোগীদের সাহায্য করেন এছাড়াও বাংলাদেশে এই সমস্ত হাসপাতালের অনেক এজেন্ট আছেন যারা রোগী সংগ্রহে মুখ্য ভূমিকা পালন করেন এবং সংশ্লিষ্ট দূতাবাস থেকে সময়মতো ভিসা সংগ্রহে তাদের সাহায্য করেন। পাকিস্তানে এ ধরনের সুযোগ-সুবিধা আছে কিনা, থাকলে বাংলাদেশ সহজেই তা গ্রহণ করতে পারে বলে আমার বিশ্বাস। বিশেষ করে ভারতে বাংলাদেশী মুসলমান রোগীদের ওপর যে মানসিক নির্যাতন চালানো হয় তা অবিশ্বাস্য। মুসলমানদের খাওয়া দাওয়ার জন্য যে হালাল-হারামের বিধান রয়েছে ভারতে অনেক ক্ষেত্রেই তা লঙ্ঘিত হয়, কিন্তু বিকল্প না থাকায় মধ্যবিত্ত রোগীরা ভারত যেতে বাধ্য হয়। পাকিস্তানে যদি এই সুবিধাগুলো পাওয়া যায় তাহলে বাংলাদেশের রোগীদের জন্য খুব ভালো হয়। কয়েকদিন আগে পাকিস্তানের একজন ইএনটি বিশেষজ্ঞ বাংলাদেশে এসেছেন এবং এখানকার চিকিৎসকদের একটি সংস্থা এনডিএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে আমি শুনেছি। এ বৈঠক যদি দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে হয়ে থাকে, আমি তাকে স্বাগত জানাই- তবে এখানে আরো কিছু করণীয় আছে। এ ধরনের সহযোগিতার ব্যাপারে সরকার একটি বড় ফ্যাক্টর। উভয় দেশের সরকারের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে যদি একটি সমঝোতা চুক্তি থাকে তাহলে এ কাজটি সহজ হয়। শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট সরকারের আমলে অতীতের দিনগুলোতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয় নি। বর্তমান পরিবেশে পাকিস্তান ও বাংলাদেশ সরকার যদি এই উদ্যোগ নেন তাহলে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা এবং বাংলাদেশকে জিম্মি করে রাখা ভারতীয় প্রবণতা অনেকটা লাঘব হবে।

পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশটিতে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে কৃষি ও পল্লী উন্নয়ন ও শিল্পায়নের জন্য অনেকগুলো অভিন্ন কৌশল ও কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এর বেশিরভাগ বাস্তবায়িত হয়েছে এবং উভয় অঞ্চলের উন্নয়ন ধারাকে ত্বরান্বিত করেছে। ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই কর্মসূচিগুলোর বৃহত্তর অংশ বাংলাদেশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে যা সাবেক পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তান তা করতে পারে নি। এর মূল্যায়ন হওয়া দরকার। পঞ্চাশের দশকে আমাদের দেশে বিদ্যমান কাঠামোর আলোকে (V-AID (Village Agricultural and Industrial Development) ) প্রোগ্রাম চালু হয় এবং তা সফল বাস্তবায়নের আলোকে ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ও পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, পার্ড স্থাপিত হয়। এর নেতৃত্ব দেন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী, পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ ও জনদরদি আইসিএস কর্মকর্তা ডঃ আখতার হামিদ খান। বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় বার্ড বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লা। পাকিস্তানের পেশোয়ারে স্থাপিত পার্ড তার পূর্ব নাম বহাল রাখে এবং এখনো তা চালু আছে। বর্তমানে অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন এর মহাপরিচালক হিসেবে কাজ করছেন। পল্লী উন্নয়ন একাডেমি উদ্ভাবিত কর্মসূচি ও প্রতিষ্ঠানগুলো আমাদের গ্রামীণ চেহারা পরিবর্তন করে দিয়েছে। এর কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে TIP বা থানা/তহশিল ইরিগেশন প্রোগ্রাম, রুরাল ওয়ার্কস প্রোগ্রাম বা পল্লী পূর্ত কর্মসূচি, বিস্তর বিশিষ্ট সমবায় সমিতি (গ্রাম পর্যায়ে কৃষক সমিতি ও থানা পর্যায়ে থানা সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি)।

থানা সেচ কর্মসূচির কাজ ছিল ভূ-উপরিস্থ খাল, নদী-নালা প্রভৃতির পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ক্ষুদ্র সেচ যন্ত্রের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করে ফসল উৎপাদন, পল্লী পূর্ত কর্মসূচির কাজ ছিল গ্রামাঞ্চলের অবকাঠামো তৈরি যেমন রাস্তাঘাট, পুল, কালভার্ট, সেচনালা প্রভৃতি তৈরি, মেরামত ও সংরক্ষণ। বিস্তর সমবায়ের কাজ ছিল গ্রামভিত্তিক কৃষক সমবায় সমিতি ও তাদের সমর্থন ও পরিচর্যার জন্য থানা বা তহসিল পর্যায়ে কেন্দ্রীয় সমিতি ও ফেডারেশন তৈরি করা। সমবায় সমিতিসমূহের মূল দর্শন ছিল কৃষকদের ট্রেড ইউনিয়ন হিসেবে কাজ করা, গ্রামীণ কৃষকদের সংগঠিত করা, তাদের প্রতিনিধিদের উন্নত চাষাবাদ ও ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণের ওপর প্রশিক্ষণ প্রদান। কেন্দ্রীয় সমবায় সমিতির কাজ ছিল তার অধিভুক্ত সমিতিসমূহের জন্যে অধিক ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, বালাইনাশক এবং ফসলি ঋণের ব্যবস্থা করা এবং সরকারের সাথে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় দরকষাকষি করা এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন। ষাটের দশকের মাঝেমাঝি সময়ে ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই গবেষণা ইনস্টিটিউট খারিফ ও রবি মৌসুমে উৎপাদনের উপযোগী অধিক ফলনশীল ধান ও অন্যান্য কয়েকটি ফসলের বীজের উদ্ভাবন করেন এবং পূর্বে উল্লেখিত একাডেমিসমূহ তাদের নিজ নিজ গবেষণাগারে তা পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে সারাদেশে চাষের জন্য তা ছড়িয়ে দেন। বলা বাহুল্য, ওই সময়ে কৃষি বিভাগের জনশক্তি ছিল খুবই দুর্বল এবং পার্ড দেশব্যাপী উন্নত জাতের ফসল চাষের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। তৎকালীন পূর্ব পাকিস্তানের ব্যাপারে প্রাথমিক ও কেন্দ্রীয় সমিতি গঠন, তাদের শিক্ষা প্রশিক্ষণ ও ফলন বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য কোন সমস্যা দেখা দেয়নি। কেন না পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহিত পর পূর্ব বাংলার জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় এবং ভূমি সংস্কারের মাধ্যমে পূর্ব পাকিস্তান সরকার শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে সমর্থ হয় যা পশ্চিম পাকিস্তানে সম্ভব হয় নি। পশ্চিম পাকিস্তান বা পরবর্তীকালে পাকিস্তান ভূমি সংস্কারের কোন উদ্যোগ যে নেয় নি তা নয়, জেনারেল আইয়ুবের শাসনামলে এ ব্যাপারে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো এবং অন্যান্য শাসকরাও এক্ষেত্রে বেশ কিছু কাজ করেছে কিন্তু feudality,, জোতদারি জমিদারির প্রকৃতি উভয় প্রদেশে এক ছিল না। পশ্চিম পাকিস্তানে এটা ছিল জটিল ধরনের। এটা করতে গিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। শরিয়ার প্রশ্ন উঠেছিল এবং কিছু কিছু ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছিল। আমি এখন এই প্রশ্নে আসবো না তবে বিভিন্ন সমস্যা সত্ত্বেও পাকিস্তানে কৃষি ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা প্রশংসাযোগ্য এ ব্যাপারে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় উভয়ের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারে। পরবর্তী কিস্তিতে আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনার আশা রাখি।