আজহার মাহমুদ

রাত যত গভীরই হোক, ভোর একদিন আসে। এই বিশ্বাসেই মানুষ বেঁচে থাকে। কিন্তু এমনও কিছু সময় আসে, যখন মনে হয় রাত যেন আর শেষই হচ্ছে না। চারপাশে অস্থিরতা, অন্যায়, অনিশ্চয়তা আর হতাশার দীর্ঘ ছায়া। তখন মনের ভেতর প্রশ্ন জাগে- আর কত অমানিশা গেলে একটা সুন্দর সকাল পাবো?

এই প্রশ্ন শুধু একা আমার নয়; এটি একটি সমাজের, একটি রাষ্ট্রের, এমনকি একটি প্রজন্মের দীর্ঘশ্বাস। প্রতিদিন সংবাদপত্র খুললেই চোখে পড়ে হত্যা, দুর্নীতি, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, বেকারত্ব, মূল্যস্ফীতির খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভক্তি, বিদ্বেষ আর গুজব যেন সত্যকে গ্রাস করে ফেলছে। মানুষ মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। এমন বাস্তবতায় সুন্দর কিন্তু অমানিশা কখনও হঠাৎ নেমে আসে না। দীর্ঘদিনের অবহেলা, অন্যায়ের সঙ্গে আপস, নৈতিকতার অবক্ষয় এবং দায়িত্বহীনতার ফল হিসেবেই সমাজ অন্ধকারে ডুবে যায়। যখন একজন মানুষ অন্যায়ের প্রতিবাদ না করে নীরব থাকে, যখন ক্ষমতা জবাবদিহির ঊর্ধ্বে চলে যায়, যখন শিক্ষা শুধু সনদে সীমাবদ্ধ থাকে আর মূল্যবোধ হারিয়ে যায়, তখন অন্ধকার আরও ঘনীভূত হয়।

আজ আমাদের সবচেয়ে বড় সংকট শুধু অর্থনৈতিক নয়, নৈতিকও। প্রযুক্তি এগিয়েছে, কিন্তু মানবিকতা কি সেই গতিতে এগিয়েছে? উঁচু অট্টালিকা তৈরি হয়েছে, কিন্তু মানুষের বিবেক কি ততটা উঁচু হয়েছে? আমরা উন্নয়নের পরিসংখ্যান দেখি, কিন্তু একজন ক্ষুধার্ত শিশুর চোখের দিকে কতবার তাকাই? আমরা বড় বড় সেতু নির্মাণ করি, অথচ মানুষের মধ্যে বিশ্বাসের সেতু ভেঙে যেতে দিই।

একটি জাতির সুন্দর সকাল কেবল নতুন সরকার, নতুন নেতৃত্ব বা নতুন নীতিমালার মাধ্যমে আসে না। সুন্দর সকাল আসে তখনই, যখন সাধারণ মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। একজন শিক্ষক যদি সততার সঙ্গে পাঠদান করেন, একজন চিকিৎসক যদি রোগীকে মানুষ হিসেবে দেখেন, একজন সাংবাদিক যদি সত্য প্রকাশে আপস না করেন, একজন বিচারক যদি নিরপেক্ষ থাকেন, একজন নাগরিক যদি আইন মেনে চলেন, তবেই অন্ধকার ধীরে ধীরে সরে যেতে শুরু করে।

ইতিহাস আমাদের শেখায়, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। ভাষা আন্দোলনের রক্তাক্ত পথ পেরিয়ে আমরা পেয়েছি মাতৃভাষার মর্যাদা। মুক্তিযুদ্ধের নয় মাসের বিভীষিকার পর এসেছে স্বাধীনতার সূর্য। গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায়বিচারের জন্য এই দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। প্রতিটি সংগ্রামের পেছনে ছিল একটি বিশ্বাস। একদিন সুন্দর সকাল হবেই।

তবে সেই সকাল কখনও নিজে থেকে আসে না। তাকে ডেকে আনতে হয় সাহস দিয়ে, সততা দিয়ে, ত্যাগ দিয়ে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেই পরিবর্তন আসে না। পরিবর্তন আসে বাস্তব জীবনে দায়িত্ব পালন করার মাধ্যমে। পরিবারে সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া, দুর্নীতিকে 'স্বাভাবিক' না ভাবা, অন্যায়ের বিরুদ্ধে অন্তত নিজের অবস্থান স্পষ্ট করা। এসব ছোট ছোট কাজই বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে।

তরুণ প্রজন্মের ওপর আজ সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আগামী দিনের রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির চালিকাশক্তি তারাই। যদি তারা হতাশায় ডুবে যায়, তবে ভবিষ্যৎও অন্ধকার হবে। আর যদি তারা সততা, সৃজনশীলতা ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যায়, তবে আজকের অমানিশা একদিন অবশ্যই ভোরের আলোয় মিলিয়ে যাবে।

আমরা প্রায়ই প্রশ্ন করি- দেশ বদলাবে কবে? কিন্তু খুব কম মানুষ নিজেকে প্রশ্ন করি- আমি বদলেছি কতটা? সমাজ পরিবর্তনের শুরুটা সবসময় ব্যক্তি থেকেই হয়। একটি প্রদীপ যেমন সম্পূর্ণ অন্ধকার দূর করতে না পারলেও আলো জ্বালানোর সূচনা করে, তেমনি একজন সৎ মানুষের প্রভাবও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।

আজ আমাদের প্রয়োজন আশাবাদী হওয়ার, কিন্তু অন্ধ আশাবাদী হওয়ার দরকার নেই। বাস্তবতা বুঝে, সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে, সমাধানের পথে হাঁটার সাহস অর্জন করতে হবে। মনে রাখতে হবে হতাশা কোনো জাতিকে সামনে এগিয়ে নিতে পারে না। এগিয়ে যেতে হলে প্রয়োজন কেবল সচেতনতা, ঐক্য এবং দায়িত্ববোধ।

তাই প্রশ্নটি আজও থেকে যায়- আর কত অমানিশা গেলে একটা সুন্দর সকাল পাবো? এর উত্তর হয়তো নির্দিষ্ট কোনো দিন-তারিখে লুকিয়ে নেই। উত্তরটি লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে, আমাদের বিবেকে, আমাদের সাহসে। যে দিন আমরা অন্যায়ের সঙ্গে আপস করা বন্ধ করব, সত্যকে ভয় না পেয়ে উচ্চারণ করব, মানুষকে মানুষ হিসেবে মূল্য দিতে শিখব- সেদিনই সুন্দর সকালের সূচনা হবে।

ভোরের আগে রাত সবচেয়ে গভীর হয়- এ কথা শুধু কবিতার পঙ্ক্তি নয়, ইতিহাসেরও সত্য। তাই অন্ধকার যত দীর্ঘই হোক, আলোকে স্বাগত জানানোর প্রস্তুতি থামানো যাবে না। কারণ সুন্দর সকাল কোনো অলৌকিক ঘটনা নয়; এটি মানুষের সম্মিলিত সততা, সংগ্রাম এবং স্বপ্নেরই আরেক নাম।

লেখক : সাংবাদিক